০৪:০৮ এম
টিকটকে পরিচয়ের পর বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার তরুণী নূর হায়াতি। যশোরের শার্শা উপজেলার বেনাপোলের এক যুবককে বিয়ে করে নতুন জীবনের সূচনা করেন তিনি।
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের সোহাগ হোসেন দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়েছেন। প্রবাস জীবনের এক পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নূর হায়াতির সঙ্গে তার পরিচয় ঘটে। টিকটকে শুরু হওয়া পরিচয় ধীরে ধীরে বন্ধুত্বে রূপ নেয়। একপর্যায়ে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
সোহাগ হোসেন জানান, প্রথমে টিকটকে পরিচয়, এরপর কথোপকথন ও বন্ধুত্বের মাধ্যমে একে অপরের প্রতি গভীর অনুভূতি তৈরি হয়। তাদের সম্পর্ক প্রায় ছয় মাস স্থায়ী হয়, যা তাদের ভালোবাসাকে আরো দৃঢ় করে। একসময় ভার্চুয়াল পরিচয়কে বাস্তব জীবনের বন্ধনে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।
আরও পড়ুন: টিকটকে প্রেম: বাবা-মাকে নিয়ে মালয়েশিয়ান তরুণী যশোরে করলেন বিয়ে
নূর হায়াতি বলেন, তিনি একা বাংলাদেশে আসেননি, তার সঙ্গে ছিলেন বাবা-মাও। গত ১৮ নভেম্বর, তিনি পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে আসেন। পরে যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে সোহাগের বাড়িতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়। শনিবার বিকেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
মালয়েশিয়ার তরুণী নূর হায়াতি ও বাংলাদেশের যুবক সোহাগ হোসেনের এই বিয়ে নিয়ে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে। দুই দেশের ভিন্ন সংস্কৃতি ও পরিবেশের মানুষ হলেও তারা ভালোবাসার বন্ধনে এক হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন