ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ধলেশ্বরী টোলপ্লাজায় ৮ আন্তঃজেলা ডাকাত গ্রেপ্তার, উদ্ধার ২০ মোবাইল


ধলেশ্বরী টোলপ্লাজায় ৮ আন্তঃজেলা ডাকাত গ্রেপ্তার, উদ্ধার ২০ মোবাইল

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আট সদস্যকে গ্রেপ্তার করেছে, যারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০টি মোবাইল ফোন, ৫৭ হাজার টাকা নগদ, দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।

বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে র‍্যাব-১০-এর সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল ধলেশ্বরী টোলপ্লাজায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। তল্লাশির ফলস্বরূপ ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অবস্থান করে মাদারীপুর, শরীয়তপুর ও বরিশালের বিভিন্ন সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতি করত। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে কেরাণীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকায় তারা পিকআপ ভ্যান নিয়ে ডাকাতির উদ্দেশ্যে বরিশালের দিকে রওনা হয়। তবে সেখানে সুবিধা করতে না পেরে শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ডাকাতি করে ফেরার পথে ধলেশ্বরী টোলপ্লাজায় র‍্যাবের হাতে ধরা পড়ে।

আরও পড়ুন: নড়াইলে জনবল সংকটে ব্যহত হচ্ছে জেলা হাসপাতালে স্বাস্থ্য সেবা

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— ঢাকার দোহারের জাকির হোসেন (২৫), নোয়াখালীর বেগমগঞ্জের জাহিদুল ইসলাম সাগর (৩২), বরিশালের মোলাদির মো. হেলাল (৪৫), পটুয়াখালীর রাঙ্গাবাড়ীর কালাম খাঁ (৩৭), মাদারীপুরের মো. লিমন মাতবর (২২), কেরাণীগঞ্জ মডেলের মো. শতকত আলী শিকদার (৪০), মুন্সীগঞ্জের লৌহজংয়ের আলআমিন (৩৮) এবং দক্ষিণ কেরাণীগঞ্জের মুন্না (৩০)।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে জাকির হোসেনের বিরুদ্ধে দুটি ডাকাতিসহ মোট চারটি মামলা রয়েছে, কালাম খাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা, জাহিদুল ইসলাম সাগরের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা এবং মো. হেলালের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির একটি মামলা রয়েছে।

অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে— ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, ১০টি রামদা, একটি করাত, একটি লোহার শাবল, সাতটি টর্চলাইট, পাঁচটি গামছা ও একটি মুখোশ। এছাড়া উদ্ধার করা হয়েছে ২০টি লুণ্ঠিত মোবাইল ফোন, একটি ল্যাপটপ, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাঁচটি বিদেশি হাতঘড়ি, পাঁচটি মানিব্যাগ, একটি চেকবই, বিদেশি মুদ্রা, নগদ ৫৭ হাজার টাকা এবং বিদেশি চকলেট।

র‍্যাব-১০ জানিয়েছে, তারা এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ফিলিস্তিনিরা স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


মিশরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ফিলিস্তিনিরা স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : মিসরের একটি শরণার্থী গ্রামে বসবাসকারী শাম্মা আবু হোসেন সম্ভবত একমাত্র জীবিত ব্যক্তি, যিনি ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগে অখণ্ড ফিলিস্তিনে বসবাস করেছিলেন। এই নারী, যিনি মিশরে বসবাস করছেন, আইনি অনিশ্চয়তা ও দোলাচলের মধ্য দিয়ে তার পরিবারের তিনটি প্রজন্মকে বড় হতে দেখেছেন।

বর্তমানে তার আশঙ্কা, গাজা যুদ্ধের প্রভাব এবং গাজাবাসীকে বিতাড়িত করার বিষয়ে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্য আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারে।

৯০ বছর বয়সী এই বৃদ্ধা বলেন, ‘এত ভোগান্তি ও নির্যাতন সহ্য করার পরও তারা এখন গাজাবাসীকে তাদের নিজ বাড়িঘর থেকে উৎখাত করতে চায়।’

মিসর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মিসরের শারকিয়া প্রদেশের গেজিরেত ফাদেল গ্রামে নিজের নিচু ইটের বাড়িতে বসে শাম্মা আবু হোসেন এএফপিকে বলেন, ‘আমি নিজে কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, তা মনে আছে।’

কায়রোর উত্তর-পূর্বে প্রায় এক ঘণ্টার দূরত্বে অবস্থিত গ্রামটি বিস্তীর্ণ ফসলের মাঠ ও সেচ খালের মধ্যে গড়ে উঠেছে। সেখানে বসেই তিনি স্মরণ করেন, কীভাবে তার পরিবার দক্ষিণ ইসরাইলের বর্তমান বীরশেবা শহর ছেড়ে পালিয়েছিল। ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সংঘটিত সংঘাতের মুখে তাদের ওই এলাকা ছাড়তে হয়। ফিলিস্তিনিরা এ ঘটনাকে ‘নাকবা’ বা মহাবিপর্যয় হিসেবে স্মরণ করেন।

এক সন্ধ্যায় আকাশজুড়ে আগুনের শিখা ছড়িয়ে পড়লে পরিবারের বয়োজ্যেষ্ঠরা শিশুদের দ্রুত উটে তুলে মরুভূমির পথে রওনা হন। কয়েক দিন ধরে খাবার ও পানি ছাড়া পথ চলতে হয় আবু হোসেনের পরিবারকে। পথে তার মাকে হারান তিনি। শেষ পর্যন্ত তারা মিসরে পৌঁছান।

যে এলাকায় তারা আশ্রয় পেয়েছিলেন, সময়ের সঙ্গে তা প্রায় চার হাজার ফিলিস্তিনির একটি জনপদে পরিণত হয়েছে।

এখানকার অনেকেই সারা জীবন মিসরে কাটিয়েছেন। কিন্তু তাদের অভিযোগ, নাগরিকের পরিবর্তে বিদেশি হিসেবে বিবেচনা করায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি সুবিধা পেতে নানা প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হয় তাদের।

নিজের বাড়িতে পুরোনো একটি সোফায় বসে ছিলেন শীর্ণকায় আবু হোসেন। তার থুতনিতে বিবর্ণ বেদুইন উল্কির চিহ্ন। চারপাশে ভিড় করে ছিল তার কয়েক ডজন নাতি-নাতনি ও পরনাতি-পরনাতনি। তারা বাড়ির দরজা ও দেয়ালজুড়ে দাঁড়িয়ে প্রায় এক শতাব্দীর জীবনে ঝাপসা হয়ে যাওয়া বিভিন্ন নাম ও তারিখ মনে করিয়ে দিচ্ছিল।

বাড়ির বাইরে সরু গলিপথ ও অসমাপ্ত ঘরবাড়ির গোলকধাঁধা। গ্রামের কাঁচা রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে খোলা নর্দমা।

গ্রামবাসীর কথায় পূর্বপুরুষের ভিটায় ফিরে যাওয়ার প্রসঙ্গের চেয়ে শিক্ষা, কর্মসংস্থান ও স্থিতিশীলতার বিষয়ই বেশি গুরুত্ব পেয়েছে।

১০ সন্তানের জনক ৬৩ বছর বয়সী কৃষিশ্রমিক সেলমি সোলাইমান আল-নামুলি বলেন, ‘আমার জন্ম মিসরে। আমার বাবার জন্মও মিসরে। আমার সন্তানদেরও জন্ম এখানে। কিন্তু কাগজপত্রের ক্ষেত্রে আমাকে বিদেশি হিসেবে বিবেচনা করা হয়।’

নামুলি জানান, আবাসনের অনুমতি নবায়নে ডলারে ফি পরিশোধ, স্কুলের বেতন এবং অন্যান্য প্রশাসনিক খরচ তার পরিবারের ওপর এতটাই চাপ সৃষ্টি করেছে যে, মেধাবী মেয়ে আসমাকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সামর্থ্য তার হয়নি।

তার ২৫ বছর বয়সী ভাতিজা ফারিদ খালেদ আল-নামুলিও উচ্চশিক্ষার স্বপ্ন ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, ‘মাধ্যমিকের আগের স্তরে পড়ার সময় থেকেই শিক্ষার প্রতি আমার আগ্রহ তৈরি হয়। পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু কাগজপত্র নিয়ে বারবার নানা বাধার মুখে পড়তে হয়েছে।’

একপর্যায়ে পড়াশোনা ছেড়ে গ্রামের একটি পোশাকের দোকানে কাজ নেন তিনি। গ্রামটির অনেক বাসিন্দাই তাদের পড়াশোনা শেষ করতে পারেননি।

ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা বাদিলের লুবনা শোমালি জানান, নামুলিদের মতো অভিজ্ঞতার মুখোমুখি মিসরজুড়েই বিপূল সংখ্যক ফিলিস্তিনি। এ ক্ষেত্রে তারা একা নন।

গবেষকদের ধারণা, সাম্প্রতিক গাজা যুদ্ধ শুরুর আগে আগের সংঘাতগুলোতে বাস্তুচ্যুত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মিসরে বসবাস করছিলেন। যুদ্ধ শুরুর পর আরও লক্ষাধিক ফিলিস্তিনি সেখানে পৌঁছেছেন।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর হিসাবে, জর্ডান, সিরিয়া ও লেবাননে নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীর সংখ্যা ৩৫ লাখ।

গাজা যুদ্ধ নতুন করে আরেকটি নাকবার আশঙ্কা তৈরি করেছে। তবে শোমালির মতে, ফিলিস্তিনিরা ইতোমধ্যে এর মধ্য দিয়েই যাচ্ছেন।

তিনি এএফপিকে বলেন, ‘ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি বর্ণনার জন্য সবচেয়ে উপযুক্ত শব্দ হলো চলমান নাকবা। কারণ, বাস্তুচ্যুতি এখনো অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিলিস্তিনিরা এমন এক ‘জবরদস্তিমূলক পরিবেশে’ আটকে রয়েছেন, যেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক অধিকার পাওয়ার সুযোগ সীমিত।

মিসরীয় কর্মকর্তারা বারবার বলেছেন, দেশটি ফিলিস্তিনি শরণার্থীদের চিকিৎসা ও শিক্ষার সুযোগ দিয়েছে। একই সঙ্গে তাদের নিজ ভূখণ্ড থেকে স্থায়ীভাবে উচ্ছেদের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেছে মিসর।

সাবেক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের শাসনামলে মিসরে ফিলিস্তিনিরা শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে মিসরীয় নাগরিকদের প্রায় সমান সুযোগ পেতেন।

তবে ১৯৭৮ সালে ইসরাইলের সঙ্গে মিসরের শান্তিচুক্তি এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী আবু নিদালের সদস্যদের হাতে সংস্কৃতিমন্ত্রী ইউসুফ সিবাই নিহত হওয়ার পর এ-সংক্রান্ত বিধিনিষেধ কঠোর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদের মাটিতে আলু চাষের সফলতা, গবেষণায় নতুন সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


চাঁদের মাটিতে আলু চাষের সফলতা, গবেষণায় নতুন সম্ভাবনা

বিজ্ঞানীরা চাঁদের মাটিতে ফসল উৎপাদনের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে আরও একটি পদক্ষেপ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা গবেষণাগারে তৈরি কৃত্রিম চাঁদের মাটিতে আলু উৎপাদনে সফলতা অর্জন করেছেন। তাদের দাবি, উৎপাদিত আলু খাওয়ার উপযোগী হতে পারে। নাসার অর্থায়নে পরিচালিত এই গবেষণাটি ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে।

চাঁদে দীর্ঘমেয়াদি মানববসতি গড়ে তোলার জন্য খাবার, পানি এবং বিশুদ্ধ বাতাসের ব্যবস্থা করা একটি বড় চ্যালেঞ্জ। পৃথিবী থেকে সব ধরনের খাবার চাঁদে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই চাঁদে খাদ্য উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানীরা কাজ করছেন। নাসার আর্টেমিস মিশনের লক্ষ্যগুলোর মধ্যে চাঁদে মানুষের দীর্ঘমেয়াদি বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

গবেষণার প্রধান গবেষক অ্যামেরিক গোয়ের নেতৃত্বে বিজ্ঞানীরা চাঁদের মাটির বৈশিষ্ট্য অনুকরণ করে পাঁচ ধরনের কৃত্রিম রেগোলিথ তৈরি করেছেন। চাঁদের প্রকৃত মাটি বা রেগোলিথ মূলত ভাঙা পাথর ও ধুলাবালুর মিশ্রণ। এতে পৃথিবীর মাটির মতো জৈব পদার্থ এবং পর্যাপ্ত নাইট্রোজেনের অভাব রয়েছে। তাছাড়া এতে তামার মতো ভারী ধাতু রয়েছে। এই কারণে রেগোলিথে সরাসরি ফসল উৎপাদন করা কঠিন।

সমস্যার সমাধানে গবেষকেরা কৃত্রিম রেগোলিথের সঙ্গে কেঁচোর মাধ্যমে তৈরি জৈব সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে গ্রিনহাউসে ‘মোডক’ জাতের আলু চাষ করেন।

পরীক্ষায় দেখা গেছে, জৈব সার ছাড়া আলুগাছের শিকড় ও কন্দের বৃদ্ধি খুবই সীমিত ছিল। তবে রেগোলিথের সঙ্গে ৫ থেকে ১৫ শতাংশ জৈব সার মেশালে গাছের বৃদ্ধি কিছুটা স্বাভাবিক হয়। আর ৩০ শতাংশ জৈব সার ব্যবহার করলে আলুর ফলন ও মান যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের হার্মিস্টন এলাকার মাটিতে উৎপাদিত আলুর সমপর্যায়ে পৌঁছায়। হার্মিস্টন উন্নত মানের আলু উৎপাদনের জন্য পরিচিত।

গবেষকদের ধারণা, জৈব পদার্থ রেগোলিথের ভারী ধাতুর সঙ্গে যুক্ত হয়ে সেগুলোর শোষণ কমাতে সহায়তা করে। ফলে গাছের জন্য ক্ষতিকর ধাতু গ্রহণের ঝুঁকি কমে যায়।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, উৎপাদিত আলুর পুষ্টিগুণ অক্ষুণ্ন ছিল। এছাড়া আলু সবুজ হয়ে গেলে যে প্রাকৃতিক বিষাক্ত উপাদান গ্লাইকোঅ্যালকালয়েড তৈরি হতে পারে, তার পরিমাণেও পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি। তবে কিছু পরীক্ষায় আলুতে তামা, দস্তা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ সামান্য বেশি পাওয়া গেছে। তাই এসব উপাদানের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।

তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। আলুগুলো ছোট টবে উৎপাদন করা হয়েছিল। তুলনামূলক পরীক্ষায় পৃথিবীর মাটিতে উৎপাদিত আলুর গড় ওজন ১০ গ্রামের কম ছিল। ফলে বড় পরিসরে চাষের ক্ষেত্রে একই ফল পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়।

গবেষক গোয়ে জানিয়েছেন, উৎপাদিত আলুর নমুনা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। গবেষকেরা এখনো সেগুলোর স্বাদ গ্রহণ করেননি। পরবর্তী পর্যায়ে বড় টবে আলুর ১০টি জাত নিয়ে পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

গবেষকদের মতে, ভবিষ্যতে নভোচারীরা পৃথিবী থেকে সীমিত পরিমাণ জৈব পদার্থ চাঁদে নিয়ে যেতে পারেন। পরে খাবারের উচ্ছিষ্ট ও উদ্ভিদের বর্জ্য ব্যবহার করে সেখানেই জৈব সার তৈরি করা সম্ভব হতে পারে। এতে চাঁদে দীর্ঘমেয়াদি মানববসতি গড়ে তোলার ক্ষেত্রে খাদ্য উৎপাদনের নতুন পথ খুলতে পারে।

সব মিলিয়ে, কৃত্রিম চাঁদের মাটিতে আলু উৎপাদনের এই সাফল্য মহাকাশে কৃষি এবং ভবিষ্যৎ চন্দ্রাভিযানের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে চাঁদের প্রকৃত পরিবেশে এই পদ্ধতি কতটা কার্যকর হবে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে জেলা প্রশাসকের গণশুনানিতে ২৫ জনকে আর্থিক সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


বরিশালে জেলা প্রশাসকের গণশুনানিতে ২৫ জনকে আর্থিক সহায়তা

বরিশাল, ২৫ নভেম্বর ২০২৬ : অসহায়, অসচ্ছল ও বিপদগ্রস্ত মানুষের সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩৭ জন বিপদগ্রস্ত ব্যক্তি তাদের নানা সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার গণশুনানিতে সভাপতিত্ব করেন। তিনি সেবাপ্রার্থীদের আবেদন ও সমস্যার কথা শুনে তাৎক্ষণিকভাবে ২৫ জনকে মোট ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। বাকি ১২ জনের সমস্যা স্থায়ীভাবে সমাধান করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনগণের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধান এবং সরকারি সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বুধবার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাপ্তাহিক গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে চিকিৎসা সহায়তা, দুর্ঘটনাজনিত ক্ষতি, শিক্ষা সহায়তা ও আর্থিক সংকটসহ বিভিন্ন বিষয়ে আবেদন করেন সেবাপ্রার্থীরা। তাদের আবেদন বিবেচনায় নিয়ে প্রকৃত অসহায় ও অসচ্ছল মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক কয়েকজন নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকারকে নির্দেশ দেন। তিনি নারীদের আত্মনির্ভরশীল করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিতে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাদী আক্তারকে নির্দেশ দেন।

মো. মামুন খন্দকার বলেন, প্রকৃত অসচ্ছল ও অসহায় মানুষ জেলা প্রশাসনের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। যারা সত্যিকার অর্থে অসহায় এবং সরকারি সহায়তা পাওয়ার যোগ্য, জেলা প্রশাসন তাদের পাশে রয়েছে। প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে আবেদনগুলো যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান।

গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার নাফিস-উর-রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার চামেলী বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাদী আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শকুন রক্ষায় সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের সভা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


শকুন রক্ষায় সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের সভা

মহাবিপন্ন প্রাণী শকুনের সুরক্ষা ও বংশ বৃদ্ধির উদ্দেশ্যে সুন্দরবনে একটি দুই দিনব্যাপী আন্তর্জাতিক সভা শুরু হয়েছে। বাংলাদেশ বন বিভাগ বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সুন্দরবনের পশুর নদে একটি ভ্যাসেল জাহাজে এই সভার আয়োজন করে। এতে এশিয়ার ছয়টি দেশসহ বিশ্বের ১০টি দেশের ৪৫ জন গবেষক, বিজ্ঞানী, আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা এবং বাংলাদেশের শীর্ষ বন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী সভায় বক্তব্য রাখার সময় জানান, সুন্দরবনে মহাবিপন্ন শকুনের সংখ্যা বর্তমানে মাত্র ২৪৮টি। চার দশক পূর্বে এই সংখ্যা ছিল প্রায় অর্ধলক্ষ। মহাবিপন্ন এই প্রাণীটির বিলুপ্তি রোধে এশিয়াস ভলচার্স ফ্রম একটিংশন ২০১১ সাল থেকে কাজ করছে। উল্লেখ্য, ২০০৫ সালে কম্বোডিয়ায় এ সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল।

এবার বাংলাদেশে শকুন রক্ষায় প্রথমবারের মতো আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হচ্ছে। সভা থেকে শকুনের সম্পূরক খাদ্য সরবরাহ, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইট ট্র্যাকিং, উদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি এবং জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া প্রাণীটির দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক অংশীদারিত্বকে জোরদার করার পাশাপাশি অভিন্ন সংরক্ষণ অগ্রাধিকারগুলো চিহ্নিত করার কাজ চলছে।

প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী উল্লেখ করেন, এশিয়ার শকুনদের বিলুপ্তি রোধে সম্মিলিত পদক্ষেপকে ত্বরান্বিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরির কাজও চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%