০৯:০৯ পি.এম
অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট বিশ্লেষকরা পোশাকশিল্পে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পটিকে টিকিয়ে রাখার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা উল্লেখ করেছেন, বর্তমানে পোশাকশিল্প চার ধরনের চাপের সম্মুখীন। চাপগুলো হলো রপ্তানি বাজারের চাহিদা, পণ্যের নিম্নমুখী মূল্য, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়। এই কারণে, বর্তমান মজুরি সংকটকে শুধুমাত্র মালিক-শ্রমিক দ্বন্দ্ব হিসেবে না দেখে, এসব বিষয়কে একত্রে বিবেচনা করার প্রয়োজনীয়তা রয়েছে বলেও তারা জানান।
বুধবার, রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনের সম্মেলন কক্ষে সংস্কারমুখী নাগরিক প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’ কর্তৃক আয়োজিত ‘পোশাক খাতে শ্রমিকের মজুরি ও শিল্পের টিকে থাকা: ভারসাম্য কোথায়, সমাধান কী?’ শীর্ষক সংলাপে বক্তারা এসব মন্তব্য করেন।
বক্তারা বলেন, নতুন ১৭ হাজার টাকার ন্যূনতম মজুরির ফলে অবশেষে বাংলাদেশের ন্যূনতম মজুরি ভিয়েতনাম ও ভারতের মতো কিছু প্রতিযোগী দেশের কাছাকাছি পৌঁছেছে। এটি একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সামগ্রিক বাস্তবতা মাথায় রেখে শ্রমিকদের এই মজুরি গ্রহণ করা উচিত বলেও তারা মন্তব্য করেন।
আরও পড়ুন: কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্যমন্ত্রী
সংলাপের শুরুতে ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বরের আমদানি তথ্য উপস্থাপন করে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের রপ্তানি ও পণ্যমূল্যের প্রবণতা বিশ্লেষণ করেন।
তিনি জানান, ২০২৩ সালে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের সময় গ্রেডভেদে গড়ে প্রায় ৫৫ শতাংশ মজুরি বৃদ্ধি পেয়েছে। সেই সময় রপ্তানিকারকদের ডলারের বিনিময় হার ১০২ টাকা থেকে প্রায় ১১৮ টাকায় (প্রায় ১৫-১৬ শতাংশ) সমন্বয় হওয়ায় শিল্প সেই বাড়তি ব্যয়ের একটি বড় অংশ সামাল দিতে সক্ষম হয়েছিল। তবে গত ১২ মাসে ডলারের বিপরীতে টাকার মানের সমন্বয় হয়েছে মাত্র প্রায় ১ দশমিক ৭ শতাংশ।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে বর্তমান মজুরি নির্ধারণ প্রক্রিয়া আদর্শ নয়। শ্রমিকদের জীবনযাত্রার মান এবং জীবনযাপন ব্যয় সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। ফলে যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা কোনো পক্ষই পুরোপুরি মেনে নিতে পারে না। তিনি প্রতি তিন বা পাঁচ বছর পরপর নয়, বরং প্রতি বছর মূল্যায়নের ভিত্তিতে মজুরি সমন্বয়ের একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, বাংলাদেশের অর্থনীতি পোশাকশিল্পের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। দীর্ঘকাল ধরে সরকারের সব সুযোগ-সুবিধা পোশাকশিল্পই পেয়ে এসেছে, অথচ চামড়া ও চামড়াজাত পণ্যের মতো অন্যান্য রপ্তানিখাতে সরকারের যথেষ্ট মনোযোগ দেওয়া উচিত ছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে না পারলে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: বন্ড সুবিধার অপব্যবহার: পোশাক রপ্তানিতে ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন
সংলাপে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি ড. রুবানা হক, বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, লেখক ও মানবাধিকার-শ্রম অধিকারকর্মী ফিরোজ আহমেদ, বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ এবং ইনোভিশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও পানাম ইনস্টিটিউটের ট্রাস্টি মো. রুবাইয়াত সারওয়ার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন