ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পদ্মার ভাঙনে ঝুঁকিতে কোটি টাকার বাজার, সুরেশ্বর মাছঘাটে নতুন ভাঙন


পদ্মার ভাঙনে ঝুঁকিতে কোটি টাকার বাজার, সুরেশ্বর মাছঘাটে নতুন ভাঙন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছঘাট এলাকায় আবারও পদ্মার ভাঙন নতুন করে দেখা দিয়েছে। দেড় মাসের ব্যবধানে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ও শুক্রবার (২৭ নভেম্বর) পদ্মার ডানতীর রক্ষা বাঁধের শেষপ্রান্তে এই ভাঙন দেখা দেওয়ায় ব্যবসায়ীরা নতুন উদ্বেগে পড়েছেন।

এর আগে গত ১ অক্টোবর সেখানে হঠাৎ ভাঙন দেখা দিলে বাঁধের প্রায় ৬০ মিটার অংশ নদীতে ধসে পড়ে এবং মাছ বাজারের অন্তত ২০টি দোকান বিলীন হয়ে যায়। তখন আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট প্রায় ২০০ মিটার দক্ষিণে সরিয়ে নিতে বাধ্য হন। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরিভিত্তিতে প্রায় ২ কোটি টাকা খরচ করে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছিল।

শুক্রবার বিকালে সরেজমিনে দেখা যায়, সুরেশ্বর মাছঘাটের পূর্ব ও পশ্চিম পাশে নতুন করে ভাঙন শুরু হয়েছে। আগে ফেলা জিও ব্যাগের অধিকাংশই নদীতে তলিয়ে গেছে। কোথাও কোথাও সামান্য কিছু জিও ব্যাগের অস্তিত্ব দেখা গেলেও বাঁধ নির্মাণে ব্যবহৃত ব্লকও নদীতে বিলীন হয়েছে।

আরও পড়ুন: তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত শিক্ষার্থীরা

স্থানীয় ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে বৃহস্পতিবার ও শুক্রবারে এলাকায় নতুন করে ভাঙন দেখা দেয়।

মাছের আড়তদার রবিন মুন্সী বলেন, "সুরেশ্বর মাছঘাটের ব্যবসাটি আমার দাদার আমলের। পরে বাবার পথ ধরে আমিও এখানে ব্যবসা করছি। সব মিলিয়ে আমাদের পরিবারের প্রায় ৪৫ বছরের মাছের ব্যবসা। প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ লাখ টাকার মাছ বিক্রি করি। গত মাসে বাজারের মাঝামাঝি বড় একটি অংশ ভেঙে গেলে পাউবো জিওব্যাগ ফেলে। তিন দিনের বৃষ্টিতে আবারও ওই এলাকায় ভাঙন দেখা দিয়েছে। জিওব্যাগগুলো নদীতে চলে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে হয়তো মাছ বাজারটি আর থাকবে না।"

জেলে রশিদ ঘরামি জানান, প্রতিদিন ভোরে তারা মাছ নিয়ে সুরেশ্বর বাজারে আসেন এবং সকাল সাড়ে ৮টা পর্যন্ত কেনাবেচা চলে। এ বাজারে দিনে অন্তত কোটি টাকার মাছ বিক্রি হয়। কয়েকশ জেলে, ক্রেতা, বিক্রেতা ও আড়ত শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এ বাজারকে ঘিরে। ভাঙনের কারণে তাদের জীবিকার জায়গাটি এখন চরম ঝুঁকিতে পড়েছে।

শরীয়তপুর পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী সজল পারভেজ বলেন, "সাম্প্রতিক বন্যায় সুরেশ্বর এলাকায় বাঁধের প্রায় ৫০ থেকে ৬০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বন্যার পানি বৃদ্ধি ও নদীর তলদেশে গভীরতা বেড়ে যাওয়াই এর কারণ। পরিস্থিতি মোকাবিলায় জরুরিভিত্তিতে ১৫ দিনের মধ্যে ১৩৫ মিটার এলাকাজুড়ে ৪০ হাজার ৫০০টি বালুভর্তি জিওব্যাগ ফেলা হয়।"

আরও পড়ুন: নোবিপ্রবির ডাইনিং ম্যানেজারের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

প্রকৌশলী সজল পারভেজ আরও বলেন, "দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবার পদ্মায় স্রোত ও পানির উচ্চতা বেড়েছে। এতে গত কয়েক দিন ধরে সুরেশ্বর মাছঘাট এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে আগে ফেলা জিওব্যাগগুলো স্রোতে তলিয়ে গেছে। এখন ওই অংশের জন্য নতুন নকশা তৈরি করে কাজ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবিদ্বারে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা আবুল কালাম সরকার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


দেবিদ্বারে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা আবুল কালাম সরকার গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে নাশকতার মামলায় পুলিশ মো. আবুল কালাম সরকার (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত আবুল কালাম সরকার উপজেলা ৪ নম্বর সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেবিদ্বার চানমিয়া মার্কেটের একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। তিনি সুবিল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের ইদ্রিস সরকারের পুত্র এবং সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের সরকারের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে নিজ এলাকা বুড়িরপাড় বাজার থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে আবুল কালাম সরকার জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্যবসার কাজে ব্যস্ত রয়েছেন এবং সংশ্লিষ্ট এলাকায় তার কোনো যাতায়াত নেই। তবে, তার বিরুদ্ধে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সরকারবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ এবং ভিডিও ফুটেজ যাচাই করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে বিএনপির মোটরসাইকেল চেকপোস্ট, আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকানোর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


কেরানীগঞ্জে বিএনপির মোটরসাইকেল চেকপোস্ট, আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকানোর উদ্যোগ

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধের উদ্দেশ্যে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল চেকপোস্ট স্থাপন করেছে তেঘরিয়া ইউনিয়ন বিএনপি। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের আবদুল্লাহপুর স্ট্যান্ড এলাকায় এই চেকপোস্ট কার্যক্রম শুরু হয়।

তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদ আলম জমিদার এবং বর্তমান আহ্বায়ক সামিউল্লাহর নেতৃত্বে দলের নেতাকর্মীরা এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীদের থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং মোবাইল ফোন পরীক্ষা করা হয়।

খোরশেদ আলম জমিদার বলেন, "দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমরা চাই, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক।"

সামিউল্লাহ বলেন, "দেশের চলমান পরিস্থিতিতে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সতর্ক রয়েছেন। আওয়ামী লীগের নামে কেউ যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আবদুল্লাহপুর স্ট্যান্ডে মোটরসাইকেল চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।"

তিনি আরও জানান, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য ও নাশকতা করতে মোটরসাইকেল ব্যবহার করছে। তারা মোটরসাইকেল দিয়ে বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস করছে। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতে আমাদের এই কার্যক্রম। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


উত্তরায় জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী রানাভোলা ওয়ার্ড (ঢাকা মহানগরী উত্তর)-এর উদ্যোগে একটি সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তুরাগ থানাধীন রানাভোলা কাউন্সিলর কার্যালয় মাঠে এ সমাবেশটি শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় আয়োজন করা হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাঃ রেজাউল করিম।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর মজলিসে শুরা সদস্য ও তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসেন, তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান এবং থানা সেক্রেটারি এ্যাড. মহিববুল্লাহ।

সমাবেশটি বাস্তবায়ন করেন তুরাগ মধ্য থানা মজলিসে শুরা ও থানা কর্মপরিষদ সদস্য এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ সুরুজ্জামান। সার্বিক সহযোগিতায় ছিলেন তুরাগ মধ্য থানা মহিলা বিভাগের সেক্রেটারি এবং ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী জয়নাব বেগম শান্তি কামিল (মাস্টার্স)।

সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রুনোর চুক্তি এক বছর বাড়াল ম্যানচেস্টার ইউনাইটেড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


ব্রুনোর চুক্তি এক বছর বাড়াল ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবটি ১২ মাসের এক্সটেনশন অপশন সক্রিয় করেছে। ফলে, পর্তুগিজ মিডফিল্ডারের বর্তমান চুক্তি ২০২৭ সালের গ্রীষ্মে শেষ হওয়ার কথা থাকলেও, এখন তা ২০২৮ সালের গ্রীষ্ম পর্যন্ত কার্যকর থাকবে।

শুক্রবার (২৭ নভেম্বর) স্কাই স্পোর্টসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত গ্রীষ্ম থেকেই ইউনাইটেড ব্রুনোর সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছিল। তবে, দুই পক্ষই আপাতত আলোচনায় বিরতি দিয়ে ক্লাবের বর্তমান অবস্থার উন্নতিতে মনোযোগ দেওয়াকে যৌক্তিক মনে করছে।

চুক্তির মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্তটি ইউনাইটেডের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ, জানুয়ারিতে অন্য কোনো ক্লাব ব্রুনোর সঙ্গে প্রি-কন্ট্রাক্ট চুক্তির বিষয়ে আলোচনা শুরু করতে পারত। এক বছরের অপশন কার্যকর করায় সেই সুযোগ আপাতত বন্ধ হলো।

নতুন চুক্তি নিয়ে আলোচনায় বিরতি

গত সপ্তাহে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রুনো জানিয়েছেন, ইউনাইটেড তাঁকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। তবে, ক্লাবের পারফরম্যান্স ও বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি আলোচনা আপাতত স্থগিত রেখেছেন।

ব্রুনোর ভাষায়, "আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউনাইটেডের ম্যাচ জেতা এবং আবার সাফল্যের পথে ফেরা।" তিনি আরও বলেন, "যদি ক্লাব কখনো মনে করে আমার চলে যাওয়ার সময় হয়েছে, তাহলে আমি নিজেই বিদায়ের সিদ্ধান্ত মেনে নেব।"

ব্রুনো আরও জানিয়েছেন, অর্থের জন্য তিনি ইউনাইটেডে থাকছেন না। অতীতে অন্য ক্লাবে যাওয়ার সুযোগ থাকলেও, তিনি ম্যানচেস্টারেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতাই তাঁর লক্ষ্য।

ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমর বেরাদা ব্রুনোর প্রতি ক্লাবের শ্রদ্ধা ও আস্থার কথা আগেই জানিয়েছেন। তাঁর মতে, গত ছয়-সাত বছরে দলের জন্য ব্রুনোর অবদান অসাধারণ। অধিনায়ক হিসেবে তাঁকে পেয়ে ক্লাব গর্বিত।

অসুস্থতায় অনুশীলনে অনুপস্থিত

এদিকে, শুক্রবার ইউনাইটেডের অনুশীলনে উপস্থিত ছিলেন না ব্রুনো। অসুস্থতার কারণে তাঁকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দলের বাইরে রাখা হয়েছে। পর্তুগালে একটি ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন কোচ মাউরিসিও পচেত্তিনো।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে শনিবারের ম্যাচে ব্রুনো খেলতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। পচেত্তিনো জানিয়েছেন, "তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে এবং ঝুঁকি নিয়ে তাঁকে মাঠে নামানো হবে না।"

চুক্তির মেয়াদ বাড়লেও নতুন চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা এখনই শুরু হচ্ছে না। আপাতত ইউনাইটেডের লক্ষ্য মাঠের পারফরম্যান্সের উন্নতি, আর ব্রুনোর লক্ষ্য ক্লাবকে আবার শিরোপার লড়াইয়ে ফিরিয়ে আনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%