মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৩৫ এম
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ক্লাসরুমে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে। সিলিং ফ্যান ভেঙে পড়ার ফলে দুই শিক্ষার্থী আহত হয়েছে।
৯ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দ্বিতীয় শ্রেণীর ছাত্র আমির হামজা গুরুতর আহত হয়েছে। সে দিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে। আহত আমির হামজাকে দ্রুত হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। একই সময়ে, একই ক্লাসের অর্ক নামের আরেক শিক্ষার্থীও আহত হয় এবং তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে ক্লাস চলাকালীন সময়ে সিলিং ফ্যান ভেঙে শিক্ষার্থীদের পাশে পড়ে যায়। চলন্ত ফ্যানের পাখার আঘাতে দ্বিতীয় শ্রেণীর ছাত্র আমির হামজার নাকে এবং চোখে গুরুতর আঘাত লাগে। একই সময়ে অর্ক নামের আরেক শিক্ষার্থীও আঘাতপ্রাপ্ত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল কাজল জানান, বিদ্যালয়ের টিম সেটের ঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ঘরের বিভিন্ন অংশের টিন ভেঙে গেছে এবং সামান্য বৃষ্টিতে পানি পড়ে। পূর্বে কিছু মেরামত করা হলেও তা কার্যকর হয়নি। ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এই পুরাতন জরাজীর্ণ ঘরটি নতুন করে নির্মাণ করা প্রয়োজন।
প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষক লুৎফর রহমান জানান, আজ অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয় শ্রেণীর ক্লাসের ফ্যান ভেঙে নিচে পড়ে যায়। ফ্যানের পাখার আঘাতে দুজন ছাত্র আহত হয়। বিদ্যালয়ের এই ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। প্রায় এক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই ভবনটি মেরামতের জন্য আবেদন করা হয়েছে। ভবনটি দ্রুত মেরামত করা প্রয়োজন, অন্যথায় আবারও এ ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, আজকের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে এর আগে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য বাজেট দুইবার এসেছিল, কিন্তু জমি সংক্রান্ত জটিলতার কারণে সেই টাকা ফেরত চলে গেছে। বিদ্যালয়ের ভিতরে বন্যার্তদের জন্য একটি আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রাথমিক এবং হাই স্কুলের যৌথ ব্যবহারের জন্য তিনটি রুম আমাদের প্রাইমারি স্কুলের জন্য বরাদ্দ ছিল, কিন্তু হাই স্কুল কর্তৃপক্ষ তা ব্যবহার করতে দিচ্ছে না। আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি যাতে শিক্ষার্থীরা ওই ভবনে ক্লাস করতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আজ কথা হয়েছে।
উল্লেখ্য, বিদ্যালয়টি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানের জরাজীর্ণ টিনশেড ভবনটি ১৯৮৬ সালে নির্মাণ করা হয়। বিদ্যালয়ে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় দুই শতাধিক। তবে শিক্ষকদের দাবি, এই জরাজীর্ণ ভবনের কারণে অতীতের তুলনায় ছাত্র-ছাত্রীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রায় দুই বছর পর আবারও কোচের দায়িত্বে ফিরেছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রাউল গঞ্জালেজ। ৪৯ বছর বয়সী এই সাবেক স্ট্রাইকার স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব রিয়াল ওভিয়েদোর প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২৮ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে।
সোমবার (৯ নভেম্বর) রাউলের নাম নতুন কোচ হিসেবে ঘোষণা করে ওভিয়েদো। সিনিয়র পর্যায়ে এটি তার প্রথম প্রধান কোচের দায়িত্ব। আগামী শনিবার (১৪ নভেম্বর) জিরোনার বিপক্ষে ম্যাচের মাধ্যমে শুরু হবে তার নতুন অধ্যায়।
খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে রাউল ১৬ বছর কাটিয়েছেন। ক্লাবটির জার্সিতে ৭৪১ ম্যাচ খেলে তিনি ৩২৩ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে ১৩৭ গোল করিয়েছেন।
অবসরের পর রিয়ালের যুব একাডেমিতে কোচিং শুরু করেন তিনি। পরে ক্লাবটির 'বি' দলের দায়িত্ব পালন করেন ছয় বছর। ২০২৫ সালের জুনে সেই দায়িত্ব ছাড়ার পর তিনি আর কোনো দলের কোচ হননি।
১৩ ম্যাচে ৯ নম্বরে অবস্থান করা ওভিয়েদো সোমবার আগের কোচ হুলিয়ান কায়েরোকে বরখাস্ত করে। এবার রাউলের কাঁধে রয়েছে দলটির ভাগ্য বদলানোর দায়িত্ব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরওয়ে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণের কাজ শুরু করেছে। দেশটির পশ্চিম উপকূলে নির্মাণাধীন ২৭ কিলোমিটার দীর্ঘ ‘রোগফাস্ট’ টানেল চালু হলে ফেরি ছাড়াই সড়কপথে যাতায়াত সম্ভব হবে। এর ফলে বার্গেন ও স্টাভাঙ্গার শহরের মধ্যে যাতায়াতের সময় প্রায় ৪০ মিনিট কমে যাবে।
টানেলটির সর্বাধিক গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৯২ মিটার নিচে হবে। ২০১৮ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু হলেও ব্যয় বৃদ্ধির আশঙ্কায় ২০১৯ সালের শেষ দিকে প্রকল্পটি স্থগিত করা হয়। পরে প্রকল্প পুনর্গঠনের পর ২০২১ সালের শেষ দিকে আবার কাজ শুরু হয়। ২০৩৩ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির ব্যয় প্রায় ২৫ বিলিয়ন নরওয়েজীয় ক্রোনার বা ২৪০ কোটি মার্কিন ডলার হিসেবে ধরা হয়েছে।
নির্মাণকারী প্রতিষ্ঠান স্কানস্কার প্রকল্প ব্যবস্থাপক অ্যান ব্রিট মোয়েনের বক্তব্য অনুযায়ী, রোগফাস্ট চালু হলে নরওয়ের পশ্চিম উপকূলের যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। বিশেষ করে স্টাভাঙ্গার ও হাউগেসুন্ড অঞ্চলের মধ্যে দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগ প্রতিষ্ঠিত হবে।
টানেলটিতে দুটি পৃথক পথ থাকবে। প্রতিটি পথে যানবাহন চলাচলের জন্য দুই লেন থাকবে। এছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬০ মিটার গভীরে নির্মাণ করা হবে দুটি গোলচত্বর, যা নরওয়ের ক্ষুদ্রতম পৌর এলাকা কভিটসয়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে।
প্রকল্প বাস্তবায়নে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। টানেলের দুই প্রান্ত থেকে একযোগে খননকাজ চলছে। মাঝখানে দুই অংশের সংযোগস্থলে সর্বাধিক পাঁচ সেন্টিমিটারের বিচ্যুতি রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য লেজার স্ক্যানারের মাধ্যমে প্রতি সেকেন্ডে ২০ লাখ তথ্যবিন্দু সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য ব্যবহার করে টানেলের ডিজিটাল প্রতিরূপ তৈরি করা হচ্ছে এবং নকশার সঙ্গে মিলিয়ে নির্মাণকাজের নির্ভুলতা যাচাই করা হচ্ছে।
তবে প্রকল্পটির একটি বড় চ্যালেঞ্জ হলো পাথরের স্তর ভেদ করে লবণাক্ত পানি প্রবেশ ঠেকানো। দীর্ঘ টানেলের ভেতরে স্বাভাবিক বায়ু চলাচল নিশ্চিত করতে বিশেষ বায়ু চলাচলব্যবস্থা স্থাপন করা হবে। দুর্ঘটনা শনাক্ত ও নিরাপত্তা নিশ্চিত করতে ক্যামেরা ও রাডার প্রযুক্তি ব্যবহার করা হবে।
রোগফাস্ট নরওয়ের প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ ই৩৯ উপকূলীয় মহাসড়ক আধুনিকায়ন প্রকল্পের অংশ। বর্তমানে এই মহাসড়ক দিয়ে পুরো পথ পাড়ি দিতে সাতটি ফেরি পার হতে হয় এবং সময় লাগে প্রায় ২১ ঘণ্টা। সেতু ও টানেল নির্মাণের মাধ্যমে যাতায়াতের সময় অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্প বাস্তবায়নে ২০৫০ সাল পর্যন্ত সময় লাগতে পারে।
জাপানের সেকান টানেল ও ইংলিশ চ্যানেলের টানেলের তুলনায় রোগফাস্ট সমুদ্রপৃষ্ঠের অনেক বেশি গভীরে নির্মিত হচ্ছে। তবে ওই দুটি টানেল রেল চলাচলের জন্য তৈরি হলেও রোগফাস্ট সড়কযান চলাচলের উপযোগী করে নির্মিত হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে এটি বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল হিসেবে নতুন রেকর্ড গড়বে।
সূত্র: সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর আবুল কালাম আজাদকে পদ থেকে অপসারণের জন্য স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ঐক্য পরিষদ। সংগঠনটি অভিযোগ করেছে, প্রক্টরের ফেসবুক প্রোফাইলে "We are Sheikh Hasina’s Men (আমরা শেখ হাসিনার লোক)" বক্তব্য রয়েছে, যা তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করছে। বিশ্ববিদ্যালয় প্রক্টরের দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা, শিক্ষার্থীবান্ধব মনোভাব ও রাজনৈতিক প্রভাবমুক্ত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টগুলো তার এই নিরপেক্ষতা নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির অফিসিয়াল ই-মেইলে পাঠানো স্মারকলিপির একটি কপি থেকে এসব তথ্য জানা গেছে। সংগঠনটি অভিযোগ করেছে, প্রক্টরের ফেসবুক প্রোফাইলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ দল আওয়ামী লীগকে ঘিরে একাধিক পোস্ট এখনও দৃশ্যমান রয়েছে। এসব পোস্টের মাধ্যমে তার রাজনৈতিক অবস্থান ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনের উপযুক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তির কাছ থেকে সকল শিক্ষার্থীর প্রতি সমান আচরণ, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা প্রত্যাশিত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনৈতিক অবস্থান প্রকাশের বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি করতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা একজন কর্মকর্তার ক্ষেত্রে এ ধরনের বিতর্কিত অবস্থান গ্রহণযোগ্য নয়।
এছাড়া স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সংগঠনটি প্রক্টরের ভূমিকা, নিরপেক্ষতা ও অতীত কর্মকাণ্ড পর্যালোচনার দাবি তুলেছে। তারা মনে করে, বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের প্রচার বা প্রভাব বিস্তারের জায়গা নয়। বরং শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও ন্যায়সংগত অধিকার নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান দায়িত্ব। এ অবস্থায় প্রক্টরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে তাকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানানো হয়েছে।
প্রক্টর আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি এ বিষয়ে কিছুই জানি না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বাধ্য হয়ে এসব পোস্ট করতে হয়েছে। পরবর্তী সময়ে আমি সেগুলো ডিলিট করে দিয়েছি। যদি আমার প্রোফাইলে কোনো পোস্ট থেকে থাকে, তাহলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমি তথ্যপ্রযুক্তি সম্পর্কে তেমন কিছু বুঝি না। একটি মহল আমার নামে মিথ্যাচার চালাচ্ছে এবং আমার আইডি হ্যাক করারও চেষ্টা করছে। যারা আমার বিরুদ্ধে এসব অভিযোগ তুলছেন, তাদের আমি চ্যালেঞ্জ জানাচ্ছি—তারা যেন প্রমাণ করেন যে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায় জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ জলপাইয়ের পাইকারি বাজার। প্রতিদিন এখানে ১৪০ থেকে ২০০ মেট্রিক টন জলপাই কেনাবেচা হয়ে থাকে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। স্থানীয় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা এসব জলপাই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। মৌসুমি এ বাজারকে ঘিরে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তবে, কৃষকদের অভিযোগ, তারা ন্যায্যমূল্য পাচ্ছেন না।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন সকাল থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাক, দরদাম এবং কেনাবেচায় মুখর হয়ে ওঠে দেবীগঞ্জের দেবদারুতলার জলপাইয়ের হাট। বাজারজুড়ে জলপাই বাছাই, ওজন এবং বস্তাবন্দীর ব্যস্ততা চলে।
পঞ্চগড় ছাড়াও দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা জলপাই নিয়ে আসেন এ বাজারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা এসব জলপাই কিনে নিয়ে যান নিজ নিজ এলাকায়। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী স্থানীয় পর্যায় থেকে জলপাই সংগ্রহ করে পাইকারি বাজারে বিক্রি করছেন। এতে কৃষকরা উৎপাদিত পণ্যের বাজার পাচ্ছেন, পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।
তবে, বাজারে বিপুল পরিমাণ জলপাই কেনাবেচা হলেও কৃষকদের অভিযোগ, তারা ন্যায্যমূল্য পাচ্ছেন না। তাদের দাবি, গত মৌসুমের তুলনায় এবার জলপাইয়ের দাম কম। ফলে উৎপাদন ও পরিবহন খরচ মিটিয়ে কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে তারা শঙ্কিত।
কৃষক জব্বার বলেন, দেবীগঞ্জের এ বাজারটি এলাকার একমাত্র বড় জলপাইয়ের বাজার। মৌসুমে এখানে জলপাই বিক্রি করে ভালো আয় করা যায়। তবে, গতবারের তুলনায় এবার দাম পাওয়া যাচ্ছে কম।
জলপাই বিক্রি করতে আসা নুরুজ্জামান বলেন, ছোট-বড় বিভিন্ন প্রজাতির জলপাই বিক্রি হয় এ হাটে। আগে প্রকারভেদে প্রতি কেজি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বিক্রি করেছি। কিন্তু এবার তার অর্ধেক দাম পাচ্ছি।
একই অভিযোগ অন্য কৃষকদেরও। তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে বাজারটি তদারকি করা হলে উৎপাদিত জলপাইয়ের ভালো দাম পাওয়া সম্ভব হবে।
বাজারসংশ্লিষ্টদের মতে, উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জলপাইয়ের পাইকারি বাজার হিসেবে দেবদারুতলার এ হাট ইতোমধ্যে পরিচিতি পেয়েছে। প্রতিদিন গড়ে ১৪০ থেকে ২০০ মেট্রিক টন জলপাই কেনাবেচা হয় এখানে। যোগাযোগব্যবস্থার উন্নতির ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা সহজেই বাজারে আসতে পারছেন। এতে বাজারের পরিধি ও বাণিজ্যিক কার্যক্রম আরও বিস্তৃত হচ্ছে।
জলপাই হাটের ইজারাদার কাদেরী কিবরিয়া রানা বলেন, বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও বিক্রেতারা এ বাজারে আসেন। জলপাইয়ের এ হাট দেবীগঞ্জ উপজেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় কেনাবেচার পাশাপাশি কর্মসংস্থান তৈরি হচ্ছে, সরকারও রাজস্ব পাচ্ছে। তবে, হাটে কিছু সমস্যা রয়েছে। সেগুলো বিবেচনায় নিয়ে প্রশাসন যদি বাজারটি পরিকল্পিতভাবে গড়ে তোলে, তাহলে পুরো উত্তরবঙ্গের জন্য এর গুরুত্ব আরও বাড়বে।
দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ সময় সংবাদকে বলেন, জলপাইয়ের এ বাজার স্থানীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রতিবছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত চলে জলপাইয়ের মৌসুমি বেচাকেনা। এ সময় প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকার লেনদেন হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষক ও সংশ্লিষ্টদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। এরই মধ্যে হাটটি গুছিয়ে তোলার জন্য উপজেলা প্রশাসন সরেজমিনে পরিদর্শন করেছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং কৃষকদের উৎপাদিত জলপাইয়ের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে দেবদারুতলার এ বাজার আরও বড় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। এতে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি কৃষকের আয় ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ