শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৭ পি.এম
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশে একটি বড় ধরনের অর্থনৈতিক অগ্রযাত্রা নিয়ে এগিয়ে চলেছে। তিনি উল্লেখ করেছেন, বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা থেকে সরকার ইতিবাচক সাড়া পাচ্ছে এবং দেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথে রয়েছে। তবে, ঠিক এই সময়েই দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন স্থান থেকে সরকার সাড়া পাচ্ছে এবং বড় বড় অংশীদার (স্টেকহোল্ডার) বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও একাধিকবার চট্টগ্রামকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার বিষয়ে একমত হয়েছেন এবং এতে গুরুত্ব আরোপ করেছেন। তিনি চান বাংলাদেশ সত্যিকার অর্থেই ঘুরে দাঁড়াক, কারণ দেশ একটি গভীর খাদে পড়েছিল এবং ধীরে ধীরে তাঁর নেতৃত্বে দেশ সেখান থেকে বেরিয়ে আসছে। তিনি উল্লেখ করেন যে, একদিনে এই সমস্যার সমাধান হবে না।
অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, ২০৩৪ সালে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে প্রবেশ করবে। তবে, অর্থনীতির অগ্রগতির জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেটি নস্যাৎ করার জন্য দুর্বৃত্তায়নের রাজনীতি ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, এই দুর্বৃত্তরা অতীতে দুর্বৃত্তায়নের মাধ্যমে বাংলাদেশে লুটপাট করেছে এবং এর ফলশ্রুতিতে আমরা এখনও ভোগান্তি পোহাচ্ছি। তারা দেশের উন্নয়ন চায় না, উন্নয়নের শীর্ষে পৌঁছাতে চায় না বা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যেতে চায় না।
দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিহত করার জন্য আমীর খসরু আহ্বান জানিয়ে বলেন, যে দুর্বৃত্তায়ন শুরু হয়েছে, সেটিকে সবাই মিলে প্রতিহত করতে হবে। কারণ উন্নয়ন দেশের স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে এবং সবার স্বার্থে। তিনি উল্লেখ করেন, অতীতে অর্থনীতি কিছু লোকের হাতে পুঞ্জীভূত ছিল, সেই অবস্থান থেকে আমরা বেরিয়ে আসতে চাই; আমরা অর্থনীতিকে গণতান্ত্রিক করতে চাই। দেশের অর্থনীতিতে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণের সুযোগ রয়েছে। এজন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন এবং সেই স্থিতিশীলতা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং সংগঠনটির সভাপতি মোহাম্মদ আমীরুল হক প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর পল্লবীতে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে, যা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বাদ আসর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সদ্য সমাপ্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানে সার্বিক কার্যক্রম ও সাফল্যের বিচারে দেশের সব অঞ্চলের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নৌ পুলিশ বরিশাল অঞ্চল। একই অভিযানে দেশব্যাপী সর্বোচ্চ ১৪৫টি মামলা দায়ের, ৪২৯ জনকে আটক, ১৩০টি নৌযান জব্দ এবং বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে এ অঞ্চল। এ ছাড়া সার্বিক অভিযানের মূল্যায়নে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হিজলা নৌ পুলিশ ফাঁড়ি এবং তৃতীয় স্থান অর্জন করেছে কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি।
সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে একযোগে পরিচালিত হয়। অভিযান-পরবর্তী সার্বিক কার্যক্রম পর্যালোচনা করতে গত ১৮ নভেম্বর ঢাকায় নৌ পুলিশ সদর দপ্তরে একটি সভা অনুষ্ঠিত হয়। নৌ পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) সভায় সভাপতিত্ব করেন।
সভায় অভিযানের সার্বিক কার্যক্রম, আইন প্রয়োগ, মামলা দায়ের, আসামি আটক, নৌযান ও অবৈধ জাল জব্দসহ বিভিন্ন সূচকে অঞ্চলগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করা হয়। এতে নৌ পুলিশ বরিশাল অঞ্চল অন্যান্য অঞ্চলের তুলনায় এগিয়ে থেকে প্রথম স্থান অর্জন করে। পাশাপাশি সারাদেশে সর্বোচ্চ ১৪৫টি মামলা দায়ের, ৪২৯ জন আসামি আটক, ১৩০টি নৌযান জব্দ এবং ৭ কোটি ৬৫ লাখ ১২ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে বরিশাল অঞ্চল।
অন্যদিকে, অভিযানের সার্বিক কার্যক্রমে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ হিজলা নৌ পুলিশ ফাঁড়ি সারাদেশে প্রথম এবং কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি তৃতীয় স্থান অর্জন করে।
নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এ এস এম নাজমুল হক বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে বরিশাল অঞ্চলের নৌ থানা ও ফাঁড়ির সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এবার অভিযানে হিজলা নৌ পুলিশ ফাঁড়ি প্রথম এবং কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অভিযানে প্রথম স্থান অর্জনকারী হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াসিন বলেন, এবার নানা প্রতিকূলতার মধ্যেও কঠোরভাবে অভিযান পরিচালনা করতে হয়েছে। অভিযান চলাকালে পুলিশ সদস্যদের হামলার শিকার হওয়ার ঘটনাও ঘটেছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও নৌ পুলিশের আভিযানিক দল দায়িত্ব পালনে পিছপা হয়নি। সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে অভিযান পরিচালনা করায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
অন্যদিকে, তৃতীয় স্থান অর্জনকারী কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকারিয়া জাকির বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে ফাঁড়ির প্রতিটি সদস্য আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও সরকার ঘোষিত যেকোনো অভিযান সফল করতে ফাঁড়ির সদস্যরা সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন বলে জানান তিনি।
মা ইলিশ সংরক্ষণে আইন প্রয়োগ, নিয়মিত নজরদারি ও সম্মিলিত অভিযানের মাধ্যমে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এ সাফল্য জাতীয় পর্যায়ে বিশেষ স্বীকৃতি পেয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী রানার্স কমিউনিটির আয়োজনে রাজশাহী হাফ ম্যারাথন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশ নেন
শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে শুরু হওয়া ম্যারাথনটি কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। রাজশাহী মহানগীর ক্রীড়ার উন্নয়নে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে। এ সময় তিনি গ্রিন ও ক্লিন রাজশাহী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত শরীরচর্চায় মানুষকে উৎসাহিত করতে এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাসিক প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সমাজকল্যাণমন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন যে, যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে এবং মামলা মোকাদ্দমা করে জনরোষ থেকে বাঁচার জন্য পালিয়ে গেছে। তারা মানুষের কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আবারও উসকানি দিচ্ছে, "আরও আগুন লাগাও, আরও মানুষ মারো এবং আরও বিশৃঙ্খলা সৃষ্টি করো।"
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে ২ হাজার ৪শ জন কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, "তারা বিদেশে বসে উস্কানি দিচ্ছে, আর এর ফলে আমাদের নিরীহ সরলমনা মানুষ বাস ও ট্রাকের মধ্যে আগুন লাগাচ্ছে এবং ঘুমন্ত অবস্থায় হেল্পার ড্রাইভার মারা যাচ্ছে। ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষ আক্রমণের শিকার হচ্ছে। তারা আবারও সেই পুরনো দিনের রাজনীতিতে ফিরে যাচ্ছে। এমপির বাড়িতে আগুন দেওয়া কিংবা পুলিশ স্টেশনে আগুন দেওয়া এগুলো কোন ভালো মানুষের কাজ নয়।"
তিনি সকলকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান। তবে তিনি উল্লেখ করেন, "কোন খারাপ কাজের উত্তর কিন্তু খারাপ দিয়ে দেওয়া যাবে না। খারাপ কাজের উত্তর দিতে হবে আপনার ভালো আচরণ দিয়ে, আপনার উপস্থিতি দিয়ে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে।"
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ