বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:০১ পি.এম
বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এটি বরিশাল বিভাগে মেয়েদের জন্য প্রতিষ্ঠিত প্রথম সরকারি মহিলা পলিটেকনিক। শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এই শিক্ষার মাধ্যমে নারীদের কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা ও ক্ষমতায়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।
প্রতিষ্ঠানটি বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকায় পরেশ সাগর মাঠসংলগ্ন প্রায় ৩ একর ১৮ শতাংশ জমির ওপর নির্মিত হয়েছে। ২০২০-২১ অর্থবছরে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে এর নির্মাণকাজ শুরু হয়। চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দুটি প্রযুক্তি বিভাগ নিয়ে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এই দুটি বিভাগ হলো- কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আর্কিটেকচার টেকনোলজি। প্রতিটি বিভাগে আসন সংখ্যা ৫০টি করে রয়েছে। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ৪৮ জন শিক্ষার্থী ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষে আরও দুটি বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। তখন মোট চারটি বিভাগে ২০০ শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ তৈরি হবে। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কারিগরি শিক্ষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সনদ অর্জনের পাশাপাশি দক্ষতা ও বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে কর্মজীবনে প্রবেশের সুযোগ তৈরি করাই এ শিক্ষার অন্যতম লক্ষ্য। বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট দক্ষিণাঞ্চলের মেয়েদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে শিক্ষার্থীরা মনে করছেন।
প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, "বরিশাল বিভাগে মেয়েদের জন্য এমন একটি সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই।" তিনি আরও জানান, এখানে আবাসন ও পড়াশোনার পরিবেশও ভালো। কারিগরি এ শিক্ষা গ্রহণের মাধ্যমে নারীরা পুরুষের পাশাপাশি নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন।
অন্য এক শিক্ষার্থী লামিয়া জানান, দূরবর্তী এলাকা থেকে আসা ছাত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা থাকায় পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ হচ্ছে। ক্যাম্পাসের পরিবেশ ও সুযোগ-সুবিধা তাদের সন্তুষ্ট করেছে। প্রযুক্তি খাতে নিজেদের প্রতিষ্ঠিত করতে আগ্রহী মেয়েদের জন্য প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
শিক্ষার্থীদের কেউ উচ্চশিক্ষা গ্রহণ করে ভালো কর্মক্ষেত্রে প্রবেশের স্বপ্ন দেখছেন, আবার কেউ প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে চান। তাদের প্রত্যাশা, এই প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষিণাঞ্চলের মেয়েরা প্রযুক্তি শিক্ষায় আরও আগ্রহী হয়ে উঠবেন।
প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের শিক্ষক মোর্শেদ আলম গণমাধ্যমকে বলেন, "বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।" তিনি জানান, সরকার দেশের চারটি বিভাগে চারটি সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, যার একটি বরিশালে। এখানে শিক্ষার্থীদের আবাসনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হয়েছে। বিশেষ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করে মেয়েরা ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর পেশায় যুক্ত হতে পারবেন। এমনকি ঘরে বসেও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ তৈরি হবে।
তিনি আরও জানান, আগামী বছর থেকে সিভিল টেকনোলজি ও অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি চালুর পরিকল্পনা রয়েছে। এসব বিভাগ চালু হলে দক্ষিণাঞ্চলের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার মেয়েরাও এখানে পড়াশোনার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষক সুমন হোসেন জানান, বর্তমানে ৪৮ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম চলছে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস হয়। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের পাঠদান চলছে। ল্যাবের প্রয়োজনীয় সরঞ্জাম এসে পৌঁছালেও ভবনের কিছু কাজ বাকি থাকায় এখনো পূর্ণাঙ্গভাবে ল্যাব চালু করা সম্ভব হয়নি। আপাতত অ্যাকাডেমিক ভবনের নিচতলায় পদার্থবিজ্ঞান ও রসায়নের ব্যবহারিক ক্লাস নেওয়া হচ্ছে। অবশিষ্ট কাজ শেষ হলে শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ ব্যবহারিক শিক্ষার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সামসুন নাহার গণমাধ্যমকে বলেন, "চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের মাধ্যমে দক্ষিণাঞ্চলের মেয়েরা কারিগরি দক্ষতা অর্জন করে নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারবেন।" তিনি আশা প্রকাশ করেন যে, নারীর ক্ষমতায়নেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, বর্তমানে দুটি প্রযুক্তি বিভাগে ৫০টি করে আসন রয়েছে। শিক্ষার্থীদের জন্য আধুনিক আবাসনব্যবস্থা এবং অ্যাকাডেমিক কার্যক্রমের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। তবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্থায়ী পদ সৃষ্টির প্রক্রিয়া এখনো চলমান। বর্তমানে সংযুক্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের মেয়েদের জন্য কারিগরি শিক্ষার এই নতুন প্রতিষ্ঠান শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতার সম্ভাবনাও তৈরি করেছে। প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, পূর্ণাঙ্গ ল্যাব চালু এবং পরিকল্পিতভাবে নতুন বিভাগ সংযোজন করা গেলে বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এ অঞ্চলের নারী শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে নির্মাণ করা হয়েছে ছয়টি বহুতল ভবন ও একটি একতলা ভবন। এর মধ্যে রয়েছে অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ ভবন, চারতলা বিশিষ্ট ২০০ আসনের ছাত্রীনিবাস, পাঁচতলা বিশিষ্ট ২০ ইউনিটের শিক্ষক ডরমেটরি, তিনতলা বিশিষ্ট ছয় ইউনিটের স্টাফ কোয়ার্টার এবং অধ্যক্ষের বাসভবন। পাশাপাশি রয়েছে শহীদ মিনার, নিজস্ব বিদ্যুৎ সাবস্টেশন, অভ্যন্তরীণ সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, দুটি আধুনিক প্রবেশগেট ও সীমানাপ্রাচীর।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ১৮ জন দায়িত্ব পালন করছেন। তবে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও পদ সৃষ্টির বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, ২০২০ সালে প্রকল্পটির কাজ শুরু হয়। প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে এরই মধ্যে মূল অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। কিছু আনুষঙ্গিক কাজ, লিফট স্থাপন ও অন্যান্য কার্যক্রম বাকি রয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে সব কাজ সম্পন্ন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আশা করছেন তারা।
তিনি বলেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে শিক্ষার্থীরা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি উচ্চশিক্ষা ও আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, স্থাপত্য ও শিল্প খাতের দক্ষ জনশক্তি তৈরিতে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখতে পারে।
ভর্তির জন্য লাগবে যে যোগ্যতা
বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য শিক্ষার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে GPA ২.০০ সহ মোট GPA ৩.০০ থাকতে হবে।
প্রাথমিকভাবে এখানে আর্কিটেকচার টেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ভর্তি নেওয়া হয় (প্রতিটি বিভাগে ৫০টি করে মোট ১০০টি আসন)।
ভর্তি পরীক্ষা (MCQ)
৭০ নম্বর (গণিত ২০, বাংলা ১০, ইংরেজি ১০, পদার্থবিজ্ঞান ১০, রসায়ন ১০ এবং বুদ্ধিমত্তা/IQ ১০)। এসএসসি জিপিএতে ৩০ নম্বর (SSC GPA × ৬) থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
> এসএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র (মার্কশিট) ও প্রশংসাপত্র/ট্রান্সক্রিপ্টের কপি।
> অনলাইন আবেদনের কপি ও প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড)।
> শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
> জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের (NID) কপি।
> নির্ধারিত ভর্তি ও টিউশন ফি জমার রশিদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিখ্যাত মেসির থ্যাংকসগিভিং ডে প্যারেড (Macy’s Thanksgiving Day Parade) ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। এবারের আয়োজন বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) পরিবর্তে আগামী শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা এপি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জানিয়েছে, আয়োজক প্রতিষ্ঠান মেসি বুধবার (২৫ নভেম্বর) একটি বিবৃতিতে জানায়, প্রবল বাতাস ও বৃষ্টির পূর্বাভাসের কারণে নগর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) ঝোড়ো বাতাসের ফলে গাছের ডাল ভেঙে পড়া এবং বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে প্যারেড পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিক বলে তিনি মন্তব্য করেন। আয়োজকেরা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৮টায় প্যারেড শুরু হবে।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত তিন বছর আয়োজনটি বাতিল করা হয়েছিল। তবে আবহাওয়ার কারণে এবারই প্রথম প্যারেডের তারিখ পরিবর্তন করা হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
॥ মোশতাক আহমদ ॥
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : দেশের ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সহায়তা করবে।
১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণের ক্লাস ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এই উদ্যোগের লক্ষ্য হলো তরুণদের এআই প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা।
বর্তমান বিশ্বে শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম, সরকারি সেবা এবং তথ্যপ্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।
এআই তথ্য বিশ্লেষণ, কনটেন্ট তৈরি, ছবি ও ভিডিও সম্পাদনা, অনুবাদ, গবেষণা, সফটওয়্যার উন্নয়ন এবং বিভিন্ন দাপ্তরিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতেই সরকারের এই উদ্যোগ।
সকল জেলা অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা থাকায় রাজধানী ও বড় শহরের বাইরের তরুণ-তরুণীরাও এতে অংশগ্রহণ করতে পারবেন। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী তরুণ এবং উদ্যোক্তা হতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এটি নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
সরকারের এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রশিক্ষণটি বিনামূল্যে প্রদান করা হবে। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যারা বেসরকারি প্রতিষ্ঠানে অর্থ ব্যয় করে এআই প্রশিক্ষণ নিতে পারেন না, তারাও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
এটি প্রকল্পের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ। পূর্বে একই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন বাসসকে জানান, “দেশের বিপুলসংখ্যক তরুণকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহী তরুণ-তরুণীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এতে অংশ নিতে পারবেন।”
তিনি বলেন, দেশের ৬৪ জেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। আমরা চাই, প্রশিক্ষণার্থীরা এআই প্রযুক্তির ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে সক্ষম হবেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের ১২ নভেম্বরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এ প্রশিক্ষণে অংশ নিতে আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি কমপক্ষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনকারীদের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে মৌলিক জ্ঞান ও ইংরেজিতে দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না। আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
আবেদনকারীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে।
সূচি অনুযায়ী, ২৮ নভেম্বর লিখিত ও ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা ৩০ নভেম্বর প্রকাশের পরিকল্পনা রয়েছে। পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও ফলাফল সংশ্লিষ্ট প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে।
প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে। শুধু প্রশিক্ষণ ফি মওকুফই নয়, অংশগ্রহণকারীদের জন্য যাতায়াত ভাতা ও খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষ করা অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।
প্রশিক্ষণটি আগামী পহেলা ডিসেম্বর শুরু হয়ে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। মোট ৫০ দিনের এই কোর্সে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এটি স্বল্পমেয়াদি হলেও নির্দিষ্ট সময় ধরে নিয়মিত ক্লাস ও অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের এআই বিষয়ে মৌলিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের এআই (অও) প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান বাসসকে জানান, এই প্রশিক্ষণে শুধু তাত্ত্বিক জ্ঞানই দেওয়া হবে না, বরং এর পাশাপাশি ব্যবহারিক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, “প্রশিক্ষণার্থীরা বিভিন্ন এআই টুলের ব্যবহার, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন কাজ সম্পর্কে ধারণা পাবেন। মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণের মাধ্যমে তাদের হাতে-কলমে দক্ষতা তৈরির পরিকল্পনা রয়েছে।”
আতিকুর রহমান আরও বলেন, প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারেন, এমনভাবে পাঠ্যক্রম সাজানো হয়েছে।
দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব পেয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
রাজশাহী ও রংপুর বিভাগে দায়িত্ব পালন করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগ।
বরিশাল ও খুলনা বিভাগে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে সার্ভিস ইঞ্জিনস লিমিটেডের যৌথ উদ্যোগ প্রশিক্ষণ পরিচালনা করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এআই প্রযুক্তিতে প্রাথমিক দক্ষতা অর্জনের সুযোগ তরুণদের প্রচলিত শিক্ষার পাশাপাশি নতুন ধরনের কর্মদক্ষতা গড়ে তুলতে সহায়তা করতে পারে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট তৈরি, গ্রাফিক ডিজাইন, তথ্য বিশ্লেষণ কিংবা প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত হতে চান, তাদের জন্য এ প্রশিক্ষণ কার্যকর হতে পারে।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন টুল ব্যবহার করে অল্প সময়ে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি, ভাষান্তর, উপস্থাপনা প্রস্তুত, ছবি ও ভিডিও সম্পাদনা এবং বিভিন্ন সৃজনশীল কাজ করা সম্ভব হচ্ছে। ফলে চাকরির বাজারেও এআই ব্যবহারের দক্ষতা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
শুধু তথ্যপ্রযুক্তি খাত নয়, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, গণমাধ্যম, বিপণন ও প্রশাসনিক কাজেও এ প্রযুক্তির ব্যবহার বাড়ছে।
এ পরিস্থিতিতে তরুণদের এআই সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার পাশাপাশি বাস্তব কাজের ক্ষেত্রে প্রযুক্তিটি কীভাবে ব্যবহার করতে হয়, সে বিষয়ে দক্ষ করে তোলা গুরুত্বপূর্ণ। তবে এআই টুল পরিচালনার দক্ষতার পাশাপাশি তথ্য যাচাই, বিশ্লেষণী চিন্তা, সৃজনশীলতা, নৈতিকতা ও প্রযুক্তির সীমাবদ্ধতা সম্পর্কে সচেতনতাও প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বাসসকে বলেন, “বর্তমান সময়ে প্রায় সব পেশাতেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ছে।
তাই তরুণদের এ প্রযুক্তিতে দক্ষ করে তোলার সরকারি উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।”
তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা এআই টুলের ব্যবহারিক প্রয়োগ, সমস্যা সমাধান, তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তিনির্ভর কাজের বিষয়ে ধারণা পাবেন। পাশাপাশি প্রোগ্রামিংয়ের প্রাথমিক জ্ঞান, বিশ্লেষণী চিন্তা এবং এআই প্রযুক্তির নৈতিক ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।
আব্দুর রাজ্জাক আরও বলেন, যথাযথ প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তরুণেরা এ জ্ঞান কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, জেলা পর্যায়ের তরুণদের জন্য প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের সুযোগ, উদ্যোক্তা উন্নয়ন ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকলে এ উদ্যোগের সুফল আরও বিস্তৃত হতে পারে। একই সঙ্গে নারীদের অংশগ্রহণ বাড়ানো ও প্রত্যন্ত এলাকার আগ্রহী তরুণদের প্রশিক্ষণে যুক্ত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
যুব উন্নয়ন অধিদপ্তরের এ প্রকল্পের মূল লক্ষ্য তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
দেশের ৬৪ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ফলে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ রাজধানীকেন্দ্রিক না রেখে জেলা পর্যায়েও সম্প্রসারিত হচ্ছে।
আগ্রহী প্রার্থীরা প্রশিক্ষণসংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া জানতে যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট www.dzdaiproject.com/apply ভিজিট করতে পারবেন।
আবেদন করার শেষ সময় ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ.
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৭৫ বছর বয়সি এক বৃদ্ধ এবং ৬৩ বছর বয়সি এক নারী নতুন সংসার শুরু করেছেন। ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার একটি বৃদ্ধাশ্রমে হিন্দু রীতিতে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিয়েতে বৃদ্ধাশ্রমের বাসিন্দা, কর্মকর্তা-কর্মচারী এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
বর কানহাইয়া লাল এবং কনে সাবিনা। বিলাসপুরের ঘাগাস এলাকার ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে তাদের বিয়ের আয়োজন করা হয়। এই বিয়েতে মালাবদল, অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘোরাসহ প্রচলিত বিভিন্ন আচার পালন করা হয়।
বৈচিত্র্যময় এই বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাসপুরের জেলা প্রশাসক কিরণ ভাদানা। তিনি নবদম্পতিকে অভিনন্দন জানান এবং বিয়ের উপহার প্রদান করেন।
মঙ্গলবার সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় কানহাইয়া লাল ও সাবিনা হলুদ পোশাক পরিধান করেছিলেন। তারা হিমাচলি লোকগানের তালে আনন্দ-উৎসবে মেতে ওঠেন।
বৃদ্ধাশ্রমের অন্যান্য বাসিন্দা এবং সংগঠনের সদস্যরাও বিয়ের আয়োজনে অংশগ্রহণ করেন। তারা নবদম্পতিকে আশীর্বাদ করেন এবং সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কিরণ ভাদানা মন্তব্য করেন, এই বিয়ে সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা প্রদান করেছে। তিনি ‘আপনা ঘর’ কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করে বলেন, বয়স যা-ই হোক, পরিপূর্ণ ও আনন্দময় জীবনযাপনের অধিকার সবার রয়েছে।
তিনি আরও বলেন, বয়স বেড়ে যাওয়া মানে জীবন উপভোগ করা কিংবা একজন সঙ্গী খোঁজার আকাঙ্ক্ষা থেকে সরে আসা নয়।
একাকিত্ব থেকে নতুন সঙ্গ
এই বিয়ের পেছনের গল্পটি অত্যন্ত হৃদয়স্পর্শী। ‘আপনা ঘর’-এর প্রতিষ্ঠাতা ও আইনজীবী প্রকাশ চাঁদ বানসালের মতে, ২০২২ সালে সংগঠনের কর্মীরা একটি গুহা থেকে কানহাইয়া লালকে উদ্ধার করেন। তিনি একসময় পরিবারের সঙ্গে বসবাস করতেন। কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তিনি নিজের সম্পত্তি ভাইদের নামে লিখে দেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে বাড়ি থেকে বের করে দিলে গুহায় আশ্রয় নিতে বাধ্য হন।
কানহাইয়া লালের বাড়ি হিমাচল প্রদেশের মান্ডি জেলার জানজেহলি এলাকার থুনাগ গ্রামে। উদ্ধারের পর তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসা হয়। এরপর থেকে তিনি সেখানেই বসবাস করছিলেন।
অন্যদিকে, সাবিনার আদি বাড়ি কলকাতায়। বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে তিনি হিমাচল প্রদেশে চলে যান। সংগঠনটির তথ্য অনুযায়ী, তাকে প্রথমে রাজ্যের রাজধানী সিমলায় নেওয়া হয়। পরে ২০২৫ সালে বিলাসপুরের একটি বৃদ্ধাশ্রমে স্থানান্তর করা হয়।
একই প্রতিষ্ঠানে বসবাসের সময় কানহাইয়া লাল ও সাবিনার মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে তারা একসঙ্গে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেন।
প্রকাশ চাঁদ বানসাল বলেন, দুজনই একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তাদের এই সিদ্ধান্ত সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো এবং নতুন করে জীবন গড়তে সহায়তা করা সমাজের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
সোলানে নতুন ঠিকানা
বিয়ের পর কানহাইয়া লাল ও সাবিনা হিমাচল প্রদেশের সোলান জেলার নালাগড়ে একটি নতুন বৃদ্ধাশ্রমে চলে যাবেন। সেখানে তারা একসঙ্গে দাম্পত্য জীবন শুরু করবেন।
বিয়ের অনুষ্ঠানে জেলা সমাজকল্যাণ কর্মকর্তা রমেশ বানসাল, ‘আপনা ঘর’-এর প্রতিষ্ঠাতা প্রকাশ চাঁদ বানসালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বৃদ্ধাশ্রমটি প্রবীণদের আশ্রয় ও সেবা প্রদান করে থাকে। দয়োলিতে অবস্থিত প্রতিষ্ঠানটির শাখায় ২৫ জন বাসিন্দার থাকার ব্যবস্থা রয়েছে।
দীর্ঘদিনের অনিশ্চয়তা ও একাকিত্ব পেরিয়ে কানহাইয়া লাল ও সাবিনার জীবনে এই বিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছে। একে অপরের মধ্যে তারা খুঁজে পেয়েছেন জীবনসঙ্গী এবং আপন ঠিকানা।
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্রিকেট মাঠে ব্যাট হাতে ঝড় তুলতে সক্ষম হয়ে ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তবে এবার তার বয়স নিয়ে বড় প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ, যিনি তার পারফরম্যান্সের চেয়ে বয়সের বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন।
তানভীর আহমেদ দাবি করেছেন, সরকারি নথিতে ১৫ বছর উল্লেখ থাকলেও সূর্যবংশীর প্রকৃত বয়স ২০ থেকে ২১ বছর হতে পারে। তিনি পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
তিনি বলেন, “১৫ বছর বয়সী কোনো ক্রিকেটারের পক্ষে এভাবে ছক্কা মারা সম্ভব নয়।” সূর্যবংশীর শারীরিক গঠন ও শক্তি নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। এমনকি, তানভীর আহমেদ বয়স পরীক্ষা করার দাবি করেছেন।
সম্প্রতি দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যবংশী। এই ইনিংসে তিনি ২৮টি ছক্কা ও ৭টি চার মারেন। ভারত 'এ' দলের ব্যাটিংয়ে ২৫০ রানের লক্ষ্য মাত্র ১৪.২ ওভারেই অতিক্রম করা সম্ভব হয়।
তবে সূর্যবংশীর বয়স নিয়ে বিতর্ক নতুন নয়। সরকারি নথি অনুযায়ী, ২০১১ সালের ২৭ মার্চ তার জন্ম। কিন্তু ২০২৩ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ওই বছরের ২৭ সেপ্টেম্বর তার বয়স ১৪ বছর হবে। জন্মতারিখের সঙ্গে এই বক্তব্যের অসংগতির কারণে প্রশ্ন উঠে।
অভিযোগের জবাবে সূর্যবংশীর বাবা সঞ্জীব জানিয়েছেন, ছেলে বিসিসিআইয়ের বয়স পরীক্ষায় অংশ নিয়েছে। আট বছর বয়সে প্রথমবার এই পরীক্ষা দিয়েছিল সে। প্রয়োজনে আবারও পরীক্ষা দিতে প্রস্তুত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ