ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত


মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক কিশোর গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার কাঞ্চন বাজার থেকে চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. শাহাদাত হোসেন এবং একই উপজেলার হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার মো. কামালের ছেলে মো. আব্দুল করিম (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম ও ইটভাটার শ্রমিক শাহাদাতসহ তিন বন্ধু মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিন মোটরসাইকেল আরোহী গুরুত্ব আহত হয়।  

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। আহত অপর কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বার্তা প্রেরক
গিয়াস রনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৬ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৬ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ভোরে সীমান্তের মেইন পিলার ৬০/৭৭ এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছলেমানপুর গ্রামের একটি ইটভাটার পাশে বিজিবির টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তাদের বাড়ি ময়মনসিংহ, গাজীপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর ও পঞ্চগড় জেলায় অবস্থিত।

এদিকে, একই সময়ে মাধবখালী বিওপির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৭০/৫ এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের একটি আমবাগানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় আসামিবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বসুন্ধরা শুভসংঘের পুরস্কার পেল ২১ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বসুন্ধরা শুভসংঘের পুরস্কার পেল ২১ শিক্ষার্থী

কুমিল্লার লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসার শিক্ষার্থীদের জন্য হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী ২১ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ আল ইসরা বালক মাদরাসার মিলনায়তনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

দৈনিক কালের কণ্ঠের লালমাই-সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জহিরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন আল ইসরা মাদরাসার উপাধ্যক্ষ হাফেজ শামীম আহমেদ, আল মোকাররম মাদরাসার মুহতামিম মাওলানা মাজহারুল ইসলাম, আলফা এয়ার এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেন এবং বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ, দ্বিতীয় স্থান অধিকার করেন তৃতীয় শ্রেণির আরিয়ান মোল্লা, তৃতীয় স্থান পান ষষ্ঠ শ্রেণির মারুফ হোসেন, চতুর্থ স্থানে অবস্থান করেন তৃতীয় শ্রেণির নাফিজ, পঞ্চম স্থানে রয়েছেন পঞ্চম শ্রেণির আরাফাত ইসলাম, ষষ্ঠ স্থানে চতুর্থ শ্রেণির আবু তালেব তানিম এবং সপ্তম স্থানে পঞ্চম শ্রেণির কারিম।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী আবদুল্লাহ বলেন, "গত বছর আল ইসরা মাদরাসার সব শিক্ষার্থীকে হাতের লেখার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।" তিনি উল্লেখ করেন যে, তিনি ওই প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। বসুন্ধরা শুভসংঘের আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি জানতে পেরেছেন যে, তার হাতের লেখা সবার চেয়ে সুন্দর। এ জন্য তিনি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ মুহাজির হুজুর এবং বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, "বসুন্ধরা শুভসংঘ গত কয়েক বছরে লালমাই উপজেলায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, দন্তসেবা, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, হাতের লেখা প্রতিযোগিতা, অসহায় পরিবারকে খাদ্যসহায়তা, হাম সচেতনতায় সেমিনার ও এতিমদের সঙ্গে ইফতারসহ অর্ধশতাধিক সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করেছে।" তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও সংগঠনটি প্রতি মাসে লালমাই উপজেলায় এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকস্বাধীনতা দমনের বিরুদ্ধে ডেপুটি স্পিকার কায়সার কামাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


বাকস্বাধীনতা দমনের বিরুদ্ধে ডেপুটি স্পিকার কায়সার কামাল

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, নিরাপত্তার অজুহাতে বাকস্বাধীনতা কখনোই দমন করা হবে না এবং কারো মর্যাদাহানির উদ্দেশ্যে বাকস্বাধীনতার ছদ্মবেশে অপতথ্য ছড়ানোর সুযোগও দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন অনুষদ কর্তৃক আয়োজিত ‘ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি চ্যালেঞ্জ : বাংলাদেশ প্রেক্ষাপটে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার উল্লেখ করেন, পূর্ববর্তী সরকার এক দশকেরও বেশি সময় ধরে আইসিটি আইন, ডিএসএ আইন এবং সাইবার নিরাপত্তা আইনকে কঠোর ডিজিটাল নিরাপত্তা আইন হিসেবে ব্যবহার করেছে। গুজব বন্ধ করার অজুহাতে এই আইনগুলো ছাত্রদের কারারুদ্ধ করতে, সাংবাদিকদের মুখ বন্ধ করতে এবং ভিন্নমত দমন করতে প্রয়োগ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার সেই অন্ধকার ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তরুণদের কেবল ডিজিটাল কনটেন্টের ভোক্তা হয়ে থাকতে হবে না; বরং দায়িত্বশীলতা ও বিচারবুদ্ধিসম্পন্ন চিন্তাশক্তির মাধ্যমে তাদের সত্যের দূত হয়ে উঠতে হবে এবং মানবিক মর্যাদাকে ডিজিটাল জনপ্রিয়তার চেয়ে অধিক গুরুত্ব দিতে হবে।

ডেপুটি স্পিকার বলেন, ডিজিটাল সাক্ষরতার এই অগ্রযাত্রায় শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে। কোনো চাঞ্চল্যকর পোস্ট শেয়ার করার আগে বা ক্ষোভ সৃষ্টিকারী ভিডিওতে প্রতিক্রিয়া জানানোর আগে থামতে হবে, উৎস যাচাই করতে হবে, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে হবে এবং বিভেদ সৃষ্টিকারীদের হাতিয়ার হতে নিজের আঙুলকে প্রত্যাখ্যান করতে হবে।

তিনি বিইউপি’র সাবেক শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তোমাদের দিকে তাকালে আমি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই দেখি না, বরং আমি দেখতে পাই ‘জুলাই বিপ্লব’ এর অগ্রপথিকদের। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে তোমরাই পনেরো বছরের এক স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের মুখোমুখি দাঁড়িয়েছিলে। যখন ক্ষমতাচ্যুত সরকার তাদের নৃশংসতা আড়াল করতে ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল, তখন তোমরাই সত্যকে বাঁচিয়ে রেখেছিলে। তোমরাই প্রমাণ করেছ যে, কোনো স্বৈরশাসকই একটি সচেতন ও নির্ভীক প্রজন্মকে চিরতরে স্তব্ধ করে রাখতে পারে না। তোমরাই সেই প্রজন্ম যারা আমাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছ এবং আমাদের গণতন্ত্র উপহার দিয়েছ।’

কায়সার কামাল আরও বলেন, ‘আজ আমাদের মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের নিরাপত্তা ও মানবিক মর্যাদার প্রতি এক নতুন ও গভীর ষড়যন্ত্রমূলক হুমকী হল ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যের সুপরিকল্পিত ব্যবহার।

তিনি বলেন, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে একটি মাত্র ক্লিকে লাখ লাখ মানুষকে সংযুক্ত করা সম্ভব; আবার একটি মাত্র মিথ্যা বার্তা আতঙ্ক, ঘৃণা, বিভ্রান্তি, এমনকি সহিংসতারও জন্ম দিতে পারে। ডিজিটাল প্রযুক্তি শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক পরিষেবা, জনতথ্য এবং অর্থনৈতিক সুযোগের পরিধিকে প্রসারিত করে আমাদের সমাজব্যবস্থাকে আমূলে বদলে দিয়েছে।

তিনি বলেন, এই সুযোগগুলোর পাশাপাশি প্রযুক্তি কিছু গুরুতর চ্যালেঞ্জও নিয়ে এসেছে। ভুল তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য, অনলাইন হয়রানি, পরিচয় চুরি, সাইবার অপরাধ, বিদ্বেষমূলক বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার আমাদের সমাজ, ব্যক্তিগত নিরাপত্তা ও মানবিক মর্যাদার জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ভুল তথ্য এবং অপতথ্যের পার্থক্য উল্লেখ করে তিনি বলেন, উভয়ই ব্যক্তি, সম্প্রদায় এবং রাষ্ট্রের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে এই চ্যালেঞ্জগুলো বিশেষ মনোযোগের দাবি রাখে।

প্রতিনিয়ত পরিবর্তনশীল ডিজিটাল পরিমণ্ডলে বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে কীভাবে এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করা যায় সেই প্রসঙ্গ সামনে এনে তিনি বলেন, আমাদের সমালোচনামূলক চিন্তাভাবনার সংস্কৃতি গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও স্কুলগুলোর পাঠ্যক্রমে ডিজিটাল সাক্ষরতা, তথ্য যাচাইকরণ এবং দায়িত্বশীল অনলাইন আচরণের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে।

গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, সঠিকতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, তাদের উচিত স্বচ্ছতা বৃদ্ধি করা এবং ক্ষতিকর মিথ্যা তথ্য রিপোর্ট করার কার্যকর ব্যবস্থা রাখা। ভুল তথ্য এবং অপতথ্য রোধে বাংলাদেশের সরকারি সংস্থা, আইন প্রয়োগকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সুশীল সমাজের মধ্যে কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকারের পাশাপাশি শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতা, তরুণ এবং সাধারণ নাগরিকসহ দেশের সকলের সহযোগিতা প্রয়োজন।

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে আলোচনা করেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ওসমানী শান্তি ও নিরাপত্তা অধ্যয়ন কেন্দ্র-এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাহফুজুর রহমান, বিইউপির আইন বিভাগের সহকারী অধ্যাপক প্রীতি কণা শিকদার এবং ওয়াকিলা হোসাইন।

সেমিনারে বিইউপি’র উপাচার্য, উপ-উপাচার্যসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার ঝোপঝাড়ে ৬ দিন নিখোঁজ কিশোর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


অস্ট্রেলিয়ার ঝোপঝাড়ে ৬ দিন নিখোঁজ কিশোর উদ্ধার

অস্ট্রেলিয়ার ঘন ঝোপঝাড়পূর্ণ অঞ্চলে ছয় দিন ধরে নিখোঁজ থাকা এক কিশোরকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উইলিয়াম নামের ওই কিশোর গত শুক্রবার ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে ঝোপঝাড়ে এক বন্ধুর সঙ্গে ক্যাম্পিং করতে গিয়ে হারিয়ে গিয়েছিল।

রাতের তীব্র ঠাণ্ডার কারণে ১৭ বছর বয়সী এই কিশোরের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষ উদ্বিগ্ন ছিল। তাকে খুঁজতে পুলিশের প্রশিক্ষিত কুকুর, ডুবুরি এবং হেলিকপ্টার ব্যবহার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তার অবস্থান শনাক্ত করা হয় এবং স্বস্তি ফিরে পাওয়া পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

উইলিয়াম অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে কেবল সামান্য কিছু খাবার, প্রাকৃতিক পানি এবং উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ছয় দিন জঙ্গলে টিকে ছিল। উদ্ধারকারীরা আকাশপথের অনুসন্ধানের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। গত শুক্রবার বিকেলে ক্যাম্পিং সাইট থেকে কিছুটা দূরে হাঁটতে গিয়ে সে ভুল পথে চলে যায়। পরদিন সকালে ক্যাম্পে ফেরার পথ খুঁজতে গিয়ে অসাবধানতাবশত একটি খাড়া পাহাড়ের ঢাল থেকে নিচে শুকনো নদীর তলদেশে পড়ে যায়। পায়ে প্রচণ্ড ব্যথা পাওয়ায় এবং জায়গাটি অত্যন্ত দুর্গম হওয়ায় সে আর ওপরে উঠতে পারেনি।

এই পুরো ছয় দিন তার কাছে খাবার বলতে ছিল কেবল একটি বড় প্যাকেট চিপস। সে খুব অল্প অল্প করে সেই চিপস খেয়ে দিন পার করেছে এবং তৃষ্ণা মেটাতে পাশের একটি ছোট পাহাড়ি ঝর্ণা থেকে পানি পান করেছে। পরনে কেবল শর্টস ও বুট জুতা থাকলেও তার সঙ্গে থাকা তোয়ালে গায়ে জড়িয়ে সে রাতের হাড়কাঁপানো ঠাণ্ডা থেকে নিজেকে রক্ষা করে।

পায়ে ব্যথা থাকায় উইলিয়াম এদিক-সেদিক ছোটাছুটি না করে নদীর তলদেশের একটি পাথরের ওপর স্থির হয়ে শুয়ে-বসে উদ্ধারের অপেক্ষা করতে থাকে। এলাকাটি এতই খাড়া ও দুর্গম ছিল যে সেখানে পায়ে হেঁটে তল্লাশি চালানো অসম্ভব ছিল। বৃহস্পতিবার সকালে ভিক্টোরিয়া পুলিশের একটি হেলিকপ্টার ওই এলাকার ওপর দিয়ে টহল দেওয়ার সময় ওপর থেকে নিচে উইলিয়ামের মাছ ধরার সরঞ্জামের বাক্স, বালিশ ও লাঞ্চ বক্স দেখতে পায়। হেলিকপ্টারের শব্দ শুনে উইলিয়াম ঘুম থেকে জেগে ওঠে এবং ওপরের দিকে তাকিয়ে হাত নেড়ে ও মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে সংকেত দেয়।

এরপর হেলিকপ্টার থেকে দড়ি বা উইঞ্চ নামিয়ে তাকে নিরাপদে ওপরে তুলে আনা হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার আগে তাকে একটি ডোনাট ও এক বোতল পানি খেতে দেওয়া হয়।

কিশোরটির মা এলিজাবেথ বার্কলে সাংবাদিকদের জানান, তার ছেলের শরীরে সামান্য কয়েকটি আঁচড় ছাড়া আর কোনো সমস্যা নেই এবং তাকে বেশ সুস্থ ও সবল মনে হচ্ছে। তিনি আরো বলেন, ‘সে ভালো আছে, সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছে, সে পুরোপুরি সুস্থ আছে। সে যে বেঁচে আছে, এতেই আমি আনন্দে আত্মহারা।’ রসিকতা করে তিনি যোগ করেন, ‘সে আর কখনোই বাড়ির বাইরে পা রাখবে না।’

পুলিশ জানিয়েছে, কিশোরটিকে জীবিত খুঁজে পেয়ে কর্মকর্তারা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক জেসন বেনবো বলেন, ‘সব সময় এমনটি ঘটে না। আমি নিশ্চিত তার কাছে আমাদের বলার মতো দারুণ কোনো গল্প আছে, যা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%