ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

হামজার খেলা ঘিরে বাহুবলে উৎসব, গ্রামের নিজ বাড়িতে বড় পর্দায় শত শত দর্শক


হামজার খেলা ঘিরে বাহুবলে উৎসব, গ্রামের নিজ বাড়িতে বড় পর্দায় শত শত দর্শক

জাতীয় দলের জার্সিতে মাঠে হামজা চৌধুরী খেলছেন, আর সেই খেলা দেখতে গ্রামের বাড়িতে উৎসুক মানুষের সমাগম ঘটেছে। হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক হামজা চৌধুরীকে কেন্দ্র করে একটি ব্যতিক্রমী পরিবেশ সৃষ্টি হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচ উপলক্ষে তাঁর পৈতৃক বাড়িতে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। এতে স্বজনদের পাশাপাশি গ্রামের বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করছেন।

শনিবার বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে হামজার বাড়িতে দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে। পরে যখন বড় পর্দায় খেলা শুরু হয়, তখন বাড়ির আঙিনা ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে ভরে ওঠে। টেলিভিশনের পর্দায় হামজাকে বল নিয়ে এগিয়ে যেতে দেখলেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কেউ হাততালি দেয়, কেউবা আনন্দ প্রকাশ করে প্রিয় খেলোয়াড়ের প্রতি সমর্থন জানান।

স্নানঘাট গ্রামের সঙ্গে হামজা চৌধুরীর পারিবারিক শিকড়ের সম্পর্ক দীর্ঘদিনের। তাঁর বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও মা রাফিয়া চৌধুরী এই গ্রামের বাসিন্দা। এ কারণে জাতীয় দলের হয়ে হামজার প্রতিটি অংশগ্রহণকে গ্রামের মানুষ নিজেদের অর্জন হিসেবে দেখেন।

আরও পড়ুন: বিদায়ের হতাশায় গ্যালারিতে আগুন দিলেন বাংলাদেশের দর্শকরা

হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী জানিয়েছেন, খেলা সরাসরি মাঠে বসে দেখার জন্য তিনি টিকিট পেয়েছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে স্টেডিয়ামে যাওয়া সম্ভব হয়নি। তাই পরিবারের সদস্য ও গ্রামবাসীর সঙ্গে খেলা উপভোগ করতে বাড়িতে বড় পর্দার ব্যবস্থা করেছেন।

গ্রামের বাসিন্দা খালেক মিয়া বলেন, হামজা তাঁদের এলাকার সন্তান। দেশের হয়ে তাঁর এমন অর্জনে গ্রামের মানুষ আনন্দিত। তাঁকে খেলতে দেখার জন্য সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। শেখ সাদী মিয়া মন্তব্য করেন, একসঙ্গে এত মানুষের খেলা দেখার পরিবেশ অন্যরকম আনন্দ দিচ্ছে। বড় পর্দায় খেলা দেখে মনে হচ্ছে সবাই স্টেডিয়ামের গ্যালারিতে বসে আছেন।

স্থানীয় তরুণ মামুন চৌধুরী বলেন, হামজাকে নিয়ে তাঁদের প্রত্যাশা অনেক। দেশের হয়ে তিনি আরও ভালো খেলবেন এবং বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নেবেন—এটাই তাঁদের চাওয়া।

আরও পড়ুন: বাবার মতোই আগ্রাসী ওপেনার, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শেবাগ-পুত্র আর্যবীরের রেকর্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাসের কেন্দ্রবিন্দু উত্তরাঞ্চলের হারানো মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাসের কেন্দ্রবিন্দু উত্তরাঞ্চলের হারানো মসজিদ

লালমনিরহাট জেলার উত্তরাঞ্চল। এই জেলা প্রকৃতি ও সীমান্তের সংযোগস্থল হিসেবে পরিচিত। ইতিহাস ও ঐতিহ্যের নানা নিদর্শনের জন্যও এটি বিখ্যাত। জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস এলাকায় অবস্থিত ঐতিহাসিক ‘হারানো মসজিদ’ নিয়ে রয়েছে বিভিন্ন আলোচনা ও জনশ্রুতি। প্রায় ১ হাজার ৪০০ বছর পুরনো স্থাপনা হিসেবে এটি বিবেচিত হয়। অনেকের মতে, এটি বাংলাদেশের পাশাপাশি এশিয়ার অন্যতম প্রাচীন মসজিদ।

লালমনিরহাট-রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের প্রায় এক কিলোমিটার দক্ষিণে, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজায় মসজিদটির অবস্থান।

স্থানীয় বয়োবৃদ্ধ ও মসজিদ কমিটির তথ্য অনুযায়ী, কালের বিবর্তনে মাটির নিচে বিলীন হয়ে যাওয়া এই মসজিদটি নির্মাণ করেছিলেন একজন সাহাবি। তিনি এ অঞ্চল দিয়ে চীন দেশে পাড়ি জমিয়েছিলেন। চীনের বিস্মৃত কোয়াংটা নদীর ধারে অবস্থিত কোয়াংটা শহরে তাঁর নির্মিত মসজিদ ও মাজার শরিফ রয়েছে। ওই সাহাবির নাম হজরত আবু ওয়াক্কাস (রা.).

মসজিদটি রামদাস গ্রামের একটি জঙ্গলের মধ্যে আবিষ্কৃত হয়। একসময় স্থানীয় মানুষজন জীবজন্তু ও সাপ-বিচ্ছুর ভয়ে ওই জঙ্গলে প্রবেশ করতেন না। ১৯৮৩-৮৪ সালের দিকে স্থানীয়রা চাষাবাদের জন্য জঙ্গলটি পরিষ্কার করার উদ্যোগ নেন। এ সময় তাঁরা দেখতে পান, জায়গাটি সমতল ভূমি থেকে উঁচু এবং সেখানে সাত-আটটির মতো মাটির উঁচু টিলা রয়েছে।

জায়গাটি সমতল করার জন্য খননকাজ শুরু হলে সেখানে প্রচুর প্রাচীন ইট পাওয়া যায়। ইটগুলোতে অঙ্কিত ছিল নান্দনিক ফুলের নকশা। প্রথমে সবাই ধারণা করেছিলেন, এটি পুরোনো কোনো জমিদারবাড়ি কিংবা রাজবাড়ির ধ্বংসাবশেষ।

তবে ১৯৮৬ সালে একটি ঘটনা স্থানীয়দের নতুন করে ভাবায়। আইয়ুব আলী (৫৮) নামে স্থানীয় এক ব্যক্তি ইটের স্তূপ থেকে কয়েকটি ইট কুড়িয়ে বাড়িতে নিয়ে যান। পরে তিনি দেখতে পান, ইটগুলোর মধ্যে একটিতে কিছু লেখা রয়েছে। লেখাটি স্পষ্টভাবে দেখার জন্য পানিতে ভালোভাবে ধুয়ে নিলে সেটি একটি প্রাচীন শিলালিপি বলে প্রতিভাত হয়। সেখানে লেখা ছিল, ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, হিজরি সন ৬৯।’

স্থানীয় সাংবাদিক খাইরুল ইসলাম বলেন, ‘মসজিদটি দেখতে প্রতিদিন দেশ-বিদেশ থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। অনেকেই এখানে এলে অন্তত এক ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করেন।’

সাবেক স্কুলশিক্ষক মাহফুজুল হক মন্তব্য করেন, ‘সরকারি উদ্যোগে মসজিদের পরিবেশ উন্নত করা হলে দর্শনার্থীরা ইতিহাস ও আধ্যাত্মিকতা আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবেন।’

মসজিদের মোয়াজ্জিন সোলাইমান আলী সাংবাদিকদের জানান, ‘মসজিদটির পরিচালনা আরও শক্তিশালী হলে এর যথাযথ মূল্যায়ন সম্ভব হবে।’

মসজিদের পেশ ইমাম তাওহীদুল ইসলাম বলেন, ‘এখানে সংরক্ষিত প্রাচীন ইট ও স্থাপত্য উপাদান এ অঞ্চলের ইসলামী ঐতিহ্যের অমূল্য সাক্ষ্য বহন করছে।’

স্থানীয় বয়োবৃদ্ধ সিরাজুল ইসলাম (৭০) জানান, ১৯৯০ সালের পর মসজিদটির খবর আলজাজিরাসহ বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। বর্তমানে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য পর্যটক ও ধর্মপ্রাণ মুসলমান এখানে নামাজ আদায় করতে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় টেম্পুচালক মো. সুমনের প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় টেম্পুচালক মো. সুমনের প্রাণ গেল

হাটহাজারীর সড়ক দুর্ঘটনায় মো. সুমন (৩৫) নামের এক সিএনজিচালিত টেম্পুচালক নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের উত্তর পাশে হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন খাগড়াছড়ি জেলার গুইমারা থানার রসুলপুর ইউপির ১নং ওয়ার্ড এলাকার নুর ইসলামের ছেলে। তিনি বর্তমানে মির্জাপুর এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যার দিকে নাজিরহাটমুখী একটি সিএনজিচালিত টেম্পু গাড়ি (টিকটিকি) হঠাৎ সামনে চলে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে ব্রেক করে দ্রুত গাড়িটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় টেম্পুটি সড়কের ওপর উল্টে গেলে চালক নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই মুস্তাফিজুর রহমান জানালে, শনিবার রাত ৯টার দিকে নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি এ প্রতিবেদককে জানান, "ঘটনাস্থলে গিয়ে আমরা ওই টেম্পু গাড়িটি পূর্ব পশ্চিম অবস্থায় সড়কে পেয়েছি। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বর্তমানে আমি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি। পরে বিস্তারিত জানানো হবে" বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে গতকাল শুক্রবার রাতে একই ইউনিয়নের চারিয়া মুছার দোকানস্থ জনতা কনভেনশন হলের সামনে সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক বসদের খুশি করার চর্চা বর্জনের পরামর্শ সুজনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


রাজনৈতিক বসদের খুশি করার চর্চা বর্জনের পরামর্শ সুজনের

দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‘রাজনৈতিক বসদের’ খুশি করার প্রচলিত পন্থা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচন পদ্ধতি সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

শনিবার (১৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে পঞ্চম তলায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুজন’র দুই যুগ পূর্তি উপলক্ষে ‘মাদক কিশোর গ্যাং ছিনতাই ও সহিংসতামুক্ত নারায়ণগঞ্জ গঠনে করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেল পাঁচটার কিছুক্ষণ আগে এ সভা শুরু হয়ে চলে রাত আটটা পর্যন্ত। এতে স্থানীয় রাজনৈতিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তারাও বক্তব্য রাখেন।

সুজন’র সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল।

সভায় বদিউল আলম মজুমদার বলেন, “ত্বকী হত্যার যদি বিচার চান, অধিকার যদি নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে সক্রিয় হতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে অন্যায়-অবিচারকে আমরা প্রতিহত করতে পারবো। আইশৃঙ্খলা বাহিনীকেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক বস যারা তাদের খুশি করার সেই প্রচলিত পন্থা থেকে বেরিয়ে আসেন, তাহলে এই সমস্যার সমাধান করতে পারবো।”

“তা নাহলে এই সমস্যা বেসামাল হবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং আমাদের দেশটা বাসের অযোগ্য হয়ে যাবে। আমাদের সোচ্চার নয়, সক্রিয় হতে হবে,” যোগ করেন তিনি।

সুজন সম্পাদক বলেন, “প্রশাসন মাদক-সন্ত্রাস নির্মূলে আন্তরিক তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষের পারসেপশন খুবই গুরুত্বপূর্ণ। অতীতে যেভাবে চলেছে তারই ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় যেসব অপকর্ম হয়েছে, বিভিন্ন ক্ষেত্র থেকে পৃষ্ঠপোষকতা, অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও যা ছিল, তা এখনো চলছে। হয়তো মাত্রায় ভিন্নতা থাকতে পারে, কিন্তু পরিস্থিতি বদলায় নাই।”

আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধি ও স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরিবেশ সৃষ্টির উপর গুরুত্ব দেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, “কিন্তু একইসাথে পুলিশের মধ্যে সততা, আন্তরিকতা, মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টি সৃষ্টি করতে হবে। তারপরও বলবো, পুলিশের একার পক্ষে সব সম্ভব না। বিখ্যাত একজন বলেছিলেন, একটি রাষ্ট্রে নাগরিকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের মালিকের অবস্থান থেকে তারা যদি পদক্ষেপ নেয় তাহলেই পরিবর্তন আসবে। পুলিশ শত চেষ্টা করলেও পারবে না, যদি না নাগরিক তার ভূমিকা পালন করে।”

সমাজের সচেতন মানুষদের সামাজিক সমস্যাগুলো দূর করতে ‘কেবল আলোচনা নয়, সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন’, বলেন তিনি।

“শুধু কথা বললেই হবে না, সংগঠিত হতে হবে। আমরা কারো মানবাধিকার লঙ্ঘন করবো না, কিন্তু আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাগরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় এই সকল সমস্যার সমাধান হবে।”

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “নারায়ণগঞ্জের অনেক সুনাম আছে। একইসাথে নারায়ণগঞ্জের কিছুটা দুর্নামও আছে। সন্ত্রাসী জনপদ হিসেবে পরিচিতি, অন্যান্য অপকর্মের কেন্দ্রবিন্দু হিসেবে দুর্নাম। সেই জোট সরকারের আমলে র‌্যাব সৃষ্টি হয়েছিল, র‌্যাবের বিচার-বহির্ভূত হত্যার একজন ভিক্টিম ছিল এখানের ডেভিড। এছাড়া, সাত খুন, ত্বকী হত্যার মতো অনেকগুলো ঘটনা ঘটেছে, যা নারায়ণগঞ্জের জন্য দুর্নাম ডেকে আনে।”

সম্প্রতি কুমিল্লা থেকে ফেরার পথে কাঁচপুর সেতুর কাছাকাছি এলাকায় মহাসড়কে ডাকাতির ঘটনা প্রত্যক্ষ করেন বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জামায়াতে ইসলামীর মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, নাসিকের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সিপিবি’র জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূরউদ্দিন, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আহমেদুর রহমান তনু, এনসিপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শওকত আলী, সমমনার জেলা সভাপতি গোবিন্দ সাহা প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্যবীর শেবাগের রেকর্ড, বাবার মতোই আগ্রাসী ওপেনার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


আর্যবীর শেবাগের রেকর্ড, বাবার মতোই আগ্রাসী ওপেনার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাট হাতে নিজের প্রতিভা তুলে ধরেছেন তরুণ ওপেনার আর্যবীর শেবাগ। তিনি ভারতীয় ক্রিকেটের প্রাক্তন মারকুটে ওপেনার বীরেন্দ্র শেবাগের পুত্র। বাবার মতোই আগ্রাসী ব্যাটিং করে নজর কাড়ছেন আর্যবীর। এশিয়া কাপের টুর্নামেন্টে এক দিনের ক্রিকেটে তিনি গড়েছেন একটি অনন্য ইতিহাস।

ওমানে অনুষ্ঠিত এশিয়া কাপের শুরু থেকেই আর্যবীর সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ওপেনার হিসেবে প্রায় প্রতিটি ম্যাচে রান সংগ্রহ করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে ব্যাট হাতে ৫৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটিংয়ের ওপর ভর করে ভারত ভালো শুরু করে।

এই ইনিংসের মাধ্যমে টুর্নামেন্টের ওয়ানডেতে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েন আর্যবীর। পাঁচটি ইনিংসে তাঁর রান ৩৬১। এর মধ্যে একটি শতরান এবং তিনটি অর্ধশতরান রয়েছে। অর্থাৎ, পাঁচটি ইনিংসের চারটিতেই পঞ্চাশের গণ্ডি পেরিয়েছেন তিনি। ৯০.২৫ গড় নিয়ে রান করেছেন এই ওপেনার। তাঁর স্ট্রাইক রেট ৯৫.৫০। গোটা টুর্নামেন্টে তিনি ৩৮টি চার এবং ১৬টি ছক্কা মেরেছেন।

শেবাগ-পুত্র দুই ব্যাটারকে পেছনে ফেললেন। এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের একটি সংস্করণে সর্বোচ্চ রান করার রেকর্ড পাকিস্তানের সমীর মিনহাসের দখলে ছিল। তিনি গত এশিয়া কাপে ২৯৪ রান করেছিলেন। এবারের আসরে সেই রেকর্ড সেমিফাইনালে ভেঙে দেন আর্যবীর।

তবে ফাইনালের আগে আবার রেকর্ড হাতবদল ঘটে। পাকিস্তানের উসমান খান ফাইনালে দুর্দান্ত শতরান করে পাঁচ ইনিংসে ৩৪৫ রান নিয়ে আর্যবীরকে টপকে যান। ফলে সাময়িকভাবে রেকর্ডটি হাতছাড়া হয় শেবাগ-পুত্রের।

কিন্তু ফাইনালে ৫৮ রানের ইনিংস খেলে তিনি আবার শীর্ষে উঠে আসেন। উসমানকে পেছনে ফেলে ৩৬১ রান নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান আর্যবীর।

এছাড়া এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি। এই সাফল্যের মাধ্যমে বাবার মতোই বড় মঞ্চে নিজের প্রতিভা প্রমাণের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন এই তরুণ ব্যাটার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%