ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার


সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সাবেক স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালককে আটক করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) ভোরে মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং অন্য আরেকজন শ্যালক রয়েছেন।

সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তার স্বামী মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান। সরকার ইতোমধ্যে মনিরুলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর তিনি দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে

এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাতে সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন তিনি।

হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট প্রথমবারের মতো অফিসে যান সায়লা ফারজানা। ওই সময় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ছিলেন। শেখ হাসিনা সরকারের বিশেষ মদদপুষ্ট প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত সায়লা ফারজানা অফিসে গেলে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি দল তার কক্ষে প্রবেশ করে। তারা তার অফিসে আসার কারণ জানতে চান। একপর্যায়ে তাকে আটকে রেখে ক্ষোভ প্রকাশ করেন বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।

সায়লা ফারজানাকে আটকে রাখার খবর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে নিজের দপ্তরে নিয়ে যাওয়ার সময় বঞ্চিত কর্মকর্তারা সায়লা ফারজানাকে আর মন্ত্রণালয়ে না আসার জন্য হুঁশিয়ারি দেন। এরপর পুলিশি পাহারায় গাড়িতে করে তাকে সচিবালয়ের বাইরে পাঠানো হয়। ওই ঘটনার পর তিনি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাননি।

এদিকে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরও পড়ুন: আন্দোলনের নামে দেশের ক্ষতি করবেন না: সরকারের সতর্কতা

মামলায় আসামি করা হয়েছে মনিরুল ইসলামের স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পাকে।

দুদকের এজাহার অনুযায়ী, মনিরুল ইসলাম, তার স্ত্রী সায়লা ফারজানা ও শ্যালক রেজাউল আলম শাহীন ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া তাদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত এসব হিসাবে মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন: রূপপুরের বিদ্যুৎ ও হুমায়ুন ভাইয়ের স্মৃতি: ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সার ভবিষ্যতের তারকা এব্রিমা তুনকারা খুঁজে পেয়েছেন ফ্লিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১১ এম


বার্সার ভবিষ্যতের তারকা এব্রিমা তুনকারা খুঁজে পেয়েছেন ফ্লিক

বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক মন্তব্য করেছেন, স্পেনের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের তারকা এব্রিমা তুনকারার জন্য বার্সেলোনায় "দারুণ এক ভবিষ্যৎ" অপেক্ষা করছে।

১৬ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার তুনকারা শুক্রবার কাতারে মরক্কোকে ২-০ গোলে পরাজিত করার ম্যাচে গোল করেছেন। এই জয়ের ফলে স্পেন গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচে জিতে শতভাগ সাফল্য নিয়ে পরবর্তী রাউন্ডে প্রবেশ করেছে।

গত মৌসুমে ফ্লিক প্রথমবারের মতো তুনকারাকে বার্সেলোনার সিনিয়র দলের সঙ্গে অনুশীলনের সুযোগ প্রদান করেছিলেন। যদিও তিনি খুব বেশি কিছু বলতে চাননি, তবে এই কিশোরের ভবিষ্যৎ নিয়ে তার উচ্ছ্বাস স্পষ্ট ছিল।

বার্সেলোনা লা লিগায় রোববার দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে খেলবে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, "আমার কাছে এব্রিমা একজন অসাধারণ প্রতিভা। গত মৌসুমে আমাদের সঙ্গে অনুশীলনের সময়ই আমরা সেটা দেখেছি, আর চলতি মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতিতেও সে তা প্রমাণ করেছে। সে দুর্দান্ত একজন ফুটবলার, অসাধারণ প্রতিভাবান।"

তিনি আরও যোগ করেন, "আমি খুব বেশি কিছু বলতে চাই না, তবে আমার বিশ্বাস এই ক্লাবেই তার সামনে বড় একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে।"

গাম্বিয়ায় জন্ম নেওয়া তুনকারা সাত বছর বয়সে কাতালোনিয়ায় চলে আসেন। এক বছর পর, মাত্র আট বছর বয়সে তিনি বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দেন।

ফ্লিক দীর্ঘদিন ধরেই তুনকারার ভক্ত। চলতি প্রাক-মৌসুমে বার্মিংহাম সিটি, উদিনেসে ও এফসি বাসেলের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি তিনবার মাঠে নেমেছেন।

এছাড়া সাম্প্রতিক লা লিগা ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ও আলাভেসের বিপক্ষে বার্সেলোনার বেঞ্চেও ছিলেন তিনি। তবে এখনও প্রতিযোগিতামূলক ফুটবলে সিনিয়র দলের হয়ে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চীনের বিরুদ্ধে স্পেনের ৫-০ গোলের জয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন তুনকারা। ফিজিকে ১৫-০ গোলে হারানোর ম্যাচে রদবদলের কারণে তিনি খেলতে পারেননি।

তবে মরক্কোর বিপক্ষে আবারও একাদশে ফিরে এসে ম্যাচের প্রথম গোলটি করেন তুনকারা। তার গোলের মাধ্যমে স্পেন শেষ ৩২-এর লড়াইয়ে উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিশ্চিত করেছে, যা অনুষ্ঠিত হবে সোমবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চতুর্থবারের মতো লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১২ এম


চতুর্থবারের মতো লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাস

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বাধিক মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতে নিয়েছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস। ফাইনালে আর্জেন্টিনার এস্তুদিয়ান্তেস দে লা প্লাতাকে ১-০ গোলে পরাজিত করে চতুর্থবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা।

শনিবার (২৮ নভেম্বর) উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিওতে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ৫২ মিনিটে রামন সোসার করা গোলে পালমেইরাস এগিয়ে যায়। শেষ পর্যন্ত ওই এক গোলের ব্যবধান ধরে রেখে শিরোপা নিশ্চিত করে আবেল ফেরেইরার দল।

গোলের সূচনা ঘটে আর্থার গ্যাব্রিয়েলের অসাধারণ এক পাস থেকে। তাঁর বাড়ানো বল পেয়ে জন আরিয়াসের হেডে বল চলে যায় রামন সোসার সামনে। কাছ থেকে বল জালে পাঠিয়ে প্যারাগুয়ের এই ফরোয়ার্ড দলকে এগিয়ে দেন। এরপর সমতায় ফেরার জন্য একাধিক চেষ্টা করেও সফল হয়নি এস্তুদিয়ান্তেস।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এ সময় মাঠে দেখা যায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেস এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদকে। তাঁদের উপস্থিতিতে চ্যাম্পিয়ন পালমেইরাসের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় লিবার্তাদোরেসের শিরোপা ও পদক।

এই জয়ের মাধ্যমে লিবার্তাদোরেসে পালমেইরাস চতুর্থ শিরোপা অর্জন করল। এর আগে ১৯৯৯, ২০২০ ও ২০২১ সালে তারা এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২৫ সালের ফাইনালে ফ্লামেঙ্গোর কাছে হেরে রানার্সআপ হয়েছিল দলটি। এবার সেই হতাশা কাটিয়ে আবারও দক্ষিণ আমেরিকার সেরা ক্লাবের স্বীকৃতি পেল আবেল ফেরেইরার দল।

অন্যদিকে, এস্তুদিয়ান্তেসের সামনে ছিল পঞ্চমবারের মতো লিবার্তাদোরেস জয়ের সুযোগ। কিন্তু পালমেইরাসের কাছে হেরে সেই স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার ক্লাবটির। চতুর্থ শিরোপা জয়ের মাধ্যমে লিবার্তাদোরেসে এস্তুদিয়ান্তেসের সমান চারটি শিরোপার মালিক হলো পালমেইরাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইওয়ায় সেনাবাহিনীর বিস্ফোরণের পর পানিতে সিসার মাত্রা অপরিবর্তিত: পরিবেশ সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১২ এম


আইওয়ায় সেনাবাহিনীর বিস্ফোরণের পর পানিতে সিসার মাত্রা অপরিবর্তিত: পরিবেশ সংস্থা

যুক্তরাষ্ট্রের আইওয়ায় সেনাবাহিনী কর্তৃক পাঁচ টন বিপজ্জনক সিসা অ্যাজাইড বিস্ফোরণের পর দেশটির পরিবেশ সংস্থা নিশ্চিত করেছে যে পানিতে সিসার মাত্রা বৃদ্ধি পায়নি।

শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত প্রাথমিক পরীক্ষার ফলাফলে দেখা যায়, পানীয় জলের উৎসে সিসার দূষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পরীক্ষার জন্য বিস্ফোরণের পূর্ব ও পরবর্তী সময়ে বাতাস, পানি, মাটি ও ধুলার নমুনা সংগ্রহ করা হয়েছিল। প্রায় ৩০০ জন কর্মী বিভিন্ন এলাকা থেকে দেড় হাজারের বেশি নমুনা সংগ্রহ করেন। বিস্ফোরণের পর হ্রদ ও পুকুরের ২৬টি পানির নমুনায় বিস্ফোরণজনিত সিসার উপস্থিতি পাওয়া যায়নি।

তবে পরিবেশবাদী সংগঠন সিয়েরা ক্লাবের আইওয়া শাখা প্রাথমিক ফলাফল নিয়ে নিশ্চিত হতে পারছে না। সংগঠনটির একজন প্রতিনিধি বলেছেন, বিস্ফোরণের পর সিসা কোথাও ছড়িয়ে পড়েছে কি না, তা জানার জন্য আরও পরীক্ষার ফলাফল প্রয়োজন।

সিসা শিশু ও গর্ভবতীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। পুরোনো মজুতটি অস্থিতিশীল হয়ে পড়ায় অনিয়ন্ত্রিত বিস্ফোরণের ঝুঁকি এড়াতে সেনাবাহিনী তা ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। তবে পর্যাপ্ত আগাম সতর্কতা না দেওয়ায় স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ এম


এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে

বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে পণ্য আমদানি বাড়লেও, রপ্তানি সে তুলনায় বৃদ্ধি পাচ্ছে না। এর ফলে বৈদেশিক বাণিজ্যে ক্রমাগত ঘাটতি বাড়ছে। বিশেষ করে এশীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এই লাফিয়ে বাড়া ঘাটতি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও প্রভাব ফেলছে। সামগ্রিকভাবে, ঘাটতি বাণিজ্য অর্থনীতির ওপর তীব্র চাপ সৃষ্টি করছে। তবে যুক্তরাষ্ট্র ও ইইউভুক্ত দেশগুলোতে তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ইতিবাচক অবস্থানে রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশের সামগ্রিক বাণিজ্য ঘাটতির বড় অংশই চীন ও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে তৈরি হয়েছে। এই ভিত্তিতে সদ্যসমাপ্ত অর্থবছরে দেশের নিট ঘাটতি (উদ্বৃত্ত ও ঘাটতির পার্থক্য) ১৭.৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিদায়ী অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের আমদানি ব্যয় ছিল ৬৬.১৬ বিলিয়ন ডলার, আর একই সময়ে রপ্তানি আয় ছিল ৪৮.৩৮ বিলিয়ন ডলার।

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে আমদানি ও রপ্তানির পরিমাণ যথাক্রমে ৬৫.৮৭ ও ৪৮.৩০ বিলিয়ন ডলারের ছিল। সেই হিসাবে চলতি বছরে বাণিজ্য ঘাটতি ২১ কোটি ডলার বা ১.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে, গত ১৫ নভেম্বর জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ২৪.১৭ বিলিয়ন মার্কিন ডলার। ওই সময়ে বাংলাদেশ ৫৫.১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, বিপরীতে আমদানি করে ৭৯.৩৬ বিলিয়ন ডলারের পণ্য।

একই অর্থবছরে বাংলাদেশ বিশ্বের ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি করেছে। মন্ত্রী জানান, সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য ব্যবধান সবচেয়ে বেশি, যার পরিমাণ ছিল ৭.৮৬ বিলিয়ন ডলার।

বেশি ঘাটতি চীনের সঙ্গে

বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বৃহত্তম অংশীদার চীন। একই সঙ্গে দেশের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘাটতিও চীনের সঙ্গে। পরিসংখ্যান অনুযায়ী, সবশেষ অর্থবছরে চীন থেকে বাংলাদেশ ১৮.৯২ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য আমদানি করেছে। এর বিপরীতে, দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে মাত্র ৮৭ কোটি ডলার। ফলে একক দেশ হিসেবে চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৮.০৫ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ১৭.৫০ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ৩.১৫ শতাংশ বেশি।

প্রধানত তৈরি পোশাক ও অন্যান্য শিল্পের কাঁচামাল, মধ্যবর্তী (নতুন পণ্য তৈরির উপকরণ সেমিফিনিশড) পণ্য এবং মূলধনি যন্ত্রপাতির জন্য চীনের ওপর অতিনির্ভরশীলতা এই বিশাল ঘাটতির প্রধান কারণ।

দ্বিতীয় অবস্থানে ভারত, কমেছে আমদানি ও ঘাটতি।

দশকের পর দশক ধরে বাংলাদেশের ঘাটতি বাণিজ্যে শীর্ষে ছিল ভারত। দেশটি আনুষ্ঠানিক বাণিজ্যের চেয়ে অনানুষ্ঠানিক বাণিজ্যে বড় জায়গা দখল করে রাখলেও, গত দুবছরে সে অবস্থায় পরিবর্তন ঘটেছে। ফলে বাণিজ্য ঘাটতির তালিকায় ভারত দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৭.৭৯ বিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ৬.৬৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমেছে প্রায় ১.১০ বিলিয়ন ডলার বা ১৪.১৬ শতাংশ।

তবে দেশে ভারত থেকে স্থলপথে অনানুষ্ঠানিকভাবে যেসব পণ্য রপ্তানি হয়, তা সরকারি হিসাবে ওঠে না।

অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশ্লেষকদের মতে, ভারতের সঙ্গে এই বাণিজ্য ঘাটতি কমার পেছনে রপ্তানি প্রবৃদ্ধির চেয়ে সে দেশ থেকে আমদানি কমে যাওয়াই ছিল মূল কারণ। বিশেষ করে চব্বিশের জুলাই বিপ্লব-পরবর্তী প্রেক্ষাপটে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন, ভিসা ও যাতায়াত সীমিত হয়ে পড়া, স্থলবন্দরগুলোতে কড়াকড়ি এবং ভারতের পক্ষ থেকে কিছু পণ্যের রপ্তানি ও ট্রান্সশিপমেন্টসংক্রান্ত বিধিনিষেধ এবং অর্থনৈতিক পদক্ষেপের প্রভাব পড়েছে দ্বিপক্ষীয় বাণিজ্যে। এতে ব্যবসায়ীরা বিকল্প উৎস হিসেবে চীন ও অন্যান্য দেশের দিকে ঝুঁকেছেন, যা ভারতের সঙ্গে আমদানি ব্যয় ও বাণিজ্য ঘাটতি কমিয়ে দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা গেছে, চীন ও ভারতের সঙ্গে সম্মিলিত বাণিজ্য ঘাটতি বাকি দেশগুলোর সঙ্গে থাকা মোট ঘাটতির প্রায় দেড়গুণ। এছাড়া একক দেশ হিসেবে কেবল চীনের সঙ্গেই ঘাটতি ১৮.০৫ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের সঙ্গে ঘাটতি ৬.৬৯ বিলিয়ন ডলার। সে হিসাবে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি মোট ঘাটতির বাকি দেশগুলোর তিন ভাগের এক ভাগ।

পরিসংখ্যান অনুযায়ী, সবশেষ অর্থবছরে ভারত ছাড়াও কাতার ও সৌদি আরবের সঙ্গে ঘাটতি কমেছে। তবে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বড় অঙ্কের বাণিজ্য উদ্বৃত্ত থাকায় তা এশিয়ার দেশগুলোর বিশাল ঘাটতিকে অনেকটা সমন্বয় করেছে। ফলে চীন ও ভারতের সম্মিলিত ঘাটতি দেশের নিট সামগ্রিক ঘাটতির চেয়েও বেশি, অর্থাৎ ১০০ শতাংশের উপরে দেখাচ্ছে।

ঘাটতির শীর্ষ ১০ দেশের তালিকায় যারা

চীন ও ভারতের পর বাণিজ্য ঘাটতির শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, যেখানে ঘাটতি ৩.৮৯ বিলিয়ন ডলার, সিঙ্গাপুর ৩.০৯ বিলিয়ন ডলার, ব্রাজিল ২.৭২ বিলিয়ন ডলার, মালয়েশিয়া ২.০১ বিলিয়ন ডলার, কাতার ১.৬০ বিলিয়ন ডলার, সৌদি আরব ১.১৭ বিলিয়ন ডলার, আর্জেন্টিনা ৯৫ লাখ ৫৩ হাজার ডলার এবং দক্ষিণ কোরিয়া ৯৩ লাখ ৩৯ হাজার ডলার।

ভোজ্যতেল, কয়লা, চিনি, তুলা ও জ্বালানি তেল আমদানির কারণে এসব দেশের সঙ্গে ঘাটতির পাল্লা ভারী হয়েছে। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরাইলের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়। মূলত মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি ব্যয় কমে যাওয়ায় ২০২৫-২৬ অর্থবছরে কাতার ও সৌদি আরবের সঙ্গে ঘাটতি আগের বছরের তুলনায় কিছুটা কমেছে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে বড় ঘাটতি থাকলেও, উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের শক্তিশালী বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। বিশেষ করে একক দেশ হিসেবে বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়ে ৯.১১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। দেশটি থেকে আমদানির পরিমাণ ৩.৫৯ বিলিয়ন ডলার। সে হিসাবে উদ্বৃত্ত ৫.৫২ বিলিয়ন ডলারের, যা একক কোনো দেশের সঙ্গে সবচেয় বেশি উদ্বৃত্ত।

এছাড়া জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, পোল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে বড় অঙ্কের বাণিজ্য উদ্বৃত্ত দেশের সামগ্রিক বাণিজ্য ভারসাম্য রক্ষা করছে। কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও স্পেনÑএই চার পশ্চিমা দেশ থেকে সম্মিলিতভাবে ১৬.৯৮ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে বাংলাদেশ, যা চীন ও ভারতের সঙ্গে থাকা বিশাল ঘাটতি কমাতে বড় ভূমিকা রেখেছে।

ঘাটতি কমাতে বাণিজ্য কূটনীতিতে জোর অর্থনীতিবিদদের।

দেশের বিশাল বাণিজ্য ঘাটতির কারণ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য (প্রশাসন) ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা আমার দেশকে বলেন, আমদানি সবসময় নেতিবাচক হবেÑএমনটা ভাবা ঠিক নয়। কারণ, আমদানির মাধ্যমে অনেক সময় শিল্পায়নের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি কেনা হয়। আমাদের রপ্তানিও অনেকাংশে আমদানিনির্ভর। ফলে সামগ্রিক রপ্তানি কার্যক্রমও বিভিন্নভাবে আমদানি দ্বারা প্রভাবিত হয়।

তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের মূল সমস্যা হলো বহুমুখীকরণের অভাব। তৈরি পোশাকশিল্পের বাইরে উল্লেখযোগ্য কোনো নতুন রপ্তানি খাত তৈরির বিকল্প নেই। সে কারণে রপ্তানি গন্তব্য ও পণ্যের মধ্যেও বৈচিত্র্য আনতে হবে।

ঘাটতি কমিয়ে আনতে অংশীদার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদারেও গুরুত্ব দিতে হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, যেসব দেশের সঙ্গে বড় ধরনের ঘাটতি আছে, তাদের কাছ থেকে কৌশলগতভাবে শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা নিশ্চিত করতে আলোচনা জরুরি। বিশেষ করে চীনের দেওয়া শতভাগ শুল্কমুক্ত সুবিধার পূর্ণ ব্যবহার এবং অশুল্ক বাধা দূর করতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো জরুরি। একই সঙ্গে যৌথ বিনিয়োগ ও শিল্পকারখানা স্থাপনের জন্য দেশগুলোকে আহ্বান জানানো যেতে পারে। এর ফলে দেশগুলো থেকে সরাসরি পণ্য আমদানির চাপ কমবে এবং দেশের নাগরিকদের কর্মসংস্থানের পাশাপাশি রপ্তানি সক্ষমতাও বাড়বে।

গবেষণা প্রতিষ্ঠান নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, অত্যাবশ্যকীয় পণ্য আমাদের আমদানি করতেই হবে। তবে এমন কোনো উৎস থেকে যদি আমদানি করি, যেখান থেকে বেশি দামে কিনতে হচ্ছে অথচ অন্য কোনো উৎস থেকে প্রতিযোগিতামূলক দামে আনার সুযোগ ছিল, তাহলে সেটি ঠিক হবে না। আবার আমদানিতে অতিরিক্ত মূল্য দেখানোর মাধ্যমে দেশ থেকে টাকা পাচার হলেও খরচ বাড়ে কিন্তু সে ব্যয়ের বিপরীতে রিটার্ন পাওয়া যায়নি। দীর্ঘমেয়াদে এসব বিষয় অর্থনীতির জন্য ভালো নয়। এর ফলে আমাদের দায় বাড়ে, যা একসময় বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%