ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্থপতি রফিক আজমের নকশায় ডরিনের ‘স্কাইপার্ক রেসিডেন্সেস’ উদ্বোধন


স্থপতি রফিক আজমের নকশায় ডরিনের ‘স্কাইপার্ক রেসিডেন্সেস’ উদ্বোধন

ডরিন গ্রুপের আবাসন প্রতিষ্ঠান ডরিন ডেভেলপমেন্টস লিমিটেড তাদের সর্বশেষ আবাসিক প্রকল্প ‘স্কাইপার্ক রেসিডেন্সেস’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। এই প্রকল্পটি রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় অবস্থিত এবং এর নকশা তৈরি করা হয়েছে সাতত্যের খ্যাতিমান স্থপতি রফিক আজমের সহযোগিতায়।

শুক্রবার (২৭ নভেম্বর) ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে ‘স্কাইপার্ক - দ্য ফার্স্ট লাইট’ শীর্ষক এক সন্ধ্যায় প্রকল্পটি উপস্থাপন করা হয়। প্রকল্পের স্থাপত্য ভাবনাকে উদযাপন করার জন্য দেশের বিশিষ্ট স্থপতি, ব্যবসায়ী এবং আমন্ত্রিত অতিথিরা একত্রিত হন।

অনুষ্ঠানের শুরুতে ডরিন ডেভেলপমেন্টসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) তানজিন আলম প্রতিষ্ঠানের পথচলা, উন্নয়ন দর্শন এবং অর্থবহ আবাসিক পরিসর গড়ে তোলার অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি স্থপতি রফিক আজমের সঙ্গে এই সহযোগিতার গুরুত্বও উল্লেখ করেন।

আরও পড়ুন: জনতা ব্যাংকের অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

তানজিন আলম বলেন, ‘আজকের সন্ধ্যায় এত বিশিষ্ট স্থপতিকে আমাদের মাঝে পাওয়া সত্যিই সৌভাগ্যের। রফিক আজমের মতো খ্যাতিমান স্থপতি ও তার দলের সঙ্গে এই প্রকল্পে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। স্কাইপার্ক আমাদের সর্বশেষ প্রকল্প, আর আজ আমরা এর নকশা উন্মোচন করছি।’

এরপর স্থপতি রফিক আজম স্কাইপার্কের অনুপ্রেরণা ও নকশার দর্শন তুলে ধরেন। তিনি প্রকৃতির সঙ্গে স্থাপত্যের সংযোগ গড়ে তোলা এবং ঢাকার বিকাশমান নগরদৃশ্যে অবদান রাখে এমন উন্মুক্ত পরিসর তৈরির গুরুত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

রফিক আজম বলেন, ‘বর্তমান ভবন নির্মাণ নীতিমালা আমাদের সামনে একটি সুযোগ তৈরি করেছে। কঠোর পরিশ্রম করলে আমরা এমন উন্মুক্ত পরিসর তৈরি করতে পারি, যা আমাদের কাঙ্ক্ষিত ঢাকা শহর গড়তে সহায়ক হবে। স্কাইপার্ক তেমনই একটি প্রকল্প, যার নকশার কাজ আমরা সম্প্রতি সম্পন্ন করেছি।’

স্থাপত্য উপস্থাপনার পর লঞ্চ ফিল্ম ও ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি উন্মোচন করা হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে অস্বাভাবিক লেনদেনে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ

বারিধারা কূটনৈতিক এলাকার পার্ক রোডের ৪০ নম্বর প্লটে ৮.২০ কাঠার দক্ষিণ-পশ্চিমমুখী জমিতে গড়ে উঠছে স্কাইপার্ক। এই প্রকল্পে থাকছে মাত্র আটটি ব্যক্তিগত আবাসন, যার প্রতিটি একটি পূর্ণ তলাজুড়ে; এর মধ্যে একটি ডুপ্লেক্স। ফেয়ার-ফেসড কংক্রিট, সবুজে ঘেরা টেরেস, নিচতলায় জলাধার এবং ছাদে ইনফিনিটি পুল ও স্কাই ডেক এর স্থাপত্যিক বৈশিষ্ট্য। বাসিন্দাদের জন্য আরও থাকছে ওয়েলনেস জিম, দুটি উচ্চগতির লিফট এবং ২৪টি নির্ধারিত পার্কিং স্পেস।

নকশাটি প্রাকৃতিক আলো, খোলামেলা পরিবেশ, গোপনীয়তা এবং ঘর ও বাইরের জীবনের নিবিড় সংযোগকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে, যা প্রকৃতিঘেরা আবাসনের ভাবনাকে তুলে ধরে।

নৈশভোজ এবং অতিথি, ডরিনের শীর্ষ নেতৃত্ব ও স্থপতির আলাপচারিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে ডরিন ডেভেলপমেন্টস ও সাতত্যের ঊর্ধ্বতন প্রতিনিধিরা এবং স্থাপত্য ও ব্যবসায়িক অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে নিত্যপণ্য আমদানিতে টিসিবির ৫ বছরের সমঝোতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মুন্না শেখকে বেধড়ক পেটালো ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মুন্না শেখকে বেধড়ক পেটালো ছাত্রদল

ঢাকা কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের একজন কর্মীকে আটকের পর গণপিটুনি প্রদান করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মোবাইলে ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের অভিযোগে তাকে আটক করা হয়।

রোববার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটকের সময় তার ব্যক্তিগত মোবাইল ফোনে অনুসন্ধান চালিয়ে তার সঙ্গে যোগাযোগকারী অন্যান্য ছাত্রলীগের নেতাদের ধরার উদ্দেশ্যে অভিযানে যান ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত আটককৃত ব্যক্তির নাম মুন্না শেখ। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফরিদপুর। একই সঙ্গে তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী বলেও জানা গেছে।

ঢাকা কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আটক ছাত্রলীগের মুন্নার মুঠোফোনে ফরিদপুর, গাজীপুরসহ বিভিন্ন জায়গার ছাত্রলীগের সিনিয়র নেতাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, "আমরা যাকে আটক করেছি তার বাড়ি ফরিদপুরে। সে ঢাকা কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল। আমাদের কাছে তথ্য ছিল যে সে এই জায়গায় আসছে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই তথ্যের ভিত্তিতে আমরা তাকে আটক করেছি এবং পুলিশকে খবর দিয়েছি।"

তিনি আরও বলেন, "তার সাথে ছাত্রলীগের অনেক গুরুত্বপূর্ণ নেতাদের যোগাযোগ রয়েছে। তার মুঠোফোনের মাধ্যমে আমরা ফরিদপুর, গাজীপুরসহ অনেক জায়গার অনেক ছাত্রলীগের বড় বড় নেতাদের সাথে তার প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে আমরা সেটা জানতে পেরেছি।"

নিউমার্কেট থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, "ঢাকা কলেজে ছাত্রলীগের কর্মীর আটকের বিষয়টি আমরা এখনো অবগত নই। তাকে পুলিশের কাছে হস্তান্তর করে নাই। পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর করলে বিষয়টি জানাব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদের গবেষণা কার্যক্রম জোরদারে গবেষণা কমিটির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


জাতীয় সংসদের গবেষণা কার্যক্রম জোরদারে গবেষণা কমিটির বৈঠক

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : ‘গবেষণা কমিটি’ গবেষণা প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে জাতীয় সংসদের গবেষণা কার্যক্রমকে আরও সুষ্ঠু, কার্যকর ও গতিশীল করার উদ্দেশ্যে কাজ করছে।

আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাঈদ আল নোমান।

বৈঠকে আলোচনা হয় জাতীয় সংসদের গবেষণা কার্যক্রমের মানোন্নয়ন এবং গবেষণা প্রস্তাবগুলোর যথাযথ মূল্যায়ন ও যাচাই-বাছাইয়ের বিষয় নিয়ে।

এ বৈঠকে অংশগ্রহণ করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং কমিটির সদস্য ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সহ অন্যান্য সদস্যগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে যুবদলের বিক্ষোভ মিছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


বান্দরবানে যুবদলের বিক্ষোভ মিছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের আহ্বান

বান্দরবান, ২৯ নভেম্বর ২০২৬ : জেলায় আজ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

রোববার বিকেলে বান্দরবান জেলা যুবদলের উদ্যোগে শহর সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলা যুবদলের সভাপতি মো. জহির উদ্দিন চৌধুরী মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিন উল্লাহ বিপ্লব প্রমুখ।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

তারা আরও বলেন, যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়, তবে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। যুবদলের নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় হতে যাচ্ছে ৪ ও ৫ ডিসেম্বর এম্বাসি ফুটবল ফেস্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


ঢাকায় হতে যাচ্ছে ৪ ও ৫ ডিসেম্বর এম্বাসি ফুটবল ফেস্ট

ঢাকায় সপ্তমবারের মতো এম্বাসি ফুটবল ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৪ ও ৫ ডিসেম্বর রাজধানীর আগা খান একাডেমিতে এই দুই দিনব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে ৩৭টি কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণের কথা রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনার বাইরেও বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যেই এই আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও টেকসই আয়োজনের প্রতিশ্রুতি অনুযায়ী, এবারের ফুটবল ফেস্টে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।

৪ ডিসেম্বর সকাল ১১টায় কার্নিভালের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুই দিনের এই আয়োজনের শেষে ৫ ডিসেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।

আয়োজকদের আশা, ফুটবলের মাধ্যমে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক আরও জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%