০৭:৩৫ পি.এম
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সার্ভার কক্ষের এভিআর মেশিন (অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর) পুড়ে গেছে। ফলে সেবা প্রদান এবং স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৯ অক্টোবর) আগুন লাগার কারণে সেবা নিতে আসা অনেকেই ফিরে যেতে বাধ্য হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে কর্মকর্তারা আগুনের বিষয়টি জানতে পারেন। তারা দ্রুত সার্ভার কক্ষ খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। আগুনের কারণে সার্ভার, কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রপাতির ক্ষতি হয়নি। তবে এভিআর মেশিনের নষ্ট হওয়ার কারণে সোমবার সারাদিনের জন্য সেবার কার্যক্রম, যেমন পার্সপোর্টের ছবি তোলা, আবেদন গ্রহণ ও পাসপোর্ট ডেলিভারি বন্ধ রয়েছে।
আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে ৫ নং ঘাট পরিদর্শন
এভিআর মেশিনটি সংস্কার করার জন্য পাঠানো হয়েছে। এটি ঠিক হলে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে পুনরায় সেবা প্রদান শুরু হবে। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পূজার ছুটি এবং শুক্র-শনিবার সরকারি বন্ধ থাকায় গ্রাহকরা তেমন ভোগান্তিতে পড়বেন না বলে জানিয়েছেন বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান।
তিনি উল্লেখ করেন, ‘মূলত লোডশেডিং শেষে যখন বিদ্যুৎ আসে তখন লোডের পরিমাণ অনেক বেশি ছিল। যার কারণে এই আগুনের ঘটনা ঘটেছে। তবে এভিআর মেশিন পুড়ে গেলেও, সার্ভার কক্ষের অন্য কোনো যন্ত্রপাতি বা ডকুমেন্টের ক্ষতি হয়নি। এভিআর মেশিনটি সংস্কার করতে দেয়া হয়েছে। আশা করছি ২৫ অক্টোবর থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করা যাবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন