শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৪২ পি.এম
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে রোহিঙ্গারা তাকে স্বাগত জানান।
এই সফরের সময় রোহিঙ্গাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি কথা বলার পরিকল্পনা রয়েছে। তারা নিজেদের দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, নিরাপত্তাহীনতা, নাগরিকত্বের অধিকার এবং মিয়ানমারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করবেন খলিলুর রহমান। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এমন একটি সময়ে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় গাম্বিয়ার দায়ের করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছিল। এই প্রেক্ষাপটে রায়ের পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির রোহিঙ্গা শিবির পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়টি নিয়ে দেশগুলোর মধ্যে তীব্র মতবিরোধের ফলস্বরূপ জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন চুক্তি ছাড়াই শেষ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার সম্মেলনের শেষ পর্যায়ের আলোচনা শুরু হলেও, প্রস্তাবিত চুক্তির খসড়ায় জলবায়ু উষ্ণায়নের জন্য দায়ী তেল, গ্যাস ও কয়লার ব্যবহার কমানোর বিষয়ে কোনো উল্লেখ না থাকায় দেশগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে। ফলে নির্ধারিত সময়ের পরও আলোচনা চলতে পারে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আনতালিয়ায় টানা দুই সপ্তাহের আলোচনা শেষে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য শেষ মুহূর্তের জোর প্রচেষ্টা চালাচ্ছেন। তবে পরিস্থিতি বিবেচনায় সম্মেলনের আলোচনা নির্ধারিত সময়ের বাইরে গড়িয়ে সপ্তাহান্ত পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা বিশ্বজুড়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে। ইউরোপের তীব্র তাপপ্রবাহ, নেপালের ভয়াবহ বন্যা এবং বিশ্বজুড়ে নতুন করে বিপর্যয় বাড়িয়ে তোলা রেকর্ড সৃষ্টিকারী এল নিনো পরিস্থিতি সেই বাস্তবতাই তুলে ধরছে।
এর মধ্যে ইরানের যুদ্ধ এবং তেলের দামের আকস্মিক উল্লম্ফন আলোচনা প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কতটা থাকবে, তা নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য আরও তীব্র হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত চুক্তির প্রাথমিক খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধাপে ধাপে বন্ধ করার উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
কিন্তু বৃহস্পতিবার কপ৩১-এর সহ-আয়োজক অস্ট্রেলিয়া প্রকাশিত নতুন খসড়ায় তেল, গ্যাস ও কয়লার বিষয়ে কোনো উল্লেখ রাখা হয়নি। জলবায়ু পরিবর্তনের জন্য এই তিনটি জ্বালানিই প্রধানত দায়ী।
ফ্রান্সের পরিবেশগত রূপান্তরবিষয়ক মন্ত্রী মনিক বারবু এ বিষয়টিকে খসড়া চুক্তির জন্য ‘একটি কালো দাগ’ বলে মন্তব্য করেছেন।
কপ৩১-এর আলোচনা পরিচালনার দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে ঐকমত্যের বিষয়টি পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা আলোচনা ও দর-কষাকষি চালিয়ে যাব।’
অর্থনীতিকে বিদ্যুৎনির্ভর করার উদ্যোগ
২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮ সম্মেলনে দেশগুলো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়ে একমত হয়েছিল। তবে এ জন্য কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বা সময়সীমা নির্ধারণ করা হয়নি। এরপর থেকে তেল উৎপাদনকারী দেশগুলো বিষয়টি আবার আলোচনায় আনার প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে আসছে।
গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনও জীবাশ্ম জ্বালানির বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল। এরপর জাতিসংঘের আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাইরে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধে নিজস্ব উদ্যোগ নিতে শুরু করে বিভিন্ন দেশ।
ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্টসের জলবায়ু কর্মসূচির পরিচালক র্যাচেল ক্লিটাস বলেন, ‘জীবাশ্ম জ্বালানির স্বার্থে পরিচালিত দেশগুলো দ্রুত ও ন্যায়সংগতভাবে এই জ্বালানির ব্যবহার থেকে সরে আসার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে।’
এদিকে সম্মেলনের আয়োজক দেশ তুরস্ক ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি চাহিদার অন্তত ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে পূরণের একটি স্বেচ্ছামূলক অঙ্গীকারে দেশগুলোকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।
চুক্তির খসড়ায় তুরস্কের এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতিকে বিদ্যুৎনির্ভর করার পদক্ষেপ জ্বালানি নিরাপত্তা জোরদার এবং জলবায়ু উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
তবে কয়েকটি দেশ উদ্বেগ জানিয়েছে, খসড়ায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের উৎস অবশ্যই পরিচ্ছন্ন জ্বালানি হতে হবে—এমন কোনো স্পষ্ট শর্ত নেই। ফলে কয়লা বা গ্যাস পুড়িয়েও এই বিদ্যুৎ উৎপাদন করা হতে পারে।
ফ্রান্সের মন্ত্রী বারবু বলেন, ‘আমরা পরিচ্ছন্ন বিদ্যুতায়নের পক্ষে লড়াই চালিয়ে যাব।’
এ ছাড়া কার্বন ধারণ, ব্যবহার ও সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানানো নিয়েও কয়েকটি দেশ আপত্তি তুলেছে। সমালোচকদের মতে, এই প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল এবং দূষণ কমানোর মূল উদ্যোগ থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে।
ভানুয়াতুর জলবায়ুমন্ত্রী রালফ রেগেনভানু এএফপিকে বলেন, সর্বশেষ খসড়া চুক্তিতে এই প্রযুক্তিকে এমনভাবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা পাওয়ার যোগ্য নয়।
জলবায়ুবিজ্ঞান নিয়েও মতবিরোধ
কপ৩১ সম্মেলনে জলবায়ুবিজ্ঞান নিয়েও নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি)-এর পরবর্তী মূল্যায়ন প্রতিবেদন প্রকাশের সময় নিয়ে দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য তৈরি হয়েছে।
সর্বশেষ খসড়া চুক্তিতে আইপিসিসির গুরুত্বের বিষয়টি তুলে ধরা হয়েছে।
কয়েক ডজন দেশ চায়, ২০২৮ সালে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানোর অগ্রগতি পর্যালোচনার আগেই আইপিসিসির পরবর্তী মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করা হোক। তবে সৌদি আরব ও ভারতসহ অল্প কয়েকটি দেশ প্রতিবেদন প্রকাশ ২০২৯ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার পক্ষে।
খসড়া চুক্তিতে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য ভেঙে যাওয়ার আসন্ন আশঙ্কায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নের বিষয়টিও এখনো অমীমাংসিত রয়ে গেছে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও তার সঙ্গে খাপ খাইয়ে নিতে সংগ্রাম করা দেশগুলোকে আরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়ে আসছে উন্নয়নশীল দেশগুলো। তবে বাজেটের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ধনী দেশগুলো এই সহায়তা বাড়াতে অনীহা প্রকাশ করেছে।
তাদের যুক্তি, চীনের মতো বড় উদীয়মান অর্থনীতির দেশগুলোকেও জলবায়ু তহবিলে অবদান রাখতে হবে।
খসড়া চুক্তিতে ২০৩৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন তিন গুণ বাড়ানোর বিষয়ে আরও আলোচনার প্রস্তাব রাখা হয়েছে। তবে উন্নয়নশীল দেশগুলোর দাবি করা ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনার পর বিকেল থেকে বিমানবন্দর এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়। অতিরিক্ত আনসার এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক (রুটিন দায়িত্বে) মাহমুদ আখতার হোসেন জানান, বেবিচকের নির্দেশনা পাওয়ার পর থেকেই বিমানবন্দরে সতর্কতার ব্যবস্থা নেয়া হয়েছে। বিমানবন্দরের আগমন ও বহিগমন পথে তল্লাশি জোরদার করা হয়েছে, সীমানা প্রাচীর এলাকা এবং ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তার দায়িত্বে অতিরিক্ত আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা নিয়োজিত রয়েছে। তিনি আরও জানান, ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে পুরো বিমানবন্দর এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বেবিচক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রোহিঙ্গা মুসলিম জনগণের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে ঐতিহাসিক রায় দিয়েছে, সে রায় অবিলম্বে ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আহ্বান জানিয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত মেনে চলা কোনো দেশের জন্য ঐচ্ছিক নয়; এটি আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা।
গত বৃহস্পতিবার আইসিজের রায় ঘোষণার পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক দপ্তর (ইইএএস) এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরে।
বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে এবং বিশ্বজুড়ে দায়মুক্তির সংস্কৃতি বন্ধে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে যে ভয়াবহ দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তা ভুলে যাওয়ার সুযোগ নেই। আদালতের এই ঐতিহাসিক রায় ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার গুরুত্বকে তুলে ধরেছে।
ইইউর বিবৃতিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করা দীর্ঘদিন ধরে সংস্থাটির অন্যতম দাবি। সংকটের টেকসই সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অপরাধীদের জবাবদিহির আওতায় আনা অত্যন্ত জরুরি।
ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতের রায় অনুযায়ী মিয়ানমারকে কোনো বিলম্ব ছাড়াই সব নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে গণহত্যার ফলে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে দেশটির।
আদালতের নির্দেশনায় ক্ষতিপূরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারমূলক প্রতিকার বা রেস্টিটিউশন নিশ্চিত করার বিষয়টিও রয়েছে। যেসব ক্ষতি পুনরুদ্ধারমূলক ব্যবস্থার মাধ্যমে পূরণ করা সম্ভব হবে না, সেসব ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
ইইউর বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত মেনে চলা ঐচ্ছিক নয়; আন্তর্জাতিক আইনের অধীনে এটি একটি বাধ্যবাধকতা।’
সংস্থাটি আরও বলেছে, বিভিন্ন দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে যখন নানা ধরনের হুমকি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা বাড়ছে, তখন আইসিজের স্বাধীনতা, কর্তৃত্ব ও ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আইসিজের প্রতি পূর্ণ সমর্থন ইইউর
বিবৃতিতে আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি ইউরোপীয় ইউনিয়নের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং বিশ্বব্যাপী আইনের শাসন প্রতিষ্ঠায় আদালতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ইইউর ভাষ্য, আন্তর্জাতিক বিচার আদালতের স্বাধীনতা ও কর্তৃত্ব রক্ষা করা সব পক্ষের দায়িত্ব। আদালতের দেওয়া রায় দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ জন্য বিশ্বের সব রাষ্ট্রকে আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ইউরোপীয় ইউনিয়নের মতে, কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আদালতের রায় নিজের সুবিধা অনুযায়ী মানবে কিংবা উপেক্ষা করবে—এমন সুযোগ থাকতে পারে না। আন্তর্জাতিক আইনের কার্যকারিতা নির্ভর করে সব রাষ্ট্রের জন্য একই নিয়ম ও বাধ্যবাধকতা কার্যকর থাকার ওপর।
গণহত্যার দায়ে প্রথমবার রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করল আইসিজে।
গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত ৯-৬ ভোটে রায় দেন, মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি দায়ী করল আদালতটি।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। ২০১৭ সালে দেশটির সামরিক অভিযানে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, গ্রাম পোড়ানো এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করার অভিযোগ তুলে এ মামলা করা হয়েছিল।
আদালত বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নির্যাতন চালিয়েছে। রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল বলে আদালত সিদ্ধান্তে পৌঁছেছে।
রায়ে মিয়ানমারকে গণহত্যা সনদের অধীনে তার চলমান লঙ্ঘন বন্ধ করা এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা।
বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন। তাদের অধিকাংশই কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।
দীর্ঘদিন ধরে নিজ দেশ থেকে বিতাড়িত এসব মানুষের জন্য নিরাপদ প্রত্যাবাসন, নাগরিকত্বের স্বীকৃতি, মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক বিচার আদালতের রায় এসব দাবির পক্ষে গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি তৈরি করেছে।
ইউরোপীয় ইউনিয়ন মনে করে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা শুধু ভুক্তভোগীদের ন্যায়বিচারের বিষয় নয়; এটি মিয়ানমার সংকটের টেকসই সমাধান এবং গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ।
তবে আদালতের রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মিয়ানমারকে নির্দেশনা মেনে চলতে বাধ্য করা এবং রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরই এখন এ ঐতিহাসিক রায়ের বাস্তব সাফল্য নির্ভর করছে।
সূত্র: ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক দপ্তরের (ইইএএস) ১৯ নভেম্বরের আনুষ্ঠানিক বিবৃতি, জাতিসংঘ ও দ্য গার্ডিয়ান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এই গ্রেপ্তার ও আলামত এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪০ জন, লালবাগে ৫০ জন, ওয়ারীতে ৫২ জন, মতিঝিলে ৪৭ জন, তেজগাঁওয়ে ৬৩ জন, মিরপুরে ১০৩ জন, গুলশানে ৪৮ জন, উত্তরায় ৫৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে ২টি হাতবোমা, ৮টি ছুরি, ২টি চাপাতি, ১টি রামদা, ১টি অটোরিকশা, ১১১টি মোবাইল ফোন, ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা, ৫ বোতল দেশি মদ এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ