বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৪ পি.এম
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা (দক্ষিণ) এর সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাউজান আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী প্রিন্সিপাল আল্লামা ইলিয়াছ নুরীকে হত্যার হুমকি প্রদানকারীকে গ্রেপ্তার করে শাস্তির দাবিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা ঘোষিত দুই দিনের কর্মসূচির প্রথম দিনে আজ বৃহস্পতিবার রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান সওদাগর তৈয়বী, রাউজান উত্তর ইসলামী ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ তসলিম উদ্দিন বাদশা, রাউজান উপজেলা (উত্তর) যুবসেনার সাধারণ সম্পাদক ও তরুণ প্রাবন্ধিক এম সাইফুল ইসলাম নেজামী, ইসলামী ফ্রন্ট নেতা মোহাম্মদ মোজাম্মেল হোসেন, রাউজান দক্ষিণ ছাত্রসেনার সভাপতি কাজী কায়েস উদ্দিন, উপজেলা উত্তরের সভাপতি কাজী তাজুল ইসলাম আসিফ, পৌরসভা ছাত্রসেনার সাধারণ সম্পাদক আবদুল করিম সিরাজী প্রমুখ।
এ বিষয়ে উল্লেখ্য যে, রাউজান ছাড়াও মিরসরাই, সন্দ্বীপ, সীতাকুণ্ড, হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া উপজেলাতেও এ কর্মসূচি পালিত হয়েছে। একই দাবিতে আগামী শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্ট। গত এক সপ্তাহ আগে অজ্ঞাত ব্যক্তিরা মুঠোফোনে ইলিয়াছ নূরীকে হত্যার হুমকি প্রদানসহ মোটা অংকের চাঁদা দাবি করছিল। এ বিষয়ে রাউজান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং নেতৃবৃন্দ থানার ওসির সাথে সরাসরি সাক্ষাত করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অজ্ঞাত ব্যক্তিকে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, জমিদারদের জুলুম-নির্যাতন ও শোষণের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের একটি অবিস্মরণীয় নাম শহীদ সৈয়দ মীর নিসার আলী তিতুমীর। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, সংগঠক এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী নেতা। তাঁর জীবন ও সংগ্রাম প্রমাণ করে যে, ধর্মীয় শিক্ষাদান ও ব্যক্তিগত আমল-আখলাকের পাশাপাশি সমাজের অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনা এবং মানুষের অধিকারহরণের বিরুদ্ধে সোচ্চার হওয়া আলেমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বৃহস্পতিবার, তিতুমীরের ১৯৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতৃবৃন্দ এক বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে উল্লেখ করা হয় যে, জমিদার ও নীলকরদের অত্যাচারে জর্জরিত কৃষক-জনতাকে সংগঠিত করতে সক্ষম হয়েছিলেন তিতুমীর। ধর্মীয় সংস্কার, সামাজিক ন্যায়বিচার এবং অধিকার প্রতিষ্ঠায় তিনি সংগ্রাম গড়ে তোলেন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়সংগত প্রতিকার না পেয়ে তিনি প্রতিরোধের পথ বেছে নেন। নারকেলবেড়িয়ায় নির্মিত তাঁর ঐতিহাসিক বাঁশের কেল্লা হয়ে ওঠে ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের প্রতীক। সামরিক শক্তির কাছে তাঁর বাহিনী পরাজিত হলেও, তাঁর আত্মত্যাগ ও প্রতিরোধের চেতনা ইতিহাসে অমর হয়ে আছে।
বিবৃতিতে আরও বলা হয়, তিতুমীরের সংগ্রাম কেবল অতীতের একটি ব্রিটিশবিরোধী বিদ্রোহ ছিল না; এটি ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের একটি ঐতিহাসিক শিক্ষা। যখন কোনো শাসকগোষ্ঠী অথবা রাজনৈতিক শক্তি জনগণের অধিকার হরণ করে, জুলুম-নির্যাতন চালায় এবং ভিন্নমত দমনের চেষ্টা করে, তখন তার বিরুদ্ধে নীতিনিষ্ঠ প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য হয়ে ওঠে।
নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার দীর্ঘ ইতিহাস পেরিয়ে বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কিংবা আধিপত্যবাদী শক্তির উত্থান মেনে নেওয়া যায় না। অতীতের ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীদের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।
তারা আরও বলেন, তিতুমীরের বাঁশের কেল্লার চেতনা ধারণ করে আজও সব ধরনের জুলুম, আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার, মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে নতুন প্রজন্মের কাছে তিতুমীরের জীবন ও সংগ্রামের ইতিহাস যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে বলা হয়, তাঁর আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন হবে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার মধ্য দিয়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জুমার খুতবায় নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ধর্মমন্ত্রী উল্লেখ করেন, নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে যুক্ত আওয়ামী লীগ এবং সংশ্লিষ্টদের গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য নাশকতা প্রতিরোধের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃত্ব, মসজিদের ইমাম-খতিব এবং সাধারণ জনগণের অরাজনৈতিকভাবে সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানান যাতে তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, নাশকতা পরিহার করেন এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
ধর্মমন্ত্রী সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোথাও যদি কোনো নাশকতা বা সন্দেহজনক তৎপরতা নজরে আসে, তাহলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
দেশের শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ধর্মীয় নেতৃত্বসহ সকলের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর, মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা। এই তথ্যটি বিবিসি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
ব্রিটিশ পার্লামেন্টের মিয়ানমারবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) সহসভাপতি, লেবার পার্টির এমপি রুশনারা আলী এবং কনজারভেটিভ পার্টির এমপি জেরেমি হান্ট এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।
তারা উল্লেখ করেন, "আইসিজের আজকের রায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করতে হবে।" তারা বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত থাকার কারণে রোহিঙ্গাসহ দেশটির পুরো জনগণের সুরক্ষা দিতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া জরুরি।
বিবৃতিতে যুক্তরাজ্য সরকারকে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে নিয়মিত বিরতিতে নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন একটি প্রস্তাব আনার কথাও উল্লেখ করা হয়েছে, যাতে মিয়ানমারের বিরুদ্ধে বাধ্যতামূলক ব্যবস্থা নেওয়া যায়।
রোহিঙ্গাদের ওপর নিপীড়নের কারণে সৃষ্ট শরণার্থী সংকটের বিষয়টি তুলে ধরে রুশনারা আলী ও জেরেমি হান্ট দাবি করেছেন যে, রোহিঙ্গা শরণার্থীদের জন্য ব্রিটিশ সরকারের সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এশিয়া কাপ রাইজিং স্টারসের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল হংকংকে ৮ উইকেটে পরাজিত করে দুর্দান্ত সূচনা করেছে। লাল-সবুজের প্রতিনিধিরা ৫৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছাতে সক্ষম হয়।
দোহা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাঠে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই হংকং দলের জিসান আলী (১০), বাবর হায়াত (১০) এবং রেয়ানশ শর্মা (৪) দ্রুত হারিয়ে চাপের মধ্যে পড়ে যায়। তবে চতুর্থ উইকেটে অংশুমান রাথ ও আইজাজ খান একটি প্রতিরোধ গড়ে তোলেন। অংশুমান ৮৭ বলে ৭৭ রান এবং আইজাজ ১০৬ বলে ৬৭ রান করেন। শেষদিকে শহীদ ওয়াসিফ ১৭ রান এবং এহসান খানের অপরাজিত ৯ রানের সাহায্যে হংকং ৫০ ওভারে ৮ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ৩৩ রানে ৩ উইকেট দখল করেন।
বাংলাদেশ ২২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমে পারভেজ হোসেন ইমনকে (১২) হারায়। শাহাদাত হোসেন ৪৩ রান করে আউট হন। পরে সাইফ হাসান ও ইয়াসির আলীর অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশ ৪১ ওভারেই জয়লাভ করে। সাইফ ১১৬ বল মোকাবিলা করে ৮৬* রান করেন এবং ইয়াসির ৫১ বল খেলে ৩ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৭১* রান সংগ্রহ করেন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য (৮৬* রান ও ১/৩৩) সাইফ ম্যাচসেরা নির্বাচিত হন।
সংক্ষিপ্ত স্কোর
হংকং: ২১৯/৮, ৫০ ওভার (অংশুমান ৭৭, আইজাজ ৬৭; ইমন ৩/৩৩)।
বাংলাদেশ ‘এ’: ২২০/২, ৪১ ওভার (সাইফ ৮৬*, ইয়াসির ৭১*, শাহাদাত ৪৩; শুক্লা ১/৪১ ও ইকবাল ১/৪৬)।
ফল: বাংলাদেশ ‘এ’ ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সাইফ হাসান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ