০৪:১৮ পি.এম
যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে গতিশীলতা ফিরে এসেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) দায়রা আদালতে ২৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সংখ্যা আগের পূর্ণ বছরের সংখ্যাকেও অতিক্রম করেছে। একই সময়ে, দেওয়ানি মামলার নিষ্পত্তির হার রেকর্ড ১৫৫.৪ শতাংশে পৌঁছেছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে এই পরিসংখ্যান উপস্থাপন করা হয়।
জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে জানানো হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো এক বছরে দায়রা আদালতে ৬২৫টি মামলায় সাজা প্রদান করা হয়। ওই বছর ২৩ জনকে যাবজ্জীবন ও ১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯ মাসে ৮০০টি মামলায় সাজা প্রদান করা হয়েছে, যার মধ্যে ২৬ জন যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন।
আরও পড়ুন: প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজকল্যাণ পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন
মাদক সংক্রান্ত মামলাতেও একই চিত্র দেখা গেছে। ২০২৫ সালের পুরো বছরে ৫৮টি মাদক মামলায় সাজা হয়েছিল এবং ১৯ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল। কিন্তু ২০২৬ সালের প্রথম ৯ মাসে ১০৭টি মাদক মামলায় সাজা দেওয়া হয়েছে, যার মধ্যে ২৮ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, দেওয়ানি মামলার বিচারিক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ২০২৫ সালে নিষ্পত্তির হার ছিল ৮৩.১ শতাংশ, যেখানে দায়ের করা মামলার সংখ্যা ছিল ৭,৩৫১টি এবং নিষ্পত্তি হয়েছে ৬,১০৭টি। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪,৩১০টি নতুন মামলা দায়েরের বিপরীতে নিষ্পত্তি হয়েছে ৬,৮২২টি মামলা। ফলে দেওয়ানি মামলার নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫.৪ শতাংশ এবং বিচারাধীন মামলার সংখ্যা ৩০ হাজার ২১টিতে নেমে এসেছে।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও মামলা জট কমাতে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। ২০২৫ সালের পুরো সময়ে এই আদালতে ১০,৫৪০টি মামলা নিষ্পত্তি হয়েছিল। বছরের শুরুতেই বিচারাধীন মামলা, নতুন দায়ের ও প্রাপ্তি মিলিয়ে ৪৮ হাজার ৫৫৭টি মামলার বিচারকাজ পরিচালিত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯ মাসে ১৩ হাজার ৬০৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ মামলার জট কমিয়ে বিচারপ্রার্থীদের দ্রুত সেবা দিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন স্পেশাল জজ (জেলা জজ) এস এম নূরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আতোয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, পিপি এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হকসহ বিভিন্ন আদালতের বিচারক ও আইন কর্মকর্তারা।
আরও পড়ুন: শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে : ভূমিমন্ত্রী মিনু
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বিচারক ও আইন কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় মামলা নিষ্পত্তির গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দ্রুত বিচার নিশ্চিতকরণ ও বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রিতা কমাতে ভবিষ্যতে এই গতি বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন