ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভারতের লক্ষ্য সমৃদ্ধি অর্জন, চরম দারিদ্র্য জয়


ভারতের লক্ষ্য সমৃদ্ধি অর্জন, চরম দারিদ্র্য জয়

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত চরম দারিদ্র্যকে প্রায় অতীতের একটি বিষয় হিসেবে বিবেচনা করছে। গত ১৫ বছরে দারিদ্র্য কমানোর ক্ষেত্রে দেশটিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। তবে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশটিকে প্রকৃত অর্থে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার বিষয়টি এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

ভারতের অর্থনৈতিক পরিবর্তনের এই চিত্রটি তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর একটি মতামতধর্মী নিবন্ধে।

সদানন্দ ধুমের লেখা নিবন্ধটির শিরোনাম হলো ‘এক্সট্রিম পোভার্টি ইজ আ থিং অব দ্য পাস্ট ইন ইন্ডিয়া’। নিবন্ধের উপশিরোনামে উল্লেখ করা হয়েছে, সমৃদ্ধি অর্জন করা হবে আরো কঠিন কাজ।

আরও পড়ুন: জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে মিথেন নিঃসরণ আইন কার্যকরির সময় ২০২৯ সাল পর্যন্ত পিছিয়েছে ইইউ

নিবন্ধে উল্লেখ করা হয়েছে, যখন বিশ্ব চীনের অর্থনৈতিক উত্থানের দিকে বেশি মনোযোগী, তখন এশিয়ায় আরেকটি বড় অর্থনৈতিক পরিবর্তন অনেকটাই আড়ালে থেকে গেছে। সেটি হলো ভারতের চরম দারিদ্র্য হ্রাসের সাফল্য।

বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্য উদ্ধৃত করে নিবন্ধে বলা হয়েছে, ভারতে বর্তমানে মাত্র ২ শতাংশ মানুষ দৈনিক ৩ ডলারের কম আয়ে জীবনযাপন করছেন। এই আয়সীমা চরম দারিদ্র্য পরিমাপের বৈশ্বিক মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়। অথচ ১৫ বছর আগে ভারতের ২৭ শতাংশের বেশি মানুষ এই সীমার নিচে ছিলেন।

নিবন্ধে এ পরিবর্তনকে ভারতের অর্থনীতির একটি বড় অর্জন হিসেবে তুলে ধরা হয়েছে। হুভার ইনস্টিটিউশনের ফেলো এবং বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিলও বিষয়টিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন।

তবে নিবন্ধটির মূল বক্তব্য শুধু দারিদ্র্য হ্রাসের সাফল্য তুলে ধরা নয়। লেখকের মতে, চরম দারিদ্র্য কমানো এবং ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এক বিষয় নয়। ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো এই অগ্রগতিকে টেকসই করা এবং আরও বিস্তৃত জনগোষ্ঠীর কাছে সমৃদ্ধির সুফল পৌঁছে দেওয়া।

আরও পড়ুন: শি জিনপিংয়ের বক্তব্যের সময় ট্রাম্পের ঘুমানোর ভিডিও ভাইরাল

এ লক্ষ্য অর্জনে দেশটিকে আরো বেশি মুক্তবাজারভিত্তিক অর্থনৈতিক সংস্কারের পথে এগোতে হবে বলে মত দিয়েছেন ধুমে। তার যুক্তি হলো, দারিদ্র্য কমানোর সাফল্য গুরুত্বপূর্ণ হলেও, অর্থনীতির সামগ্রিক সক্ষমতা বাড়ানো ছাড়া ব্যাপক সমৃদ্ধি নিশ্চিত করা কঠিন।

অর্থাৎ, চরম দারিদ্র্য থেকে বিপুলসংখ্যক মানুষকে বের করে আনা ভারতের একটি বড় অর্জন। কিন্তু উন্নত জীবনমান, কর্মসংস্থান ও ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে দেশটিকে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফ্রিকার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির জন্য ব্যাংকিং জটিলতা দূর করার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


আফ্রিকার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির জন্য ব্যাংকিং জটিলতা দূর করার আহ্বান

বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও আফ্রিকার দেশগুলোর সঙ্গে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা, আন্তর্জাতিক অর্থ পরিশোধ পদ্ধতি, ট্রেড ফাইন্যান্স এবং রপ্তানি ঋণ নিশ্চয়তার অভাবে সেই সম্ভাবনাগুলো কাজে লাগানো সম্ভব হচ্ছে না। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আফ্রিকার দেশগুলোর সঙ্গে ব্যাংকিং ও আর্থিক লেনদেনের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সফররত ঘানার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো এবং নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইঞ্জিনিয়ার লয়ে কুপোলেইয়ের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে বাংলাদেশ ও আফ্রিকার দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, পণ্য আমদানি-রপ্তানি এবং প্রযুক্তিগত সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ঘানার হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তাসকীন আহমেদ বলেন, আফ্রিকার দেশগুলোতে বাণিজ্য ও বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে ঘানা ও বাংলাদেশের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত সহযোগিতা এবং সরকারি পর্যায়ে নীতিগত সহায়তা প্রয়োজন।

তিনি আরও বলেন, ঘানার ফিনটেক, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডিজিটাল উদ্ভাবনসহ তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা খাতের উন্নয়নে বাংলাদেশের উদ্যোক্তারা সহযোগিতা করতে পারেন। এ ক্ষেত্রে বাংলাদেশি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হাইকমিশনারের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, অটোমোটিভ এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের পণ্য আমদানি বাড়ানোর জন্য ঘানাসহ আফ্রিকার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে ঘানার আগ্রহের কথা জানিয়ে হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো বলেন, ঘানার বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, ওষুধ, তৈরি পোশাক, প্যাকেটজাত খাদ্য এবং প্লাস্টিক পণ্যের ভালো চাহিদা রয়েছে।

তিনি জানান, ঘানা স্বর্ণ ও বিরল মৃত্তিকা খনিজ (রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস) উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। এসব পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা ঘানাকে সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনা করতে পারেন।

বাংলাদেশের জ্বালানি তেল আমদানির চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ঘানা থেকে প্রতিযোগিতামূলক দামে জ্বালানি তেল আমদানির সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে আন্তসীমান্ত লেনদেন ও অর্থ পরিশোধের জটিলতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, কার্যকর ব্যাংকিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক অর্থ পরিশোধের উপযুক্ত পদ্ধতি নিশ্চিত করা গেলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো গতিশীল হবে।

অন্যদিকে, নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইঞ্জিনিয়ার লয়ে কুপোলেই বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়া প্রায় একই ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ওষুধ, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, ফিনটেক সমাধান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সেবা আমদানিতে নাইজেরিয়ার ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে।

তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের নাইজেরিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ইউরিয়াসহ বিভিন্ন ধরনের সার, কোকো বীজ ও কাজুবাদাম আমদানির সম্ভাবনা বিবেচনার আহ্বান জানান।

বৈঠকে ঢাকা চেম্বারের ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল ও সাইফ উদ্দৌলাহ উপস্থিত ছিলেন। দুই দেশের সঙ্গে পৃথক বৈঠকে উঠে আসা প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণের পাশাপাশি জ্বালানি ও শিল্পের কাঁচামাল আমদানিতে নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরির সুযোগ তৈরি হতে পারে। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে ব্যাংকিং লেনদেন, বাণিজ্য অর্থায়ন ও অর্থ পরিশোধের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারকে রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যার অভিপ্রায়ে’ দোষী সাব্যস্ত করেছে আইসিজে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


মিয়ানমারকে রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যার অভিপ্রায়ে’ দোষী সাব্যস্ত করেছে আইসিজে

জাতিসংঘের শীর্ষ আদালত মিয়ানমারকে ‘গণহত্যার অভিপ্রায়ে’ (genocidal intent) দোষী সাব্যস্ত করেছে ২০১৭ সালে সামরিক অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই ঐতিহাসিক রায় ঘোষণা করে, যা নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস অভিযানের কারণে ৭ লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা, যাদের অধিকাংশ মুসলিম, প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া তিন ঘণ্টাব্যাপী রায় পাঠের সময় বলেন, প্রাপ্ত তথ্য-প্রমাণ অনুযায়ী মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।

তিনি আদালতের পর্যবেক্ষণে আরও বলেন, “আদালত দেখতে পেয়েছে যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে। এমনকি বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যাচ্ছিল, তখনও তাদের ওপর হামলা চালানো হয়েছে।”

রায়ে উল্লেখিত সুনির্দিষ্ট ঘটনাগুলোর ক্ষেত্রে আদালত জানায়, মিয়ানমার ‘গণহত্যার অভিপ্রায়’ নিয়েই এসব ঘটিয়েছে। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূল করার চেষ্টার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল। গাম্বিয়ার আবেদনে মিয়ানমার ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন (গণহত্যা সনদ) লঙ্ঘন করেছে বলে রুল জারি, রোহিঙ্গাদের লক্ষ্য করে পরিচালিত সব অবৈধ কার্যক্রম বন্ধ এবং গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছিল।

মিয়ানমার বরাবরই দাবি করে এসেছে যে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা পুলিশের চৌকিতে হামলা চালানোর পর তার জবাবেই তারা ওই অভিযান চালিয়েছিল।

তবে আইসিজে বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার যে প্রমাণ পাওয়া গেছে, তা থেকে এটিই একমাত্র যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছানো যায় যে, রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি ‘উল্লেখযোগ্য অংশকে’ ধ্বংস করার অভিপ্রায় তাদের ছিল।

আদালত আরও উল্লেখ করেছে, সামরিক অভিযানে যখন সশস্ত্র বেসামরিক নাগরিকরা অংশ নিয়েছিল, তখন গণহত্যার ঝুঁকি রয়েছে—এটি মিয়ানমারের জানা উচিত ছিল। এভাবে মিয়ানমার গণহত্যা প্রতিরোধে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে রায়ে উল্লেখ করা হয়।

জাতিসংঘের তথ্যমতে, বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে, যার মধ্যে ১২ লাখই বাংলাদেশের কক্সবাজারের বিশাল শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়ে আছে। সংঘাত, কমে আসা মানবিক সহায়তা এবং সমুদ্রপথে বিপজ্জনক যাত্রার কারণে এই জনগোষ্ঠীর বহু মানুষ এখনো চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতমিনান বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৫ হাজার শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


ইতমিনান বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৫ হাজার শিক্ষার্থী

ইতমিনান ফাউন্ডেশন ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষ একটি প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে দেশব্যাপী ‘ইতমিনান বৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষাটি জেনারেল ও হিফজ শিক্ষার সমন্বয়ে পরিচালিত ইতমিনান কারিকুলামের আওতায় আয়োজিত হয়েছে এবং এতে অংশ নিচ্ছে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, রাজধানীসহ দেশের প্রায় ৪০০টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এই বৃত্তি পরীক্ষা। নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াশোনায় উৎসাহিত করার উদ্দেশ্যে ইতমিনান ফাউন্ডেশনের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আয়োজকদের আশা, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিশুদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করবে। পাশাপাশি, এটি তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস এবং মেধার যথাযথ বিকাশে সহায়ক হবে।

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ও সম্মাননার ব্যবস্থা রয়েছে। ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে বাৎসরিক দেড় হাজার টাকা প্রদান করবে ইতমিনান ফাউন্ডেশন। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা স্মারক দেওয়া হবে। কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের জন্য বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানও আয়োজন করা হবে।

শুধু বৃত্তি পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ইতমিনান ফাউন্ডেশন। গত বছর প্রতিষ্ঠানটির উদ্যোগে ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছিল। সম্প্রতি প্রায় ৭০ জন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসব আয়োজন শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় অগ্রসর হওয়ার পাশাপাশি ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাচ্ছে।

ইতিমিনান কারিকুলামের বিশেষত্ব হলো, এখানে সাধারণ শিক্ষা ও হিফজুল কোরআনের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের হিফজুল কোরআন সম্পন্ন করে হাফেজে কোরআন হিসেবে গড়ে তোলার কার্যক্রম পরিচালিত হয়। পরবর্তী ধাপে ষষ্ঠ শ্রেণি থেকে কওমি মাদ্রাসার শিক্ষাক্রমের সঙ্গে জাতীয় শিক্ষাক্রমের সমন্বয়ে পাঠদানের ব্যবস্থা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ বছর পর বাদল মিয়া হত্যার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


পাঁচ বছর পর বাদল মিয়া হত্যার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার

ঢাকা জেলার আশুলিয়া থানার এনায়েতপুর দক্ষিণপাড়া এলাকায় তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া ওরফে জোসুঁ (৪০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। প্রায় পাঁচ বছর পর, দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে জড়িত আসামি মো. শাওন আহম্মেদ সুজন (২৮)-কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় সাংবাদিকদের কাছে এ তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদ, পিপিএম-সেবা। এর আগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ১৫/১১/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিবিআই ঢাকা জেলার একটি চৌকস দল দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে শাওন আহম্মেদ সুজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তিতে পিবিআই ঢাকা জেলার কার্যালয়ের ঠিকানা হিসেবে বাড়ি নং- ৩৫, রোড নং-১৪ , সেক্টর নং-১২, উত্তরা, ঢাকা উল্লেখ করা হয়েছে।

​

পিবিআইয়ের তদন্ত ও আসামির জবানবন্দিতে উঠে আসা তথ্য অনুযায়ী, নিহত বাদল মিয়া ওরফে জোসুঁ তৃতীয় লিঙ্গের পরিচয়ে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড ও আশপাশের নিরিবিলি এলাকায় চলাফেরা করতেন। সেই সূত্রে মোর্শেদ (৩৪) নামের অপর এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বাদল মাঝে মাঝে পুরুষ সঙ্গীদের নিয়ে মোর্শেদের ভাড়া বাসায় যাতায়াত করতেন।

অন্যদিকে, আসামি সুজন ধামরাই এলাকার একটি টেক্সটাইল কোম্পানির ড্রাইভার হিসেবে কর্মরত থাকাকালে মোবাইলের মাধ্যমে ভিকটিম বাদলের সঙ্গে পরিচিত হন এবং ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে এক তরুণীকে নিয়ে যৌন সম্পর্কের বিষয়ে কথা হলে বাদল সম্মতি জানিয়ে সুজনকে নিজের বাসায় আমন্ত্রণ জানান।

ঘটনার দিন গত ২৪/১০/২০২১ খ্রিঃ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সুজন আশুলিয়ার এনায়েতপুর দক্ষিণ পাড়ায় আবু বক্কর সিদ্দিকের সেমি পাকা টিনশেড বাড়িতে মোর্শেদের ভাড়াকৃত ওই কক্ষে যান। সেখানে পৌঁছানোর পর কাঙ্ক্ষিত তরুণীকে না পেয়ে কারণ জানতে চাইলে বাদল নিজেই সুজনকে যৌন সম্পর্কের প্রস্তাব দেন। সুজন সে প্রস্তাব প্রত্যাখ্যান করলে বাদল জোরপূর্বক তার শার্টের পকেট থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেন এবং যৌন সম্পর্ক স্থাপন কিংবা বাসা থেকে আরও ৫ হাজার টাকা এনে দেওয়ার হুমকি দেন।

এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে সুজন বাদলের ঘাড়ের বাঁ পাশে ঘুষি মারলে তিনি খাটের ওপর পড়ে যান এবং হাঁপাতে থাকেন। ওই অবস্থায় সুজন বাদলের গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন এবং মুখে বালিশ চাপা দিয়ে ধরে রেখে মৃত্যু নিশ্চিত করেন। পরে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যান।

​

সংঘটিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা মো. সিদ্দিকুর রহমান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ২৫/১০/২০২১ খ্রিঃ তারিখে আশুলিয়া থানায় মামলা নং-৬০ (ধারা-৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন। আশুলিয়া থানা পুলিশ প্রায় ছয় মাস তদন্তের পর পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটি সিআইডিতে স্থানান্তর হয়। সিআইডি প্রায় এক বছর আট মাস তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে মামলাটির অধিকতর তদন্তের জন্য পিবিআই ঢাকা জেলাকে নির্দেশ দেন। বর্তমানে পিবি আই ঢাকা জেলার এসআই (নিঃ) ফরহাদ মোল্লা মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

পিবিআই অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, বিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদ, পিপিএম-সেবা-এর তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুলিশ সুপার এম, এন, মোর্শেদ জানান, অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%