ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

পবার এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সহায়তা প্রদান


পবার এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সহায়তা প্রদান

এতিম শিশুদের জন্য খাদ্য, শিক্ষা ও চিকিৎসার ব্যয় অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায়। মৌলিক চাহিদাগুলো পূরণে রাজশাহীর পবা উপজেলার ১২১ জন এতিম শিশুর পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা গ্লোবাল ওয়ান বাংলাদেশ। সংস্থাটির ‘অরফানকেয়ার প্রজেক্ট’-এর আওতায় শিশুদের খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ত্রৈমাসিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমপি অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি মন্তব্য করেন, গ্লোবাল ওয়ান বাংলাদেশ রাজশাহী অঞ্চলে নারী, শিশু, প্রবীণ ও সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পবা উপজেলার ১২১ জন এতিম শিশুর খাদ্য ও মৌলিক চাহিদা পূরণের জন্য সংস্থাটির এই উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর এমন মানবিক কার্যক্রম সমাজের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও উৎসাহিত করবে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

এমপি মিলন বলেন, পরিবারের চরম সংকটের মধ্যেও মা ও বোনেরা এতিম সন্তানদের বাঁচিয়ে রাখতে সবচেয়ে বেশি সংগ্রাম করেন। তাঁদের আত্মত্যাগের কোনো তুলনা হয় না। তাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া অনুদান ও সহায়তার সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে শিশুদের যত্নের সঙ্গে গড়ে তুলতে হবে। তাদের শিক্ষা, পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতের জন্য যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব সকলের। সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের সুরক্ষা এবং জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের পরিধি বাড়ানো জরুরি। শুধু পবা উপজেলায় সীমাবদ্ধ না রেখে পর্যায়ক্রমে পুরো রাজশাহী জেলায় এসব কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দাতব্য প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব কর্মসূচির আওতায় আনতে হবে। এতে সহায়তার সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় একটি স্বাবলম্বী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ওয়ানের বোর্ড ডিরেক্টর আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন এবং গ্লোবাল ওয়ান বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মো. রমজান আলী। অনুষ্ঠানে ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তৃতীয় ত্রৈমাসিকের খাদ্য ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় প্রত্যেক শিশুর পড়াশোনার খরচ মেটাতে ১ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি শিশুর পরিবারের জন্য ২৫ কেজি চাল, ৩ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, ৩ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, দেড় কেজি লবণ, ৩ কেজি চিনি, ৫০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম হরলিক্স ও দুই বক্স বিস্কুট প্রদান করা হয়। এ ছাড়া শিশুদের হাতে ছয়টি করে খাতা, ছয়টি কলম, এক প্যাকেট রঙিন পেনসিল, তিনটি গোসলের সাবান ও তিনটি কাপড় কাচার সাবান তুলে দেওয়া হয়। অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে শিশুদের বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়।

গ্লোবাল ওয়ান বাংলাদেশ জানায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং নিরাপদ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। শিশুদের নিয়মিত পড়াশোনা অব্যাহত রাখা এবং তাদের জীবনমান উন্নয়নে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সহায়তা বিতরণ শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুরা আনন্দঘন পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

আরও পড়ুন: নেত্রকোণায় রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বিমানবন্দরের দেয়াল ঘেঁষে দুই গ্রেনেড, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


রাজশাহী বিমানবন্দরের দেয়াল ঘেঁষে দুই গ্রেনেড, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

রাজশাহী শাহমখদুম বিমানবন্দরের বাউন্ডারি সংলগ্ন স্থানে দুটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড উদ্ধার হওয়ার পর নগরীর গুরুত্বপূর্ণ সব স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

১০ নভেম্বর বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রবেশমুখের ডানদিকে ফুলগাছের মধ্যে একজন পথচারী গ্রেনেড সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে আরএমপির বায়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে ফোন করেন। এএসআই পলাশ তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানার ওসি রবিউল ইসলামকে বিষয়টি জানান। নিরাপত্তার প্রয়োজনে শাহমখদুম বিমানবন্দরের প্রধান প্রবেশ ফটকটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। এই ঘটনায় বিমানবন্দরের ভেতরে অবস্থানকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, ঘটনার কিছুক্ষণ আগে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার সফরসঙ্গী কর্মকর্তারা ঢাকা থেকে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করেন। কিছু সময় অপেক্ষার পর বিকল্প পথে মন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিরাপদে বিমানবন্দর থেকে বের করে নেওয়া হয়। ওইদিন বিকালে বোমা নিষ্ক্রিয়করণ টিম রাজশাহীর পবা উপজেলার পাকুড়িয়া বিলের মধ্যে নিয়ে উদ্ধারকৃত দুটি গ্রেনেড নিষ্ক্রিয় করে। বোমা নিষ্ক্রিয়করণ টিম পরে ফরেনসিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে।

বিমানবন্দরের মতো কেপিআই বা স্পর্শকাতর স্থাপনার এলাকায় গ্রেনেডের মতো বিধ্বংসী অস্ত্র উদ্ধারের ঘটনার চারদিন পরেও পুলিশ জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি। গ্রেনেডগুলো বিমানবন্দরের দেয়াল ঘেঁষা ফুলবাগানে কারা রেখেছিল, তা শনাক্ত হয়নি। রাজশাহী-নওগাঁ মহাসড়ক সংলগ্ন অকুস্থলটির আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার খোঁজ করছে পুলিশ। তবে ঘটনাস্থলটি রাজশাহী মহানগরীতে প্রবেশের অন্যতম দ্বার হলেও জায়গাটি সিসিটিভির আওতায় ছিল না বলে জানা গেছে। বিমানবন্দরের পার্শ্ববর্তী ব্যস্ত মহাসড়কটি দিয়ে দিনরাত বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে থাকে। এই সুযোগে নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য কেউ গ্রেনেডগুলো বিমানবন্দরের দেয়ালের বাইরে ফুলগাছের ভেতরে রেখেছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

ঘটনার দিন রাতে বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ হাকাম বাদী হয়ে আরএমপির এয়ারপোর্ট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। যদিও এই মামলায় কাউকে আসামি করা হয়নি।

এজাহারে বলা হয়েছে, আসামিরা অজ্ঞাত। মামলাটি তদন্ত করছেন আরএমপির এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুল ইসলাম, যিনি গত শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তদন্তের অগ্রগতি সম্পর্কে তদন্ত কর্মকর্তা জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের একজন নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন। তিনি আরও বলেন, ঘটনাস্থল মহাসড়ক সংলগ্ন বিমানবন্দরের দেয়াল ঘেঁষা ফুলগাছের মধ্যে অবস্থিত। বিমানবন্দরের পশ্চিম প্রান্তে মহাসড়কের বিপরীতে ছোটখাটো কিছু দোকান রয়েছে। সেগুলোতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আবার বিমানবন্দরের ভেতরে সিকিউরিটি তল্লাশি ফটকের ওপরে সিসি ক্যামেরা থাকলেও সেটি থেকে ঘটনাস্থলের স্পষ্ট কোনো ভিডিওচিত্র পাওয়া যাচ্ছে না। ঘটনাটি স্পর্শকাতর বিধায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ফরেনসিক প্রতিবেদন পেলে বোঝা যাবে গ্রেনেডগুলোর বিধ্বংসী ক্ষমতা কতটা ছিল। আমরা সবদিক খতিয়ে দেখছি।

রাজশাহী শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক (উপপরিচালক পদমর্যাদার) যোগেশ চন্দ্র সরকার জানান, বিমানবন্দরের বহিরাঙ্গন তথা সন্নিহিত এলাকার সার্বিক নিরাপত্তায় আর্মড পুলিশ বা এপিবিএনের সদস্যরা সবসময় নিয়োজিত থাকেন। বিমানবন্দরের বাউন্ডারি দেয়াল ঘেঁষে ফুলবাগান রয়েছে। গ্রেনেড দুটি ফুলগাছের ভেতরে কে বা কারা রেখেছিল, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই বের করবে বলে আশা করছি। বিমানবন্দর ঘিরে কোনো মহলের বড় কোনো নাশকতার ছক ছিল কিনা, তদন্ত শেষে হয়তো জানা যাবে। ঘটনার পর থেকে বিমানবন্দরের বাইরে ও ভেতরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির শনিবার দুপুরে জানান, উদ্ধার হওয়া গ্রেনেডগুলোর গায়ে কোনো কিছু লেখা বা মার্কার ছিল না। ফলে বোঝা যাচ্ছে না সেগুলো কোন দেশের তৈরি। তদন্ত চলছে এবং জানার চেষ্টা করা হচ্ছে কীভাবে বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনার কাছে গ্রেনেড রাখা হয়েছিল। বিভিন্নভাবে ঘটনাটি তদন্ত হচ্ছে। পাশাপাশি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনার নিরাপত্তাব্যবস্থায় যাতে কোনো ত্রুটি না থাকে, সেটি খুঁজে দেখা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নগরীর বিভিন্ন প্রবেশদ্বার এবং জনাকীর্ণ চলাচলের পথগুলোতে নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। আশা করি, এতে আগামীতে নগরীতে অপরাধী শনাক্ত ও অপরাধ প্রতিরোধ সহজ হবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগেও রাজশাহী মহানগরীর অধিকাংশ সড়ক, ইন্টারসেকশন ও প্রবেশদ্বারে চার শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। ছিল উচ্চক্ষমতার সাইবার সেন্টার ও প্রশিক্ষিত জনবল। সাইবার সেন্টার থেকে চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণ করা হতো গোটা নগরীর পথঘাটসহ গুরুত্বপূর্ণ সব এলাকা। কিন্তু প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এবং জুলাই গণআন্দোলনের সময় আরএমপির অধিকাংশ থানা আক্রান্ত হয়। পাশাপাশি সড়কে ও মোড়ে মোড়ে স্থাপিত সিসি ক্যামেরা নেটওয়ার্কগুলো ক্ষতিগ্রস্ত হয়। রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে পুনরায় নগরীজুড়ে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেটলাইফ ফাউন্ডেশন ও ডিসিএফ প্রকাশ করল দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য বাংলা ব্রেইল বই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


মেটলাইফ ফাউন্ডেশন ও ডিসিএফ প্রকাশ করল দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য বাংলা ব্রেইল বই

মেটলাইফ ফাউন্ডেশন, ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ)-এর সহযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য দুটি বাংলা ব্রেইল বই প্রকাশ করেছে, যা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

২০০৫ সালে প্রতিষ্ঠিত ডিসিএফ প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি পড়ার উপকরণকে আরও সহজলভ্য করার জন্য একটি ব্রেইল প্রিন্টিং প্রেস পরিচালনা করে।

দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য ব্রেইল বইয়ের সহজলভ্যতা তাদের স্বাধীনভাবে পড়া, শেখা এবং সাহিত্য অন্বেষণের সুযোগ তৈরি করতে পারে। সহজে ব্যবহারযোগ্য পাঠ্যসামগ্রীর পরিধি বৃদ্ধি পেলে তা সাক্ষরতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের বরেণ্য লেখকদের সৃষ্টিসহ বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের সঙ্গে আরও বেশি শিশুকে পরিচিত হওয়ার সুযোগ করে দেবে।

প্রকাশিত বই দুটি হলো ‘নির্বাচিত রূপকথা’ এবং ‘কাজী নজরুল ইসলামের কবিতা’। বইগুলো বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরি, স্কুল ও প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। এর ফলে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা মানসম্মত পাঠ্যসামগ্রী পড়ার পাশাপাশি দেশের খ্যাতিমান সাহিত্যিকদের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম উপভোগ করার সুযোগ পাবে।

এই অংশীদারিত্বের আওতায় মেটলাইফ ফাউন্ডেশন দৃষ্টি প্রতিবন্ধী তরুণদের জন্য একটি দক্ষতা উন্নয়ন কর্মসূচিতেও সহায়তা করছে। এর উদ্দেশ্য হলো তাদের এমন প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা, যা ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভূমিকা রাখতে পারে।

ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাসরিন জাহান মন্তব্য করেন, “প্রতিটি শিশুরই পড়া ও শেখার আনন্দ উপভোগ করার সুযোগ থাকা উচিত। মেটলাইফ ফাউন্ডেশনের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা ব্রেইল বইয়ের সহজলভ্যতা বাড়াচ্ছি এবং দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের সঙ্গে আরও স্বাধীনভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করছি।”

এ উদ্যোগ সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের সঙ্গে মেটলাইফ ফাউন্ডেশনের এই অংশীদারিত্ব দৃষ্টি প্রতিবন্ধী শিশু ও তরুণদের পাঠ্যসামগ্রী ব্যবহারের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বপ্ন ও লক্ষ্য অনুসরণে সহায়তা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি ব্যবহার করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


ইরান জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি ব্যবহার করছে

যুক্তরাষ্ট্রের কাছ থেকে জব্দ করা অস্ত্র এবং সামরিক সরঞ্জামের প্রযুক্তি বিশ্লেষণ করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছে ইরান। দেশটির সামরিক বিশেষজ্ঞরা এসব অস্ত্রের নকশা ও প্রযুক্তি ব্যবহার করে নতুন অস্ত্রব্যবস্থা উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছেন।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি এই তথ্য জানিয়েছেন। আলজাজিরা সংবাদমাধ্যমের বরাতে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এ খবর প্রকাশ করেছে।

রাশিয়ার সংবাদ সংস্থা নোভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল বালালি উল্লেখ করেন, জব্দ করা মার্কিন অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পর্যালোচনা করে সেগুলোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করছেন ইরানি বিশেষজ্ঞরা।

তিনি বলেন, এসব সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্য কেবল সেগুলোর অনুরূপ অস্ত্র তৈরি করা নয়। বরং এগুলোর অভ্যন্তরীণ কাঠামো, নকশা এবং ব্যবহৃত প্রযুক্তি থেকে সুবিধা নেওয়াই তাঁদের মূল লক্ষ্য।

বালালি আরো জানান, এসব সামরিক সরঞ্জাম বিশ্লেষণের মাধ্যমে ইরানি বিশেষজ্ঞরা নতুন ধারণা ও অস্ত্রের নকশা উদ্ভাবনের চেষ্টা করছেন। এসব উদ্ভাবন ইরানের নিজস্ব প্রয়োজন ও প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তৈরি করা হবে।

তার ভাষ্য অনুযায়ী, জব্দ করা মার্কিন সামরিক সরঞ্জামের প্রযুক্তিগত বিশ্লেষণ ইরানের নিজস্ব অস্ত্রব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে প্রস্তুতি সম্পন্ন করতে হবে: বিমানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে প্রস্তুতি সম্পন্ন করতে হবে: বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে, এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুকরণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেন মন্ত্রী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভায় আরও উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক) গিয়াস উদ্দিন।

সভায় তৃতীয় টার্মিনাল চালুকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণে এসব বিষয়ে উন্মুক্ত মতবিনিময় এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুকরণ বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। আজ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে একটি ফলপ্রসূ সভা অনুষ্ঠিত হয়েছে। টার্মিনালটি চালুর ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্ধারিত সময়ে টার্মিনাল-৩-এর কার্যক্রম শুরু নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আপনাদের সবার দীর্ঘদিনের নিরলস কর্মপ্রচেষ্টার ফলেই আজ আমরা টার্মিনালটি চালুর পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছি।

মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন (Arrival) ও দুটি বহির্গমন (Departure) ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সব অংশীজনের সমন্বিত প্রচেষ্টা, আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল চালুকরণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিবসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%