০১:৫৪ পি.এম
বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘গর্বের বাকেরগঞ্জ’-এর ইতিহাসে ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
১৬ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের ৯০ জন কাউন্সিলরের মধ্যে ৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ৮৩ ভোট পেয়ে মোজাম্মেল হোসেন মোহন সংগঠনের সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন মো. ওসমান গনি। এছাড়া, ৬৭ ভোট পেয়ে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন অ্যাডভোকেট মো. শামসুল আরেফিন এবং ৫২ ভোট পেয়ে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রকৌশলী একেএম মিজানুর রহমান মাসুদ।
আরও পড়ুন: কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া জনগণের সেবা ও এলাকার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ
সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ ডিসেম্বর প্রতিষ্ঠার পর এবারই প্রথম কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃত্ব নির্বাচন করা হলো। চারটি গুরুত্বপূর্ণ পদে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে মোট ৯০ জন কাউন্সিলর অংশগ্রহণের সুযোগ পান। তাঁদের মধ্যে ৪৪ জন ছিলেন সংগঠনের ১৪টি ইউনিয়ন ও একটি পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল জেলা, নারায়ণগঞ্জ জেলা ও গাজীপুর জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। বাকি ৪৬ জন ছিলেন কেন্দ্রীয় কমিটির কাউন্সিলর।
নির্বাচনকে ঘিরে সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মী ও সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দিনভর সংগঠনের সদস্যদের পাশাপাশি বাকেরগঞ্জবাসীরও দৃষ্টি ছিল নির্বাচনের ফলাফলের দিকে।
সংশ্লিষ্টরা মনে করছেন, একটি বৃহৎ সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের কাউন্সিলরদের সমন্বয়ে ভার্চুয়াল পদ্ধতিতে এমন নির্বাচন আয়োজন করা ছিল সাংগঠনিকভাবে একটি বড় চ্যালেঞ্জ। তবে সদস্যদের অংশগ্রহণ ও সহযোগিতায় নির্বাচন সম্পন্ন হওয়াকে সংগঠনের গণতান্ত্রিক চর্চা ও সাংগঠনিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে তিন জুয়াড়ি গ্রেপ্তার
সংশ্লিষ্টদের আশা, নতুন নেতৃত্বের মাধ্যমে ‘গর্বের বাকেরগঞ্জ’-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন