০৬:৫১ পি.এম
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে যেসব আইন, বিধি ও নীতিমালা বিদ্যমান, গত ১৭ বছরে সেগুলোর সঠিক বাস্তবায়ন হয়নি। ভবনের অনুমোদিত নকশায় যে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও সোক ওয়েল অন্তর্ভুক্ত থাকার কথা, তা অনেক ডেভেলপার কোম্পানি নির্মাণ করে নি।
এখন থেকে আইনের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা হবে। কোনভাবেই আইন ব্যত্যয় করে ভবন নির্মাণ ও আবাসন গড়ে তোলার সুযোগ থাকবে না। ভবিষ্যতে যেন কোনো প্রতিষ্ঠান অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সাহস না পায়, সেজন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব মন্তব্য করেন।
আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণে নারীসহ ৪ জন আহত
তিনি বলেন, রিহ্যাব এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের সচেতন হতে হবে যেন আইন ভঙ্গ করে কোনো ভবন বা আবাসন গড়ে ওঠার সুযোগ না থাকে। রাজউক ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদনের পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ডিজিটালাইজেশনের আওতায় নেওয়া হবে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বিধিমালা সংশোধন করে রাজধানীর বাইরের ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে একটি সুনির্দিষ্ট নীতিমালার অধীনে আনা হবে।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর উল্লেখ করেন, আপনারা গ্রাহকদের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিন।
অনেক মানুষ বছরের পর বছর আগে টাকা জমা দিয়ে তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বুঝে পাচ্ছেন না। আবার অনেকের জন্য চুক্তি অনুযায়ী কিস্তি দিতে না পারার কারণে তিন-চার বছর ধরে তাদের জমা টাকা ফিরিয়ে পাচ্ছেন না। তাদের সমস্যা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে নেওয়া প্রয়োজন।
মতবিনিময় সভায় রিহ্যাব ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. আলী আফজাল, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, লিয়াকত আলী খান মুকুল, ড. এম এ কাইয়ুম, মো. রায়হানুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার এ কে এম রেজউল করিম রেজাসহ উভয় সংগঠনের সদস্যরা। তারা আইন ও বিধি মেনে ভবন নির্মাণ এবং আবাসন উন্নয়নের বিষয়ে দৃঢ় অবস্থান গ্রহণ করেন।
আরও পড়ুন: বাংলাদেশ ও জর্ডান শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে একমত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন