১১:৩৫ পি.এম
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন চলতি দায়িত্ব) মোঃ মোজাফফর উদ্দিন।
ঘুষ গ্রহণের মামলায় আদালতে দোষী সাব্যস্ত হয়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করেছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকৌশলী মোঃ মোজাফফর উদ্দিন। ২০০৭ সালে র্যাবের হাতে ঘুষের পাঁচ লাখ টাকাসহ আটক হওয়ার পর ২০০৮ সালের ২০ মে ঢাকার বিশেষ জজ আদালত-১০ তাকে তিন বছরের কারাদণ্ড, চার লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। একই মামলায় রাজউকের আরেক কর্মচারী হারুন অর রশিদকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। অথচ সেই প্রকৌশলীই এখন রাজউকের গুরুত্বপূর্ণ পদ প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন)-এর চলতি দায়িত্বে রয়েছেন। ফলে তার অতীতের দণ্ড, চাকরিতে পুনর্বহাল, পদোন্নতি ও বর্তমান দায়িত্ব পাওয়ার প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মোজাফফর উদ্দিনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ঘটনাটি ঘটে ২০০৭ সালের ১৫ এপ্রিল। ওই দিন দুপুর আড়াইটার দিকে রাজউক ভবনের প্রথম তলায় জোন-৪-এর কার্যালয়ে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। ১৬ এপ্রিল ২০০৭ তারিখের প্রকাশিত গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ১৫ তলা বাণিজ্যিক ভবনের নকশা অনুমোদনের বিনিময়ে টেকনোহ্যাভেন লিমিটেডের কর্মকর্তাদের কাছে ৭ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন রাজউকের তৎকালীন প্রকৌশলী মোজাফফর উদ্দিন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা পাঁচ লাখ টাকা নিয়ে তার কার্যালয়ে গেলে আগে থেকে খবর পেয়ে র্যাব অভিযান চালায়। র্যাবের দাবি, তার টেবিলের নিচে পাঁচ লাখ টাকা ভর্তি একটি ব্যাগ পাওয়া যায়। তবে আটকের পর মোজাফফর অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, ব্যাগটি অন্য কেউ সেখানে রেখেছে। ঘটনার পর রাজউক তাকে সাময়িক বরখাস্ত করে।
পরবর্তী সময়ে মামলাটির বিচার শুরুর পর বিশেষ জজ আদালত-১০-এর বিচারক এ কে এম আরিফুর রহমান ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর মোজাফফর উদ্দিনকে দোষী সাব্যস্ত করেন। তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও চার লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। একই মামলায় ঘুষ গ্রহণে সহযোগিতার অপরাধে রাজউকের কর্মচারী হারুন অর রশিদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। আদালত ঘুষের পাঁচ লাখ টাকা বাজেয়াপ্তেরও নির্দেশ দেন। ফলে ২০০৭ সালের ঘটনাটি শুধু অভিযোগ বা আটকের পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, বিচারিক প্রক্রিয়ায় তার বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়েছিল।
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
আটকের পর সাময়িক বরখাস্তের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও আদালতের রায়ের পর তাকে কবে চাকরিতে পুনর্বহাল করা হয়, বিভাগীয় তদন্ত হয়েছিল কি না, চাকরিবিধি অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং কারা পুনর্বহালের সিদ্ধান্ত দিয়েছিলেন—এসব বিষয়ে খতিয়ে দেখার দাবি করেছেন রাজউকের সাধারণ কর্মচারিরা।
একজন দণ্ডিত কর্মকর্তার পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে কীভাবে আসে এ বিষয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ কর্মকর্তা-কর্মচারিরা।
এ বিষয়ে একজন আইনজীবী বলেন, ঘুষ গ্রহণের মামলায় আদালতে দোষী সাব্যস্ত ব্যক্তি কোনো ভাবেই রাজউকের মতো প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলীর (প্রকল্প ও ডিজাইন) চলতি দায়িত্ব পাওয়ার অধিকার রাখে না। তিনি কোন প্রক্রিয়ার আবারো চাকরিতে যোগ দিয়েছেন এটা খতিয়ে দেখা দরকার।
ঘুষ দিয়ে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পাওয়ার অভিযোগের বিষয়ে মোজাফফর উদ্দিন বলেন, কর্তৃপক্ষ আমাকে আমার যোগ্যতা বিবেচনায় প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব প্রদান করেছে। আমার দ্বারা কেউ বঞ্চিত বা ক্ষতিগ্রস্ত হয়নি। এতে কোন অনৈতিক বিষয় জড়িত থাকার প্রশ্নই আসে না। এটি সম্পূর্নভাবে বানোয়াট। উচ্চতর আদালতে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ন মিথ্যা প্রমানিত হয়। যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আমি ২০১২ সালে আবারো রাজউকে জয়েন করি।
মোজাফফর উদ্দিনের বিরুদ্ধে এর আগেও আরেকটি দুর্নীতির অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ভবনসংক্রান্ত বিরোধে রাজউকের তৎকালীন চেয়ারম্যান কে এম হারুন উর রশীদ ও প্রকৌশলী মোজাফফর উদ্দিনের বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মামলা হয়। অভিযোগকারী নাজিম হাবিবুজ্জামানের দাবি ছিল, তোপখানা রোডের বিএমএ ভবন ভাঙার অভিযান বন্ধ রাখার বিনিময়ে ওই অর্থ নেওয়া হয়েছিল। অভিযোগে জমি দখল, ভবন নির্মাণ এবং রাজউকের উচ্ছেদ কার্যক্রম নিয়ে অনিয়মের কথাও উঠে আসে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার
অভিযুক্ত মোজাফফর উদ্দিন বর্তমানে রাজউকের প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) হিসেবে চলতি পালন করছেন। এই পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তার অধীনে সংস্থার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নকশা, প্রকৌশলগত পরিকল্পনা ও বাস্তবায়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ পরিচালিত হয়। রাজউকের মতো সংস্থায় এ ধরনের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তার চাকরির পূর্ব রেকর্ড, শৃঙ্খলাজনিত ইতিহাস, যোগ্যতা, জ্যেষ্ঠতা এবং প্রযোজ্য বিধিমালা যথাযথভাবে বিবেচনা করা হয়েছে কি না, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
এদিকে, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে সংশ্লিষ্ট একটি দুর্নীতি সিন্ডিকেটের সদস্য হিসেবে মোজাফফর উদ্দিনের ভূমিকা এবং কয়েক কোটি টাকা ঘুষ দিয়ে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পাওয়ার অভিযোগও রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন