বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:০০ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর সাদিয়া আফরিনকে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ এবং ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক নোটিশে এ বিষয়টি জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে যে, সাদিয়া আফরিনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যাসহ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান এবং কেন্দ্রীয় দপ্তর বরাবর সশরীরে জবাব জমা দিতে বলা হয়েছে তাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চল বর্তমানে বিভিন্ন ধরনের ফসলে সবুজে ভরে উঠেছে। নদীর পানি দ্রুত নেমে যাওয়ার ফলে এসব চরভূমি আগেভাগেই চাষাবাদের জন্য উপযোগী হয়ে উঠেছে। কৃষকেরা এই সুযোগ কাজে লাগিয়ে মরিচ, মিষ্টি কুমড়া, ভুট্টা, চিনাবাদাম, মসুর, খেসারি, পেঁয়াজ, গমসহ নানা ধরনের ফসল চাষ করেছেন। কিছু কৃষক জমিতে পরিচর্যায় ব্যস্ত, আবার কেউ আগাম ফলন তুলছেন। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে চরাঞ্চল থেকে বিপুল পরিমাণ ফসল উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা।
এ বছর সারিয়াকান্দিতে বড় ধরনের বন্যা না হওয়ায় যমুনা নদীর পানি দ্রুত কমে গেছে। উজান থেকে আসা পলিমাটি জমে নতুন নতুন চর সৃষ্টি হয়েছে। এসব চরভূমি আগেভাগেই চাষাবাদের উপযোগী হয়ে ওঠায় কৃষকেরা নির্ধারিত সময়ের আগে বিভিন্ন ফসলের আবাদ শুরু করেছেন। ফলে বিস্তীর্ণ চরাঞ্চলজুড়ে এখন সবুজ ফসলের সমারোহ দেখা যাচ্ছে।
চরাঞ্চলের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কোথাও মরিচের গাছে ঝুলছে লাল-সবুজ মরিচ, কোথাও মাটিতে ছড়িয়ে রয়েছে মিষ্টি কুমড়ার লতা। আবার কোনো জমিতে বেড়ে উঠছে ভুট্টা, চিনাবাদাম ও শীতকালীন বিভিন্ন ফসল। কৃষকরা ফসলের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ শ্যালো মেশিনের মাধ্যমে জমিতে সেচ দিচ্ছেন, আবার কেউ কীটনাশক প্রয়োগ ও পরিপক্ব ফসল সংগ্রহ করছেন।
এ মৌসুমে কৃষকেরা আগাম হাইব্রিড জাতের মরিচ চাষ করেছেন। ইতোমধ্যে অনেক জমির মরিচ পরিপক্ব হয়ে বাজারজাত করা হচ্ছে। তবে বাজারে মরিচের দাম তুলনামূলক কম থাকায় উৎপাদন খরচের তুলনায় প্রত্যাশিত লাভ পাচ্ছেন না বলে জানিয়েছেন কৃষকেরা।
অন্যদিকে চরাঞ্চলের বিস্তীর্ণ পতিত জমিতে ব্যাপকভাবে মিষ্টি কুমড়ার আবাদ করা হয়েছে। অনেক কৃষক ইতোমধ্যে আগাম কুমড়া বাজারজাত শুরু করেছেন। তবে অসময়ে বৃষ্টিপাতের কারণে মিষ্টি কুমড়ার ফলন আশানুরূপ হয়নি বলে অভিযোগ করেছেন তারা।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, সারিয়াকান্দি উপজেলায় উৎপাদিত বিভিন্ন ফসলের একটি বড় অংশ আসে চরাঞ্চল থেকে। চলতি মৌসুমে মরিচ, মিষ্টি কুমড়া, ভুট্টা, চিনাবাদাম, মসুর, পেঁয়াজ, খেসারি, মাসকলাই, মিষ্টি আলু, গম, সরিষা ও বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ হয়েছে।
কৃষি অফিসের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৬৭০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ২ হাজার ৭০০ হেক্টর জমিতে। মিষ্টি কুমড়ার লক্ষ্যমাত্রা ১৫০ হেক্টর হলেও আবাদ হয়েছে ২৫০ হেক্টরে। ভুট্টার লক্ষ্যমাত্রা ৮ হাজার ৮৯৫ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ৪ হাজার ৫০০ হেক্টরে।
এছাড়া চিনাবাদামের লক্ষ্যমাত্রা ৯১৫ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ৭০৫ হেক্টরে। মসুর কলাইয়ের লক্ষ্যমাত্রা ১ হাজার ২০ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ৭৫৫ হেক্টরে। পেঁয়াজের লক্ষ্যমাত্রা ১ হাজার ৬১০ হেক্টর। এ পর্যন্ত আবাদ হয়েছে ৪৭ হেক্টর জমিতে। এ আবাদ কার্যক্রম এখনো চলমান রয়েছে।
অন্যদিকে খেসারির লক্ষ্যমাত্রা ৮০৫ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ৬৮০ হেক্টরে। মাসকলাইয়ের লক্ষ্যমাত্রা ৭৫৩ হেক্টর, আবাদ হয়েছে ৬৩৫ হেক্টরে। মিষ্টি আলুর লক্ষ্যমাত্রা ৪৮৫ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ৪৯০ হেক্টরে। গমের লক্ষ্যমাত্রা ৪৭০ হেক্টর হলেও এ পর্যন্ত আবাদ হয়েছে ১৫ হেক্টরে। সরিষার লক্ষ্যমাত্রা ৩ হাজার ৩৫০ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ১ হাজার ৮৫০ হেক্টরে। এছাড়া বিভিন্ন ধরনের শাকসবজির লক্ষ্যমাত্রা ৭৪০ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ৭১০ হেক্টর জমিতে। এসব ফসলের কয়েকটির আবাদ কার্যক্রম এখনো চলমান রয়েছে।
উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কৃষক আব্দুল মোমিন বলেন, "যমুনার বুকে জেগে ওঠা নতুন চরে এবার বিভিন্ন ধরনের ফসলের আবাদ করেছি। ১০ বিঘা জমিতে মিষ্টি কুমড়া, ৪ বিঘা জমিতে হাইব্রিড জাতের মরিচ, ৩ বিঘা জমিতে চিনাবাদাম এবং ৬ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। এসব ফসলের পরিচর্যায় দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। ইতোমধ্যে মিষ্টি কুমড়া ও মরিচ সংগ্রহ শুরু করেছি। তবে বাজারে মরিচের দাম কম থাকায় আশানুরূপ লাভ হচ্ছে না। অন্যদিকে অসময়ের বৃষ্টিতে মিষ্টি কুমড়ার ফলনও কিছুটা কম হয়েছে।"
সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, "প্রতিবছরের মতো এবারও চরাঞ্চলের কৃষকেরা যমুনার বুকে জেগে ওঠা নতুন চরে বিভিন্ন ধরনের ফসলের আবাদ করেছেন। এর মধ্যে মরিচ, মিষ্টি কুমড়া ও ভুট্টার আবাদ উল্লেখযোগ্য। বর্তমানে কৃষকেরা এসব ফসলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উৎপাদিত ফসলের বাজারদর ভালো থাকলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।"
যমুনার বুকে জেগে ওঠা চরভূমি এখন কৃষকের জীবিকার উৎস হিসেবে কাজ করছে, পাশাপাশি সারিয়াকান্দির কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। সঠিক পরিচর্যা, অনুকূল আবহাওয়া ও ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এসব চরাঞ্চল উপজেলা কৃষি উৎপাদনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আনসার সদস্যরা কনা আক্তার শান্তা (২২) নামের এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরের দিকে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া কনা আক্তার পটুয়াখালী জেলার বাউফল থানার বটতুলিয়া এলাকার কাদের শিকদারের কন্যা।
ঢাকা মেডিকেল কলেজে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৩টার দিকে আনসার সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় নতুন ভবনের দ্বিতীয় তলায় অ্যাপ্রোন পরা এক নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। এরপর তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন এবং বিষয়টি কর্মরত চিকিৎসকদের জানিয়ে দেন। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে শনাক্ত করতে না পারলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদের পর হাসপাতাল পরিচালক ও উপ-পরিচালকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান যুগান্তরকে জানান, ভোরের দিকে নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে আনসার সদস্যরা ওই ভুয়া নারী চিকিৎসককে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরবর্তীতে শাহবাগ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে থানায় নিয়ে যায়।
এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কালিয়াকৈরে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের উদ্দেশ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবস্থান কর্মসূচি পরিচালনা করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, "শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে হবে।" তিনি আরও উল্লেখ করেন, "কোনো বাড়ির মালিক যেন এ মুহূর্তে বাসাভাড়া বৃদ্ধি না করেন।" তিনি হুঁশিয়ারি দেন যে, যদি কেউ ভাড়া বাড়ায়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও, তিনি জানান, শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে কালিয়াকৈরে ১০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। শ্রমিক ভাই-বোনেরা যেন কোনো ধরনের বিপদে না পড়েন, সেই জন্য তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
এদিকে, কালিয়াকৈরে সাতটি পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
অবস্থান কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আধুনিক প্রজনন চিকিৎসা পদ্ধতি যেমন আইভিএফ সন্তান ধারণে অক্ষম ব্যক্তিদের সহায়তা প্রদান করছে। তবে, বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী জন্মহার হ্রাসের প্রবণতা মোকাবেলা করতে হলে বৃহত্তর সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জগুলোকে সমাধান করা অপরিহার্য। এমনকি আধুনিক চিকিৎসার মাধ্যমেও এই সংকটের কার্যকর সমাধান সম্ভব হচ্ছে না।
গত ২৪ নভেম্বর ‘ফ্রন্টিয়ার্স ইন সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত একটি আন্তর্জাতিক পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২১০০ সালের মধ্যে বিশ্বের ১০টির মধ্যে ৯টিরও বেশি দেশে জন্মহার জনসংখ্যা স্থিতিশীল রাখার মানদণ্ডের নিচে নেমে যাবে। ইতিমধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি অর্থনীতির দেশে জন্মহার প্রতি নারীর জন্য ২.১ সন্তানের স্বাভাবিক প্রতিস্থাপন স্তরের নিচে অবস্থান করছে।
এছাড়াও, বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তনজনিত চাপ এবং কিছু প্লাস্টিক ও কীটনাশকের মধ্যে থাকা হরমোন-বিঘ্নকারী রাসায়নিকের সংস্পর্শে আসার মতো পরিবেশগত কারণগুলোও প্রজনন স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
গবেষণাটির প্রধান লেখক ও অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট নরম্যান মন্তব্য করেছেন, "প্রজনন চিকিৎসা লাখ লাখ মানুষকে সহায়তা করেছে, কিন্তু এটি মানুষ কেন দেরিতে সন্তান নিচ্ছে কিংবা কেন তারা কাঙ্ক্ষিত সংখ্যার চেয়ে কম সন্তান নিচ্ছে—এ ধরনের মূল কারণগুলো সমাধান করতে পারে না।"
গবেষকরা এই সংকটের মোকাবিলায় একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এর মধ্যে সহজলভ্য প্রজনন চিকিৎসার পাশাপাশি সাশ্রয়ী শিশু যত্ন (চাইল্ডকেয়ার), আবাসন সহায়তা, পরিবার-বান্ধব কর্মপরিবেশ নীতি এবং কঠোর পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ অন্তর্ভুক্ত রয়েছে।
তারা সতর্ক করেছেন, যদি দীর্ঘমেয়াদে নিম্ন জন্মহার অব্যাহত থাকে, তাহলে কর্মক্ষম জনসংখ্যা হ্রাস পাবে, শ্রমবাজারে সংকট দেখা দেবে এবং অর্থনীতি ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ আরও বাড়বে।
সূত্র: সামা টিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ