ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী


সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, এমপি ১১তম বাপা ফুডপ্রো আন্তর্জাতিক এক্সপো-২০২৬-এর উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী উল্লেখ করেন, দেশের খাদ্যশিল্পের বিকাশে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশের বিপুল সম্ভাবনাময় খাদ্য ও কৃষিভিত্তিক শিল্পকে আরও এগিয়ে নিতে সরকার, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী ইশতেহারে খাদ্যনিরাপত্তা, কৃষক ও কৃষির উন্নয়ন এবং জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আরও পড়ুন: গুলশান-বনানীতে উওরা ডিএনসির অভিযান: নেপথ্যে মাসোহারা আদায় ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

খাদ্য মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও গুণগত মানসম্পন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, খাদ্য উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি দেশের খাদ্য ও প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার আহ্বান জানান। খাদ্য মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার মাধ্যমে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, অপচয় হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় পণ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, এ ক্ষেত্রে বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর মতো আয়োজন উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সংযোগ সৃষ্টি করে সরকারের এসব অঙ্গীকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, চীন, ফ্রান্স, জার্মানি, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, পোল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, তুরস্ক, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

আরও পড়ুন: ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য ফাঁস

বাপার সভাপতি মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমান। এছাড়া এক্সপো আয়োজক কমিটির চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীসহ বাপা, এক্সপো আয়োজক কমিটি এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের (রিমস) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরওয়ের প্রধানমন্ত্রীর দাবি, জেলেনস্কির বিমানকে লক্ষ্য করে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


নরওয়ের প্রধানমন্ত্রীর দাবি, জেলেনস্কির বিমানকে লক্ষ্য করে ড্রোন হামলা

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমানটি মলদোভা থেকে উড্ডয়নের সময় ড্রোনের কারণে প্রায় বিপদের সম্মুখীন হয়েছিল। তবে ইউক্রেনের একটি সূত্র এই হুমকিকে অতিরঞ্জিত বলে অভিহিত করেছে।

স্টোর গত বুধবার নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে-কে বলেন, মলদোভা থেকে উড্ডয়নের সময় জেলেনস্কির বিমানটি প্রায় একটি ড্রোনের আঘাতের শিকার হতে পারত। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি।

মলদোভার সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ড্রোনের সতর্কতার কারণে দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে একটি রুশ ড্রোন মলদোভা ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার পর জেলেনস্কির বিমানটি উড্ডয়ন করতে সক্ষম হয়। তবে নরওয়ের প্রধানমন্ত্রী এবং মলদোভার মুখপাত্র যে ড্রোনের কথা উল্লেখ করেছেন, সেটি একই ড্রোন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জেলেনস্কি মঙ্গলবার সন্ধ্যায় অসলোতে পৌঁছান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, মঙ্গলবার একটি রুশ শাহেদ ড্রোন প্রায় এক ঘণ্টা মলদোভা ও রোমানিয়ার আকাশসীমায় উড়েছিল। পরে সেটি মলদোভায় বিধ্বস্ত হয়।

সূত্র: ডয়চে ভেলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উগান্ডার তোড়ো জনগোষ্ঠীর রাজা হচ্ছেন কামুরাসি, ফুটবল ছাড়লেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


উগান্ডার তোড়ো জনগোষ্ঠীর রাজা হচ্ছেন কামুরাসি, ফুটবল ছাড়লেন তিনি

ইংল্যান্ডের নবম স্তরের ফুটবল ক্লাব এসই ডনসের গোলকিপার ও অধিনায়ক জর্জ ডেসমন্ড কামুরাসি এবার রাজপরিবারের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ৩৬ বছর বয়সী এই ফুটবলারকে উগান্ডার তোড়ো জনগোষ্ঠীর পরবর্তী রাজা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

কামুরাসির চাচাতো ভাই কিং ওয়ো নিয়িম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ সম্প্রতি যুক্তরাষ্ট্রে ক্যানসারের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে তোড়ো রাজ্যের সিংহাসনে বসা কিং ওয়োর মৃত্যুর পর নতুন রাজা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

উগান্ডার সাংবাদিক অ্যান্ড্রু মওয়েন্দার তথ্য অনুযায়ী, ২১ সদস্যের একটি কমিটি কামুরাসিকে পরবর্তী রাজা হিসেবে বেছে নিয়েছে। তবে তোড়ো রাজপরিবারের ঐতিহ্য অনুসারে প্রয়াত রাজাকে সমাহিত করার পরই কামুরাসির নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

রাজা ওয়োর মৃত্যুর পর তোড়ো রাজ্যে নয় দিনের শোক ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার স্মরণে এক মিলিয়ন গাছ লাগানোর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন উগান্ডার কর্মকর্তারা।

এদিকে নতুন দায়িত্ব গ্রহণের বিষয়ে কামুরাসি এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে তাকে লন্ডনের জীবন ছেড়ে উগান্ডায় ফিরে রাজপরিবারের দায়িত্ব নিতে কিছুটা অনিচ্ছুক বলে দাবি করা হচ্ছে। বর্তমানে তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন।

কামুরাসির জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ফুটবল নিয়ে। এসই ডনস বর্তমানে সাউদার্ন কাউন্টিজ ইস্ট লিগ প্রিমিয়ার ডিভিশনে খেলছে। শনিবার এফএ কাপের দ্বিতীয় বাছাই পর্বে চিচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে দলটির। একই দিন প্রয়াত রাজা ওয়োরের শেষকৃত্যও অনুষ্ঠিত হবে।

এর আগে এরিথ টাউনের বিরুদ্ধে ২-০ গোলে জিতে এফএ কাপের দ্বিতীয় বাছাই পর্বে জায়গা করে নিয়েছে কামুরাসির দল। ফলে দীর্ঘদিনের ফুটবল ক্যারিয়ার এবং তোড়ো রাজপরিবারের ঐতিহ্যবাহী দায়িত্বের মধ্যে কঠিন সিদ্ধান্তের মুখে পড়েছেন ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই গোলকিপার।

ফুটবলের বাইরেও কামুরাসির পরিচিতি রয়েছে। একসময় ‘সকার এএম’-এর কার পার্ক চ্যালেঞ্জে গোলরক্ষক হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে তারকা ও দর্শকদের নেওয়া শট ঠেকানোর চ্যালেঞ্জে তাকে দেখা গিয়েছিল।

তোড়ো রাজ্যের রাজাদের রাজনৈতিক ক্ষমতা না থাকলেও জনগণের ওপর তাদের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও সামাজিক প্রভাব রয়েছে। ফলে কামুরাসির রাজা হওয়া তার ফুটবল ক্যারিয়ারে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যু ক্যাম্পের সংস্কার নিয়ে সাংবাদিকদের চরম সমালোচনা, বৃষ্টিতে ভিজল প্রেসবক্সে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


ন্যু ক্যাম্পের সংস্কার নিয়ে সাংবাদিকদের চরম সমালোচনা, বৃষ্টিতে ভিজল প্রেসবক্সে

বার্সেলোনা ডাচ ক্লাব ফেইনুর্ডকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে বড় ব্যবধানে পরাজিত করেছে। তবে, দলের এই বিশাল জয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বার্সেলোনার হোম ভেন্যু ক্যাম্প ন্যুর সংস্কার ও তার বেহাল অবস্থা।

বুধবার (৯ সেপ্টেম্বর) ন্যু ক্যাম্পে খেলা চলাকালীন, স্টেডিয়ামের প্রেস বক্সের একটি অংশে বৃষ্টির পানি প্রবাহিত হতে থাকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, কিছু সাংবাদিককে কাজ ফেলে সরে যেতে বাধ্য হতে হয়।

ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্প ন্যুর একটি অংশের ছাদ থেকে বৃষ্টির পানি ঝরনার মতো পড়ছিল।

সাংবাদিকদের টেবিল, আসন ও বিভিন্ন সরঞ্জাম পানিতে ভিজে যায়। অনেকেই দ্রুত নিজেদের মোবাইল, ব্যাগ ও নোট সরিয়ে নেন।

তবে, এটিকে ক্যাম্প ন্যুর ‘নতুন ছাদ ফুটো’ বলা সঠিক হবে না। কারণ, স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও সম্পন্ন হয়নি।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্টেডিয়ামের তৃতীয় স্তরের কাজ এখনও শেষ হয়নি এবং রিট্র্যাকটেবল রুফ (যে ছাদ সহজে খোলা ও বন্ধ করা যায়) বসানোর কাজও এখনো বাকি রয়েছে। এই কাজ শুরু হওয়ার কথা ২০২৭ সালের মাঝামাঝি সময়ে।

জার্মান সংবাদমাধ্যম লাওলা১ জানিয়েছে, ক্যাম্প ন্যুতে এখনও ছাদ নেই। সংস্কার প্রকল্পে ইতোমধ্যে ব্যয় এক বিলিয়ন ইউরোর বেশি হয়েছে। তবে, প্রবল বৃষ্টির কারণে বার্সেলোনার পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে দেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩ ছাত্রীর গোপনে বিয়ের ঘটনায় প্রশাসনের নিষেধাজ্ঞা একই স্কুলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


১৩ ছাত্রীর গোপনে বিয়ের ঘটনায় প্রশাসনের নিষেধাজ্ঞা একই স্কুলে

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা একই বয়সে স্কুলে বই-খাতা নিয়ে শ্রেণিকক্ষে থাকার পরিবর্তে সংসার জীবনে প্রবেশ করেছে। ৯ম ও ১০ম শ্রেণির এই ছাত্রীদের বাল্যবিবাহের খবর প্রশাসনের নজরে আসার পর সংশ্লিষ্ট অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে। বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি করে ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট ছাত্রী ও তাদের অভিভাবকদের উপস্থিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা তাদের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিবাহের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন।

জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান জানান, জানুয়ারি থেকে ৩১ অক্টোবরের মধ্যে স্কুলের শিক্ষার্থীদের ধাপে ধাপে পারিবারিকভাবে মৌখিক বিয়ে হয়েছে ১১ জনের। পরবর্তীতে আরও দুইজনের তথ্য পাওয়া গেছে। মোট ১৩ জনের গোপনে মৌখিকভাবে বিয়ে হয়ে যায়। তবে বিয়ের কোনো আনুষ্ঠানিকতা বা রেজিস্ট্রি হয়নি। এর মধ্যে অনেকের দেখাদেখি করে রেখে দেওয়া হয়েছিল।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ১৩ ছাত্রীর বিয়ের তথ্য পাওয়ার পর ১১ জন ছাত্রী ও তাদের অভিভাবককে নোটিশ দেওয়া হয়েছে। বাকি দুজনের নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে। নোটিশের পর নির্ধারিত সময়ে আটজন ছাত্রীসহ ১১ জনের অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।

নাজমুন নাহার আরও জানান, অভিভাবকদের সঙ্গে কথা বলে বাল্যবিয়ে বন্ধ রাখার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়েও তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বিয়ের বিষয়টি জানার পর তাদের অভিভাবকদের ডেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা যেন সংসারে ফিরে না গিয়ে বিদ্যালয়ে ফিরে আসে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিদের ছাত্রীদের বিষয়ে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান, তালা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান, ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%