ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নাশকতা প্রতিরোধে গ্রাম পুলিশকে জিরো টলারেন্স নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী


নাশকতা প্রতিরোধে গ্রাম পুলিশকে জিরো টলারেন্স নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

গ্রাম পুলিশের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উল্লেখ করেছেন, ‘একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের চিরাচরিত স্বভাব অগ্নিসংযোগ, যানবাহন ও অফিস-আদালত পোড়ানো, মানুষ হত্যা এবং বাস ও থানায় আগুন দেওয়া। এসব নাশকতা প্রতিহত করতে আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন।’

শনিবার (২১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশদের সঙ্গে দিকনির্দেশনামূলক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনারা পোশাকধারী সরকারি লোক, তাই আপনাদের মনোবল শক্ত রাখতে হবে। নিষিদ্ধ সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ। কোনো এলাকায় তাদের সন্ত্রাসী কার্যক্রমের খবর পেলে প্রয়োজনে ওয়ার্ড থেকে ফোনের মাধ্যমে বার্তা পাঠিয়ে একত্রিত হয়ে তা প্রতিহত করবেন এবং তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য আপনারা অতন্দ্র প্রহরী এবং মূল চালিকাশক্তি।’

আরও পড়ুন: ফ্যাসিস্টদের দমনে সরকারের কঠোর অবস্থানের ঘোষণা রিজভীর

নান্দাইলে আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের গুরুত্ব তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘নান্দাইল থানার ১৩টি ইউনিয়নে পুলিশ সদস্য আছেন ৬০ থেকে ৬৫ জন, কিন্তু আপনারা সংখ্যায় ১৩০ জন। আপনারা এলাকার সবার সঙ্গে সুসম্পর্ক রাখবেন, তবে মাদককারবারি ও জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাদের পুলিশের হাতে তুলে দেবেন। যে মাদক কারবারি বা সেবনকারী পরিবার ও সমাজ ধ্বংস করে দিচ্ছে, তাদের সঙ্গে থাকা যাবে না। তারা জেলে থাকুক, এলাকাবাসী শান্তিতে থাকুক।’

বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘তারা সমাজে মাদক ও জুয়ার যে ভয়াবহ অবস্থা সৃষ্টি করে গেছে, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আপনারাই কেবল তা নির্মূল করতে পারবেন।’

গ্রাম পুলিশদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি জানান, ‘১৯৭৬ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের গ্রাম পুলিশের স্বীকৃতি দিয়েছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পদের মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। পেনশন ভাতা, মোবাইল ভাতা বাড়ানো হয়েছে এবং যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে পেনশন ভাতা ৮০ হাজার থেকে লাখ টাকা করেছেন। পর্যায়ক্রমে বেতন আরো বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।’

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: মালিকপক্ষ প্রস্তাব না দিলে পরবর্তী পদক্ষেপ নেবে নিম্নতম মজুরি বোর্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরে, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরে, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুরের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় শনিবার (২১ নভেম্বর) সকালে তাঁকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। এর আগে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

মাতিয়া বানু শুকুরের স্বামী নির্মাতা নূরুল আলম আতিকের সূত্রে জানা গেছে, শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ার কারণে তাঁর শারীরিক জটিলতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তিনি প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন প্রয়োজনীয়তা অনুভব করছেন, যদিও তিনি সচেতন আছেন, চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থাকে নিয়ে উদ্বিগ্ন।

চিকিৎসকেরা পরবর্তী চিকিৎসা পদক্ষেপ নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করছেন। তাঁর শরীরে সেন্ট্রাল ভেনাস লাইন স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। তবে লাইফ সাপোর্টে নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে চিকিৎসার ব্যয় নিয়ে পরিবার দুশ্চিন্তায় রয়েছে। বর্তমান হাসপাতালে চিকিৎসার খরচ বেশি হওয়ায়, শারীরিক অবস্থার কিছুটা স্থিতিশীল হলে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর আগে, চিকিৎসায় সহায়তার জন্য পরিবার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের সহযোগিতা চেয়েছিল।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকুর দুই দশকের বেশি সময় ধরে দেশের নাটক ও চলচ্চিত্রে কাজ করছেন। নাট্যকার ও নির্মাতা হিসেবে তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’। তাঁর নির্মাণে মধ্যবিত্ত জীবনের গল্প ও সামাজিক বাস্তবতা বিশেষভাবে উঠে এসেছে।

২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। মাতিয়া বানুর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে জিততে সাহায্য করা সম্মানের বলে উল্লেখ করলেন কাসেমিরো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


মেসিকে জিততে সাহায্য করা সম্মানের বলে উল্লেখ করলেন কাসেমিরো

আন্তর্জাতিক ও ক্লাবে ছিল সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা। বর্তমানে একই দলে খেলছেন তাঁরা। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সতীর্থ হিসেবে রয়েছেন রিয়াদ মাদ্রিদের সাবেক ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। মায়ামিতে মেসির সতীর্থ হয়ে খেলাটিকে তিনি ‘সম্মানের’ বলে উল্লেখ করেছেন।

কাসেমিরো, যিনি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে ‘এল ক্লাসিকো’ এবং ব্রাজিল-আর্জেন্টিনার আন্তর্জাতিক ম্যাচে নিয়মিতভাবে মেসির মুখোমুখি হয়েছেন, বর্তমানে মায়ামিতে একই দলের অংশ হিসেবে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে আরো শিরোপা জিততে সাহায্য করার সুযোগটি উপভোগ করছেন।

‘থ্রু লাইনস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে কাসেমিরো বলেন, ‘তাঁর কারণে আমাকে অনেক ভুগতে হয়েছে, অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। আর এখন আমি তাঁর পাশে আছি, তাঁর সাথে খেলাটা উপভোগ করাটা সত্যিই আনন্দের। আমার জন্য তাঁর পাশে খেলা এবং তাঁকে জয়ের ধারায় থাকতে সাহায্য করাটা অনেক সম্মানের।’

এই জুটি ইতিমধ্যেই ২০২৬ সালের ‘ক্যাম্পিওনেস কাপ’ জিতেছে, যেখানে ক্রুজ আজুলের বিরুদ্ধে ২-০ গোলের জয়ে মেসি নিজে একটি গোল করার পাশাপাশি কাসেমিরোর গোলটিতে সহায়তা (অ্যাসিস্ট) করেছিলেন।

মেসি-কাসেমিরো এখন আরেকটি এমএলএস কাপ জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। কাসেমিরো মেসিকে ‘সেরা’ হিসেবে অভিহিত করে আরো বলেন, ‘তার পাশে খেললে মাঠে সবকিছুই অনেক সহজ হয়ে যায়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে দুই বছরে নীতিমালা তৈরিতে সম্মত ১২৮ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে দুই বছরে নীতিমালা তৈরিতে সম্মত ১২৮ দেশ

মানুষের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত ও প্রাণহানি ঘটাতে সক্ষম মারণাত্মক স্বয়ংক্রিয় অস্ত্র বা ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে আগামী দুই বছরের মধ্যে একটি আন্তর্জাতিক রূপরেখা বা নীতিমালা তৈরির উদ্যোগে সম্মত হয়েছে ১২৮টি দেশ।

জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের ‘কনভেনশন অন সার্টেইন কনভেনশনাল উইপন্স’ (সিসিডব্লিউ)-এর পর্যালোচনা সম্মেলনের শেষ দিনে শনিবার এই সিদ্ধান্তটি গৃহীত হয়। তবে মানবাধিকার ও প্রচারণা সংস্থাগুলো দ্রুত আইনি বাধ্যবাধকতাযুক্ত চুক্তি না হওয়ার কারণে এই অগ্রগতিকে দুর্বল ও ধীরগতির বলে হতাশা প্রকাশ করেছে।

সম্মেলনে প্রায় ১০০টি দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এসব স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর দ্রুত আইনি বাধ্যবাধকতাযুক্ত নিয়ম চালুর পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের মতো বড় অস্ত্র উৎপাদনকারী ও এআই সামরিক প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশগুলোর বিরোধিতার কারণে শেষ পর্যন্ত দ্রুত চুক্তির প্রস্তাবটি টেকেনি। ভবিষ্যতের এই পদক্ষেপ আইনিভাবে বাধ্যতামূলক হবে কি না, সে বিষয়টিও আপাতত অমীমাংসিত রাখা হয়েছে।

পাঁচ দিনব্যাপী এই আলোচনা নির্ধারিত সময়ের গণ্ডি পেরিয়ে শনিবার ভোরে শেষ হয়। সম্মেলনের সভাপতি জুলিয়েন থনি সাংবাদিকদের জানান, সদস্য দেশগুলো আগামী দুই বছরের মধ্যে মারণাত্মক স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা সংক্রান্ত একটি আন্তর্জাতিক দলিল তৈরির প্রক্রিয়া শুরু করতে একমত হয়েছে। তাঁর মতে, এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় কোন ধরনের অস্ত্র নিষিদ্ধ করা যায় এবং কোনগুলো নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়, তা খতিয়ে দেখা হবে। আলোচনার সময় কিছু দেশ ‘নেগোসিয়েট’ (আলোচনা করে চুক্তি করা) শব্দের বদলে ‘ইলাবোরেট’ (বিস্তৃত রূপরেখা তৈরি) শব্দ ব্যবহারের ওপর জোর দেওয়ায় শেষ পর্যন্ত সেই শব্দটিই গৃহীত হয়।

ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারসহ অস্ট্রিয়া, বেলজিয়াম, আয়ারল্যান্ড, মেক্সিকো, নিউজিল্যান্ড ও পানামা দ্রুত আলোচনার প্রস্তাব তুলেছিল। তবে কূটনৈতিক অগ্রগতির ধীরগতি নিয়ে উদ্বেগ জানিয়ে মেয়ার মন্তব্য করেন, কূটনীতির চেয়ে প্রযুক্তির অগ্রগতি অনেক বেশি দ্রুতগতিতে এগোচ্ছে এবং কূটনীতিকদের গতি বেশ ধীর। সিসিডব্লিউতে সর্বসম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম থাকায় যেকোনো একটি দেশের আপত্তিও বড় চুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়।

ইউক্রেন, সুদান ও মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয় ও এআই-নির্ভর অস্ত্রব্যবস্থার ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, পোপ চতুর্দশ লিও এবং রেড ক্রসসহ বিভিন্ন মানবিক সংস্থা দীর্ঘদিন ধরেই প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের লাগাম টানতে কঠোর ও বাধ্যবাধকতামূলক নিয়মের আহ্বান জানিয়ে আসছিল।

সিদ্ধান্ত ঘোষণার পর হিউম্যান রাইটস ওয়াচের অস্ত্রবিষয়ক উপপরিচালক ভেরিটি কয়েল এই ফলাফলকে ‘হতাশাজনক’ আখ্যা দেন। তাঁর মতে, প্রযুক্তি যখন দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন নতুন নিয়ম তৈরিতে যে জরুরি পদক্ষেপ প্রয়োজন ছিল, এই সিদ্ধান্তে তা অনুপস্থিত। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় গার্মেন্টসে পরিদর্শন করলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


আশুলিয়ায় গার্মেন্টসে পরিদর্শন করলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান

শ্রমিক-কর্মচারীদের মজুরি নির্ধারণের প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকার আশুলিয়ার পলাশবাড়ীতে অবস্থিত পার্ল গার্মেন্টস কোং লিমিটেড পরিদর্শন করেছেন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জনাব সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)-এর নেতৃত্বে একটি পরিদর্শন দল কারখানাটিতে সরেজমিনে পরিদর্শনে যায়।

এ সময় পরিদর্শন দলের সদস্যরা কারখানার সার্বিক পরিবেশ, উৎপাদন কার্যক্রম এবং শ্রমিক-কর্মচারীদের মজুরি সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি কারখানার বিদ্যমান কর্মপরিবেশ, শ্রমিকদের সুযোগ-সুবিধা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করা হয়।

ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রমকে আরও বাস্তবসম্মত ও তথ্যভিত্তিক করতে এ ধরনের সরেজমিন পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর মাধ্যমে পোশাকশিল্পের প্রকৃত অবস্থা, শ্রমিকদের মজুরি কাঠামো এবং কারখানার সক্ষমতা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা পাওয়া সম্ভব হবে।

পরিদর্শনকালে কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া হয়।

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শিল্পকারখানার বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%