০৮:১৫ পি.এম
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা ) এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ মন্তব্য করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যা রাজনৈতিক ক্ষেত্রের বাইরেও প্রভাব ফেলেছিল।
আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
মো. ইসমাইল জবিউল্লাহ উল্লেখ করেন, তাঁর (জিয়াউর রহমান) নেতৃত্বে দেশে প্রথমবারের মতো ‘মিক্সড ইকোনমি’ বা মিশ্র অর্থনীতি এবং পরবর্তীতে ‘ওপেন ইকোনমি’ ধারণার সূচনা হয়। সেই সময় ব্লক অর্থনীতির বাইরে এসে দেশের গ্রামীণ অর্থনীতি সচল হয়ে ওঠে এবং বেসরকারি উদ্যোক্তা ও শিল্প খাতের বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হয়।
আরও পড়ুন: ঢাকায় গোপন বৈঠকের সঙ্গে ওপারের উসকানির যোগসূত্র আছে কিনা?
তিনি বলেন, বিশেষ করে তৈরি পোশাক শিল্প (গার্মেন্টস ইন্ডাস্ট্রি) খাতের প্রসারে তাঁর সরকারের নীতি ও সহযোগিতা এবং বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের গুরুত্ব আজ বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আট মাসের সরকার পরিচালনার প্রশংসা করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা, হাসপাতাল স্থাপন এবং সামরিক বাহিনীর আধুনিকায়নের মতো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ব্যাংক ঋণ সহজীকরণ এবং আইটি খাতকে বেকারত্ব থেকে রেহাই দেওয়ার জন্য বিভিন্নমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়তাবাদের এক অনন্য প্রতীক হিসেবে দল ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: পরাজিত শক্তি আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ
তিনি আরও বলেন, দল ও রাষ্ট্রের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেবল নেতার ইমেজের ওপর সম্পূর্ণ নির্ভর করে বসে থাকলে চলবে না; দলের প্রতিটি কর্মীকে নেতার আদর্শ ধারণ করে মাঠে-ময়দানে কাজ করতে হবে। দেশে অর্থনৈতিকভাবে উৎপাদন বৃদ্ধি, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং বেকারত্ব দূরীকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ ও অর্থনৈতিক নীতিগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব।
তিনি বলেন, অতীতে দেশের প্রতিটি সংকটে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী— সবাই মিলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, তার পেছনে ছিল এক গভীর প্রেরণা।
তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আড়ালে রাজনৈতিক লুটতরাজ, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, অর্থনীতিতে ‘বটমলেস বাসকেট’ বা তলাবিহীন ঝুড়ির খ্যাতি পাওয়া, পণ্যের সিন্ডিকেটকরণ, ব্যাংক লুট এবং রক্ষীবাহিনী সৃষ্টির মাধ্যমে সেনাবাহিনীর মধ্যে বিভাজনের সৃষ্টি করে রাষ্ট্রকে দুর্বল করার অপচেষ্টা চালানো হয়েছিল। যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছিল, সেই গণতন্ত্রকে সম্মান না করে ১৯৭৫ সালের মার্চ মাসে একদলীয় শাসনব্যবস্থা ‘বাকশাল’ কায়েম করা হয়।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি ও জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদী শক্তি ও সেনাবাহিনীর একটি অংশের চক্রান্ত প্রতিহত করা হয়। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্যে একটি ইতিবাচক মিল রয়েছে— তা হলো সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সাধারণ সৈনিক ও জনগণের সংহতি। এটি ছিল মূলত জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার ঐতিহাসিক মুহূর্ত।
উপদেষ্টা বলেন, সেই সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান সামনে এগিয়ে আসেন এবং দেশবাসীকে রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করেন। সিপাহিদের পাশাপাশি আপামর জনতাও এই বিপ্লবে অংশ নেয়, যা আধিপত্যবাদের বিরুদ্ধে এক শক্ত প্রতিরোধ গড়ে তোলে।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
এছাড়াও স্বেচ্ছাসেবক দলের মীর সরফত আলী সপু, অধ্যাপক আমিনুল ইসলাম, মজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমিরের মন্তব্য, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন