ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরান মোতায়েন করছে আরো উন্নত প্রতিরক্ষাব্যবস্থা


ইরান মোতায়েন করছে আরো উন্নত প্রতিরক্ষাব্যবস্থা

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সামরিক সংঘাত বা যুদ্ধ শুরু হলে আরও উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে ইরান। দেশটির নৌবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, দেশের ভেতরে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যবস্থা বাহিনীতে যুক্ত করা হয়েছে।

জোর দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার হামলা চালায়, তাহলে তারা ইরানের নতুন এসব ব্যবস্থার সক্ষমতার সম্মুখীন হবে। সাম্প্রতিক ঘটনাবলীর মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী শিক্ষা গ্রহণ করেছে এবং আকাশ প্রতিরক্ষার উন্নয়নকে প্রধান অগ্রাধিকার হিসেবে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সম্ভাব্য হামলার ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতিতে নতুন প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর কার্যকারিতা প্রমাণিত হবে বলে সাইয়ারি জানান। তবে নতুন এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারিগরি খুঁটিনাটি বা সক্ষমতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, মার্কিন সামরিক বাহিনীর চুরি করা দুটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার উদ্ধারের দাবি করেছে ইরানের নৌবাহিনী। কমান্ডার শাহরাম ইরানি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “মার্কিন সামরিক বাহিনী দুটি ইরানি তেলবাহী জাহাজ চুরি করেছিল। তবে জাহাজগুলোর ক্রুরা ঘুমিয়ে থাকার সুযোগে আমাদের সশস্ত্র বাহিনী সেখানে অভিযান চালায় এবং সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়।” তিনি আরও অভিযোগ করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের সুযোগ করে দেওয়ার বিনিময়ে জাহাজ মালিকদের কাছ থেকে অর্থ নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। তবে ঠিক কবে এই ট্যাঙ্কার দুটি চুরি হয়েছিল কিংবা কখন সেগুলো উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইরানের এমন অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ইতিহাস মুছে ফেলছে রাশিয়া, একে একে সরানো হচ্ছে স্তালিনের নির্যাতনের স্মৃতিচিহ্ন

হেনগাম দ্বীপ থেকে পিছু হটলো এফ-১৬ যুদ্ধবিমান: পারস্য উপসাগরের হেনগাম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়ে সেটিকে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীর জনসংযোগ দপ্তরের বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হেনগাম দ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জলসীমায় আইন লঙ্ঘনকারী কয়েকটি নৌযানকে আকাশপথে নিরাপত্তা (এয়ার কাভার) দেওয়ার সময় মার্কিন যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার খুব কাছাকাছি চলে আসে। এ সময় ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সতর্কতামূলক গুলি ছোড়া হলে বিমানটি তীব্র গতিতে মোড় নিয়ে ওই এলাকা ত্যাগ করে।

রাশিয়া ও চীনের সহায়তাকে গুরুত্ব দিচ্ছেন না ট্রাম্প: ইরানের সঙ্গে চলমান সংঘাতে রাশিয়া ও চীনের গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সহায়তার গুরুত্ব খাটো করে দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তেহরানের সঙ্গে বেইজিং ও মস্কোর জড়িত থাকার বিষয়টি খুবই সীমিত এবং উভয় দেশই এই সংঘাতের অবসান চায়। থ্যাঙ্কসগিভিং উপলক্ষে ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে ইরান সংঘাত নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প। ইরানকে রাশিয়া ও চীনের গোয়েন্দা সহায়তার খবরের বিষয়ে ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট শির সঙ্গে আমার বৈঠকটি ছিল অসাধারণ। আমার মনে হয় ইরানের বিষয়ে তারা খুবই সামান্য জড়িত। তারা চাইলে জড়াতে পারত, কিন্তু আমার কাছে জড়ানো মানে হলো গুলি চালানো, সামান্য তথ্য দেওয়া নয়।” ট্রাম্প যুক্তরাষ্ট্রের একই ধরনের কাজের কথা উল্লেখ করে বলেন, “আমরাও তো একই কাজ করি। আর যখন বলা হয় তারা আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করছে, তখন আমরাও তো তাদের ওপর গুপ্তচরবৃত্তি করি।”

কুয়েতে দুই ইতালীয় নিহতের ঘটনায় সম্পৃক্ততা অস্বীকার তেহরানের: কুয়েতে সাম্প্রতিক ড্রোন হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ (নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অন্যের ওপর দোষ চাপানোর কৌশল) অভিযান হিসেবে অভিহিত করেছে ইরান। তেহরানের দাবি, চলমান যুদ্ধের পরিধি বাড়ানোর উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। রোমে অবস্থিত ইরানি দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বৃহস্পতিবারের ওই ড্রোন হামলায় ইরানের যেকোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। উল্লেখ্য, কুয়েতের ওই হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হন। বিবৃতিতে উপসাগরীয় অঞ্চলের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনকে দায়ী করেছে ইরানি দূতাবাস। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলা হয়েছে, সংঘাতের পরিধি বাড়ানো এবং অন্যান্য অঞ্চলের বিরোধকে উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এটি একটি ‘ফলস ফ্ল্যাগ’ হামলা হতে পারে।

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম: টানা তিন সপ্তাহ দরপতনের পর বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গতকাল গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টা ৫০ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৪ সেন্ট বেড়ে ৯৬ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবারও তেলের দাম প্রায় ২ ডলার বেড়েছিল, যা গত ৬ নভেম্বরের পর সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বুধবারের তুলনায় ব্যারেলপ্রতি ২ দশমিক ১০ ডলার বা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ৭৮ ডলারে লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি না কমলে আগামী দিনগুলোতে জ্বালানি তেলের বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। সূত্র: রয়টার্স। সূত্র : আল জাজিরা, তাসনিম, প্রেস টিভি, রয়টার্স।

আরও পড়ুন: মমতার বড় জয়, কলকাতা হাইকোর্টে ঋতব্রতর বিরোধীদলীয় নেতা হিসেবে নিয়োগ বাতিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রধান অতিথি তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ এম


১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রধান অতিথি তারেক রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশটি দুপুর ২টায় শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল শুক্রবার, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।

রিজভী উল্লেখ করেন, বিএনপি ঘোষিত মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে আজকের যৌথ সভায় বিভিন্ন আলোচ্যসূচি ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সভার মূল আলোচ্য বিষয় ছিল বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ।

তিনি আরও বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলার বিএনপি নেতৃবৃন্দ, নির্বাচিত সংসদ সদস্য ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সমন্বয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ এম


প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে তিনি শিশুদের সঙ্গে কথা বলেন। তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি, খেলাধুলা করছে কিনা সে বিষয়েও খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।

গতকাল শুক্রবার, রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান।

তিনি বলেন, নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন। শিশুদের সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি জানতে চান, সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কিনা এবং কেউ বাদ পড়ছে কিনা।

পাশাপাশি, নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি শিশুদের উৎসাহিত করেন, একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, নিরাপত্তা নিশ্চিতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৫ এম


নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, নিরাপত্তা নিশ্চিতের দাবি

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। একের পর এক হত্যাকাণ্ড, থানায় হামলা, প্রকাশ্যে গুলি, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ডিসেম্বর মাসের কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে পুলিশ জানাচ্ছে, আতঙ্কের কিছু নেই। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীই নয়, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ সব রাজনৈতিক দল। বলা যায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ।

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আসছে ডিসেম্বরের জন্য দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে মাঠে তৎপর রয়েছে। সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলাকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের। ঢাকায় জমায়েত করার পরিকল্পনাও রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মসূচি দিচ্ছেন দলের নেতা-কর্মীরা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ২৯ ও ৩০ নভেম্বর দুই দিনের নতুন লকডাউন কর্মসূচির প্রচারণা চলছে। কর্মসূচি সফল করতে গোপালগঞ্জ ও আশপাশের জেলায় বিভিন্ন জেলার নেতা-কর্মীরা জড়ো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী শহর এলাকা ও উপশহর এলাকায় অভিযান পরিচালনা করায় তারা গ্রামে আশ্রয় নিয়েছে। গ্রামে থেকে সংগঠিত হয়ে নতুন করে নাশকতার পরিকল্পনা করছে।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তাঁকে ঘিরে দলটির পক্ষ থেকে ‘লকডাউন’সহ অনলাইনে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা, সহিংসতা, আগুনের ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি সরকার ঢাকা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে। গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করছে।

সরকারের তৎপরতার পাশাপাশি রাজপথে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো তৎপর থাকছে। ক্ষমতাসীন দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। জামায়াতে ইসলামী ৪০ দিনের কর্মসূচি পালন করছে। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। বিদেশি কূটনীতিকদেরও দেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে সরকার। এখন পর্যন্ত নাশকতা ও আওয়ামী লীগের তৎপরতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সফল হতে পারেনি। তাই এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো রাজপথে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধের ঘোষণা দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য উপদেষ্টার দেয়া সরকারি তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসের ১ থেকে ২৩ তারিখ পর্যন্ত সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনায় ১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। গত ২৪ নভেম্বর তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই পরিসংখ্যান তুলে ধরেন। সরকারি হিসাব অনুযায়ী সারাদেশে মোট ২১৩টি নাশকতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন আহত হয়েছেন। সারাদেশে ৯৯টি যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ১২১টি স্থানে ককটেল বা বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। নাশকতার অভিযোগে ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে এবং ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

তবে গণমাধ্যম ও অন্যান্য সংস্থার তথ্য ভিন্ন। দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে পৃথক সহিংসতায় অন্তত ৪ জন নিহত হন। এর মধ্যে নড়াইল ও ফরিদপুরে বিএনপির ৩ জন নেতাকর্মী এবং পিরোজপুরে পার্ক করা বাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে ১ জন বাস হেলপারের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা এবং বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনা ও সরকারি অফিসে হামলার খবরও রয়েছে।

পুলিশ বলছে, নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, রাজনৈতিক নেতাদের বাড়ি ও কার্যালয় এবং সীমান্ত এলাকায় বাড়তি পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোতে বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানো হয়েছে। সুনামগঞ্জ ও দিনাজপুরের হিলি সীমান্তে নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। গোপালগঞ্জসহ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে নিয়মিত অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীকে গ্রেফতার করা হচ্ছে।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) মো. আহসান হাবীব পলাশ বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ দলের নেতা-কর্মীরা কী করতে চায়, সেই গোয়েন্দা তথ্য পুলিশের কাছে আছে। চাইলেই তো আর করতে পারবে না। যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত। সম্ভাব্য নাশকতা ঠেকাতে ঢাকা, গোপালগঞ্জ, খুলনা এবং আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাগুলো নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোপালগঞ্জে বাড়তি সতর্কতা

ফরিদপুর থেকে আনোয়ার জাহিদ জানান, এখন গোপালগঞ্জের বিভিন্ন গ্রামে জড়ো হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এলাকার সাধারণ মানুষের দাবি, তাদের বিতাড়িত করতে গ্রামে গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জরুরি। তারা বলেন, গ্রাম এবং অজপাড়াগাঁয়ে ঘাপটি মেরে আছে বিপথগামী বহিরাগত সন্ত্রাসীরা। এরা কেউ গোপালগঞ্জের লোক নয়। তারা বলেন, উপজেলার পথে পথে, শহরের অলিগলি এবং বিভিন্ন বিশেষ স্থাপনার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লক্ষণীয় উপস্থিতি দেখা গেলেও গ্রাম-গঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি একেবারেই নেই।

মুকসুদপুর উপজেলার সালথা থানার বর্ডার এলাকার আ: গনি, মমিন এবং কাশিয়ানি ভাটিয়াপাড়ার আরতি, খগেন ও আয়শা তারা ইনকিলাবক বলেন, গোপালগঞ্জ জেলা শহরের এখন নিষিদ্ধ সংগঠনের লোকের সংখ্যা একেবারে জিরো। কিন্তু পাড়াগাঁয়ে সন্ত্রাসীরাই হিরো। তাই গ্রাম ও পাড়াগাঁয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ব্যাপক আকারে বাড়ানোর জরুরি। সামনে আসছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন, এর পর ১৬ ডিসেম্বর। কি হবে কে জানে। এমন আতঙ্কে দিন পার করছেন গ্রামের মানুষ।

গোপালগঞ্জের তিনটি উপজেলায় শহরকেন্দ্রিক এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তুলনামূলক কম বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। গ্রামবাসীর আশঙ্কা, এই সুযোগে নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম স্থগিত থাকা রাজনৈতিক দলের নেতা-কর্মীরা গ্রামাঞ্চলে জড়ো হচ্ছেন, যা এলাকায় পুনরায় অস্থিতিশীলতা বা সহিংসতার ঝুঁকি সৃষ্টি করতে পারে।

মুকসুদপুর বাটিকামারী এবং ট্যাংরাখোলা চারঘাট এলাকা এবং সীমান্ত এলাকা চরযশোরদীর মিনারা খাতুন, ময়না বেগম ও আসমানি খাতুন তিনজনই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা বললেন, গ্রামের বহু মানুষ বিভিন্ন জায়গায় কম কম করে সন্ধ্যার মিটিং করে আবার বিকেলেও করে আমরা খুব ভয়ে আছি। এসব জায়গায় বিজিবি, এসআরবি, আনসার, পুলিশ কেউ আসে না।

এমন উদ্বেগের প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সচেতন মহল মনে করেন। কেবল শহর বা প্রধান সড়ককেন্দ্রিক নিরাপত্তা না রেখে প্রত্যন্ত গ্রাম, হাটবাজার এবং সংযোগ সড়কগুলোতে পুলিশ ও অন্যান্য বাহিনীর নিয়মিত ও আকস্মিক টহল বৃদ্ধি করতে হবে। কোনো গোষ্ঠী বা ব্যক্তি যাতে গোপনে সংগঠিত হয়ে নাশকতা বা সহিংসতার পরিকল্পনা করতে না পারে, সেজন্য স্থানীয় পর্যায়ে গোয়েন্দা তৎপরতা আরো সক্রিয় করতে হবে।

সাম্প্রতিক সময়ে নানা জটিলতা ও রাজনৈতিক-সামাজিক অস্থিরতায় ঘিরে ধরছে গোপালগঞ্জ জেলাকে। তবে এই অস্থিতিশীল পরিস্থিতি ও কোনো ধরনের সহিংসতা চান না জেলার সাধারণ মানুষ। জেলাবাসী ও স্থানীয় সচেতন সমাজের প্রতিনিধিদের মতে, জেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড প্রতিহত করতে এখন সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

খুলনা থেকে আবু হেনা মুক্তি জানান, খুলনা মহানগরী ও জেলার প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। একের পর এক হত্যাকাণ্ড, প্রকাশ্যে গুলি, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং বেপরোয়া চাঁদাবাজিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। অভিযোগ উঠেছে, মহানগর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও অভিযানের কিছু দৃশ্যমানতা থাকলেও জেলার প্রত্যন্ত উপজেলা ও গ্রামীণ জনপদে বিজিবির দৃশ্যমান অভিযান না থাকায় অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে। স্থানীয়দের দাবি, এই সুযোগে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের সঙ্গে মিলেমিশে পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলছে। সূত্রমতে, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতার চিত্র উঠে এসেছে সাম্প্রতিক অপরাধের পরিসংখ্যানে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগর ও জেলা মিলিয়ে ৮১ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে মহানগর এলাকায় ৪১ জন এবং জেলা পুলিশের আওতাধীন এলাকায় ৪০ জন নিহত হয়েছেন। নভেম্বর মাসের প্রথম ২৫ দিনেই মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৫টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিতে পাঁচজন এবং ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। গত ২৪ নভেম্বর মাত্র একদিনে খুলনা মহানগরীর ছয়টি থানা এলাকার সাতটি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় ব্যবসায়ী শেখ আব্দুল হালিমকে গুলি করে হত্যা করা হয়। একই দিন বিভিন্ন এলাকায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একের পর এক এমন ঘটনায় সাধারণ মানুষের প্রশ্ন— দিনদুপুরে কিংবা প্রকাশ্যে অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা কীভাবে অপরাধ সংঘটনের সাহস পাচ্ছে? অপরাধীদের হাতে আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? এসব অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে কার্যকর উদ্যোগ কতটা সফল হচ্ছে?

এদিকে, খুলনা নগরী ও আশপাশ এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতা চরমে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অভিযোগ অনুযায়ী, প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় খুন, জখম কিংবা চাঁদা দাবির ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক হত্যাকাণ্ডের পরিসংখ্যান ও গুলির ঘটনায় নগরবাসী ও জেলার বাসিন্দাদের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ী, চিকিৎসক, ক্লিনিক মালিক থেকে শুরু করে সাধারণ গৃহনির্মাণকারীদের কাছেও মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রাণনাশের হুমকি ও প্রতিশোধের ভয়ে অনেকে থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না; বরং নীরবে চাঁদা দিয়ে অথবা ব্যবসা গুটিয়ে ও এলাকা ছেড়ে পালিয়ে বাঁচতে চাইছেন কেউ কেউ।

ভুক্তভোগী ও সচেতন মহলের মতে, নগর এলাকায় টহল বা বিশেষ তৎপরতার খবর পাওয়া গেলেও জেলার রূপসা, ডুমুরিয়া, তেরখাদা, দীঘলিয়া, বটিয়াঘাটাসহ প্রত্যন্ত জনপদগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান অভিযান বা টহল না থাকায় অপরাধী চক্রগুলো নিরাপদ আশ্রয় ও চলাচলের সুযোগ পাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও দোসরদের একটি অংশ বর্তমানে চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের সঙ্গে হাত মিলিয়েছে। অর্থের যোগান, আশ্রয়-প্রশ্রয় এবং গোপন তথ্য আদান-প্রদানের মাধ্যমে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক করার চেষ্টা করছে বলে মনে করছেন অনেকেই। ফলে গ্রামীণ ও উপকূলীয় জনপদেও খুন, দখল ও চাঁদাবাজির মতো অপরাধ মাথাচাড়া দিয়ে উঠেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও অন্যান্য বাহিনীর পক্ষ থেকে নিয়মিত অভিযান, চেকপোস্ট বসানো এবং গ্রেফতার তৎপরতার কথা জানানো হলেও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরেনি। বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ইতোমধ্যে অপরাধ দমনে আরো কঠোর, সমন্বিত ও দৃশ্যমান যৌথ অভিযানের দাবি জানিয়েছেন।

খুলনাবাসীর প্রত্যাশা, কেবল মহানগরকেন্দ্রিক সীমাবদ্ধ না থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলেও বিজিবি ও যৌথ বাহিনীর জোরালো এবং দৃশ্যমান অভিযান পরিচালনা করা হোক। একই সঙ্গে সন্ত্রাসীদের মদদদাতা ও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনা গেলে তবেই খুলনা অঞ্চলের মানুষ আবারও নিরাপদ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খুলনা নাগরিক নেতা শেখ আশরাফ উজ জামান ইনকিলাবকে বলেন, হত্যাকাণ্ডের ধারাবাহিকতা, প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার ও চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চায় খুলনাবাসী। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রীর দেয়া দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস কতটা বাস্তবে রূপ নেয়। শিল্প ও বাণিজ্য নগরী খুলনায় আবারও শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ফিরবে— এমন প্রত্যাশায় এখন প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়ে আছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জনপদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%