বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০৯:১২ পি.এম
গাজীপুরের কালীগঞ্জে ১৪৫১ জন কৃষক কৃষক কার্ড গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ভিডিও কলে প্রধানমন্ত্রী গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের সঙ্গে আলোচনা করেন। এ সময় মিলন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "কৃষক কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ।"
কালীগঞ্জের নাগরীর কালব রিসোর্ট অ্যান্ড কনফারেন্স সেন্টারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং কৃষি বিভাগের কর্মকর্তাগণ।
বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, "কালীগঞ্জের কৃষকরা গর্বিত মানুষ। কারণ তারা জেলার মধ্যে প্রথম কৃষক কার্ড পেলেন। সরকার নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু করেছে। দেশের ৮০ ভাগ মানুষ কৃষক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ওই চিন্তা থেকেই প্রধানমন্ত্রী কৃষকদের প্রণোদনা দিচ্ছেন। এই কার্ডের মাধ্যমে কৃষক নানা সুবিধা পাবেন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডের খেলা সম্পন্ন হয়েছে। বর্তমানে আফ্রিকার জাতীয় ফুটবল দলগুলো প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক উইন্ডোর বাকি অংশটিকে বাড়তি অনুশীলনের জন্য কাজে লাগানোর পরিকল্পনা করছে দেশগুলো। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বেনিন এবং বুরকিনা ফাসো ফুটবল দল আর্জেন্টিনার উদ্দেশ্যে উড়াল দিচ্ছে।
আগামী শনিবার বুরকিনা ফাসো ফুটবল দল বর্তমান বিশ্বকাপ রানার্স-আপ আর্জেন্টিনা দলের বিপক্ষে খেলবে। অন্যদিকে, আগামী মঙ্গলবার বেনিনের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি ঘটাবেন মহাতারকা লিওনেল মেসি।
আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসিকে বিদায় জানাতে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে প্রায় ৮৫ হাজার দর্শক উপস্থিত থাকার আশা করা হচ্ছে।
আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাওয়ার আগে বেনিনের কোচ গেরনট রোর বলেছেন, "মেসিকে নিয়ে আমরা একটু উৎসব করব। কিন্তু আমরা কিছুটা আনন্দ নষ্ট করারও চেষ্টা করব, কারণ সেটাও আমাদের আনন্দ দেয়। আমরা সেখানে তাদের রুখে দিতেও চাই।"
কেনিয়া, তানজানিয়া ও উগান্ডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচের ফলাফল ভালো হয়নি। প্রথম ম্যাচে বুরকিনা ফাসোর সঙ্গে ড্র এবং মৌরিতানিয়াকে হারিয়েছে গেরনট রোরের শিষ্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের মহারাষ্ট্রে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনায় সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতে এই ঘটনা ঘটার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পুনের আলান্দির উইনার্স একাডেমির একাদশ ও দ্বাদশ শ্রেণির মোট ৪৮ সদস্যের একটি দল সেখানে ভ্রমণ করতে গিয়েছিল। এই দলের মধ্যে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ছয়জন শিক্ষক অন্তর্ভুক্ত ছিলেন।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা যখন সমুদ্রে সাঁতার কাটতে নামে, তখন তাদের মধ্যে ৮ জন পানির স্রোতে ভেসে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা পানির গভীরতা ও স্রোতের তীব্রতা বুঝতে পারেনি। তবে ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং প্রশাসনের সদস্যরা আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
নিহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন তন্ময় দত্তাত্রয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোড়ে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্দভালকর এবং কৌস্তুভ সন্দীপ দাউন্দ। তাদের সবার বয়স ১৬ বছর এবং তারা পুনের আলান্দির বাসিন্দা।
ঘটনার খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় উদ্ধারকৃত মরদেহগুলো বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এছাড়া, এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ৪ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট ও ২০০টি মশারি প্রদান করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হাসপাতালের কাছে হস্তান্তর করা হয়।
বিডিআরসিএসের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালটিতে ডেঙ্গু রোগীর দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা এবং সংক্রমণ প্রতিরোধের জন্য এসব সামগ্রী ব্যবহার করা হবে। এই কার্যক্রমটি আন্তর্জাতিক ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) ডিজাস্টার রেসপন্স ইমার্জেন্সি ফান্ড (ডিআরইএফ) এবং আমেরিকান রেড ক্রসের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন আহমেদ মন্তব্য করেন, গত তিন মাসে হাসপাতালটিতে ৫৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা গ্রহণ করেছেন। সাধারণ মানুষের জন্য ডেঙ্গু পরীক্ষা সহজলভ্য ও সাশ্রয়ী করতে রেড ক্রিসেন্ট সর্বনিম্ন ফিতে পরীক্ষা পরিচালনা করছে।
বিডিআরসিএসের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, ডেঙ্গু দেশের বিভিন্ন হাসপাতাল ও জনগণের ওপর চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে দ্রুত রোগ শনাক্ত করে সময়মতো প্রতিরোধ ও চিকিৎসা প্রদান করা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যসেবার সম্মুখসারির প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করতেই এ সহায়তা প্রদান করা হচ্ছে।
এর আগে চলতি বছরের জুলাই মাসে ডেঙ্গু দ্রুত শনাক্তকরণের সক্ষমতা বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪০ হাজারের বেশি ডেঙ্গু এনএস১ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট হস্তান্তর করেছে বিডিআরসিএস।
সংস্থাটি জানাচ্ছে, চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে সামগ্রী সরবরাহের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা, স্বেচ্ছাসেবক সম্পৃক্ততা এবং স্বাস্থ্যবিষয়ক প্রচারও তারা চালিয়ে যাচ্ছে। সরকারি কর্তৃপক্ষ ও রেড ক্রস-রেড ক্রিসেন্ট মুভমেন্টের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুইজারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফভি) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করেছে। তারা ঘোষণা করেছে যে, ভবিষ্যতে ইনফান্তিনোকে ফিফা সভাপতি হিসেবে সমর্থন করবে না। গত বুধবার এই সমর্থন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে এসএফভি।
গত জুন মাসে ইনফান্তিনোর প্রার্থিতাকে সমর্থন করার পর, ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক মিটিংয়ে সুইস ফুটবল কমিটি তাদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে।
এসএফভি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ‘গত কয়েক মাসের ঘটনাবলির ব্যাপক পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ইংল্যান্ড, ওয়েলস, ফ্রান্স, সার্বিয়া এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনগুলোও নির্বাচনের আগে তাদের সমর্থন প্রত্যাহার করেছে। উয়েফা নভেম্বরের নির্বাচনের আগে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ