০৫:১৭ পি.এম
কুমিল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ভেকু মেশিন ব্যবহার করে এক নারীর বাড়ির সীমানা প্রাচীর ও গেট ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন।
এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) কুমিল্লার বাঙ্গরা উপজেলার হাটাশ গ্রামে। জানা গেছে, হাটাশ গ্রামের মো. আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল স্থানীয় একটি মহলের। এই বিরোধের কারণে বাছির মিয়া ও মুখলেছুর রহমান হিরনসহ প্রধান আসামিরা দীর্ঘদিন ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে বাড়ি থেকে উচ্ছেদ এবং ইটও আস্ত না রাখার হুমকি দেয়া হয়েছিল।
গত মঙ্গলবার দুপুরে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা ভেকু মেশিন নিয়ে বাদিনীর বাড়ির সামনে হাজির হন। ১ থেকে ৫ নম্বর আসামির নেতৃত্বে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় সীমানা প্রাচীর ও প্রধান গেট। এ সময় বাধা দিতে গেলে বাদী নাছিমা বেগমকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
আরও পড়ুন: বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের ওপর হামলা, আহত দুই নারী
মামলার বাদী নাছিমা বেগম জানান, "ওরা দীর্ঘদিন ধরে আমাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। আমরা টাকা দিতে অস্বীকার করায় গত মঙ্গলবার দুপুরে হঠাৎ করে দলবল নিয়ে ভেকু মেশিন এনে আমাদের সীমানা প্রাচীর ও গেট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমরা বাধা দিতে গেলে আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি।"
বাদীর ছেলে লেয়াকত আলী অভিযোগ করেন, এ সময় প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়েছে। তিনি বলেন, "প্রভাবশালী এই মহলটা জোরপূর্বক আমাদের জমি দখল করতে চায়। চাঁদা না দেয়ায় তারা দিনদুপুরে ভেকু দিয়ে আমাদের বাড়িঘর ও সীমানা প্রাচীর ভেঙে তছনছ করেছে। থানায় মামলা নিতে চায়নি, এখন বাধ্য হয়ে আদালতে গিয়েছি। আমাদের ওপর করা এই জুলুমের বিচার চাই।"
ঘটনার পর অভিযুক্ত বাছির মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে, তবে অপর অভিযুক্ত মুখলেছুর রহমান হিরন দাবি করেছেন, "তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়, জনগণ একত্রিত হয়ে সীমানা প্রাচীর ভেঙে খাস জমি উদ্ধার করেছে।"
বাদীপক্ষের আইনজীবী জানান, এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করতে গেলে আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তা গ্রহণ করেনি। পরবর্তীতে ন্যায়বিচার পাওয়ার আশায় বাধ্য হয়ে দ্রুত বিচার আদালতে এই ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বরগুনার তালতলীতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন
এদিকে, মুরাদনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাকিব হাসান খান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন