১২:০৩ এম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন যে জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না। তিনি দাবি করেছেন যে জামায়াত বেহেশতের লোভ দেখিয়ে ভোট সংগ্রহ করেছে, কিন্তু ভোটের পর মানুষের পাশে নেই।
শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিবগঞ্জ উপজেলায় কোনো চোখ যেন খারাপ না থাকে, আমরা সব চোখ ঠিক করে ফেলব। কারণ, চোখ যদি ঠিক না হয় তাহলে ফ্যামিলি কার্ড দেখবে কি দিয়ে, কৃষক কার্ড দেখবে কি দিয়ে? পাকা রাস্তাঘাট দেখবে কি দিয়ে, সব শেষ কথা হচ্ছে ৫ বছর পর ব্যালট পেপারে ধানের শীষটা তো দেখা লাগবে। এজন্য চোখ ঠিক করা খুবই জরুরি।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড
জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে পূজা নিয়ে অনেক কথা বলা হলেও এখন হিন্দু সম্প্রদায়ের খোঁজ নেওয়ার সময় তাদের পাওয়া যাচ্ছে না। তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে। অথচ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণ নিয়ে তাদের কোনো কথা নেই। আপনাদের সন্তান তারেক রহমান ইমাম-মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করেছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় না। জনগণের কল্যাণে কাজ করে পাঁচ বছর পর আবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় সরকার। এ সময় তিনি আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন