শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৫৪ পি.এম
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) যদি কোনো শিক্ষক, শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হয়, তবে বহিষ্কারসহ রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে ‘জুলাই ঐক্য পরিষদ’।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর সংগঠনটি একটি স্মারকলিপি প্রদান করে এ দাবি জানায়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য গোপন কার্যক্রম নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই ধরনের অভিযোগ এবং আশঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, নিরাপত্তা এবং সুনামের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।
এতে আরও উল্লেখ করা হয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কোনোভাবেই এমন কর্মকাণ্ডের আশ্রয়স্থল হতে পারে না, যা দেশের আইন, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা এবং নিরাপদ শিক্ষার পরিবেশের পরিপন্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতা বা পদক্ষেপ গ্রহণে বিলম্ব এই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলতে পারে।
স্মারকলিপিতে দাবি করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা সম্পর্কে পাওয়া অভিযোগগুলো দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আওতায় আনা উচিত।
যদি তদন্তে কোনো শিক্ষক, শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এমন সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে রাষ্ট্রীয় আইন ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বহিষ্কারসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং বিশ্ববিদ্যালয়ের বিধিমালা ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা করে ‘জুলাই ঐক্য পরিষদ’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও তৈরির সময় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি টিকটকার আব্দুর হাকিমকে (২৫) শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত টিকটকার আব্দুল হাকিম ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের আলী আজগরের ছেলে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের টিকটকার আব্দুল হাকিম (২৫) টিকটক ভিডিও বানানোর জন্য শিশু সৌরভ ক্ষত্রিয়কে (৭) ১০ টাকার বিনিময়ে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে নির্দেশ দেন। শিশু সৌরভ ক্ষত্রিয় টিকটকার হাকিমের নির্দেশ মেনে ২৯/৩/২০২৫ তারিখ সকালে ১১টা ৩০ মিনিটে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিলে পায়ে লোহার তারের কাঁটা বিঁধে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এই আঘাতের বিষয়টি হাকিম কাউকে জানাতে নিষেধ করেন।
পরে, শিশু সৌরভ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার পরিবার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ০৪/০৪/২০২৫ তারিখ বিকেল সাড়ে ৫টায় শিশুটি মৃত্যুবরণ করে। এ ঘটনায় শিশু সৌরভের মা রানু ক্ষত্রিয় দণ্ডবিধির ৩০৪ ধারায় ফুলপুর থানায় মামলা (নম্বর ৭, তারিখ-০৭/০৪/২৫) দায়ের করেন। ঘটনার এক বছর পাঁচ মাস পর পলাতক আসামি টিকটকার আব্দুল হাকিমকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসের বিভাগীয় কার্যক্রম ও সার পরিস্থিতি পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামারবাড়ি ক্রপস উইংয়ের পরিচালকসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাগন। সার বিক্রয় ব্যবস্থাপনা পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকার সার ডিলারের গুদাম এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামারবাড়ির ক্রপস উইংয়ের পরিচালক ড. সালমা লাইজু। উপজেলার সার ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনের সময় তাঁর সাথে ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি খামারবাড়ি) কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ড. মো. সালাহ উদ্দিন কায়সার, শেরপুরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আলমগীর কবির ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।
এদিন উপজেলার বিভিন্ন সার ডিলারদের স্টক রেজিস্টার ও তাদের গুদামে থাকা সারের মজুত পর্যবেক্ষণ পূর্বক যাচাই করা হয়। সার বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা, নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করা হচ্ছে কিনা, কৃত্রিম সার সংকট সৃষ্টির সম্ভাবনা তৈরি করা হচ্ছে কিনা এসব বিষয়ে তদারকি করেন তারা। সরকারের ভাবমূর্তি রক্ষায় সরকারি নির্দেশনা অনুযায়ী সার সংরক্ষণ ও ন্যায্যমূল্যে কৃষকদের কাছে সার সরবরাহের বিষয়ে অধিক গুরুত্ব দিতে পরামর্শ প্রদান করা হয়। এক্ষত্রে সার ডিলারদের অধিকতর সচেতন থাকারও পরামর্শ দেন ঢাকা খামারবাড়ির ক্রপস উইংয়ের পরিচালক ড. সালমা লাইজু।
এসময় উল্লেখিত কর্মকর্তাগন ছাড়াও জেলা-উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যগন, উপজেলা বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সার ডিলারগন উপস্থিত ছিলেন।
সার ব্যবস্থাপনা পরিদর্শন শেষে উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে বিভাগীয় কনফারেন্সে মিলিত হন তারা। এসময় মাটির স্বাস্থ্য রক্ষায় ও নিরাপদ রাসায়নিক মুক্ত কৃষির উৎপাদনশীলতা বাড়াতে কৃষকের জমিতে জৈব বালাইনাশক এবং জৈব সার প্রয়োগের পরামর্শ প্রদান করা হয়। এবিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিবাদের কারণে নিজ কক্ষে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তানিয়া আক্তার (২০) নামে আরো একজনের মৃত্যু ঘটেছে। ফলে, মৃত্যুর সংখ্যা এখন ৩ জনে পৌঁছেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া মারা যান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত তানিয়া আক্তারের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে, এই ঘটনায় আরো দুজনের মৃত্যু ঘটে। তাদের মধ্যে বাবা-ছেলে সিদ্দিক বেপারী (৫৫) ও মো. ইমন (২৬) অন্তর্ভুক্ত রয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে সূত্রাপুরের শ্যামবাজার চামারটুলি এলাকায় আগুনের ঘটনাটি ঘটে। এতে সিদ্দিক বেপারী (৫৫), মো. ইমন (২৬), রাজিব (৩৮), আরিফুর রহমান ধলু (৩৫) এবং তানিয়া আক্তার (২০) দগ্ধ হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলমান বাসভাড়া নিয়ে বিরোধের মাঝে আপাতত বর্তমান ভাড়ার হার বজায় রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী রোববার পর্যন্ত এই রুটে বাসভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের সাথে বাস মালিকপক্ষ ও পুলিশের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে রোববার পর্যন্ত বর্তমান ভাড়া অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান উপস্থিত ছিলেন। বাস মালিকপক্ষ এবং আন্দোলনকারীদের প্রতিনিধিরাও বৈঠকে অংশগ্রহণ করেন।
ছাত্র ফেডারেশনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাসভাড়া বাড়ানোর উদ্যোগের বিরুদ্ধে এই সিদ্ধান্তকে সংগঠনটি নারায়ণগঞ্জের ছাত্র-জনতার একটি প্রাথমিক বিজয় হিসেবে বিবেচনা করছে।
ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সাধারণ যাত্রীদের জন্য ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৫ টাকার বেশি ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে সংগঠনটির দাবি, সাধারণ যাত্রীদের জন্য ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা নির্ধারণ করতে হবে। এই দাবিতে তারা অটল থাকবে বলেও জানানো হয়েছে।
এদিকে, বাসভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী রোববার বাস মালিক, প্রশাসন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাসভাড়া সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ