০২:৫৭ পি.এম
বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে সরাসরি সরকারি বাণিজ্যের একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে, যার উদ্দেশ্য হলো দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্যনিরাপত্তা জোরদার করা এবং আমদানির ক্ষেত্রে বিকল্প উৎস তৈরি করা। এই লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে পাঁচ বছরের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, ছোলা, খেজুরসহ বিভিন্ন নিত্যপণ্য ও কৃষিপণ্য আমদানি-রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে, পাকিস্তানের বাজারে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির পথও সম্প্রসারিত হবে। তবে, কোন পণ্য কত পরিমাণে এবং কী দামে কেনাবেচা হবে, তা পৃথক আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
আজ রোববার (২৯ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের চাহিদা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবে। সম্ভাব্য পণ্যের তালিকায় রয়েছে সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিনসহ বিভিন্ন ধরনের ভোজ্যতেল। এছাড়া, তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর এবং সারসহ বিভিন্ন কৃষিপণ্য ও কৃষি উপকরণও এ বাণিজ্য সহযোগিতার আওতায় থাকবে।
আরও পড়ুন: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান শুরু
তবে, সমঝোতা স্মারক স্বাক্ষরের অর্থ এই নয় যে, উল্লিখিত সব পণ্য তাৎক্ষণিকভাবে আমদানি বা রপ্তানি শুরু হবে। কোনো পক্ষ নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে চাইলে পণ্যের মান, পরিমাণ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য সরবরাহের সময় উল্লেখ করে অপর পক্ষকে লিখিত প্রস্তাব দিতে হবে। এরপর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে পণ্যভিত্তিক পৃথক চুক্তি সম্পন্ন হবে। অর্থাৎ, এ সমঝোতার মাধ্যমে সরাসরি সরকারি বাণিজ্যের প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলেও প্রতিটি লেনদেনের মূল্য, পরিমাণ, গুণগত মান ও সরবরাহের সময়সূচি আলাদাভাবে নির্ধারিত হবে।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী মন্তব্য করেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি ও সুসংগঠিত বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে। এতে উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্য আমদানি-রপ্তানিতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলো পণ্যের মান, পরিমাণ, সরবরাহের সময়সূচি ও আর্থিক বিষয় নিয়ে সরাসরি আলোচনা করে লেনদেনের শর্ত চূড়ান্ত করতে পারবে।
চুক্তির কার্যকর বাস্তবায়নে টিসিবি ও টিসিপির মধ্যে নিয়মিত যোগাযোগ, বাণিজ্যিক প্রস্তাবের সময়োপযোগী মূল্যায়ন এবং দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বাণিজ্য সচিব। তিনি বলেন, এ উদ্যোগ দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরি হবে। এটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি-রপ্তানি এবং সরবরাহ ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে সহায়তা করবে। পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের চাহিদা অনুযায়ী এসব পণ্য সরবরাহে পাকিস্তান প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন: ছাত্রদলের অবরোধে রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যক্রম বাতিল
দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের অগ্রগতি তুলে ধরে হাইকমিশনার আরও জানান, সাম্প্রতিক সময়ে বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বেড়েছে। বাংলাদেশ থেকে আমদানিকৃত হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর পাকিস্তান অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার করেছে। পাশাপাশি বাংলাদেশ থেকে বছরে ১০ হাজার মেট্রিক টন চা আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত কোটা বহাল রেখেছে। গত অক্টোবরে ঢাকা থেকে বাংলাদেশি আনারসের প্রথম চালান করাচিতে পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, এ সমঝোতা স্মারক শুধু আনুষ্ঠানিক দলিল বা পারস্পরিক সদিচ্ছার প্রকাশ হিসেবে সীমাবদ্ধ থাকবে না। এর মূল লক্ষ্যকে বাস্তব বাণিজ্যিক ফলাফলে রূপান্তর করাই হবে দুই প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব। এটি পারস্পরিক লাভজনক বাণিজ্যের সুযোগ অন্বেষণ, পণ্য সংগ্রহ প্রক্রিয়া সহজ করা এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক মাধ্যম হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, সুনির্দিষ্ট পণ্য চিহ্নিতকরণ, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ, গুণগত মান নিশ্চিতকরণ এবং উভয় দেশের চাহিদা অনুযায়ী সময়মতো পণ্য সরবরাহের লক্ষ্যে টিসিবি ও টিসিপি নিবিড়ভাবে কাজ করবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বাস্তবভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের পথ সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের পরিকল্পনা করেছে টিসিবি। এর মধ্যে রয়েছে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এসব পণ্যের প্রায় অর্ধেক স্থানীয় বাজার থেকে এবং বাকি অর্ধেক আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম ও সরবরাহ পরিস্থিতি অনুকূলে থাকলে বিদেশ থেকে কেনাকাটার পরিমাণ বাড়ানোর সুযোগও রয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহ ও নেত্রকোণা সীমান্তে ৫ মানব পাচারকারী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাকিস্তান থেকে প্রাথমিক পর্যায়ে মসুর ডাল, ছোলা ও খেজুর আমদানির বিষয়টি বিবেচনা করছে বাণিজ্য মন্ত্রণালয়। বিশেষ করে আসন্ন রমজানে এসব পণ্যের বাড়তি চাহিদা থাকায় দ্রুত আমদানির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আমদানির পরিমাণ, মূল্য ও সরবরাহের সময়সূচি চূড়ান্ত হয়নি। এসব পণ্য টিসিবির মাধ্যমে সংগ্রহ করা গেলে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহের কর্মসূচিতে সহায়ক হতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরকারি পর্যায়ে চাল বাণিজ্যের সহযোগিতা আগেও হয়েছে। ২০২৫ সালের ১৪ জানুয়ারি পাকিস্তানের টিসিপি ও বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের মধ্যে পাঁচ বছরের জন্য চাল রপ্তানির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ওই সমঝোতার আওতায় বছরে সর্বোচ্চ ২ লাখ টন চাল রপ্তানির সুযোগ রাখা হয়েছিল। নতুন সমঝোতার মাধ্যমে চালের পাশাপাশি অন্যান্য নিত্যপণ্য ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হলো।
সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে পাঁচ বছর কার্যকর থাকবে। কোনো পক্ষ বাতিলের উদ্যোগ না নিলে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে। তবে যেকোনো পক্ষ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অন্তত তিন মাস আগে লিখিত নোটিশ দিয়ে এটি বাতিল করতে পারবে।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের সরবরাহ সংকট, মূল্যবৃদ্ধি কিংবা প্রচলিত আমদানি উৎসে অনিশ্চয়তা দেখা দিলে বিকল্প উৎস থেকে পণ্য সংগ্রহের সুযোগ দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্যের কাঠামো থাকায় আমদানির ক্ষেত্রে নতুন সরবরাহকারী পাওয়ার পাশাপাশি দর-কষাকষির সুযোগও বাড়বে। তবে এ উদ্যোগের প্রকৃত সুফল নির্ভর করবে আন্তর্জাতিক বাজারের তুলনায় পাকিস্তানের পণ্যের দাম কতটা প্রতিযোগিতামূলক, পরিবহন ব্যয়, পণ্যের গুণগত মান এবং নির্ধারিত সময়ে সরবরাহ নিশ্চিত করার ওপর। একই সঙ্গে পাকিস্তানের বাজারে বাংলাদেশের কৃষি ও খাদ্যপণ্যের রপ্তানি বাড়ানো গেলে দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য আনারও সুযোগ তৈরি হতে পারে।
আরও পড়ুন: সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন