০২:৫৮ পি.এম
আওয়ামী লীগ সরকারের ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শাসনামলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্তের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এসব অপরাধের তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্য দেশজুড়ে গণশুনানির আয়োজন করা হবে। দেশের সব রাজনৈতিক দলকে অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য চিঠি পাঠানো হয়েছে, জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য প্রকাশ করেন। চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, দেশের বিভিন্ন জেলায় প্রতি সপ্তাহে গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে এই কর্মসূচি পরিচালিত হবে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতন-নিপীড়নের শিকার রাজনৈতিক দল ও সংগঠনগুলো এ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে। সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠন এবং আহত-নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। গণশুনানিতে গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে। যদি কোনো ঘটনার মামলা হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট কাগজপত্র ও নথি পর্যালোচনা করা হবে। আর মামলা না হলে ভুক্তভোগী পরিবারকে শনাক্ত করে তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে।
আরও পড়ুন: গোপালগঞ্জের অরাজক পরিস্থিতি নিয়ে ইনকিলাব মঞ্চের উদ্বেগ সত্যি হলো: আবদুল্লাহ আল জাবের
আমিনুল ইসলাম বলেন, গণশুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে তা তদন্ত করা হবে। যদি তদন্তে অভিযোগের সত্যতা ও অপরাধের উপাদান পাওয়া যায়, তবে আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা নেওয়া হবে। গণশুনানিতে অভিযুক্ত কাউকে পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, এমনকি গ্রেপ্তারের উদ্যোগও নেওয়া হতে পারে।
গণশুনানির কর্মসূচি যশোর জেলা থেকে শুরু করার পরিকল্পনার কথা জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আগামী ২৬ নভেম্বর যশোরে প্রথম কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু করা হবে। তবে আগামী সপ্তাহ থেকে দেশের কোনো না কোনো জেলায় এ কর্মসূচি পরিচালনা করা হবে।
দেশজুড়ে গণশুনানির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অসংখ্য গুম, অপহরণ, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। অনেক পরিবার গুম ও হত্যাকাণ্ডের শিকার হলেও ভয়ে কিংবা নানা কারণে মামলা করেনি। আবার অনেক অভিযোগের ক্ষেত্রে এখনো বিচার নিশ্চিত হয়নি। অপরাধের শিকার পরিবারগুলোর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তদের কেউ কেউ এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
এসব অপরাধের অভিযোগ যথাযথভাবে যাচাই করে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, এ কর্মসূচির মধ্য দিয়ে দেশে ন্যায়বিচার ও আইনের শাসনের সংস্কৃতি প্রতিষ্ঠার বার্তা দিতে চায় প্রসিকিউশন। ভবিষ্যতে যেন বাংলাদেশে আর কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না হয়, সে লক্ষ্যেই দেশব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হবে।
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭৬৯ জন গ্রেফতার
এদিকে, ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাটিও খতিয়ে দেখা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ওই দিন তার দেশত্যাগের ঘটনাটি কোনো অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা যাচাই করা হবে। একই সঙ্গে ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশ থেকে পালিয়ে যেতে যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বা সহযোগিতা করেছেন, তাদের প্রচলিত দণ্ডবিধির আওতায় বিচারের সুযোগ রয়েছে কি না, সেটিও পরীক্ষা করা হবে।
তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সুমনের গুমের ঘটনায় চলমান তদন্ত দ্রুত শেষ করার ব্যাপারেও প্রসিকিউশন আশাবাদী।
গণশুনানির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত পরিচালনা ও অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে। একইভাবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও অপরাধের অভিযোগ তদন্ত করতে পারে। ফলে এ কর্মসূচি আইনসম্মত এবং এর আইনগত ভিত্তি রয়েছে।
আরও পড়ুন: ধলেশ্বরী টোলপ্লাজায় ৮ আন্তঃজেলা ডাকাত গ্রেপ্তার, উদ্ধার ২০ মোবাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন