ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাসায়নিক সার মিলছে না, ১৫ হাজার কলাগাছ লাগিয়ে চরম বিপাকে শাহজাহান


রাসায়নিক সার মিলছে না, ১৫ হাজার কলাগাছ লাগিয়ে চরম বিপাকে শাহজাহান

প্রায় দুই দশক ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর হাজারবিঘী গ্রামের মো. আব্দুর রহীম, যিনি শাহজাহান আলী নামে পরিচিত, বিভিন্ন এলাকায় কলা, আম, বরই, স্ট্রবেরি সহ নানান ধরনের ফল ও ফসল চাষ করে আসছেন। তিনি প্রায় ৫০ বিঘা জমিতে কলাসহ মোট ৭০ বিঘা জমিতে বিভিন্ন ফসল চাষ করে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। তার পরামর্শে উপজেলার প্রায় দেড় শতাধিক ক্ষুদ্র কৃষকও চাষাবাদে যুক্ত হয়েছেন।

তবে বর্তমানে রাসায়নিক সারের অভাবে তিনি চরম বিপাকে পড়েছেন। পদ্মা নদীর চরাঞ্চলে ৫০ বিঘা জমিতে প্রায় ১৫ হাজার কলাগাছ চাষ করেছেন তিনি। কিন্তু প্রয়োজনীয় সার না পাওয়ার কারণে বড় ধরনের লোকসানের শঙ্কা করছেন।

শাহজাহান আলী জানান, সার প্রয়োগের জন্য তার ৬০ বস্তা সার প্রয়োজন। বিভিন্ন ডিলারের কাছে ঘুরে সার না পেয়ে শেষে কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকেও তিনি মাত্র এক বস্তা সার পেয়েছেন। এই পরিস্থিতিতে তিনি হতাশ।

আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে কৃষকের জন্য অর্থায়নের অনিশ্চয়তা, সিলেটে প্রতিবাদস্বরূপ সাইকেল র‌্যালি

তিনি বলেন, "সরকার বলছে, দেশে সারের সংকট নেই এবং কৃষি বিভাগের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে। তাহলে আমার ৬০ বস্তা সার প্রয়োজন হলেও দিনের পর দিন ঘুরে মাত্র এক বস্তা পেলাম কেন?" কৃষকদের প্রকৃত চাহিদা সম্পর্কে কৃষি কর্মকর্তাদের অবগতির বিষয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

শাহজাহান আলী আরও জানান, লক্ষাধিক টাকা বিনিয়োগ করে তিনি কলা চাষ করেছেন। বর্তমানে সার প্রয়োগের উপযুক্ত সময়। প্রয়োজনীয় পরিমাণ সার না পেলে কলার উৎপাদন ব্যাপকভাবে কমে যেতে পারে, যা তার মূলধন হারানোর পাশাপাশি কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্নও ভেঙে দিতে পারে। একই সঙ্গে ক্ষুদ্র কৃষকদেরও চাষাবাদে উৎসাহ হারানোর আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, শাহজাহান আলী শিবগঞ্জ উপজেলার অন্যতম বড় কলাচাষি। দুর্গম চরাঞ্চলে বিপুল পরিমাণ জমিতে কলা চাষের পাশাপাশি তিনি অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করে আসছেন। এছাড়া খুলনা, ফেনী, সিলেট, কুমিল্লা এবং ঢাকার বাদামতলী, যাত্রাবাড়ী, কারওয়ান বাজার ও মিরপুরে বিভিন্ন ফল ও ফসল সরবরাহ করেন।

স্থানীয়দের মতে, শাহজাহান আলীর মতো একজন আদর্শ কৃষক ও উদ্যোক্তার পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা উচিত সরকার ও কৃষি বিভাগের।

আরও পড়ুন: কেন্দুয়ায় বাহারাইল বিল উপ-প্রকল্পে কৃষকদের আপত্তি, ফসলি জমি রক্ষায় লাল নিশান

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, একজন চাষি ৫০ বিঘা জমিতে কলা চাষ করেও সার পাচ্ছেন না, এমন তথ্য পাওয়ার পর তাকে ডেকে দুই দফায় কিছু সারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সাধ্যমতো ওই কৃষকের পাশে থাকবে শিবগঞ্জ কৃষি বিভাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়কে ‘ফ্যাসিস্ট’ বলায় মুখ খুললেন রোমানা নীড়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


জয়কে ‘ফ্যাসিস্ট’ বলায় মুখ খুললেন রোমানা নীড়

বিএফডিসিতে গতকাল রোববার মানববন্ধনে অংশগ্রহণ না করার কারণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান।

এক পর্যায়ে জয়কে উদ্দেশ্য করে ক্ষুব্ধ হয়ে হেলাল খান বলেছেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেছেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

ঘটনার বিষয়ে চিত্রনায়ক জয় চৌধুরী জানিয়েছেন, শিল্পী সমিতির সামনে ডি এ তায়েবের কিছু ভক্ত বসেছিলেন। তারা সেখানে অপেক্ষা করছিলেন কারণ তায়েব ভাই আসতে দেরি করছিলেন এবং জন্মদিনের কেক কাটতেও এসেছিলেন।

জয় আরও জানিয়েছেন, হেলাল ভাই মূলত ডি এ তায়েব ভাইকে সমর্থন করে কথা বলায় এবং মানববন্ধনে দেরি হওয়ার কারণে তার ওপর রাগ করে ‘ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করেছেন। যদিও ডি এ তায়েব নিজেও জানেন না ওই লোকজন কখন কীভাবে এফডিসিতে এসেছিলেন।

এদিকে এফডিসির এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উত্তেজনার মধ্যেই স্বামী জয় চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা রোমানা নীড়।

গতকালের এই ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে স্বামীর প্রতি নিজের সমর্থন ও গর্ব প্রকাশ করেছেন তিনি। স্ট্যাটাসে রোমানা লিখেছেন, ‘তুমি তোমার পারিবারিক শিক্ষার পরিচয় দিয়েছ। আমি তোমাকে নিয়ে খুব গর্বিত।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে অনুমোদনহীন মশার কয়েল কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


মাদারীপুরে অনুমোদনহীন মশার কয়েল কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় অনুমোদনহীন মশার কয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ‘টপ ফাইট’ ব্র্যান্ডের মশার কয়েল তৈরির ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।

অভিযানকালে কারখানাটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই মশার কয়েল উৎপাদনের বিষয়টি সামনে আসে। এ অপরাধে কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ৩১ সম্মেলনে কৃষকের জন্য অর্থায়নের অনিশ্চয়তা, সিলেটে প্রতিবাদস্বরূপ সাইকেল র‌্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


কপ৩১ সম্মেলনে কৃষকের জন্য অর্থায়নের অনিশ্চয়তা, সিলেটে প্রতিবাদস্বরূপ সাইকেল র‌্যালি

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা প্রদান করা হয়নি- এই অভিযোগ তুলে আজ সোমবার (১৬ নভেম্বর) সিলেট নগরীর উপশহর থেকে বালুচর এলাকা পর্যন্ত সাইকেল র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্টালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে চলমান কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রমের আয়োজন করা হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান) এবং আইডিয়া যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

র‌্যালী ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিনটি ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত ছিল। কিন্তু ওই দিনের আলোচনায় কৃষকদের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়ন অঙ্গীকার, সময়সীমা বা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি।

এফএও-ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য প্রয়োজন, অথচ এই খাতটি মাত্র ২০ শতাংশ অভিযোজন অর্থ পায়; জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির অংশ ২০০০ সালে ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমে এসেছে।

আয়োজকেরা জানান, এই প্রচারাভিযানের উদ্দেশ্য হচ্ছে স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও দাবিকে কপ-৩১-এর আলোচনায় অন্তর্ভুক্ত করা। কৃষিকে শুধুমাত্র নিঃসরণ কমানোর খাত হিসেবে নয়, বরং খাদ্যের অধিকার, অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত প্রশ্ন হিসেবে তুলে ধরতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি জানান, ২০ নভেম্বরের কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণের সুস্পষ্ট অঙ্ক রাখতে হবে এবং চাহিদার অনুপাতে এর নির্ধারিত অংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য বরাদ্দ করতে হবে, যা ক্ষুদ্র কৃষকদের কাছে অনুদান হিসেবে পৌঁছাবে, ঋণ হিসেবে নয়।

আইডিয়ার ক্যাম্পইল এসোসিয়েট নোমান খান বলেন, কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করা উচিত। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকদের কার্যকর অংশগ্রহণ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সাইক্লিং ক্লাবের তানু সরকার, কৌশিক পাল, ইমরান আহমেদ, আবু রায়হান, মুস্তাকিম চৌধুরী, সমীর দাস, কায়সার আহমেদ, আলী আকবর, হাবিব আলী, রাহিদ, মাহবুবুল হক, শাখাওয়াত হোসাইন, ফেরদৌস আহমেদ, সাব্বির আহমেদ, জাহেদুল, বকুল আহমেদ, শফিকুল, শফিউর প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিটনের নতুন সেঞ্চুরিতে মুশফিকের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার কৃতিত্ব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


লিটনের নতুন সেঞ্চুরিতে মুশফিকের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার কৃতিত্ব

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য নতুন একটি ব্যক্তিগত অর্জন যুক্ত হলো লিটন দাসের নামের পাশে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করে উইকেটকিপার-ব্যাটার হিসেবে তিনি মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গেছেন। এটি লিটনের টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক, আর উইকেটকিপার হিসেবে সপ্তম।

ম্যাচের প্রথম ইনিংসে পেসার মার্কো ইয়ানসেনের শর্ট বল পুল করে সীমানাছাড়া করে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন লিটন। ১৭৯ বলের ইনিংসে ১৪টি চার ও একটি ছক্কার সাহায্যে তিনি ১২০ রান করেন। তার সেঞ্চুরির মাধ্যমে কিপার-ব্যাটার হিসেবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ শতকের মালিক হয়ে উঠেছেন লিটন।

এর আগে ছয়টি করে সেঞ্চুরি নিয়ে এই তালিকায় লিটনের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম। তবে তুলনামূলক কম ম্যাচ খেলেই সাবেক অধিনায়ককে পিছনে ফেলেছেন লিটন। উইকেটকিপার হিসেবে ৫৫ টেস্টে মুশফিকের সেঞ্চুরি ছয়টি, অন্যদিকে ৪৯ টেস্টে সাতটি শতক হাঁকিয়েছেন লিটন।

সেঞ্চুরির সংখ্যায় ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি রানসংগ্রহেও মুশফিককে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন লিটন। উইকেটকিপার-ব্যাটার হিসেবে মুশফিকের সংগ্রহ ৩ হাজার ৫১৫ রান, যেখানে লিটনের রান ৩ হাজার ১১৭। অর্থাৎ সাবেক অধিনায়কের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।

লিটনের অভিষেকের পর থেকে টেস্টে উইকেটকিপার-ব্যাটার হিসেবে তার চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন কেবল ভারতের রিশাভ পান্ত। ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর পান্তের শতকের সংখ্যা আটটি। অন্যদিকে ২০১৫ সালে সাদা পোশাকের ক্রিকেটে যাত্রা শুরু করা লিটনের উইকেটকিপার হিসেবে সেঞ্চুরি এখন সাতটি।

টেস্ট ইতিহাসে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্টের। তার নামের পাশে রয়েছে ১৭টি শতক। দ্বিতীয় স্থানে থাকা জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের সেঞ্চুরি ১২টি। আটটি করে শতক নিয়ে পরের অবস্থানে রয়েছেন রিশাভ পান্ত ও লিস আর্বার্ট জর্জ।

এছাড়া সাতটি করে সেঞ্চুরি রয়েছে লিটন দাস, এবি ডি ভিলিয়ার্স, ম্যাট প্রিয়র, কুমার সাঙ্গাকারা ও বিজে ওয়াটলিংয়ের। জোহানেসবার্গে লিটনের দুর্দান্ত ইনিংস তাই শুধু বাংলাদেশের ক্রিকেটে নয়, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের উইকেটকিপারদের তালিকাতেও তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%