০৪:২৫ পি.এম
ভারতের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছে ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট ১২টি পুরস্কার অর্জন করেছে। ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন রণবীর সিং। অন্যদিকে, ‘সাইয়ারা’ ছবির সুবাদে সেরা অভিনেত্রী হয়েছেন আনীত পাড্ডা। গতকাল শনিবার আইফার আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এবারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
১২ পুরস্কারে এগিয়ে ‘ধুরন্ধর’
আইফার এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘ধুরন্ধর’। ছবিটির পরিচালক আদিত্য ধর পেয়েছেন সেরা পরিচালকের স্বীকৃতি। এতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সঞ্জয় দত্ত। নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন অক্ষয় খান্না।
আরও পড়ুন: মাইক টাইসনের ধর্ষণ মামলা নিয়ে নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্রে বিতর্ক
পরিচালনার পাশাপাশি ছবিটির মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনার জন্যও পুরস্কার পেয়েছেন আদিত্য ধর। সংগীত পরিচালনায় সেরা হয়েছেন শাশ্বত সচদেব। চিত্রগ্রহণের জন্য পুরস্কার পেয়েছেন বিকাশ নওলাখা। সম্পাদনায় শিবকুমার ভি পানিকার এবং শব্দ পরিকল্পনায় বিশ্বদীপ চট্টোপাধ্যায় পেয়েছেন স্বীকৃতি। অভিনয়, নির্মাণ ও কারিগরি—বিভিন্ন বিভাগ মিলিয়ে ছবিটির ঝুলিতে গেছে মোট ১২টি পুরস্কার।
‘সাইয়ারা’ দিয়ে বাজিমাত আনীত ও আহানের
মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনীত পাড্ডা। একই ছবির মাধ্যমে সেরা নবাগত অভিনেতার স্বীকৃতি অর্জন করেছেন আহান পান্ডে।
সংগীত বিভাগেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ছবিটি। সেরা গীতিকারের পুরস্কার জিতেছেন ইরশাদ কামিল। সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হয়েছেন ফাহিম আবদুল্লাহ। আর সেরা নারী প্লেব্যাক গায়কের পুরস্কার উঠেছে শ্রেয়া ঘোষালের হাতে।
আরও পড়ুন: বাংলাদেশে আর বিনিয়োগ করবেন না সালমান মুক্তাদির
এদিকে ‘আজাদ’ ছবিতে অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রাশা থাদানি। ‘জলি এলএলবি ৩’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন হুমা কুরেশি।
ওটিটি বিভাগে আরিয়ান খানের সিরিজের সাফল্য
ডিজিটাল বিভাগে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে আরিয়ান খানের পরিচালনায় অভিষেক হওয়া সিরিজ ‘দ্য ব্যা***স অব বলিউড’। সেরা সিরিজসহ মোট চারটি পুরস্কার জিতেছে এটি। সিরিজটির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আরিয়ান খান। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন রাঘব জুয়াল। সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন অনন্যা সিং। এ ছাড়া সিরিজটির টাইটেল ট্র্যাকও পুরস্কার জিতেছে।
ওয়েব সিরিজ ‘পাতাল লোক ২’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন জয়দীপ আহলাওয়াত। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিলোত্তমা সোম। সিরিজটি জিতেছে সেরা মৌলিক গল্পের পুরস্কারও।
আরও পড়ুন: ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা অনুজ ঠাকুর
তথ্যচিত্র বিভাগে সেরা হয়েছে ‘দ্য রোশানস’। অন্যদিকে সেরা রিয়েলিটি বা নন-স্ক্রিপ্টেড শোর পুরস্কার পেয়েছে ‘দ্য ট্রেইটরস’।
ডিজিটাল চলচ্চিত্রেও একাধিক স্বীকৃতি
ডিজিটাল চলচ্চিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘বারামুল্লা’। সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও পেয়েছে ছবিটি। ‘স্টোলেন’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন করণ তেজপাল। একই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘মিসেস’ ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সানিয়া মালহোত্রা।
আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সেরা ছবির স্বীকৃতি পেয়েছে জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।
আরও পড়ুন: অ্যান হ্যাথাওয়ের ‘ভেরিটি’ সিনেমা পেছনে ফেলেছে স্পাইডারম্যানকে
কারিগরি বিভাগে ‘ছাওয়া’র সাফল্য
কারিগরি বিভাগেও একাধিক পুরস্কার জিতেছে ‘ছাওয়া’। ছবিটির আবহসংগীতের জন্য পুরস্কার পেয়েছেন এ আর রহমান। সেরা সাউন্ড মিক্সিং বিভাগে স্বীকৃতি পেয়েছেন অলোক দে। আর সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কার জিতেছে অ্যাসেমব্লেজ এন্টারটেইনমেন্ট ও রিডিফাইন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন: সালমান মুক্তাদিরের বাংলাদেশে বিনিয়োগ না করার সিদ্ধান্ত, স্টুডিও ভাঙচুরের পর অসন্তোষ প্রকাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন