০৪:৪১ পি.এম
বলিউডের অভিনেত্রী দিয়া মির্জা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে ‘অভদ্র’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহশিল্পীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এই কঠোর মন্তব্যটি করেন। দিয়ার পোস্টটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, এটি আসন্ন সিরিজের প্রচারণার কৌশলও হতে পারে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে দিয়া এক্স ও ইনস্টাগ্রামে নওয়াজউদ্দিনকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেন। তিনি সেখানে উল্লেখ করেন, ‘কাজ করার ক্ষেত্রে দুঃস্বপ্ন! কথা বলার কোনো ভদ্রতা নেই, আর মনোভাব তো অন্য পর্যায়ের। একেবারেই অপমানজনক চরিত্র!’
দিয়ার পোস্টটি এক্সে ছয় লাখের বেশি ভিউ অর্জন করে। তবে বিকেলের দিকে তিনি পোস্টটি মুছে ফেলেন। এ বিষয়ে নওয়াজউদ্দিন এখনও কোনো মন্তব্য করেননি।
আরও পড়ুন: জ্যোতিকা জ্যোতিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক
দিয়ার মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে কৌতূহল ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে অনেক ব্যবহারকারী বিষয়টিকে প্রচারণার কৌশল হিসেবে দেখছেন। তাদের ধারণা, নতুন সিরিজের দর্শক আকর্ষণ করতেই এমন পোস্টটি দেওয়া হয়েছে। কিছু ব্যবহারকারী এ ধরনের প্রচারণার সমালোচনাও করেছেন।
কারণ, দিয়া ও নওয়াজউদ্দিন দুজনেই আসন্ন মেডিক্যাল ড্রামা সিরিজ ‘ড. হাসান’-এ অভিনয় করেছেন। সিরিজটি জিওহটস্টারে আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা। রোহন সিপ্পি পরিচালিত এই সিরিজে নওয়াজউদ্দিনকে নামভূমিকায় দেখা যাবে। তার চরিত্রের নাম ড. ইমরান হাসান, যিনি একজন ব্যতিক্রমী মেধাবী চিকিৎসক, যিনি বিশেষজ্ঞদের একটি দল নিয়ে জটিল চিকিৎসার রহস্য সমাধান করেন। অন্যদিকে, দিয়া অভিনয় করেছেন ড. পলক জৈন চরিত্রে। সিরিজটি মার্কিন টেলিভিশন সিরিজ ‘হাউস এমডি’র অবলম্বনে নির্মিত বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বলিউডের তারকারা নতুন কাজের প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কৌশল অবলম্বন করেছেন। ২০২৩ সালে অভিনেত্রী কাজল সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে ভক্তদের উদ্বিগ্ন করেছিলেন। পরে জানা যায়, সেটি ছিল তার ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এর প্রচারণার অংশ।
২০২২ সালে করণ জোহরও ‘কফি উইথ করণ’ অনুষ্ঠান আর ফিরবে না বলে ইঙ্গিত দিয়েছিলেন। পরে তিনি জানান, টেলিভিশনের পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে ফিরছে অনুষ্ঠানটি। এ ছাড়া মালাইকা অরোরা, রণবীর কাপুর ও আনুশকা শর্মাও বিভিন্ন সময়ে প্রচারণার অংশ হিসেবে এমন কৌশল অবলম্বন করেছেন।
আরও পড়ুন: ‘আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে’: নওয়াজউদ্দিন সিদ্দিকী
তবে সব প্রচারণার কৌশল ইতিবাচক প্রতিক্রিয়া পায়নি। ২০২৪ সালে অভিনেত্রী পুনম পান্ডের মৃত্যুর ভুয়া ঘোষণা দিয়ে জরায়ুমুখের ক্যান্সার সচেতনতার প্রচার চালানো হলে ব্যাপক সমালোচনা হয়। অনেকেই সচেতনতার নামে এমন বিভ্রান্তিকর প্রচারণার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন