০৭:৪৭ পি.এম
চলতির বছর মে মাসের তুলনায় জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কিছুটা কমেছে। গত জুন মাসে পুরো সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জনের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে ১২ জনই পথচারী। এ মাসে বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়, তাছাড়া সবচেয়ে কম দুর্ঘটনা ও মৃত্যু হয়েছে সিলেট জেলায়। এই ২৯টি দুর্ঘটনায় নিহত ২৯ জন ছাড়াও আরও ৩৬ জন আহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এক পরিসংখ্যান প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে জুন মাসের সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসাবে পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, যানবাহনের অতিরিক্ত গতি, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং সড়কের নির্মাণ ত্রুটিকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে আজ সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যারা
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে সিলেট জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১১টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, 'পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।'
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুন মাসে নিহত ২৯ জনের মধ্যে ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৯টি সড়ক দুর্ঘটনায় ৯ জন চালক এবং ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন পথচারী নিহত হয়েছেন।
এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৪টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৫ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। জুন মাসে নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর বিরুদ্ধে মামলা, মব আতঙ্কে বাড়িছাড়া মা-মেয়ে
উল্লেখ্য, এর আগের মাস অর্থাৎ মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছিলেন। সেই তুলনায় জুন মাসে প্রাণহানি কিছুটা কমেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন