মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৩৭ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত বাস্কেটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের প্যান্ট-জার্সি পরে মাঠে নামানোর মাধ্যমে ‘অসুন্দর পরিবেশ’ সৃষ্টি করছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে আইএবির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মন্তব্য করেন, "সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে অসুন্দর পরিবেশ সৃষ্টি করছে। সেখানে আবার সে গর্ব করে বলে, দেশের ইতিহাসে প্রথম পারছে। কত কায়দা! এই কায়দা কতদিন চলবে? এটা পরিবর্তনের জন্য আপনাদের ভেতরে ব্যথা আসে না? জজবা আসে না?"
তিনি আরও বলেন, "দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পার হয়ে গেছে। স্বাধীনতার জন্য মানুষ জীবন দিয়েছে, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করেছে। কিন্তু এখনো মানুষ প্রকৃত মুক্তি পায়নি। একই নীতিতে দেশ পরিচালিত হতে থাকলে স্বাধীনতার হীরকজয়ন্তী ও শতবর্ষও উদযাপন করা হতে পারে, কিন্তু তাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।"
ইসলামী আন্দোলনের আমির অভিযোগ করেন, "চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম, খুনসহ নানা ধরনের সামাজিক অনাচার দিন দিন বাড়ছে। এসব সামাজিক অনাচার দূর করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগণ বিভিন্ন দলকে ক্ষমতায় বসিয়ে দেখেছে। কিন্তু প্রচলিত নীতির মাধ্যমে কোনো দলই রাষ্ট্র ও সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি।"
তিনি আরও উল্লেখ করেন, "এ ছাড়াও নির্বাচনের আগে দেওয়া ইশতেহারের কথা পরে ভুলে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বয়স ১২৩ বছর অতিক্রম করেছে। শরীরের প্রতিটি অংশে বার্ধক্যের চিহ্ন স্পষ্ট। চলাফেরার শক্তি হারানো, কানে শুনতে সমস্যা, হাত দুটিও কাঁপছে; কিন্তু এই বয়সে চশমা ছাড়াই স্পষ্টভাবে কুরআন তিলাওয়াত করছেন প্রবীণ আব্বাস আলী প্রামাণিক।
ভোটার আইডি কার্ড অনুযায়ী, তার বয়স ১২৩ বছর। তবে পরিবারের দাবি, তার প্রকৃত বয়স আরও বেশি। দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় তিনি প্রত্যক্ষ করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। তার নাতি-নাতনির বয়সও ৬০ বছর ছাড়িয়েছে।
অবিশ্বাস্য মনে হলেও নাটোরের গুরুদাসপুরে এমন একটি জীবন্ত বিস্ময় দেখা গেছে। উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের বাসিন্দা আব্বাস আলী প্রামাণিক সারাজীবন ধর্মচর্চায় কাটিয়েছেন। অসুস্থতা বা বয়সের কারণে কখনো নামাজ ছাড়েননি এই সদাচারী ব্যক্তি।
পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন আব্বাস আলী। পাশাপাশি বিনামূল্যে কুরআন শিক্ষা দিয়ে বহু মানুষকে আলোকিত করেছেন। জীবনের একটি বড় অংশ তিনি মানুষের সেবায় ব্যয় করেছেন।
বর্তমান সময়ে যেখানে অনেকের দৃষ্টিশক্তি অল্প বয়সেই কমে যায়, সেখানে আব্বাস আলীর দৃষ্টিশক্তি এই বয়সেও অটুট থাকায় সবাই বিস্মিত। হাঁটাচলা তো দূরের কথা, যেখানে কিছুক্ষণ বসে থাকতেই কষ্ট হয়, সেখানে তিনি এখনো পরম মমতায় হাতে তুলে নেন পবিত্র কুরআন। একের পর এক পাতা উল্টে কোনো চশমা ছাড়াই তিলাওয়াত করে চলেন।
শতবর্ষী এই প্রবীণের জীবন অতিবাহিত হয়েছে অত্যন্ত সাদামাটাভাবে। তিনি কখনো যানবাহনে চড়েননি, পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছেছেন। একসময় সংসারে সচ্ছলতা থাকলেও সময়ের পরিক্রমায় এখন তার দিন কাটছে একটি ভাঙা ঘরে। তবে ছেলে, মেয়ে, নাতি ও নাতবউদের সেবা পাওয়ার সৌভাগ্য হয়েছে তার।
আব্বাস আলী ছয় ছেলে ও দুই মেয়েকে মানুষ করে বিয়ে দিয়েছেন। মেয়েরাও সময় পেলেই বাবাকে দেখতে আসেন।
স্থানীয়দের প্রত্যাশা, আব্বাস প্রামাণিকের শারীরিক অবস্থা বিবেচনায় স্থানীয় প্রশাসন তার জন্য একটি ভালো ঘর ও চিকিৎসার ব্যবস্থা করবে।
জীবনের শেষপ্রান্তে এসেও কুরআনের আলোয় আলোকিত আব্বাস আলী প্রামাণিক ধর্মীয় অনুশাসন পালনে অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। এলাকাবাসী প্রার্থনা করেন, তিনি আরও দীর্ঘ সময় সুস্থভাবে বেঁচে থাকবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির জন্য বিদ্যমান লটারি পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা পুনর্বহালের জন্য ময়মনসিংহে মানববন্ধন করেছেন কয়েকশ অভিভাবক ও শিক্ষার্থী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘লটারি নয়, মেধার ভিত্তিতেই ভর্তি পরীক্ষা চাই’—এমন দাবি তুলে ধরেন।
সম্প্রতি সরকারি বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে মাউশির প্রস্তাবিত খসড়া সিদ্ধান্তের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। অভিভাবকদের দাবি, লটারির মাধ্যমে ভর্তি হলে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ থাকে না।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থী বছরের পর বছর পড়াশোনা ও প্রস্তুতি নেওয়ার পর শুধুমাত্র লটারির মাধ্যমে বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া বা না-পাওয়ার বিষয়টি অনেকটা ভাগ্যনির্ভর হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের সুযোগ সীমিত হয় বলেও তারা দাবি করেন।
অভিভাবকদের আরও দাবি, ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাই করা হলে প্রতিযোগিতামূলক পড়াশোনায় তাদের আগ্রহ বাড়বে। তাই সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে আগের মতো ভর্তি পরীক্ষা চালুর দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, মেধার মূল্যায়নের সুযোগ নিশ্চিত করেই ভর্তি প্রক্রিয়া নির্ধারণ করা উচিত। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিভাবক ও শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার পদ্ধতি পুনর্বহাল করে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন ২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের ভেন্যু ও অন্যান্য প্রস্তুতি পরিদর্শন করতে আগামী ১ অক্টোবর ঢাকায় আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলটি বাংলাদেশের তিনটি ক্রিকেট ভেন্যু পরিদর্শন করবে।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গণমাধ্যমকে জানিয়েছে, আইসিসির প্রতিনিধিরা আগামী ২ ও ৩ অক্টোবর ভেন্যুগুলো সরেজমিনে পরিদর্শন করবেন। এই পরিদর্শনের সময় মাঠের অবস্থা, ড্রেসিংরুম, প্রয়োজনীয় অবকাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধা খতিয়ে দেখা হবে।
আইসিসির দলটি বাংলাদেশের আগে নেপালের প্রস্তুতিও পরিদর্শন করেছে। গত ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুতে বিশ্বকাপের জন্য নির্ধারিত ভেন্যুগুলো তারা ঘুরে দেখেছেন।
২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ১৬টি দল। স্বাগতিক হিসেবে বাংলাদেশ ও নেপাল সরাসরি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে।
আইসিসির পরিদর্শন ও মূল্যায়নের পর বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য চূড়ান্ত ভেন্যু নির্ধারণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সম্প্রসারণ প্রকল্পের ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে তলব করেছে।
এই তথ্য আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বাসস’কে জানিয়েছেন।
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে যে, তাকে আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে হবে।
নোটিশে আরও জানানো হয়, ২০২৫ সালের ২৭ জানুয়ারি দায়ের করা মামলাটি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর মামলা নং-৮৩। তদন্তের জন্য মাহমুদুল হাসান শুভ্রকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং সাক্ষ্য-স্মারক দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, তারিক সিদ্দিকসহ অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা (থার্ড টার্মিনাল) সম্প্রসারণ প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
এছাড়া, সুষ্ঠু তদন্তের স্বার্থে তারিক সিদ্দিকের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে, আজ তারিক সিদ্দিকের ঠিকানায় গিয়ে তাকে পাওয়া যায়নি বলে নোটিশের অনুলিপিতে উল্লেখ করা হয়েছে। সেখানে সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র ও বাসার নিরাপত্তাকর্মী মো. সাইফুল ইসলামের উপস্থিতিতে লটকিয়ে জারি করার কথাও উল্লেখ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ