০৩:৫৪ পি.এম
শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ এবং তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা, ভণ্ডামি, মামলাবাজি, অপচিকিৎসা ও ধর্মীয় অনুভূতির অপব্যবহারের অভিযোগে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও সচেতন সনাতন সমাজের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগীরা বক্তব্য প্রদান শেষে জেলা পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় পলাশ চৌধুরী, দিলীপ পোদ্দার, প্রতিমা দাস, আশীষ দেসহ কয়েকশত ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কাউখালীতে নারীর ক্ষমতায়নে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
স্মারকলিপিতে বলা হয়, ২০১৫ সাল থেকে প্রবীর চৌধুরী সাধুর পোশাক পরে সাধারণ মানুষের সঙ্গে মানসিক কারসাজি, ভুয়া দীক্ষা, অলৌকিকতার ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ ও অপচিকিৎসার চক্রান্ত করে আসছেন। এছাড়া, তার বিরুদ্ধে বিভিন্ন মন্দিরের জায়গা দখলচেষ্টা, চাঁদা দাবি, ভুয়া মামলা দিয়ে হয়রানি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করার গুরুতর অভিযোগ রয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও স্থানীয় নেতাদের চাপের কারণে তিনি আগে মুচলেকা দিয়ে শেরপুর ত্যাগ করলেও সম্প্রতি পুনরায় তার সহযোগীদের নিয়ে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছেন।
মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেওয়া ভুক্তভোগীরা প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার, আইনি শাস্তি নিশ্চিত করা এবং শেরপুর জেলা থেকে চিরতরে বহিষ্কারের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আরও পড়ুন: কালকিনিতে ব্রী-১০৩ ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন