০৩:৪৫ পি.এম
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে আনসার সদস্যরা শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে সমবেত হন। এরপর তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেন।
ফরিদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে সিআরবি'র বার্ষিক বনভোজন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে- ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সিবাজার, তালমা, সদরপুর ও চরভদ্রাসন পয়েন্ট। এছাড়া শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও তারা দায়িত্ব পালন করছেন।
জেলা কমান্ডার আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে নিয়মিত টহল পরিচালনা করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন