০৭:৫৫ এম
সুনামগঞ্জের দিরাই উপজেলায় জেলা মহিলা দলের ১২ বছর বয়সী বনফুল আক্তার নামের এক কিশোরী ফুটবলারকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার কারণে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তিনি উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের তৈয়ব আলীর কন্যা।
শুক্রবার ভোরে উপজেলার শ্যামারচর এলাকার পেরুয়া গ্রামে এ ঘটনার সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: আদালত থেকে মাত্র ১ কিলোমিটার দূরের বাসায় ফেরেননি বরিশালের সহকারী জজ, রহস্যের জট খুলতে মাঠে পুলিশ
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে প্রায় ৫টার দিকে বাড়ির সামনে অনুশীলন (প্র্যাকটিস) করছিল সেই কিশোরী। এ সময় পূর্ববিরোধের জেরে একই এলাকার কয়েকজন নারী ও পুরুষ অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, তারা কিশোরীকে এলোপাতাড়ি মারধর করে মাটিতে ফেলে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
আহত ফুটবলারের বোন বলেন, 'আগে একটি বিষয় নিয়ে তাদের সঙ্গে আমাদের পরিবারের ঝামেলা হয়েছিল। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসে সেটির মীমাংসা করে দেন।
কিন্তু আমার বোন সেই ঘটনার বিষয়ে কিছুই জানতেন না। সকালে সে অনুশীলন করতে গেলে একাধিক ব্যক্তি তাকে একা পেয়ে মারধর করে।'
স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের কোচ রাকিব আহমদ ভূঁইয়া বলেন, 'একজন কিশোরী ফুটবলারকে একা পেয়ে এভাবে মারধরের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। যারা খেলাধুলার মাধ্যমে জেলার সুনাম বয়ে আনছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আমরা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।'
আরও পড়ুন: ঢাকায় বাবরি মসজিদ নির্মাণ, শরীক হতে পারেন আপনিও
দিরাই সরকারি হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ওয়াসিম আকরাম বলেন, 'মেয়েটির হাত ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।'
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেছেন, ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তিনি জানান, বিষয়টি জানার পর সুনামগঞ্জ ও ঢাকা থেকে ক্রীড়াঙ্গনের দায়িত্বশীলরা ফোন দিয়ে ঘটনায় জড়িতদের আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন।
দিরাই উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব শাহ আলম বলেন, খেলোয়াড়দের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি দাবি জানিয়েছেন দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের।
আরও পড়ুন: টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুই অফিসে আগুন লাগালো দুর্বৃত্তরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন