শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৫৪ পি.এম
দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে সরকার প্রায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা করছে। এর মধ্যে ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের সম্ভাবনা রয়েছে।
বর্তমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যের মধ্যে কারিগরি ত্রুটির কারণে শূন্য পদের সঠিক সংখ্যা নির্ধারণে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চেয়েছে।
৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্টসহ মোট প্রায় ১০ হাজার পদে বড় পরিসরে নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি জানিয়েছেন, "আমরা শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য চেয়েছি।" তথ্য সংগ্রহের পর সেগুলো একত্রিত করে নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে।
তিনি আরও জানান, স্বাস্থ্য অধিদপ্তর হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে।
অতিরিক্ত মহাপরিচালক আরও উল্লেখ করেন, জেলা পর্যায়েও স্বাস্থ্য সহকারী নিয়োগের কাজ চলছে। কিছু এলাকায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু কোথাও কোথাও এখনো তা চলমান রয়েছে। তবে কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে।
সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পদক্ষেপ সম্পর্কে অধ্যাপক রুমি বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদগুলোতে নিয়োগের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, নিয়োগ কমিটি পরীক্ষার নীতিমালা নির্ধারণ করবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মানদণ্ড বজায় রাখা হবে।
অতিরিক্ত মহাপরিচালক জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়োগ কমিটির তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং ফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
অধ্যাপক রুমি আরও বলেন, বিসিএস ক্যাডারের চিকিৎসক, অর্থাৎ মেডিকেল ও ডেন্টাল স্নাতক চিকিৎসকদের নিয়োগ পিএসসির মাধ্যমে হয়। এছাড়া ৭ম ও ৯ম গ্রেডের কিছু নন-মেডিকেল পদও এই কমিশনের মাধ্যমে পূরণ করা হয়।
স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে অসদাচরণের সন্দেহে কোনো কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা বা পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
তিনি জানান, "আমার জানা মতে, এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগে কোনো বিভাগীয় মামলা হয়নি।" এ পর্যন্ত যেসব বিভাগীয় মামলা হয়েছে, তার বেশিরভাগই কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণ সংক্রান্ত।
চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, অব্যবহৃত বা অচল যন্ত্রপাতির কার্যকর ব্যবহার এবং সময়মতো মেরামত নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর মাঠপর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে।
সেই সঙ্গে দাপ্তরিক চিঠিপত্র বা নথিপত্র দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অধ্যাপক রুমি বলেন, কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থার (টিইএমও) পাশাপাশি বিভাগীয় পর্যায়ের দপ্তরগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তদের এই হামলায় ব্যাংকের কিছু স্থানে আগুন লেগে যায়, তবে স্থানীয়দের দ্রুত তৎপরতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ব্যাংকের শাখার দিকে অন্তত চারটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এর ফলে ব্যাংকের কয়েকটি স্থানে আগুনের সূত্রপাত ঘটে। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারীদের পরিচয় এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এদিকে, এই ঘটনার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একইসাথে ব্যাংকটির দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই মাসের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে একপ্রকার ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
তিনি শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এই মন্তব্য করেন।
রাশেদ খাঁন তার পোস্টে উল্লেখ করেন, শেখ হাসিনার পূর্ববর্তী পাসপোর্টে তার স্বাক্ষর এবং লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের মধ্যে কোনো মিল নেই। তিনি বলেন, এখানে ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক স্বাক্ষর জাল করার বিষয়টি স্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে।
তিনি আরও লিখেছেন, শেখ হাসিনার সঙ্গে সরাসরি ফ্যাসিস্ট আ.লীগের কোনো নেতাও সাক্ষাৎ করতে পারছেন না। ফ্যাসিস্ট নেত্রীর সঙ্গে সাক্ষাতের কোনো ছবি আজ পর্যন্ত কেউ পোস্ট করেনি। এ কারণে বলা যায়, ফ্যাসিস্ট নেত্রী ভারতে একপ্রকার (গৃহ)বন্দি অবস্থায় রয়েছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পরবর্তীতে লিখেছেন, স্বাভাবিক অবস্থায় থাকলে শেখ হাসিনা নিজে গিয়েই NID ও Passport এর আবেদন করতে পারতেন। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তির কারণে কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে সেই সুযোগ দিতে পারছে না। অর্থাৎ ভারতে (গৃহ)বন্দী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার একমাত্র পথ বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরে আসা।
পোস্টের শেষে রাশেদ খাঁন দাবি করেন, পাসপোর্ট ও এনআইডির আবেদনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আ.লীগ পলিটিক্যাল স্ট্যান্টবাজি করছে এবং এভাবে তারা প্রাসঙ্গিক থাকতে চাচ্ছে।
এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে একই প্রসঙ্গে আরেকটি পোস্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লিখেছেন, এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডির জন্য লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তার সঙ্গে তিনি এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। তারা যাচাই-বাছাই করে চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পেয়েছেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনা ব্যক্তি একজন, তার স্বাক্ষরও একটিই হবে। এই ধরনের আবেদনের ক্ষেত্রে এনআইডিতে অতীতে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্য কোনো স্বাক্ষর ব্যবহার করা যায় না বা জাল স্বাক্ষর ব্যবহার করার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে সকল নথিতে বাংলা স্বাক্ষর ব্যবহার করেছেন।
সবশেষে রাশেদ খাঁন লিখেছেন, চোর চুরি করলে কোনো না কোনো চিহ্ন রেখে যায়। লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সও শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতি করে চিঠি পাঠাতে গিয়ে একই ভুল করেছে। তারা অন্তত একবার জিজ্ঞেস করে নিতে পারতো যে, আপা স্বাক্ষর বাংলায় না ইংরেজিতে করেন? নাকি আপা ইংরেজি ভালো বোঝেন না, অথবা ম্যাট্রিক্সের আইনজীবীরা বাংলা ভালো বোঝেন না?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিয়ানমারকে রোহিঙ্গাদের গণহত্যার জন্য দায়ী করে ঐতিহাসিক রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শুক্রবার সকালে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছুটে গেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের একটি খেলার মাঠে সমবেত রোহিঙ্গা শরণার্থী, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সামনে তিনি বক্তব্য দেন।
ড. খলিলুর রহমান আবেগঘন কণ্ঠে বক্তব্য শুরু করে বলেন, "গতকাল দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত কথা বলেছেন। আদালত তোমাদের নাম উচ্চারণ করেছেন—‘রোহিঙ্গা’। আদালতের রায় স্পষ্ট: ২০১৭ সালে তোমাদের ওপর যা চালানো হয়েছিল, তা ছিল গণহত্যা।" তিনি নিহত রোহিঙ্গাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, যারা এই বিচার দেখে যেতে পারেননি।
এর আগে, বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই ক্যাম্পগুলোতে কাজ করার স্মৃতিচারণ করে ড. খলিলুর রহমান বলেন, "আমি নিউইয়র্ক থেকে তোমাদের নিয়ে কথা বলতে চাইনি। আমি তোমাদের পাশে এসে দাঁড়াতে চেয়েছি। বছরের পর বছর তোমরা বিশ্ববাসীকে তোমাদের কথা শোনার আহ্বান জানিয়েছ—আজ বিশ্ব তা শুনেছে।"
তিনি উল্লেখ করেন, "ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত।" আদালত প্রমাণ পেয়েছে যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে এবং গ্রামগুলো ধ্বংস করেছে। একই সঙ্গে আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
এই ঐতিহাসিক অর্জনে আইনি লড়াই চালানো গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি দেশ, আদালতের বিচারক, জাতিসংঘের তদন্তকারী দল এবং আশ্রয়দাতা বাংলাদেশ সরকার, জনগণ ও উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। সাহসিকতার সঙ্গে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা নারী ও ভুক্তভোগীদের প্রতি তিনি বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন।
রায়কে বাস্তবে রূপ দিতে এবং রোহিঙ্গাদের জীবনে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠায় ড. খলিলুর রহমান চার দফা সুস্পষ্ট আহ্বান জানান-
১. জবাবদিহি ও বিচার নিশ্চিত করা: গণহত্যা সনদের অধীনে অপরাধে জড়িত সন্দেহভাজনদের অবিলম্বে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ আইনের ত্রুটি সংশোধন করে ভবিষ্যতে এমন অপরাধ আর না ঘটার নিশ্চয়তা দিতে হবে।
২. নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন: বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। হারানো ঘরবাড়ি, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা ক্ষতিপূরণ দেওয়া, পরিবারগুলোকে একত্রিত করা এবং নাগরিকত্বের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘকে মিয়ানমারে কাজের সুযোগ দিতে হবে।
৩. বাস্তবসম্মত ক্ষতিপূরণ ও মানবিক সহায়তা বৃদ্ধি: অপূরণীয় ক্ষতির জন্য ব্যক্তি ও সম্প্রদায় হিসেবে রোহিঙ্গাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং আগামী দুই বছরের মধ্যে এ বিষয়ে মিয়ানমারকে প্রতিবেদন জমা দিতে হবে। নিরাপদ প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত ক্যাম্পগুলোতে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের অর্থায়ন আরও বাড়াতে হবে, কারণ বাংলাদেশের একার পক্ষে এই ভার বহন করা সম্ভব নয়।
৪. রায় বাস্তবায়ন ও পুনরাবৃত্তি রোধ: আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে রোহিঙ্গারা ভয়হীনভাবে বসবাস করতে পারে। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী এই রায় মানা বাধ্যতামূলক; ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে বলে তিনি স্মরণ করিয়ে দেন।
বক্তব্যের শেষে ১৯৪৮ সালের গণহত্যা সনদের কথা উল্লেখ করে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, "বৃহস্পতিবার সেই সনদ এমন এক জনগোষ্ঠীর পক্ষে কাজ করেছে, যাদের কোনো সেনাবাহিনী বা ক্ষমতা নেই।" সাধারণ পরিষদের চলতি অধিবেশনের মূলমন্ত্র হলো ‘আস্থা পুনরুদ্ধার’। গতকালের রায়ের মাধ্যমে বিশ্ব তোমাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় একটি বড় পদক্ষেপ নিয়েছে। এখন পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তোমাদের নিরাপদে ঘরে ফেরা পর্যন্ত আমাদের একসঙ্গে পথ চলতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ