০১:২৬ পি.এম
নিষেধাজ্ঞা, বিভিন্ন প্রতিবন্ধকতা এমনকি বোমা হামলার হুমকিও জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝকে দমাতে পারেনি। তিনি ভারতের ইন্দৌরে মঞ্চে উঠেছেন সকল প্রতিকূলতা উপেক্ষা করে। গান পরিবেশনের পাশাপাশি, নিজের চারটি জনপ্রিয় গান পরিবেশন করে নিষেধাজ্ঞার প্রতিবাদও করেছেন ভিন্নভাবে। মঞ্চে দাঁড়িয়ে বিখ্যাত উর্দু কবি রাহাত ইন্দোরির কবিতার পঙ্ক্তি আবৃত্তি করেছেন, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর অংশ হিসেবে ইন্দৌরে কনসার্ট করেন দিলজিৎ। তবে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই একের পর এক বাধার সম্মুখীন হন তিনি। মদ্যপান, মাদক ও সহিংসতাকে উৎসাহিত করার অভিযোগে জেলা শিশু সুরক্ষা দপ্তর তার চারটি জনপ্রিয় গান পরিবেশনে নিষেধাজ্ঞা জারি করে। গানগুলো হলো ‘পাতিয়ালা পেগ’, ‘৫ তারা’, ‘জেব বিচো আফিম’ ও ‘জাট উঠা ফায়ার করদা’।
দপ্তরের উদ্বেগ ছিল, কনসার্টে পাঁচ বছরের বেশি বয়সি শিশুরা উপস্থিত থাকতে পারে। এর ফলে গানগুলোর কথাগুলো তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চণ্ডীগড়ের অধ্যাপক পুণ্ডিত্রাও ধরণেভারের অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়। এ সময় ২০১৯ সালের ২২ জুলাই পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি নির্দেশনার কথাও উল্লেখ করা হয়, যেখানে মাদক ও সহিংসতাকে উৎসাহিত করে এমন গান সরাসরি অনুষ্ঠানে পরিবেশন না করার কথা বলা হয়েছিল।
আরও পড়ুন: হত্যাচেষ্টা মামলায় শিল্পী মমতাজসহ গ্রেফতার দুজন, তদন্ত চলছে
এতসব বাধার মধ্যেও কনসার্ট বাতিল করেননি দিলজিৎ। বরং মঞ্চে উঠে দর্শকদের সঙ্গে ‘জয় শ্রী মহাকাল’ ধ্বনি দেন তিনি। এরপর উপস্থিত দর্শকদের উদ্দেশে বলেন, ‘এটা মহাকালের ভূমি। এখানে আসতে আমাকে কেউ আটকাতে পারবে না। আগেও ভয় পাইনি, আজও ভয় পাচ্ছি না। আর তোমাদের ভয় পাওয়ারও কোনো কারণ নেই। তোমাদের শক্তিতেই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি।’
ইন্দৌরে পৌঁছানোর পথে বাধার সম্মুখীন হয়েছেন বলে জানান এই সংগীতশিল্পী। তার ভাষ্যমতে, তাকে সেখানে আসতে বাধা দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে। তবে কাউকে একবার কথা দিলে তিনি কখনো পিছিয়ে আসেন না। সব প্রতিকূলতা অতিক্রম করে দর্শকদের সামনে উপস্থিত হতে পারা তার কাছে বড় সন্তুষ্টির বিষয়।
এরপর চারটি গান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে মঞ্চেই নিজের অসন্তোষ প্রকাশ করেন গায়ক। কটাক্ষের সুরে বলেন, ‘এই গান গাওয়া যাবে না, ওই গান গাওয়া যাবে না! এটা করা যাবে না, ওটা করা যাবে না।’ এরপরই রাহাত ইন্দোরির কবিতার কয়েকটি পঙ্ক্তি আবৃত্তি করেন তিনি।
কবিতার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে দিলজিৎ জানান, তার মুখ থেকে যা বের হয়, সেটিই তার সত্য। অন্যের ভাষায় কথা বলার দায় তার নেই। কেউ বিরোধিতা করলে করুক, এতে ভয় পাওয়ার কিছু নেই। দেশের মাটিতে সবার রক্ত মিশে রয়েছে, তাই ভারত কারও একার সম্পত্তি হতে পারে না।
আরও পড়ুন: আট বছর পর ফিরেই অস্কারে ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়?
বিশেষ করে কবিতার শেষ পঙ্ক্তি ‘কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়’ দর্শকদের নজর কাড়ে। যার অর্থ, হিন্দুস্তান কারও একার সম্পত্তি নয়। অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে এই পঙ্ক্তি আবৃত্তির মাধ্যমে নিজের প্রতিবাদী অবস্থান তুলে ধরেন গায়ক। পরে সেই মুহূর্তের ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।
এদিকে কনসার্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগও তৈরি হয়েছিল। দিলজিতের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইন্দৌরের মেয়রের দপ্তর, তিনটি ব্যাংক ও তিনটি বেসরকারি স্কুলে ইমেইল পাঠানো হয়। তবে তদন্তের পর পুলিশ প্রাথমিকভাবে এসব হুমকিকে ভুয়া বলে মনে করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন