ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে বিএনপির দুই নেতাকে শোকজ, ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ


নারায়ণগঞ্জে বিএনপির দুই নেতাকে শোকজ, ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ

নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সই করা নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

শোকজপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাত।

আরও পড়ুন: নতুন উদ্যোগে বদলে যাচ্ছে বাহাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৬ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের কক্ষে প্রবেশ করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাত এবং জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়নসহ আরও পাঁচ থেকে ছয়জন তার সঙ্গে অশোভন আচরণ করেন।

নোটিশে দাবি করা হয়েছে যে, অভিযুক্ত ব্যক্তিরা সাখাওয়াত হোসেন খানকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করেন। যখন তাদের এই আচরণের কারণ জানতে চাওয়া হয়, তখন তারা মারমুখী হয়ে ওঠেন।

এছাড়া ঘটনার দিন অনলাইন গণমাধ্যমে অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান দাবি করেন যে, তারা সাখাওয়াত হোসেন খানকে দুই ঘণ্টা আটকে রেখেছিলেন এবং পরে ক্ষমা চেয়ে চলে যান। নোটিশে আনোয়ার প্রধানের এই বক্তব্যকে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, ঘটনার পর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে সাখাওয়াত হোসেন খানের কাছে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারা সেই আহ্বানে সাড়া দেননি। পাশাপাশি তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকা, কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করা এবং দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও আনা হয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত

নোটিশে অভিযোগ করা হয়েছে যে, গত ২৫ আগস্ট নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অ্যাডভোকেট সুমন মিয়াকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দেওয়ার পর তার দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হয়। এমনকি তার সরকারি চেম্বার প্রায় দেড় মাস ধরে তালাবদ্ধ রাখা এবং তাকে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উল্লেখ করা হয়েছে।

শোকজপ্রাপ্ত নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান বলেন, "আমাকে হোয়াটসঅ্যাপে শোকজ পাঠানো হয়েছে। কিন্তু আমাকে অফিশিয়ালি কোনো চিঠি দেওয়া হয়নি। আমি হোয়াটসঅ্যাপেই শোকজের জবাব দেব।"

মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, "অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মহানগর বিএনপির আহ্বায়ক। তার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা কোনোভাবেই বরদাশত করা যাবে না। দলের নিয়ম অনুযায়ী শোকজ করা হয়েছে। শোকজের জবাব না দিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ছাত্রদল নেতা দেওয়ান ফয়সালের স্ত্রীর মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের সতর্কবার্তা: বিশ্বজুড়ে তীব্র হচ্ছে এল নিনো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


জাতিসংঘের সতর্কবার্তা: বিশ্বজুড়ে তীব্র হচ্ছে এল নিনো

এল নিনো আবহাওয়াগত অবস্থা বিশ্বজুড়ে তীব্র হয়ে উঠছে। জাতিসংঘের বৈশ্বিক আবহাওয়া সংস্থা ডব্লিউএমও সতর্কবার্তা দিয়েছে যে, এর ফলে বৈশ্বিক আবহাওয়ার ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

বৃহস্পতিবার ডব্লিউএমও একটি বিবৃতিতে জানিয়েছে, এল নিনো ডিসেম্বরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আগে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এবারের এল নিনো ১৯৫০ সালের পর নথিভুক্ত সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলোর একটি হতে পারে।

এল নিনো হলো মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা। এর ফলে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও তাপমাত্রার স্বাভাবিক ধরনে পরিবর্তন ঘটে।

এনডিটিভির বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ডব্লিউএমওর মাসিক ‘গ্লোবাল সিজনাল ক্লাইমেট আপডেট’ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় রেকর্ড মাত্রায় বাড়তে পারে।

জাতিসংঘের এই অঙ্গসংস্থা আরও জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। এটি পর্যবেক্ষণ শুরুর পর সর্বোচ্চ মাত্রা হবে বলে ধারণা করা হচ্ছে।

ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাওলো বলেছেন, এল নিনো এরইমধ্যে শক্তভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং দ্রুত তীব্র হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

সাধারণত এল নিনো দুই থেকে সাত বছর পরপর দেখা দেয় এবং একবার দেখা দিলে ৯ থেকে ১২ মাস স্থায়ী হতে পারে। এর বিপরীত পর্যায়কে বলা হয় লা নিনা।

ডব্লিউএমও জানিয়েছে, এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা দেখা দিতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাতের ধরন বদলে গিয়ে কোথাও দীর্ঘস্থায়ী খরা, আবার কোথাও অতিবৃষ্টির কারণে বন্যার ঝুঁকি বাড়তে পারে। কৃষি, বাস্তুতন্ত্র, অর্থনীতি এবং বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রার ওপরও এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।

এল নিনো পৃথিবীতে নতুন করে তাপ তৈরি করে না। বরং প্রশান্ত মহাসাগরে সঞ্চিত তাপ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে তীব্র করে। বর্তমানে সমুদ্রের তাপমাত্রা ইতিমধ্যে রেকর্ড পর্যায়ে থাকায় এবার নির্গত হওয়ার মতো তাপের পরিমাণও বেশি।

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা এরইমধ্যে বেড়েছে। শক্তিশালী এল নিনোর প্রভাব যুক্ত হলে বিভিন্ন অঞ্চলে চরম তাপমাত্রার পরিস্থিতি আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : এএফপি, এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানি ব্যবস্থাপনা নিয়ে এলজিআরডি মন্ত্রীর সতর্কতা, এখনই ব্যবস্থা নেওয়া জরুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


পানি ব্যবস্থাপনা নিয়ে এলজিআরডি মন্ত্রীর সতর্কতা, এখনই ব্যবস্থা নেওয়া জরুরি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান মন্তব্য করেছেন যে, ভবিষ্যতে পানি বাংলাদেশসহ গোটা বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তিনি সতর্ক করে বলেন, পানির সঠিক ব্যবস্থাপনা না শিখলে ভবিষ্যতে বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। তাই দেশের উন্নয়ন পরিকল্পনার প্রতিটি ক্ষেত্রে পানির গুরুত্ব ও সঠিক ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

মন্ত্রী বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, ইউনিসেফের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াসা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প চলমান রয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী নিরাপদ ও সুপেয় পানির গুরুত্ব তুলে ধরে বলেন, পানি মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। ভবিষ্যতে পানি বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বৈশ্বিকভাবে পানি মানবজাতির জন্যও একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। এজন্য এখন থেকেই পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।

মন্ত্রী পানি ব্যবস্থাপনায় উন্নত দেশগুলোর অভিজ্ঞতা থেকে শেখার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রায় ৬০ বছর আগে সুইডেনের মতো দেশগুলো প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারের নেতিবাচক দিক উপলব্ধি করেছিল। বাংলাদেশও বর্তমানে একই ধরনের বাস্তবতার মুখোমুখি হচ্ছে। তাই এসব দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ও শিল্পায়নের সঙ্গে পানির সম্পর্ক অত্যন্ত গভীর। বিশেষ করে বস্ত্র ও পোশাকশিল্পে বিপুল পরিমাণ পানি ব্যবহার করা হয়। অন্যদিকে শিল্পকারখানার বর্জ্যের কারণে দেশের অনেক নদী ও খালের পানি দূষিত হচ্ছে। উপকূলীয় এলাকাতেও পানিসংক্রান্ত নানা সমস্যা বিদ্যমান।

তিনি বলেন, উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে, তবে সেই উন্নয়ন যেন মানুষের জীবন ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শুধু ভালো আবাসন নিশ্চিত করলেই হবে না, মানুষের জন্য নিরাপদ পানি ও সুস্থ পরিবেশও নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ই-স-রা-য়ে-লে-র সাথে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের কারণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ই-স-রা-য়ে-লে-র সাথে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের কারণ

গাজায় তিন বছরেরও বেশি সময় ধরে চলা ধ্বংসাত্মক যুদ্ধ এবং আন্তর্জাতিক তীব্র সমালোচনার প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো যখন ইসরায়েলের সাথে দূরত্ব তৈরি করছে, তখন নরেন্দ্র মোদীর ভারত উল্টো পথে হেঁটে তেল আবিবের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি বিশ্লেষণী প্রতিবেদনে এই পরিবর্তন এবং ভারতের নীতিগত পরিবর্তনের নেপথ্য কারণ তুলে ধরা হয়েছে।

পশ্চিমাদের দূরত্ব, ভারতের নিবিড় সখ্য

যেখানে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও কানাডার মতো ঐতিহ্যবাহী মিত্ররা অবৈধ বসতি স্থাপন ও গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলি কট্টরপন্থি মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারি করছে এবং বাণিজ্য নীতি পরিবর্তন করছে, সেখানে ভারত উন্মুক্ত বাহুতে তাদের স্বাগত জানাচ্ছে। উদাহরণস্বরূপ, ইসরায়েলের অতি-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ইউরোপে নিষিদ্ধ হলেও ভারতে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং একাধিক বড় বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়।

গত ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা এবং আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেন। সেই সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মোদীকে "কেবল বন্ধু নয়, ভাই" হিসেবে আখ্যা দেন।

ঐতিহাসিক অবস্থান থেকে মোদী যুগের পরিবর্তন

১৯৪৮ সালে ভারত ইসরায়েল রাষ্ট্র গঠনের বিরোধিতা করেছিল। ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারত ফিলিস্তিনের অন্যতম নিকটতম সমর্থক ছিল এবং অ-আরব দেশগুলোর মধ্যে প্রথম ফিলিস্তিন মুক্তিসংস্থা (পিএলও)-কে স্বীকৃতি দিয়েছিল। তবে ২০১৪ সালে নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় আসার পর এই সম্পর্কে আমূল পরিবর্তন ঘটে।

বর্তমান পরিস্থিতিতে মোদী সরকার ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্র সমাধানের আনুষ্ঠানিক কথা বললেও, বাস্তবে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের তীব্র সমালোচনা বা নিন্দা করা থেকে বিরত থেকেছে। অন্যদিকে ভারত বর্তমানে ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার শীর্ষ দেশ এবং যুদ্ধের মধ্যেও ভারতে তৈরি সামরিক সরঞ্জাম ইসরায়েলে রপ্তানি করার তথ্য উঠে এসেছে প্রতিবেদনে।

অভ্যন্তরীণ রাজনীতি ও মতাদর্শের প্রভাব

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের এই পরিবর্তন কেবল পররাষ্ট্রনীতির নমনীয়তা নয়, বরং বিজেপির হিন্দুত্ববাদী ও অভ্যন্তরীণ রাজনৈতিক বয়ানেরই প্রতিফলন।

সন্ত্রাসবাদবিরোধী যৌথ সুর: ৭ অক্টোবরের হামলার পরপরই মোদী দ্রুত নিন্দা জানান এবং পরবর্তীকালে এটিকে ভারতের নিজস্ব অভ্যন্তরীণ নিরাপত্তা ও মুম্বাই হামলার মতো প্রেক্ষাপটের সাথে তুলনা করে ব্যাখ্যা করেন।

আদর্শগত মিল: হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী ডানপন্থি গোষ্ঠীগুলোর মধ্যে ইসরায়েলের 'জায়নিজম' এবং তাদের নিরাপত্তা সংক্রান্ত কঠোর কাঠামোর প্রতি বিশেষ সহানুভূতি দেখা যায়। বিশ্লেষক রশীদ কিদওয়াইয়ের মতে, ভারতে উগ্র ইসলামভীতি ও মুসলিমবিরোধী মনোভাব ইসরায়েলের নীতি সমর্থন করতে মোদী সরকারকে নীতিগত জায়গা করে দেয়।

সাবেক ভারতীয় কূটনীতিকদের মতে, অতীতে যা গোপনীয় বা পর্দার আড়ালে ছিল, মোদী আমলে ইসরায়েলের সাথে সম্পর্ক এখন একেবারে প্রকাশ্যে রূপ নিয়েছে। ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য ইস্যুতে বৈশ্বিক মেরুকরণের মাঝে ভারত এখন পুরোপুরি ইসরায়েলি বলয়ের কাছাকাছি অবস্থান নিচ্ছে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য ও জনশক্তি সহযোগিতা বৃদ্ধির আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য ও জনশক্তি সহযোগিতা বৃদ্ধির আলোচনা

বাংলাদেশ ও লিথুয়ানিয়া মধ্যে বাণিজ্য, শিক্ষা, জনশক্তি ও কর্মসংস্থান, অভিবাসন, ভিসা সহজীকরণ, নারী ক্ষমতায়ন, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিথুয়ানিয়ার পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ভিদমান্তাস ভারবিকাসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারি জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

শামা ওবায়েদ সাক্ষাতে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার ঐতিহাসিক সম্পর্কের উল্লেখ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরো বিস্তৃত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, "১৯৯২ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি অনুসরণে কাজ করে যাচ্ছে।"

শামা ওবায়েদ সফট ডিপ্লোমেসি সম্প্রসারণের পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা এবং অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি লিথুয়ানিয়াকে বাংলাদেশ থেকে ওষুধ, পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, আসবাবপত্র ও প্লাস্টিকপণ্য আমদানির আহ্বান জানান।

বাংলাদেশে বিনিয়োগের সুযোগের বিষয়টিও তিনি তুলে ধরেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিথুয়ানিয়ার বিনিয়োগকারীদের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।

এছাড়া, পরিবেশের অবক্ষয় ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জ্বালানি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তার মতো বিষয়গুলোতে দুই দেশের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ উচ্চপর্যায়ের সফর বিনিময়, ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর, ব্যবসায়িক চেম্বারগুলোর মধ্যে সহযোগিতা, যুব ও শিক্ষার্থী বিনিময়, সাংস্কৃতিক দল ও ক্রীড়া দলের সফর, পর্যটন সহযোগিতা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেয়। তারা বাংলাদেশ ও লিথুয়ানিয়ার সম্পর্কের সম্ভাবনাময় নতুন ক্ষেত্রগুলো কাজে লাগানোর বিষয়ে একমত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%