শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:৪৯ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনা অত্যন্ত সফল হয়েছে। তিনি উল্লেখ করেছেন, দুই দেশের মধ্যে চলমান সব গুরুত্বপূর্ণ ইস্যুতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
ট্রাম্প ইউএস ন্যাশনাল আর্কাইভস পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। বৈঠকটি কীভাবে ফলপ্রসূ হয়েছে, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "সবকিছুই অর্জন হয়েছে। আমাদের একটি অসাধারণ বৈঠক হয়েছে, যা সবার জন্যই বেশ ইতিবাচক।" তবে তিনি কোন নির্দিষ্ট বিষয়ে সমঝোতা বা অগ্রগতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
কথোপকথনের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও চীনের দীর্ঘ ইতিহাসের তুলনা করতে গিয়ে ট্রাম্প বলেন, "আমরা দুই দেশের ইতিহাসের তুলনা করছিলাম। আমাদের ইতিহাস ২৫০ বছরের, যা নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। অন্যদিকে তাদের ইতিহাস প্রায় ৬ হাজার বছরের। তাই ৬ হাজার আর ২৫০ বছরের মধ্যে কিছুটা তো পার্থক্য রয়েছেই। তবে আমাদের ২৫০ বছরের ইতিহাস নিয়ে আমরা দারুণ গর্ববোধ করি।"
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গত ৪ জুলাই স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ২৫০ বছর পূর্তি উদযাপন করেছে। আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির মধ্যে, বিশ্ব দুই পরাশক্তির শীর্ষ নেতাদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সোনাগাজী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে একাধিক দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সোনাগাজী সমিতি, চট্টগ্রাম। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সোনাগাজীর যোগাযোগ, পানি নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং প্রশাসনিক অবকাঠামো উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উত্থাপন করা হয়।
সমিতির পক্ষ থেকে উত্থাপিত ৫ দফা দাবির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে- লালপুল ফ্লাইওভার নির্মাণ, মুছাপুর রেগুলেটর পুনর্র্নিমাণ, মঙ্গলকান্দি (ডাকবাংলা) ২০ শয্যাবিশিষ্ট বন্ধ হাসপাতাল চালু করা, কুঠিরহাটে একটি প্রশাসনিক থানা ও সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা এবং সোনাগাজী হাসপাতালকে আধুনিকীকরণ।
সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, সোনাগাজীর বিপুল জনগোষ্ঠীর দীর্ঘদিনের এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ প্রয়োজন। জনস্বার্থে দাবিগুলো বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা। সোনাগাজী সমিতি, চট্টগ্রামের নেতৃবৃন্দ জানান, এসব দাবি বাস্তবায়িত হলে সোনাগাজীর যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, প্রশাসনিক সুবিধা ও জননিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সহ-সভাপতি সাইফুল আলম। সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুলের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাজ্জাদুল হক, গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার তৌহিদ, আবু আহম্মদ মিঞা, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান, সমিতির নির্বাহী সদস্য মহিউদ্দিন হেলাল, মহিউদ্দিন মজনু প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : শুক্রবার ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্ত দিয়ে নদী পার হওয়ার সময় পাঁচজনের মৃত্যু ঘটে। এ তথ্যটি ক্রোয়েশিয়ার পুলিশ জানিয়েছে।
স্থানীয় লোকজন এবং পুলিশ সদস্যরা পাঁচজনকে উদ্ধার করতে সক্ষম হলেও, কুপা নদীতে আরও পাঁচজন ডুবে মারা যান। নদীটি ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে প্রায় ৯০ কিলোমিটার (৫৬ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, পুলিশ এক বিবৃতিতে জানায়, নিহত ও উদ্ধার হওয়া ব্যক্তিরা অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের জাতীয়তা বা পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নদী পার হওয়ার সময় দলটিতে প্রায় ২০ জন ছিলেন। তাদের মধ্যে ১৪ জন স্লোভেনিয়ার ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম হন।
পশ্চিম ইউরোপে যাওয়ার চেষ্টা করা অনিয়মিত অভিবাসীদের জন্য বলকান অঞ্চলের এই পথটি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়। ক্রোয়েশিয়া এই রুটের অন্যতম প্রধান ট্রানজিট দেশ।
ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এই পথে ১২ হাজার ৫০০-এর বেশি মানুষ যাতায়াত করেছেন। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ কম।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এই পথে যাত্রার সময় ৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী মন্তব্য করেছেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হওয়ার মূল কারণ হল প্রয়োজনীয় জ্বালানির উৎস নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা। তিনি দাবি করেছেন, এই সংকটের দায় বর্তমান সরকারের নয়, বরং আগের সরকারের।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আয়োজনে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আব্দুল বারী আরও বলেন, দেশে একাধিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও এসব কেন্দ্রে প্রয়োজনীয় জ্বালানি কোথা থেকে আসবে, সেই বিষয়ে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ খাতের এসব অপরিকল্পিত প্রকল্প ছিল আগের সরকারের অর্থ লুটপাটের পরিকল্পনার অংশ।
প্রতিমন্ত্রী মন্তব্য করেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় অন্তর্বর্তী সরকারও দায়িত্ব পালনকালে যথাযথভাবে পরিস্থিতি সামাল দিতে পারেনি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবেও জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় ব্রুনাই ও মালয়েশিয়াসহ নতুন উৎস থেকে জ্বালানি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশীয় গ্যাস ও জ্বালানি অনুসন্ধানে বাপেক্সকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।
সরকার দ্রুত সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, সরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উত্তরবঙ্গের আমশিল্পের উন্নয়ন, বরেন্দ্র অঞ্চলের পানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুশাসন নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
পরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার এক হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘ডেঙ্গু প্রতিরোধে আমরা সচেতন, আমরা প্রস্তুত’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজার ও ইউনিয়ন ভূমি অফিসের পুকুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (GETCA) প্রকল্প এবং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে, জাগোনারী ও ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ডেঙ্গু প্রতিরোধের জন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই পরিচ্ছন্নতা উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু সালেহ হাওলাদার, জাগোনারীর কো-অর্ডিনেটর মো. শাহীন, ডৌয়াতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. মহসিন, ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম রাজাসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও বাজার কমিটির প্রতিনিধিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ