০২:৪৩ পি.এম
জার্মানির একটি আদালত ইসরাইলকে নাৎসি শাসনের সঙ্গে তুলনা করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার পক্ষে নয় বলে রায় দিয়েছেন। এই বিষয়টি আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যা দেশটির আইনবিষয়ক ওয়েবসাইট বেক অনলাইনের বরাতে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একাধিক পোস্টে এক নারী ইসরাইলের কর্মকাণ্ডকে নাৎসি শাসনের পদ্ধতির সঙ্গে তুলনা করেন। ওই পোস্টগুলোতে তিনি নাৎসি স্বস্তিকা ও নাৎসি পার্টির পতাকার ছবিও ব্যবহার করেছিলেন।
এ নিয়ে দায়ের করা একটি মামলায় সম্প্রতি দক্ষিণ-পশ্চিম জার্মানির জাইব্রুকেন শহরের উচ্চতর আঞ্চলিক আদালত বাকস্বাধীনতার অধিকারকে অগ্রাধিকার দিয়ে ওই নারীকে সব অভিযোগ থেকে খালাস দেন।
আরও পড়ুন: ১৬ বছর যারা দেশের সম্পদ লুটপাট করেছে, তারা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে : স্পিকার
আদালত বলেন, যদি কেউ ইসরাইল রাষ্ট্রের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করার উদ্দেশ্যে এসব প্রতীক ব্যবহার করে এবং একই সঙ্গে নাৎসি যুগের অন্যায়-অবিচার থেকে নিজেকে স্পষ্টভাবে দূরে রাখতে পারে বা নিন্দা জানান, তবে অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অপরাধ প্রযোজ্য হবে না।
ওই নারীর একটি পোস্টে নাৎসি জার্মানির কর্মকাণ্ডের সঙ্গে মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরাইলের পদক্ষেপের তুলনামূলক একটি তালিকা ছিল। তালিকার মধ্যে ইসরাইলের জাতীয় পতাকা ও নাৎসি পার্টির পতাকার পাশাপাশি একটি বিভক্ত ছবি যুক্ত করা হয়েছিল।
অন্য একটি পোস্টে ডেভিডের তারকার ভেতরে একটি নাৎসি স্বস্তিকা চিহ্নও দেখা যায়। এছাড়া সেখানে সৈন্যদের গুলি চালানোর দৃশ্য এবং দেয়ালের নিচ দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার চিত্রের প্রকাশ ছিল। পোস্টটিতে #FreePalestine ও #GazaUnderAttack হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছিল।
এর আগে লুডভিগসহাফেনের একটি নিম্ন আদালত অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগে ওই নারীকে ২ হাজার ৪০০ ইউরো জরিমানা করেছিলেন। তবে আপিলের পর জাইব্রুকেনের আদালত সেই রায় বাতিল করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অপরাধের ব্যাখ্যা অতিরিক্ত বিস্তৃত করা উচিত নয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী: একাত্তরে জনগণকে ধোঁকা, এখন ২৪ নিয়ে প্রতারণা করছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন