০৫:০২ পি.এম
সৌদি আরবে ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া দুই ব্যক্তির মৃত্যুদণ্ড শনিবার কার্যকর করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে এই মৃত্যুদণ্ড কার্যকর হয়। দ্য নিউ আরবের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন ফাদেল আল-সাফওয়ানি এবং জাওয়াদ কুরেইরিস। তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো এবং বিদেশি একটি সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দেওয়ার অভিযোগ ছিল। পরে তাদের করা আপিল সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। তবে মানবাধিকারবিষয়ক একটি সংগঠনের দাবি, জাওয়াদ কুরেইরিসের বিরুদ্ধে অভিযোগ ওঠার সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘রিপ্রিভ’ জানায়, ২০২০ সালের ডিসেম্বরে জাওয়াদকে গ্রেপ্তার করা হয়েছিল বিক্ষোভে অংশ নেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার অভিযোগে। সংস্থাটির দাবি, বিক্ষোভে অংশ নেওয়ার সময় জাওয়াদের বয়স ছিল মাত্র ১৪ বছর। অর্থাৎ যেসব কর্মকাণ্ডের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছিল, সেগুলো ঘটার সময় তিনি নাবালক ছিলেন।
আরও পড়ুন: মওলানা ভাসানীর আদর্শে জীবন গড়ার আহ্বান রুহুল কবির রিজভীর
এই মৃত্যুদণ্ড কার্যকরের ফলে সৌদি আরবে নাবালক অবস্থায় সংঘটিত কর্মকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। মানবাধিকার সংস্থা ‘রিপ্রিভ’ আরো জানিয়েছে, জাওয়াদ কুরেইরিসের কাছ থেকে নির্যাতন চালিয়ে জোর করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল।
সংস্থাটির দাবি, এই মৃত্যুদণ্ড সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে কুরেইরিসের পরিবারের বিরুদ্ধে নেওয়া এক ধরনের ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’। ২০১১ সালের বিক্ষোভের সময় সৌদি নিরাপত্তা বাহিনীর হাতে কুরেইরিসের বড় ভাই নিহত হয়েছিলেন। এছাড়া তার আরো দুই ভাইকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে। রিপ্রিভ জানায়, ২০১৫ সালের আগস্ট থেকে সৌদি আরব এমন পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যারা কথিত অপরাধ সংঘটনের সময় শিশু ছিলেন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এই পাঁচজনই সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শিয়া সম্প্রদায়ের পরিবারের সদস্য ছিলেন। ২০১১ সালের আরব বসন্তের সময় এবং পরবর্তী বিভিন্ন বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সৌদি আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশে দেশটির শিয়া সম্প্রদায়ের অধিকাংশ মানুষের বসবাস। তবে সৌদি আরব মূলত সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। গত মাসে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে ‘সন্ত্রাসবাদে’ জড়িত থাকার অভিযোগে আরো পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একজন এমন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন, যা সংঘটনের সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর। মানবাধিকার সংস্থা ‘রিপ্রিভ’-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক মৃত্যুদণ্ড প্রকল্পের প্রধান জিদ বাসইউনি বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ভিন্নমত প্রকাশের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। গত দুই বছরে দেখা গেছে, শিশুদের ক্ষেত্রেও এই শাস্তি কার্যকর করা হচ্ছে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় ৩৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় খিরি
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সৌদি আরবে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের অধিকাংশই দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দা। ২০২৫ সালে সৌদি আরবে মোট ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সৌদি আরবে মোট ২১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে ১০০ জন সৌদি নাগরিক। এছাড়া মাদক পাচারের দায়ে দণ্ডিত ১২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের মধ্যে ৯০ জনই বিদেশি নাগরিক।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে চীন ও ইরানের পর বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশের তালিকায় সৌদি আরবের অবস্থান ছিল তৃতীয়। সৌদি আরবের সরকারের দাবি, দেশে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে মৃত্যুদণ্ড প্রয়োজন। দেশটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, সব ধরনের আইনি প্রক্রিয়া ও আপিলের সুযোগ শেষ হওয়ার পরই কেবল মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আরও পড়ুন: মেক্সিকোতে সাংবাদিক এদুয়ার্দো ফ্লোরেসের হত্যা, তদন্তের আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন