ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পারিবারিক অবক্ষয়: শিশুর অন্ধকার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ


পারিবারিক অবক্ষয়: শিশুর অন্ধকার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ

রাতের খাবারের টেবিলে তিনটি চেয়ার রয়েছে। কিন্তু সেখানে কথা বলার জন্য কেউ নেই। বাবা ফোনের পর্দায় ডুবে আছেন, মা জানালার পাশে বসে দূরের অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। মাঝখানে ছোট্ট শিশুটি ভাতের লোকমা মুখে তুলতে তুলতে হঠাৎ প্রশ্ন করে, ‘তোমরা দুজন আমার সঙ্গে একসঙ্গে ঘুমাবে না?’ প্রশ্নটি শুনে মা মুখ ফিরিয়ে নেন, বাবা চুপ করে থাকেন। শিশুটি বোঝে না, কোন অপরাধে তার পরিচিত পৃথিবীটি প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে। সে জানে না, বড়দের ভালোবাসা ফুরিয়ে গেলে ছোটদের পৃথিবী কেন এত অনিশ্চিত হয়ে পড়ে।

ঢাকার অসংখ্য পরিবারের গল্প হয়তো এমন নয়, তবে এই নীরবতার মধ্য দিয়ে অনেক সংসারের ভাঙন বোঝা যায়। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘ঢাকায় দিনে ভাঙছে ৪৪ সংসার’—এটি আমাদের সামনে যে বাস্তবতা তুলে ধরেছে, তা শুধুমাত্র কিছু দাপ্তরিক হিসাব নয়। এর প্রতিটি সংখ্যার পেছনে থাকতে পারে দীর্ঘদিনের অভিমান, অপমান, অবিশ্বাস, নির্যাতন, অর্থনৈতিক টানাপোড়েন কিংবা একসঙ্গে থেকেও একে অন্যের কাছে পৌঁছাতে না পারার যন্ত্রণা। একটি সংসার ভাঙলে শুধু স্বামী-স্ত্রীর ঠিকানা বদলায় না; বদলে যায় সন্তানের ঘুম, তার নিরাপত্তাবোধ, পরিবারের স্মৃতি এবং ভবিষ্যৎ সম্পর্কে তার ধারণাও।

প্রশ্ন উঠছে, এত সংসার কেন ভাঙছে? প্রতিটি বিচ্ছেদের কারণ কি একই? উত্তর নিশ্চয়ই না। কোথাও ভালোবাসার জায়গা দখল করেছে সন্দেহ, কোথাও দায়িত্বহীনতা, কোথাও অর্থের অভাব, আবার কোথাও ক্ষমতার দম্ভ। কোনো নারী বছরের পর বছর শারীরিক নির্যাতন সহ্য করে একদিন বেরিয়ে আসেন। কোনো পুরুষ দীর্ঘদিনের অপমান ও মানসিক চাপের মধ্যে সম্পর্ক থেকে সরে যেতে চান। কোথাও দুজনেই সম্পর্ক বাঁচাতে চেয়েও ব্যর্থ হন। আবার কোথাও সন্তান, পরিবার ও সামাজিক মর্যাদার কথা ভেবে বছরের পর বছর দুজন মানুষ একই ছাদের নিচে বসবাস করেন অথচ তাদের মধ্যে সম্পর্ক বলতে অবশিষ্ট থাকে শুধু প্রয়োজনের যোগাযোগ।

আরও পড়ুন: নগরায়ণে হারিয়ে গেছে ভোর, মানবিক নগর গড়ার আহ্বান

তাহলে বিয়েবিচ্ছেদের সংখ্যা দেখেই সমাজের অবক্ষয় ঘোষণা করা সহজ, কিন্তু সত্যকে বোঝা কঠিন। একটি বিচ্ছেদ কখনো ব্যর্থতার চিহ্ন, কখনো দীর্ঘ ব্যর্থতা থেকে মুক্তির পথ। নির্যাতনের সংসার থেকে বেরিয়ে আসা নারীর সিদ্ধান্তকে কিংবা ভয় ও অপমানের মধ্যে বসবাস করা কোনো মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে আমরা কীভাবে নৈতিকতার কাঠগড়ায় দাঁড় করাব?

একই ঘরে বসে দুজন মানুষ ঘণ্টার পর ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটাচ্ছেন, অথচ একে অন্যের সঙ্গে ১০ মিনিট মন খুলে কথা বলছেন না। এই দৃশ্য এখন অনেক পরিবারের পরিচিত বাস্তবতা।

মাদকাসক্তি, বিবাহবহির্ভূত সম্পর্ক, যৌতুকের চাপ, ভরণপোষণ না দেওয়া এবং পরিবারের অযাচিত হস্তক্ষেপও বহু দাম্পত্যকে বিপর্যস্ত করে। অনেক সময় দুই পরিবারের আত্মীয়স্বজন সমাধানের বদলে বিরোধ বাড়িয়ে দেন।

অর্থনৈতিক বাস্তবতাও উপেক্ষা করার নয়। বাসাভাড়া, সন্তানের শিক্ষা, চিকিৎসা, যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের চাপ মানুষের সহনশীলতা কমিয়ে দিতে পারে।

আরও পড়ুন: ডি-আওয়ামীফিকেশন কেন জরুরি: সাংস্কৃতিক পরিবর্তন অপরিহার্য

তবে সন্তানের ভবিষ্যতের কথা বলে নির্যাতনের সম্পর্ক টিকিয়ে রাখার পরামর্শও সমাধান নয়। প্রতিদিনের অপমান, ভয় ও সহিংসতার মধ্যে বেড়ে ওঠা শিশুর জন্যও ক্ষতিকর হতে পারে। প্রয়োজন এমন পরিবেশ, যেখানে বিচ্ছেদ হলেও শিশুর নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা এবং মা-বাবার সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রাখার বিষয়টি গুরুত্ব পাবে। আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তে শিশুর সর্বোত্তম স্বার্থ ও তার নিরাপত্তাই এখানে প্রধান বিবেচনা হওয়া উচিত।

রাষ্ট্রের কাজও শুধু তালাকের হিসাব রাখা নয়; নাগরিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলা।

শেষ পর্যন্ত সংসার টিকে থাকলেই সব পরিবার সুখী হয় না, আবার বিচ্ছেদ ঘটলেই প্রতিটি ভালোবাসা মিথ্যা হয়ে যায় না। কখনো দুটি মানুষ একসঙ্গে থেকে একে অন্যকে প্রতিদিন আহত করেন; কখনো আলাদা হয়ে সন্তানের জন্য আরো শান্ত পরিবেশ তৈরি করেন। আমাদের লক্ষ্য হওয়া উচিত বিচ্ছেদের সংখ্যা নিয়ে আতঙ্ক ছড়ানো নয়, বরং সম্পর্কের ভেতরকার অসুস্থতা কমানো এবং বিচ্ছেদের পরও মানুষের মর্যাদা রক্ষা করা।

সেই রাতের শিশুটির কথায় ফিরে আসি। সে হয়তো এখনো অপেক্ষা করে, বাবা-মা দুজনকে পাশাপাশি বসে হাসতে দেখবে বলে। হয়তো সেই দৃশ্য আর কখনো ফিরবে না। কিন্তু অন্তত তাকে এমন একটি শৈশব দেওয়া সম্ভব, যেখানে তাকে কারো পক্ষ নিতে হবে না, নিজের জন্মকে অপরাধ মনে করতে হবে না, ভালোবাসার জন্য কারো অনুমতি চাইতে হবে না।

আরও পড়ুন: শৈশবের অদৃশ্য পাঠ: পিতৃতান্ত্রিক পরিবারে শিশুর জেন্ডার পরিচয় নির্মাণ ও বৈষম্য

একটি সংসার ভাঙার শব্দ বাইরে থেকে সবসময় শোনা যায় না। কখনো তা শোনা যায় শিশুর হঠাৎ চুপ হয়ে যাওয়া, স্কুল থেকে ফিরে ঘরে ঢুকতে না চাওয়া কিংবা রাতে মায়ের হাত আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ার মধ্যে। পরিসংখ্যান সেই কান্নার হিসাব রাখে না। কিন্তু সভ্য সমাজের দায়িত্ব হলো, সেই নীরব কান্নাকেও গুরুত্ব দেওয়া।

কারণ শেষ পর্যন্ত প্রশ্নটি শুধু কতটি সংসার ভাঙল, তা নয়। প্রশ্ন হলোÑযে সংসারগুলো টিকে আছে, সেগুলোর ভেতরে মানুষ কতটা নিরাপদ; আর যে সংসারগুলো ভেঙে গেছে, সেখানকার শিশুরা কতটা ভালোবাসা নিয়ে বড় হওয়ার সুযোগ পাচ্ছে। ঘর বাঁচানোর চেয়ে বড় দায়িত্ব মানুষকে বাঁচানো; আর সন্তানের জন্য সবচেয়ে জরুরি উপহার হলো এমন এক পৃথিবী, যেখানে ভালোবাসার সঙ্গে ভয়কে একসঙ্গে বসবাস করতে হয় না।

লেখক: প্রধান সম্পাদক, নাগরিক চোখ

আরও পড়ুন: সবুজবাগে বসুন্ধরা শুভসংঘের সভা, সামাজিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগের প্রত্যয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের ঘোষণা রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের ঘোষণা রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার এবং করপোরেট সুশাসন প্রতিষ্ঠানে গত ১৫ বছরে উল্লেখযোগ্য দুর্বলতা সৃষ্টি হয়েছে।

তিনি উল্লেখ করেন, ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে অসাধু আঁতাতের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ বিদেশে পাচার করা হয়েছে, যা দেশের অর্থনীতিকে দুর্নীতির চক্রে আটকে ফেলেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস—সাফার আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

ব্যাংকিং খাতের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।

রাষ্ট্রপতি আরও বলেন, প্রকৃত আর্থিক সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা অপরিহার্য। সরকার অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি ঠেকানো এবং আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ গ্রহণ করছে।

এ সময় তিনি দেশের আর্থিক স্থিতিশীলতা ফেরানোর, পুঁজিবাজারকে শক্তিশালী করার এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

রাষ্ট্রপতি বলেন, সরকারি খাতে জবাবদিহি, স্বচ্ছতা এবং সুশাসন আরও জোরদার করা প্রয়োজন। সরকারি ব্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং আর্থিক জ্ঞান বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, অর্থনীতি সুরক্ষার দায়িত্ব শুধু নিরীক্ষকদের নয়; হিসাববিদ, রাজস্ব কর্মকর্তা, প্রকল্প প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবারও জনসম্পদ রক্ষায় ভূমিকা রয়েছে। অনিয়ম, অর্থের অপব্যবহার এবং অযাচিত প্রভাব ঠেকাতে সততা, জবাবদিহি ও স্বচ্ছতাকে প্রতিরক্ষার প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

নিরীক্ষকদের স্বাধীনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, নিরপেক্ষভাবে প্রতিবেদন তৈরি এবং অযাচিত চাপ প্রতিরোধের সাহস থাকতে হবে হিসাব পেশাজীবীদের। ভয় কিংবা পক্ষপাত ছাড়াই হিসাববিদ, সরকারি কর্মকর্তা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো যেন দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার রয়েছে।

আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন। ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকায় সাফা সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে সেই আঞ্চলিক সহযোগিতার ঐতিহ্যকে আরও শক্তিশালী করেন।

এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটালাইজেশন এবং টেকসই উন্নয়নের নতুন বাস্তবতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ু ঝুঁকি এবং প্রযুক্তিগত পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক জ্ঞান বিনিময় এবং পেশাগত মান সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল মহানগর পুলিশের অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১১

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


বরিশাল মহানগর পুলিশের অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১১

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ১১ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

পুলিশের অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন, নিয়মিত মামলায় দুজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে সর্বমোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক পাচারকারীদের তথ্য সংগ্রহে যুক্তরাষ্ট্রের উদ্যোগের প্রতিবাদ মেক্সিকোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


মাদক পাচারকারীদের তথ্য সংগ্রহে যুক্তরাষ্ট্রের উদ্যোগের প্রতিবাদ মেক্সিকোর

মেক্সিকোর সিনালোয়া রাজ্যে মাদক পাচারকারী এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার উদ্যোগের বিরুদ্ধে মেক্সিকো আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এই তথ্য প্রকাশ করেন।

শেইনবাউম উল্লেখ করেন, মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী হুয়ান রামোন দে লা ফুয়েন্তে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে অভিযোগটি তুলে ধরেছেন। রাষ্ট্রদূত বিষয়টি তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি পেলেও, মাদক পাচারকারী চক্রের সঙ্গে রাজনীতিবিদদের সম্পর্ক নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন বিদ্যমান।

শেইনবাউম আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর সম্পর্ক হলো সহযোগিতার, যা অধীনতার নয়। তিনি যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেন যে, তাদের উচিত নিজেদের দেশে মাদক সেবন এবং অপরাধী চক্রের মোকাবিলা করার দিকে মনোযোগ দেওয়া।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থমন্ত্রী: মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


অর্থমন্ত্রী: মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে, সরকার মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে। তিনি উল্লেখ করেন, "প্রতিটি লেনদেনের তথ্য রিয়েল টাইমে আদান-প্রদান নিশ্চিত করতে হবে।"

শনিবার (২৮ নভেম্বর) বিএআরটিএর উদ্বোধন অনুষ্ঠানে, যা লোকাল এলসি-সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম, তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, ব্যাংকিং খাতের পাশাপাশি বীমা খাতেও অনিয়মের ঘটনা ঘটেছে। তিনি জানান, "প্রিমিয়াম পরিশোধ না করেই টাকা নেয়া হয়েছে। এতে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন।"

ব্যাক টু ব্যাক এলসি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, "এ খাত নিয়ে অনেক কলঙ্ক রয়েছে। সরকার সবকিছু তৈরি করে দেবে, এরপর ব্যবসায়ীরা কাজ করবেন-এমনটা হবে না। সবাইকে এগিয়ে আসতে হবে।"

এ সময় তিনি গভর্নরের কাজের প্রতি মন্তব্য করে বলেন, "কম কথা বলে বেশি কাজ করেছেন।"

অনুষ্ঠানে বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়, ব্যবসা পরিচালনার খরচের একটি বড় অংশ এলসি খোলা ও অ্যাকসেপ্টেন্স চার্জে ব্যয় হয়। বিশেষ করে এসএমই শিল্পপ্রতিষ্ঠানগুলো ব্যাংকের সঙ্গে এসব চার্জ নিয়ে দর-কষাকষির সক্ষমতা রাখে না। তাই তাদের ব্যবসায়িক কার্যক্রম সহজ করার জন্য এলসি খোলা ও অ্যাকসেপ্টেন্স চার্জ সহনীয় পর্যায়ে রাখা প্রয়োজন, এ বিষয়টি বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় নেয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%