ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণে চবি উপাচার্য অধ্যাপক আল্-ফোরকানের অংশগ্রহণ


হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণে চবি উপাচার্য অধ্যাপক আল্-ফোরকানের অংশগ্রহণ

চট্টগ্রামের হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান কৃষকদের হাতে কার্ড তুলে দেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ—কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সঙ্গে সঙ্গে’ স্লোগান ব্যবহার করা হয়।

এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনীর ফুলগাজীতে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, পুরোহিত ও সেবায়েতদের সম্মানি ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। মূল অনুষ্ঠানের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের সংশ্লিষ্ট ব্যক্তিরা ডিজিটাল মাধ্যমে যুক্ত হন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি

হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান অনুষ্ঠানে বলেন, "কৃষকেরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের কাছে সরকারি সেবা ও সহায়তা সহজে পৌঁছে দিতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

তিনি আরও বলেন, "কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের তথ্য সংরক্ষণের পাশাপাশি তাদের বিভিন্ন সরকারি কৃষিসেবার আওতায় আনার কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে।"

আরও পড়ুন: ঢাকা রেসিডেনসিয়ালে ২৩ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফল ডিআরএমসি বিজনেস সামিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বে অব বেঙ্গল কনভারসেশন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


‘বে অব বেঙ্গল কনভারসেশন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কাল

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। এটি পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ৩-৫ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। সম্মেলনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিজিএস’র প্রেসিডেন্ট জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সূচনা ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে সিজিএস’র পরিচালক সুবীর দাস, গবেষণা সহকারী তাসফিয়া রহমান এবং সিজিএস’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জিল্লুর রহমান এবারের বে অব বেঙ্গল কনভারসেশনের পাঁচটি মূল স্তম্ভ তুলে ধরেন এবং বলেন, "সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব ক্রমেই বাড়ছে।" তিনি উল্লেখ করেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে এই অঞ্চলকে ঘিরে উদ্ভূত সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খোঁজাই সম্মেলনের অন্যতম লক্ষ্য।

সম্মেলনে অংশগ্রহণকারী অতিথিদের মধ্যে বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, ব্যবসায়ী ও বিনিয়োগকারী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা থাকবেন।

এবারের আলোচনায় ভূরাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। সিজিএস ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং ভবিষ্যতে ব্রাসেলস ও দুবাইয়েও বিস্তারের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে সিজিএস’র নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, "বে অব বেঙ্গল কনভারসেশন দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারিভাবে আয়োজিত আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন।" তিনি জানান, সময়ের সঙ্গে এর পরিসর বেড়েছে এবং কঠিন ও সংবেদনশীল বিষয়কে আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। এবারের সম্মেলনে বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে। তিনি অংশগ্রহণকারীদের এসব সংলাপে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সম্মেলনের আলোচনার বিষয়বস্তু, সময়সূচী ও আলোচকদের তালিকা সমৃদ্ধ বুকলেট বিওবিসি’র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহীরা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে ৭ তলা ভবনের পাইলিংয়ের সময় বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম।ভৈরব (প্রতিনিধি)

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


ভৈরবে ৭ তলা ভবনের পাইলিংয়ের সময় বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ২

কিশোরগঞ্জের ভৈরবে ৭তলা ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শান্ত মিয়া (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সকালে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের গোধূলি সিটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। এছাড়া আহতরা হলেন- একই এলাকার মৃত আব্দুল হাই মিয়ার ছেলে সোবেল মিয়া (৩৫) এবং আবুল মিয়ার ছেলে মিন্টু মিয়া (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গোধূলি সিটি এলাকায় আরিফুল ইসলাম সেন্টু নামের এক ব্যক্তির ৭তলা ভবন নির্মাণের জন্য গত প্রায় বিশ দিন ধরে পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে পাইলিংয়ের জন্য প্রায় ৭০ ফুট লম্বা একটি লোহার খাঁচা গর্তে নামানোর কাজ চলছিল। এ সময় ক্রেনের হুক হঠাৎ ছিঁড়ে গিয়ে লম্বা খাঁচাটি পার্শ্ববর্তী একটি উচ্চ ভোল্টেজের (এসটি লাইন) বৈদ্যুতিক ক্যাবলে গিয়ে পড়ে। এতে পুরো খাঁচাটি বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন শ্রমিক গুরুতর আহত হন।
পরে ভবনের মালিকপক্ষ ও অন্যান্য শ্রমিকরা স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা জুঁই শান্ত মিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত সোবেল মিয়া ও মিন্টু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন।

প্রত্যক্ষদর্শী হাসান মিয়া জানান, সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে তিনি পাইলিংয়ের কাজ দেখতে দাঁড়ান। ক্রেন ও শ্রমিকদের সহযোগিতায় লম্বা লোহার খাঁচাটি গর্তে নামানোর সময় সেটি পাশে থাকা বিদ্যুতের লাইনে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন শ্রমিক আহত হন।

ভবনের মালিক আরিফুল ইসলাম সেন্টু বলেন, শ্রমিকরা কাজ করার সময় ক্রেনের হুক ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে। পর্যাপ্ত সতর্কতা মেনেই কাজ চলছিল। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা ভৈরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শান্ত মিয়া নামের এক শ্রমিক মারা গেছেন। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত অপর দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবির অংকুর কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য, সমালোচনার পর স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


বাকৃবির অংকুর কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য, সমালোচনার পর স্থগিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন অংকুরের ২০২৬-২৭ মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অংকুর নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করে, কিন্তু এই অন্তর্ভুক্তি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে। সমালোচনার পর সংগঠনটি কমিটিটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। একই সাথে, কমিটি গঠনের ক্ষেত্রে ভুল হয়েছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে অংকুর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অংকুরের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয় প্রান্ত সাহা প্রহরকে। তিনি ২০১৯ সালে ছাত্রলীগের বাকৃবি শাখার কমিটিতে উপ-সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

কমিটি ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। শিক্ষার্থীদের অনেকেই প্রশ্ন তোলেন, অংকুর যেখানে নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করে, সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত একজন কীভাবে সংগঠনটির সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন। এছাড়া, তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে সংশ্লিষ্টদের অজ্ঞতা নিয়েও প্রশ্ন ওঠে।

এরপর বৃহস্পতিবার (১ অক্টোবর) অংকুরের পক্ষ থেকে কমিটিটি স্থগিত করা হয়। পরদিন শুক্রবার (২ অক্টোবর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি গঠনের ক্ষেত্রে ভুল হয়েছে।

স্থগিত কমিটির সভাপতি, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ও এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম জানান, অংকুরের সঙ্গে তার আগে কোনো সম্পর্ক ছিল না। সংগঠনটির কয়েকজন সদস্য তার কাছে এসে অংকুরের কার্যক্রম পুনরুজ্জীবিত করার জন্য সহযোগিতা চান। তিনি তাদের সহযোগিতা করার আশ্বাস দেন।

অধ্যাপক কাজী কামরুল ইসলাম বলেন, "আমি আসলে এ ব্যাপারে কিছুই জানতাম না। আমি ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত কখনো অংকুরের সঙ্গে জড়িতও ছিলাম না।" তিনি জানান, সংগঠনের সদস্যরা তার কাছে একদিন তার জুনিয়র শিক্ষক অনিরুদ্ধকে নিয়ে আসেন এবং বলেন, "ফ্যাসিবাদের সময়ের পর থেকে অংকুরের কার্যক্রম একদম হারিয়ে গেছে, আমরা এই সংগঠনটিকে বাঁচাতে চাই।" তিনি তাদের সাহায্য করতে রাজি হন এবং বলেন, "তাদের যেকোনো সহযোগিতা আমি করব।"

তিনি আরও বলেন, "আমি তাদের বলেছিলাম, বিতর্কিত কাউকে কমিটিতে নেওয়া যাবে না। সম্ভবত যে শিক্ষকরা কমিটিটি করেছেন, তারা ওই ছেলের ব্যাপারে কিছু জানতেন না। সে ছেলেও নিজের সেই পরিচয় গোপন করেছে। আসলে এখানে তাদের একটু ভুল হয়ে গেছে।"

কমিটি স্থগিতের বিষয়ে তিনি বলেন, "আমি গতকাল ঐ ছেলের বিষয়টি দেখা মাত্রই কল দিয়ে বললাম, এই কমিটি এখানেই স্থগিত করো এবং ওই ছেলেকে এক্ষুনি বের করো।" তিনি সঙ্গে সঙ্গে একটি বিবৃতি দিতে বলেন এবং পরবর্তীতে কমিটি করার সময় একদম ফ্রেশ ক্যান্ডিডেট নিয়ে কমিটি করার জন্য নির্দেশ দেন। সর্বোপরি, এটি তাদের একটি ভুল হয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা মুক্তি

হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজ এবার ভিন্ন রূপে পর্দায় হাজির হচ্ছেন। ধূসর-সাদা চুল, বড় ভুঁড়ি, এবং মুখভর্তি বলিরেখা নিয়ে তিনি চেনা সেই অ্যাকশন হিরোর সঙ্গে মিলহীন এক চরিত্রে দেখা দেবেন। শুধু চেহারায় নয়, চরিত্রের মধ্যেও রয়েছে ব্যাপক পরিবর্তন। আলেহান্দ্রো জি. ইনারিতুর নতুন সিনেমা ‘ডিগার’-এ এমন একটি ব্যতিক্রমী রূপে তিনি উপস্থিত হচ্ছেন।

ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আজ শুক্রবার (২ অক্টোবর) বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশের দর্শকরা স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করতে পারবেন। শুধু ‘ডিগার’ নয়, একই দিনে প্রেক্ষাগৃহটিতে মুক্তি পাচ্ছে আলোচিত ‘রেসিডেন্ট ইভিল’ সিরিজের নতুন সিনেমাটিও।

বদলে গেলেন টম ক্রুজ

টম ক্রুজের নাম শুনলেই দর্শকদের মনে ভেসে ওঠে সুদর্শন এক নায়ক, দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্য এবং অসম্ভব স্টান্ট। ‘মিশন : ইম্পসিবল’ সিরিজের ইথান হান্ট চরিত্রে তিনি যেন বয়সের প্রভাব অনুভব করেননি। কিন্তু ‘ডিগার’-এ তিনি সেই পরিচিত চিত্রটি সম্পূর্ণ ভেঙে দিয়েছেন।

সিনেমাটির ট্রেলারে দেখা যায়, টম ক্রুজ ধূসর-সাদা চুল, বাড়তি ওজন, বলিরেখায় ভরা মুখ এবং অদ্ভুত শরীরী ভাষায় অভিনয় করছেন। তার চরিত্রের কথাবার্তা ও আচরণে রয়েছে ব্যঙ্গাত্মক আবহ, যা ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে।

দুইবারের অস্কারজয়ী মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত ‘ডিগার’ মূলত একটি কালো হাস্যরসের সিনেমা। তবে হাসি ও ব্যঙ্গের আড়ালে জলবায়ুসংকট, করপোরেট লোভ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছে।

‘ডিগার’ নিয়ে দর্শকদের আগ্রহের একটি বড় কারণ হলো টম ক্রুজের এই অভাবনীয় রূপান্তর। ‘টপ গান’ কিংবা ‘মিশন : ইম্পসিবল’-এর আত্মবিশ্বাসী ও অদম্য নায়কের বিপরীতে এখানে তাকে সম্পূর্ণ ভিন্ন এক মানুষ হিসেবে দেখা যাবে। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে পোশাক, মেকআপ, দাঁতের গঠন, হাঁটার ধরন এমনকি সংগীতের ছন্দ নিয়েও নির্মাতার সঙ্গে বিস্তারিত কাজ করেছেন টম ক্রুজ।

তিনি মনে করেন, একটি চরিত্র কেবল সংলাপের মাধ্যমে তৈরি হয় না; চরিত্রের প্রতিটি দৃশ্যমান উপাদানও গল্প বলার একটি অংশ হয়ে ওঠে।

ইনারিতুও টম ক্রুজের অভিনয়ের প্রশংসা করেছেন। তার মতে, দর্শক ক্রুজকে বহুবার ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে দেখেছেন। কিন্তু ‘ডিগার’-এ তার অভিনয় সম্পূর্ণ ভিন্ন ধরনের নির্ভীকতার পরিচয় দেয়।

ফিরছে ‘রেসিডেন্ট ইভিল’

একই দিনে মুক্তি পাচ্ছে হরর ও সারভাইভাল ঘরানার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘রেসিডেন্ট ইভিল’-এর নতুন সিনেমাও। জাপানি ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপকমের জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে প্রায় দুই যুগ আগে হলিউডে শুরু হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা। ২০০২ সালে মুক্তি পায় সিরিজের প্রথম সিনেমা। পল ডব্লিউ. এস. অ্যান্ডারসন পরিচালিত ওই ছবিতে অভিনয় করেন মিলা জোভোভিচ। পরবর্তী সময়ে এটি সাতটি সিনেমার সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়।

২০২১ সালে ‘রেসিডেন্ট ইভিল : ওয়েলকাম টু র‍্যাকুন সিটি’ নামে সিরিজটি নতুনভাবে শুরু করা হয়। এবার পাঁচ বছর পর আসছে আরেকটি নতুন সিনেমা। জ্যাক ক্রেগার পরিচালিত এবারের ছবির নামও ‘রেসিডেন্ট ইভিল’। এটি আগের সিনেমাগুলোর সরাসরি সিক্যুয়াল নয়; বরং ভিডিও গেমের আবহ ও সারভাইভাল হরর ধারণাকে নতুনভাবে তুলে ধরা একটি রিবুট। সিনেমাটিতে অভিনয় করেছেন অস্টিন আব্রামস, জ্যাক চেরি, কলি রেইস, পল ওয়াল্টারসহ আরো অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%