বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫৬ পি.এম
অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে খাবার বিক্রি করা রেস্টুরেন্টগুলোর বিক্রয় তথ্য এবং দাখিল করা ভ্যাট রিটার্নের মধ্যে উল্লেখযোগ্য অমিল পাওয়া গেছে ভ্যাট গোয়েন্দা, তদন্ত ও গবেষণা অধিদপ্তরের পক্ষ থেকে। ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের বিক্রয় তথ্য বিশ্লেষণ করে ২৯টি রেস্টুরেন্টের হিসাবের মধ্যে বড় ধরনের পার্থক্য চিহ্নিত করেছে সংস্থাটি। এই প্রেক্ষাপটে, এসব প্রতিষ্ঠানের প্রকৃত বিক্রয় নির্ধারণ, অতীতের বিক্রয় তথ্য সংগ্রহ এবং সেই অনুযায়ী রাজস্ব আদায় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিশনারেটগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার এনবিআরের পক্ষ থেকে নির্দেশনা জারির বিষয়টি জানানো হয়েছে। গত ২৪ নভেম্বর অধিদপ্তরের মহাপরিচালক জাকির হোসেনের স্বাক্ষরিত নির্দেশনাটি ভ্যাট কমিশনারেট বরাবর প্রেরণ করা হয়।
এনবিআরের তথ্য অনুযায়ী, ফুডপান্ডা থেকে চার হাজার, ফুডি থেকে পাঁচ হাজার ৪৩৪ এবং পাঠাও ফুড থেকে তিন হাজার ৬৪৬টি প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করা হয়েছে। এসব তালিকা পর্যালোচনা করে ২৯টি রেস্টুরেন্টের তথ্য গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর আগস্ট ২০২৬ মাসের দাখিলপত্র ও বিক্রয় তথ্য পর্যালোচনা করে পার্থক্য পাওয়া গেছে।
তালিকায় থাকা নয়টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা গেছে, ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের মাধ্যমে তাদের মোট বিক্রয়ের পরিমাণ দুই কোটি ১০ লাখ ৪৪ হাজার ৩১ টাকা। বিপরীতে আগস্ট মাসের রিটার্নে প্রদর্শিত অর্থ এক কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৪০ টাকা। দুই হিসাবের মধ্যে পার্থক্য দাঁড়িয়েছে ৮৪ লাখ পাঁচ হাজার ৯৯১ টাকা। একই তালিকায় একটি রেস্টুরেন্টের অনলাইন বিক্রয় ও রিটার্নে প্রদর্শিত অর্থের মধ্যে পার্থক্য পাওয়া গেছে সাত লাখ ৭১ হাজার ৩৯৫ টাকা। অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বিক্রয় এবং রিটার্নের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধানের তথ্য রয়েছে।
অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, রেস্টুরেন্টগুলোর সর্বোচ্চ ১০ শতাংশ বিক্রয় অনলাইনে হয়। বাকি ৯০ শতাংশ বিক্রয় সরাসরি আউটলেট থেকে হয়ে থাকে। এ কারণে শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মের বিক্রয় তথ্য নয়, প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক বিক্রয় হিসাবও যাচাই করা প্রয়োজন।
এই উদ্দেশ্যে সংশ্লিষ্ট কমিশনারেটগুলোকে পাঁচ দফা নির্দেশনা প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে, সংযুক্ত তালিকা থেকে নিজ নিজ অধিক্ষেত্রের প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করা এবং তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠান অনিবন্ধিত থাকলে তাদের নিবন্ধনের আওতায় আনা। এছাড়া ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুড থেকে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিগত পাঁচ বছরের বিক্রয় তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। সংগৃহীত বিক্রয় তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দাখিলপত্রের সঙ্গে মিলিয়ে বকেয়া রাজস্ব আদায় এবং বর্তমান সময়ের প্রকৃত বিক্রয় হিসাব নির্ধারণ করে রাজস্ব আদায় নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
তালিকায় থাকা ২৯টি রেস্টুরেন্ট
সুলতানস ডাইন (১ম তলা, সামসুদ্দিন ম্যানশন, বাড়ি-৪১, রোড-৫২, গুলশান-২, ঢাকা), সুলতানস ডাইন (এস আলী টাওয়ার, প্লট-২২, সেকশন-৬/এ, মেইন রোড-১, মিরপুর-৬, ঢাকা), সুলতানস ডাইন (ফরিদ প্লাজা, ২০১, জল্লারপাড় মোড়, পশ্চিম জিন্দাবাজার, সিলেট), সুলতানস ডাইন (নূর ইসলাম মোল্লা অ্যাভিনিউ, হোল্ডিং-৫, শুজাতনগর, মিরপুর, ঢাকা), সুলতানস ডাইন-আগ্রাবাদ (এইচ অ্যান্ড এম টাওয়ার, ২৩, শেখ মুজিব রোড, আগ্রাবাদ), পিজ্জা বার্গ-চিটাগং (৩য় তলা, ইকুইটি অন্তরা, ১২৩ মোমিন রোড, চট্টগ্রাম), পিজ্জাবার্গ (১০/এ, রোড-৬, মিরপুর), পিজ্জাবার্গ (প্লট-৪১, গরীব-ই-নেওয়াজ অ্যাভিনিউ, উত্তরা, ঢাকা), পিজ্জাবার্গ (৭৫৪ সাতমসজিদ রোড, ঢাকা), পিজ্জা বার্গ-বসুন্ধরা (হাজী আবদুল লতিফ ম্যানশন, ৯/কে, ম্যানশন আর/এ, কে-৯, ঢাকা), পিজ্জা বার্গ ওয়ারী (এএইচএল মোতাহারা টাওয়ার, ৩, ১ম তলা, ৩৯/১, ৪ র্যাংকিন স্ট্রিট, ঢাকা), পিজ্জা বার্গ (বাড়ি-১৮০/৬/২৩/সি, এডি অ্যাভিনিউ, রোড-১৪, ব্লক-সি), পিজ্জাবার্গ-পল্লবী (আর-৬, বাড়ি-১০২, ব্লক-ই, লালমাটিয়া, পল্লবী, মিরপুর-১১, ঢাকা), পিজ্জা বার্গ (শিউলি প্লট-১১০৭/এ, ১১০৫, বি সোসাইটি, আদাবর থানার পাশে), পিজ্জাবার্গ-গুলশান (১ম তলা, প্লট-০৯, রোড-২১, গুলশান-১, ঢাকা), চিলক্স খিলগাঁও (১ম তলা, ৩৯৭/বি, খিলগাঁও চৌধুরীপাড়া, শহীদ বাকি সড়ক), চিলক্স-মোহাম্মদপুর (১ম তলা, ২৫/৪, ব্লক-সি, তাজমহল রোড, ঢাকা), চিলক্স (বাড়ি-২৫, জেনেটিক, রোড-১১, বনানী, ঢাকা-১২১৩), ম্যাডশেফ-মিরপুর (২য় তলা, প্লট-১৩, রোড-১, সেনপাড়া পর্বতা, মিরপুর-১১), বার্গার এক্সপ্রেস-মিরপুর (প্লট-ডি/১৫, অ্যাভিনিউ-১, ব্লক-ডি, সেকশন-১০, মিরপুর), বার্গার এক্সপ্রেস (বাড়ি-৩৩, রোড-১৭, ব্লক-ই, আবদুল আলিম নকিব রোড, বনানী), বার্গার এক্সপ্রেস-বেইলি রোড (১, নিউ বেইলি রোড), বার্গার এক্সপ্রেস-মোহাম্মদপুর (বাড়ি-ওয়াই, ৮, নূরজাহান রোড, মোহাম্মদপুর গার্লস হাইস্কুলের কাছে), বার্গার এক্সপ্রেস (২ সার্কুলার রোড, ভূতের গলি, কলাবাগান থানার পাশে), চিজ ধানমন্ডি (২য় তলা, র্যাংগস কেবি স্কয়ার, ৭৩৬, সাতমসজিদ রোড), চিজ মিরপুর (বাড়ি-৩০, অ্যাভিনিউ-০৫, ব্লক-বি, সেকশন-০৬, মিরপুর, ঢাকা), সেভেনডেইজ (১ম তলা, শোলশহর সুপার মার্কেট, ২ নম্বর গেট, যমুনার কাছে), লালবাগ বিরিয়ানি হাউস (৮৩, কেয়ারি প্লাজা, ধানমন্ডি ৮/এ), ম্যাডশেফ-উত্তরা (গরীব-ই-নেওয়াজ অ্যাভিনিউ, বাড়ি-১৬, ৩য় তলা)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানবজীবনে কিছু পাপ ও অন্যায় বিদ্যমান, যা ব্যক্তি, পরিবার, সমাজ এবং মানবিক মূল্যবোধকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। ইসলাম এসব পাপ ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। মহানবী (সা.) এসব গুরুতর অন্যায়ের বিরুদ্ধে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন এবং তাদের অভিশাপ দিয়েছেন। নিচে হাদিসে উল্লেখিত অভিশপ্ত ১০ শ্রেণীর মানুষের আলোচনা উপস্থাপন করা হলো।
১. মাদক ব্যবসা : আনাস ইবনে মালিক (রা.) বলেন, মদের সঙ্গে সম্পৃক্ত ১০ শ্রেণির লোককে রাসুলুল্লাহ (সা.) অভিসম্পাত করেছেন। এদের মধ্যে রয়েছে, মদ তৈরিকারী, মদের ফরমাশকারী, মদ পানকারী, মদ বহনকারী, যার জন্য মদ বহন করা হয়, মদ পরিবেশনকারী, মদ বিক্রেতা, এর মূল্য ভোগকারী, মদ ক্রেতা এবং যার জন্য মদ ক্রয় করা হয়। (তিরমিজি, হাদিস : ১২৯৫)
২. সুদের সঙ্গে সম্পৃক্ত হওয়া : সুদ কারবারির সঙ্গে যুক্ত প্রত্যেকের ব্যাপারে রাসুলুল্লাহ (সা.)-এর অভিশাপের ঘোষণা এসেছে। সাহাবি জাবির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ (সা.) লানত করেছেন সুদখোরের ওপর, সুদদাতার ওপর, এর লেখকের ওপর ও তার সাক্ষী দুজনের ওপর এবং বলেছেন এরা সবাই সমান। (মুসলিম, হাদিস : ৩৯৮৫)
৩. যে স্ত্রী স্বামীর বিছানায় সাড়া দেয় না : আবু হুরায়রা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যদি কোনো লোক তার স্ত্রীকে বিছানায় আসতে ডাকে এবং সে কোনো ওজর ছাড়া তা অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি স্ত্রীর ওপর দুঃখ নিয়ে রাত্রি যাপন করে, ফেরেশতারা এমন স্ত্রীর ওপর সকাল পর্যন্ত লানত দিতে থাকে। (বুখারি, হাদিস : ৩২৩৭)
৪. তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করা : আমিরুল মুমিনিন আলী (রা.) থেকে এ প্রসঙ্গে একটি হাদিস বর্ণিত হয়েছে, নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে, সে এবং যে স্বামী তালাক দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের কাছে বিবাহ দিয়ে তার জন্য হালাল করে নেয়, তারা উভয়ে অভিশপ্ত। (আবু দাউদ, হাদিস : ২০৭৬)
৫. পবিত্র মদিনায় পাপ কাজ করা : তাবেঈন আসিম (রহ.) থেকে বর্ণিত, আমি আনাস ইবনে মালিক (রা.)-কে জিজ্ঞেস করলাম, রাসুলুল্লাহ (সা.) কি মদিনাকে হারাম করেছেন? তিনি বলেন, হ্যাঁ, এখান থেকে ওখানের মধ্যবর্তী স্থান। অতএব যে ব্যক্তি এখানে কোনো পাপ করে, তার ওপর আল্লাহ, তাঁর ফেরেশতা এবং সমগ্র মানব জাতির লানত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাঁর ফরজ অথবা নফল কোনো ইবাদত কবুল করবেন না। (মুসলিম, হাদিস : ৩২১৪)
৬. মাতা-পিতাকে লানত করা : আবু তুফায়ল আমির ইবনে ওয়াসিলাহ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী ইবনে আবি তালিব (রা.)-এর কাছে উপস্থিত ছিলাম। এক লোক তাঁর কাছে এসে বলল, নবী (সা.) আপনাকে আড়ালে কি বলেছিলেন? তিনি বলেন, মহানবী (সা.) লোকদের কাছে গোপন রেখে আমার নিকট কিছু বলেননি। তবে তিনি আমাকে চারটি (বিশেষ শিক্ষণীয়) কথা বলেছেন। এরপর লোকটি বলল, হে আমীরুল মুমিনিন, সে চারটি কথা কী? তিনি বলেন, ১. যে লোক তার মাতা-পিতাকে অভিসম্পাত করে, আল্লাহ তাকে অভিসম্পাত করেন, ২. যে লোক আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবাই করে আল্লাহ তার ওপরও অভিসম্পাত করেন, ৩. ওই ব্যক্তির ওপরও আল্লাহ অভিসম্পাত করেন, যে কোনো বিদাতিকে আশ্রয় দেয় এবং ৪. যে ব্যক্তি জমিনের (সীমানার) চিহ্নসমূহ অন্যায়ভাবে পরিবর্তন করে, তার ওপরও আল্লাহ অভিসম্পাত করেন। (মুসলিম, হাদিস : ৫০১৮)
৭. শরীরে উল্কি অঙ্কন করা : আবদুল্লাহ বিন মাসউদ (রা.) থেকে বর্ণিত, আল্লাহর অভিশাপ বর্ষিত হোক সেসব নারীর ওপর, যারা শরীরে উল্কি অঙ্কন করে এবং যারা অঙ্কন করায়, আর সেসব নারীর ওপর, যারা চুল, ভ্রু তুলে ফেলে এবং সেসব নারীর ওপর, যারা সৌন্দর্যের জন্য সম্মুখের দাঁত কেটে সরু করে, দাঁতের মধ্যে ফাঁক তৈরি করে, যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। বর্ণনাকারী বলেন, আমি কেন তার ওপর অভিশাপ করব না, যাকে নবী (সা.) অভিশাপ করেছেন? (বুখারি, হাদিস: ৫৯৩১)
৮. চুরি করা : আবু হুরায়রা (রা.) সূত্রে নবী (সা.) হতে বর্ণিত। তিনি বলেন, চোরের ওপর আল্লাহর লানত হোক, যখন সে একটি হেলমেটও চুরি করে এবং এ জন্য তার হাত কাটা হয় এবং সে একটি রশি চুরি করে এ জন্য তার হাত কাটা হয়। (বুখারি, হাদিস : ৬৭৮৩)
৯. নারী-পুরুষ একই ধরনের পোশাক পরিধান করা : ইসলামী শরিয়তে নারী পুরুষের স্বতন্ত্র পোশাক পরিধানের বিধানে বিশেষ গুরুত্ব রয়েছে। যারা এই বিধান লঙ্ঘন করবে তাদের ব্যাপারে হাদিস শরিফে চরম নিন্দার ঘোষণা এসেছে। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) অভিসম্পাত করেছেন ওই সব পুরুষকে, যারা নারীর অনুরূপ পোশাক পরে এবং ওই সব নারীকে, যারা পুরুষের অনুরূপ পোশাক পরিধান করে। (আবু দাউদ, হাদিস : ৪০৯৮)
১০. অন্যকে অস্ত্র দিয়ে ভয় দেখানো : অন্যায়ভাবে বা দুষ্টুমি করে কারো দিকে ধারালো অস্ত্র তাক করে ভয় দেখানো ইসলামে নিষিদ্ধ। যারা এ কাজে লিপ্ত আল্লাহর রাসুল (সা.) তাদের ওপর অভিসম্পাত করেছেন। তাবেঈন ইবনে সিরিন (রহ.) বলেন, আমি আবু হুরায়রা (রা.)-কে বলতে শুনেছি, নবীজি (সা.) বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি (লৌহ নির্মিত) মারণাস্ত্র দ্বারা ইঙ্গিত করে সে তা পরিত্যাগ না করা পর্যন্ত ফেরেশতারা তাকে অভিসম্পাত করতে থাকে যদিও সে তার আপন ভাই হয়। (মুসলিম, হাদিস : ৬৫৬০)
আল্লাহ তাআলা আমাদের অভিশপ্ত এসব পাপ থেকে রক্ষা করুন। আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মন্ত্রী, এমপি, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের, শিল্পপ্রতিষ্ঠানের মালিকের সন্তান এবং ঢাকাই চলচ্চিত্রের নায়ক-নায়িকার বিয়েতে যেভাবে সানাই বাজানো হয়, হাজারো মানুষের সমাগম ঘটে এবং ভোজের আয়োজন করা হয়, ঠিক একইভাবে সব নিয়ম মেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ব্যতিক্রমী বিয়ে।
তবে এই বিয়েতে বর হিসেবে কোনো মানুষ নয়, বরং একটি পাকুড়গাছ। কনে হিসেবে রয়েছে একটি বটগাছ। পাশাপাশি দাঁড়িয়ে থাকা এই দুই গাছের বিয়েকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে।
আগামী ২৭ নভেম্বর সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে অনুষ্ঠিত হবে পাকুড়গাছ তীর্থ শিকদার ও বটগাছ শুক্লা সরকারের। এই বিয়েকে ঘিরে গ্রামজুড়ে চলছে নানা আয়োজন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিয়ের দাওয়াতপত্র। আয়োজকদের আশাবাদ, সহস্রাধিক মানুষের সমাগমে বর্ণিল আয়োজনের মাধ্যমে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
স্থানীয় বাসিন্দাদের মতে, রুহিৎপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো একটি বটগাছ ও একটি পাকুড়গাছ পাশাপাশি বেড়ে উঠেছিল। ২০২৩ সালের অক্টোবর মাসে ঝড়ের কারণে গাছ দুটি ভেঙে পড়ে। পুরোনো এই জুটির স্মৃতি ধরে রাখতে স্থানীয় লোকজন পাশেই নতুন করে একটি বট ও একটি পাকুড়গাছের চারা রোপণ করেন। তিন বছরের পরিচর্যায় চারা দুটি এখন বেশ বড় হয়ে উঠেছে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা গাছ দুটিকে এক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিয়ের আগে বর-কনের নামও ঠিক করা হয়েছে। পাকুড়গাছটির নাম রাখা হয়েছে তীর্থ শিকদার। গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের (৫০) ছেলে হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে গাছটিকে। অন্যদিকে, বটগাছটির নাম রাখা হয়েছে শুক্লা সরকার। একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের (৭১) মেয়ে হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে তাকে। প্রথমে চিত্ত রঞ্জন ও পবিত্র কুমার এই নাম দুটি প্রস্তাব করেন। পরে গ্রামবাসী তাতে সম্মতি জানান।
বিয়েতে পুরোহিত মন্ত্র পাঠের মাধ্যমে শুভদৃষ্টি ও সাতপাকে বাঁধবেন নবদম্পতিকে। সানাইয়ের সুর, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে বিয়েতে। আয়োজনের ব্যয় বহন করবেন গ্রামবাসী।
সরেজমিনে রুহিৎপুর গ্রামে গিয়ে গাছের বিয়ের কথা জানতে চাইলে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা যায়। গ্রামের একটি চায়ের দোকানের সামনে চা পান করছিলেন অখিল চন্দ্র দাস (৬০)। তিনি আগ্রহের সঙ্গে দেখিয়ে দিলেন গাছ দুটি।
গ্রামের ভাতগ্রাম-বরাটি সড়কের দক্ষিণ পাশে ভেঙে পড়া পুরোনো গাছ দুটির গুঁড়ির অংশ এখনো পড়ে আছে। এর পাশে দাঁড়িয়ে আছে হবু বর-কনে। চিকন হলেও পাকুড়গাছটির উচ্চতা প্রায় ১৫ ফুট। আর বটগাছটির উচ্চতা প্রায় ১২ ফুট। গাছ দুটির চারপাশে ইট-সিমেন্টের গোলাকার বেষ্টনী রয়েছে। এর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ পাশে আরও দুটি বটগাছ দেখা যায়।
অখিল চন্দ্র দাস জানান, ভেঙে পড়া বটগাছের শিকড় থেকেই ওই দুটি গাছের জন্ম। এলাকাবাসী সেগুলোরও যত্ন নেন।
গ্রামের বাসিন্দা ও বরাটি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্র মোহন শিকদার (৭৫) বলেন, ভেঙে পড়া গাছ দুটির সঠিক বয়স কেউ জানেন না। তার জন্মের পর থেকেই তিনি গাছ দুটি দেখে আসছেন। তার বাবা ও দাদারাও গাছ দুটি দেখেছেন। গাছের পাশের জায়গায় প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, রথযাত্রা ও মেলা অনুষ্ঠিত হতো। তাদের এলাকার পরিচিতিই ছিল গাছ দুটিকে ঘিরে। তার ধারণা, গাছ দুটির বয়স ২০০ বছরের বেশি ছিল।
তিনি বলেন, ‘তিন বছর আগে হঠাৎ ঝড়ে জোড়া বট ও পাকুড়গাছ পড়ে যায়। গাছের গোড়া অর্ধেক উপড়ে গিয়েছিল। রাস্তার ওপর পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। গাছ কাটার লোক ডাকা হয়েছিল। কিন্তু গাছ দুটি অনেক পুরোনো, সেখানে পূজা-অর্চনাও হতো। এ কারণে কেউ কাটতে রাজি হননি। পরে রাস্তা পরিষ্কার করে গাছ দুটি পাশে সরিয়ে রাখা হয়। পাশের জায়গা পরিষ্কার করে আমরা নতুন করে বট ও পাকুড়গাছের চারা রোপণ করি। গাছ দুটি এখন বেশ বড় হয়েছে। শাস্ত্রমতে তাদের বিয়েও দিতে হবে।’
গ্রামের বাসিন্দা লিটন মিয়া (৪৫) বলেন, ‘আমরাও একসময় গাছ দুটির ছায়ায় বসতাম। হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে পূজা করতেন। এখন ভক্তরা গাছ দুটির বিয়ের আয়োজন করছেন। বিষয়টি আমাদের জন্যও আনন্দের। আমরা বট-পাকুড় গাছের বিয়েতে অনেক আনন্দ করব।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিয়েতে সানাই বাজবে, গ্রামে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। থাকবে মধ্যাহ্নভোজের আয়োজনও। তবে দাওয়াতপত্র শুধুমাত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। স্থানীয় লোকজন দাওয়াত ছাড়াই বিয়ের ভোজে অংশ নেওয়া এবং বর-কনেকে দেখার অপেক্ষায় রয়েছেন। পুরো আয়োজনের ব্যয় বহন করবেন গ্রামবাসী।
বরের বাবা চিত্ত রঞ্জন শিকদার মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের একটি কারখানায় কাজ করেন। তাঁর দুই মেয়ে রয়েছে। তিনি বলেন, ‘একটি গাছকে ছেলে হিসেবে পেয়ে ছেলের অভাব কিছুটা হলেও পূরণ হবে। এ বিয়েতে কোনো যৌতুক থাকবে না।’
কনের বাবা পবিত্র কুমার সরকার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদের আলাউদ্দিন সিদ্দিকী কলেজের সাবেক উপাধ্যক্ষ। তিনি বলেন, ১৯৯৬ সালে তাঁর ছয় বছর বয়সী মেয়ে শুক্লা সরকার সুমি মারা যায়। মেয়েকে হারানোর সেই কষ্ট ভুলতেই তিনি বটগাছটির (শুক্লা সরকার) বাবা হয়েছেন।
পবিত্র কুমার সরকারের ভাষ্য, ‘সাধারণত বিয়ের পর কনেকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে যেতে হয়। এ নিয়ে অনেক সময় পারিবারিক সমস্যাও হয়। এই বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে তার মেয়ের সঙ্গে কারও বিবাদ হবে না। বর-কনে আজীবন পাশাপাশি থাকবে। আমি আর চিত্ত রঞ্জনও সারা জীবন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকতে পারব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় মায়ের হত্যার অভিযোগে ছেলের বিরুদ্ধে শাবলের আঘাতের ঘটনা ঘটেছে। গ্রামবাসীরা ঘাতক ছেলে রবিউলকে (২৩) আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় ভাসানচর ইউনিয়নের হাজিকান্দা গ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত নীরু বেগম (৫৫) ওই এলাকার রহিম ফকিরের স্ত্রী। জানা গেছে, এই দম্পতির ছেলে রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
ভাসানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. খোকন মাতুব্বর জানিয়েছেন, রবিউল পেশায় কৃষক এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বৃহস্পতিবার সকালে তিনি তার মায়ের কাছে টাকা চান। মা নিরু টাকা দিতে অস্বীকার করলে তর্কাতর্কির এক পর্যায়ে রবিউল তার মাথায় শাবল দিয়ে আঘাত করেন। বাড়ির অন্যান্য সদস্যরা নীরুকে উদ্ধার করে দফাদার হাটের মেডিফাস্ট ডায়গনেস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মাতুব্বর আরো জানান, ঘটনার সময় রবিউল তার বৃদ্ধ পিতা রহিম ফকিরকেও মারধর করেছে। গ্রামবাসীরা রবিউলকে আটক করে কাজীরহাট থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
কাজীরহাট থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ‘টাকার জন্য রবিউল তার মা নিরু বেগমকে শাবল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে রবিউলকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘প্ল্যানেটরি হেলথ’ বা বৈশ্বিক পরিবেশগত স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্ত করার তাগিদ প্রদান করেছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে এসব বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা এবং তীব্র তাপপ্রবাহ; জলবায়ু সংকটের সরাসরি প্রভাব দেশের মানুষের দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় গবেষণাকে শুধুমাত্র পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখা উচিত নয়, বরং সাধারণ মানুষের কল্যাণে এটি কাজে লাগানো আবশ্যক। উচ্চশিক্ষার পাঠ্যক্রমে এ সংক্রান্ত শিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশেষজ্ঞরা।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, প্ল্যানেটারি হেলথ্ শিক্ষাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অন্তর্ভুক্ত করার প্রয়োজন। এছাড়াও, প্রমাণ-ভিত্তিক এবং স্থানীয়ভাবে উপযুক্ত সমাধান তৈরির জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে স্থানীয় কমিউনিটির সঙ্গে গবেষণা ও অংশীদারিত্ব জোরদার করার আহ্বান জানান।
এ সময় বাংলাদেশে সুপেয় পানি, রেলপথ আধুনিকায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ চিত্র তুলে ধরেন ইইউ প্রতিনিধি ড. মিখাল ক্রেইজা।
তিনি ঢাকা ও আশপাশের নদীগুলোর দূষণের বিষয়টি উল্লেখ করেন। একইসঙ্গে সুপেয় পানির স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও সতর্ক করেন।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, 'প্ল্যানেটরি হেলথ' কোনো বিলাসী বিষয় নয়, বরং জাতীয় উন্নয়নের অগ্রাধিকার। তিনি উচ্চশিক্ষার পাঠ্যক্রম আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
প্রকল্প শেষে এই শিক্ষা কাঠামো ও গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ীভাবে চালু রাখার ওপর জোর দেন অংশীজনরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ