শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫১ পি.এম
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ধনমণ্ডল ঢাকাইয়া পাড়া গ্রামে জ্ঞানের আলো ছড়ানোর উদ্দেশ্যে বসুন্ধরা শুভসংঘ পাঠাগার যাত্রা শুরু করেছে। এই পাঠাগারটি গ্রামীণ জনগণের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার সুযোগ বৃদ্ধি করা এবং শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়, যেখানে একুশে পদকপ্রাপ্ত দুই বাংলার প্রখ্যাত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আলী সায়েদ, অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে বইমুখী করে তুলতে এই পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন।
ইমদাদুল হক মিলন বলেন, ‘শহরাঞ্চলের তুলনায় প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের বাইরে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ অনেক ক্ষেত্রেই সীমিত। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের ফলে এলাকার শিশু-কিশোর ও তরুণেরা সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে বই পড়ার সুযোগ পাবে। পাশাপাশি পাঠাগারটি স্থানীয় শিক্ষার্থী ও বইপ্রেমীদের জ্ঞানচর্চা এবং সৃজনশীল চিন্তাভাবনা বিকাশের একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।’
পাঠাগার উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী ও বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গ্রামের মধ্যে এমন একটি পাঠাগার প্রতিষ্ঠিত হওয়ায় তারা আনন্দ প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, পাঠাগারটি শুধু বই পড়ার স্থান হিসেবেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশ, নৈতিক মূল্যবোধ গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত বই পড়ার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের জ্ঞানসমৃদ্ধ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে তারকাদের অভাব নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নও তারা। কিন্তু ঘরের মাঠে টেস্ট ম্যাচ দেখার জন্য দর্শকদের আগ্রহ যেন ক্রমশ কমে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টেও দর্শক উপস্থিতি ছিল কম।
দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদার এই পরিস্থিতি ভালোভাবে নেননি। তাই তিনি দর্শকদের মাঠে ফেরানোর জন্য একটি অভিনব পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, অফিসের কাজ থাকলে ল্যাপটপ ও পাওয়ার ক্যাবল নিয়ে স্টেডিয়ামে আসতে।
ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়লাভ করে। ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই দারুণ পারফর্ম করে ম্যাচসেরা হন রাবাদা। তিনি ৮ উইকেট নিয়েছেন এবং প্রথম ইনিংসে করেছেন ক্যারিয়ারসেরা ৭২ রান। তবে দলের এমন দাপুটে জয়ের পরও গ্যালারির ফাঁকা আসনগুলো তার দৃষ্টি এড়ায়নি।
জোহানেসবার্গ টেস্টের পাঁচ দিনে মোট ২৩ হাজার ৫০০ দর্শক মাঠে উপস্থিত ছিলেন। প্রায় ২৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রথম দিন ৯ হাজার দর্শক থাকলেও পরবর্তী দিনগুলোতে গড় দর্শক সংখ্যা ছিল মাত্র ২ হাজারের কাছাকাছি। রাবাদার মতে, এতে মাঠের আবহাওয়ায় প্রভাব পড়েছে।
দর্শকদের মাঠে আসার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি জানি এখন মানুষের কাজের অনেক চাপ। সামনেই সবাই বোনাস পাবে, গ্রীষ্মকালও চলে আসবে। আমার মনে হয় তখন আবার গ্যালারি দর্শকে ভরে উঠবে। তবে আজকাল তো অনেকেই স্টেডিয়ামে বসে অফিসের কাজ করেন। তাই আমি বলব আপনারা ল্যাপটপ ও পাওয়ার ক্যাবল নিয়ে মাঠে চলে আসুন।’
রাবাদার মতে, গ্যালারিতে দর্শক থাকলে খেলোয়াড়দের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি হয়। দর্শক কম থাকলে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সেই আবহ পাওয়া কঠিন হয়ে পড়ে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে সেঞ্চুরিয়নে, আগামী সোমবার (২৩ নভেম্বর)। কর্মদিবসে শুরু হতে যাওয়া সেই ম্যাচে দর্শকসংখ্যা বাড়বে কি না, সেটি এখন দেখার অপেক্ষা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজনীতির শক্তি ক্ষমতার আড়ম্বর নয়; বরং গণমানুষের সমর্থন, বিশ্বাস ও ম্যান্ডেট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শুক্রবার (২০ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো এক পোস্টে মাহদী আমিন এই মন্তব্য করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, গণমানুষের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ জন্মদিন। ব্যক্তিগত পর্যায়ের বাইরে দিনটির বিশেষ জাতীয় তাৎপর্য রয়েছে। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মর্যাদা এবং জনগণের অধিকার, স্বাধীনতা ও সুরক্ষার সঙ্গে তার নেতৃত্ব গভীরভাবে জড়িত।
তিনি আরও বলেন, এক ঐতিহাসিক মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরায় আমরা দেখেছি মানুষের অভূতপূর্ব সমাগম, আবেগ ও মমত্ববোধ। নির্বাচনে তার নেতৃত্বে জনগণের ঐতিহাসিক বিজয় সেই ভালোবাসা ও আস্থারই গণতান্ত্রিক প্রতিফলন। এখনো দেশের যেখানেই তিনি যান, সব শ্রেণি, পেশা ও বয়সের মানুষ যেভাবে তাকে আপন করে নেন, তা মানুষের সঙ্গে আত্মিক বন্ধনের বহিঃপ্রকাশ।
প্রধানমন্ত্রীর চলাফেরায় প্রচলিত ভিভিআইপি সংস্কৃতির আড়ম্বর নেই উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার বেষ্টনী ভেঙে তিনি বারবার ছুটে যান তৃণমূলে, প্রান্তিক মানুষের কথা শোনেন, তাদের সঙ্গে মিশে যান। কারণ, তার রাজনীতির মূল দর্শন হলো, রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস জনগণ। জনগণের প্রেরণা ও সমর্থনই নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি। জনগণের সঙ্গে থাকা, সমস্যার সমাধান করা, দেশের স্বার্থ রক্ষা এবং ‘সবার আগে বাংলাদেশ’ নিশ্চিত করা তার রাজনীতির মৌলিক লক্ষ্য।
ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সৌভাগ্যবান মন্তব্য করে মাহদী আমিন লেখেন, ২০১১ সাল থেকে দেড় দশক ধরে তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সুযোগ হয়েছে। খুব কাছ থেকে দেখেছি দেশের প্রতি তার অসীম ভালোবাসা, মানুষের ভাগ্য পরিবর্তনের দৃঢ় প্রত্যয় এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সুদূরপ্রসারী পরিকল্পনা ও নিরলস কর্মপ্রয়াস। দেখেছি, অনিঃশেষ অপপ্রচার ও ষড়যন্ত্র, প্রতিকূলতা ও দীর্ঘ সংগ্রামের মধ্যেও তার অবিচল মনোবল, জনগণের শক্তির প্রতি আস্থা এবং দেশের জন্য কাজ করে যাওয়ার অদম্য স্পৃহা। তার এই অঙ্গীকার, নিষ্ঠা ও কর্মযজ্ঞ আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।
তিনি লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বিএনপির প্রতিষ্ঠা, তার রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বে বাংলাদেশের আত্মপরিচয় ও জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আপসহীন গণতান্ত্রিক সংগ্রাম-এর সবই বাংলাদেশের ইতিহাসের গৌরবময় অধ্যায়। এই ইতিহাসের প্রতিটি বাঁকে রয়েছে গভীর ত্যাগ, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতার স্বাক্ষর। সেই আদর্শ, সংগ্রাম ও ঐতিহাসিক ধারাবাহিকতায়, তারেক রহমান আজ পালন করছেন বহুমাত্রিক দায়িত্ব। তার দায়িত্ব শুধু ঐতিহ্য ও আদর্শকে এগিয়ে নেওয়া নয়; বরং প্রতিটি অর্জন ও অভিজ্ঞতাকে পাথেয় করে, দেশ বিনির্মাণের পরিকল্পনা ও প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করে, একটি স্বাধীন, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা।
মাহদী আমিন লেখেন, বাংলাদেশের ভবিষ্যৎ, উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তার নেতৃত্ব আজ দেশকে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে নিয়ে এসেছে। অসাধারণ ব্যক্তিত্ব ও সক্ষমতার অধিকারী হয়েও তারেক রহমান জীবনযাপনে অত্যন্ত সাধারণ, মাটির কাছাকাছি থাকা একজন মানুষ। তার কাছে রাজনীতির শক্তি ক্ষমতার আড়ম্বর নয়; বরং গণমানুষের সমর্থন, বিশ্বাস ও ম্যান্ডেট।
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে তিনি লেখেন, জনগণের অভূতপূর্ব ভোটে নির্বাচিত ও গণ-আকাঙ্ক্ষার প্রধানমন্ত্রীকে মহান আল্লাহ সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শক্তি ও প্রজ্ঞা দান করুন। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক গণতন্ত্র, সমৃদ্ধি, স্বনির্ভরতা ও বাংলাদেশি জাতীয়তাবাদের এক নতুন দিগন্তে।
শেষে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মাহদী আমিন লেখেন, শুভ জন্মদিন, মাননীয় প্রধানমন্ত্রী। আপনার প্রতিটি সাফল্যে আমরা গর্বিত। প্রতিটি ঘাত-প্রতিঘাতে, সম্ভাবনা-সাফল্যের প্রতিটি বাঁকে, আপনার সঙ্গে থাকতে চাই। আমরা আপনার পাশে আছি, থাকবো। আজ, আগামীকাল, আজীবন, ইনশাআল্লাহ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : আগামী রোববার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দায়িত্ব গ্রহণের পর প্রতিবেশী কোনো দেশে এটি তার প্রথম সফর হবে।
এ তথ্য জানিয়েছেন নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা শুক্রবার। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।
৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ, যিনি র্যাপার থেকে রাজনীতিতে এসেছেন, সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।
হিমালয় অঞ্চলের স্থলবেষ্টিত রাষ্ট্র নেপাল, যার জনসংখ্যা ৩০ মিলিয়ন বা ৩ কোটি, দীর্ঘদিন ধরে প্রতিবেশী শক্তিশালী দেশ ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করছে।
ভারত নেপালকে দীর্ঘকাল ধরে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে। দুই দেশের মধ্যে নেপালের দক্ষিণাঞ্চলীয় সমতলভূমি বরাবর বিস্তৃত সীমান্ত রয়েছে।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা অমৃত বাহাদুর রাই সাংবাদিকদের বলেছেন, ‘ভারত নেপালের একটি বড় ও গুরুত্বপূর্ণ অংশীদার।’
তিনি আরও জানান, দুই দেশের নেতাদের বৈঠকে বাণিজ্য, পণ্য পরিবহন, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর নেপালের সঙ্গে সম্পর্ককে ভারত কতটা গুরুত্ব দেয়, তারই প্রতিফলন।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারত। দেশটির মোট আমদানির ৬০ শতাংশের বেশি ভারত থেকে আসে, যার আর্থিক মূল্য ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। অন্যদিকে, চীন থেকে নেপালের আমদানির পরিমাণ ১৩ শতাংশ, যার মূল্য ১ দশমিক ৮ বিলিয়ন ডলার।
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর, বালেন্দ্র শাহ তার পূর্বসূরিদের মতো দ্রুত বিদেশ সফরে যাননি। বরং প্রথম দিকে বিদেশ সফর থেকে বিরত ছিলেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফর ছিল গত সেপ্টেম্বরে নিউইয়র্কে, যেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন।
সেসময় নেপাল ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ধকল সামলাচ্ছিল। উঁচু পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় সুনামির মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন এবং ৫ হাজার মানুষ নিখোঁজ হন।
বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের অবদান খুবই সামান্য। সরকার ধারণা করছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে ৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার ব্যয় হবে।
ভারত সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এবং পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।
জেন-জি আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের অধীনে নেপালের পররাষ্ট্রনীতিতে নতুন করে ভারসাম্য ও সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
কাঠমান্ডুভিত্তিক সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’-এর সম্পাদক ও সাংবাদিক গুনা রাজ লুইটেল বলেন, ‘জেন-জি বিক্ষোভের পর নতুন সরকার গঠিত হওয়ার পর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে জোরদার করা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ