০৭:৩০ পি.এম
রাজধানীর মিরপুরে একটি আবাসিক ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধার পচনধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্তত সাত থেকে আট দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। আলোচিত ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, সাত-আটদিন আগে ময়লার ভাগাড়ের মতো এই ঘরে মরে পচে গেছেন এমন এক বৃদ্ধা, যার এক ছেলে বুয়েট-শিক্ষক, আরেক ছেলের পদ হচ্ছে যুগ্ম-সচিব এবং অন্য ছেলে কানাডা-প্রবাসী। এদেশের অধিকাংশ বাবা-মা সন্তানকে কথিত সফলতার যে স্বপ্নচূড়ায় দেখতে চান, বৃদ্ধার তিন ছেলেই জাগতিক সাফল্যের সেই স্বর্ণচূড়া স্পর্শ করেছে। কিন্তু মাঝখানে একটা ঈদ চলে গেল, মা যে জীবিত আছেন নাকি মারা গেছেন, ক্যারিয়ারের পেছনে ছুটতে থাকা সন্তানদের খোঁজ নেওয়ার সুযোগটুকুও তাদের হয়নি। একাকী ঘরের মধ্যে মরে শরীরের মাংস খসে খসে পড়েছে বৃদ্ধার।
তিনি আরও লেখেন, যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, যে সফলতা মৃত্যুর সময়ও মায়ের মাথার কাছে এক আঁজলা পানি দিয়ে বসার ফুরসত দেয় না, আমাদের প্রয়োজন নেই এমন সফলতার। দীন, মূল্যবোধ, নৈতিকতা এবং মানুষ হওয়ার শিক্ষাকে পাশ কাটিয়ে যতদিন আমরা শুধু বস্তুবাদ ও বৈষয়িক সফলতার পেছনে ছুটব, ততদিন এই ধরনের অনাকঙ্ক্ষিত ঘটনা আমাদের কাছে এসে যাবে।
আরও পড়ুন: ঘুষের মামলায় কারাদণ্ড, তারপরও রাজউকের প্রধান প্রকৌশলী মোজাফফর
শেষে তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন, শিক্ষিত হওয়ার আগে মানুষ হই। সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন